ঢাকা শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ইং ০৮ই কার্তিক, ১৪৩৩বাং

নাইজেরিয়ায় সশস্ত্র গোষ্ঠীর হামলায় নিহত ২০


নাইজেরিয়ায় সশস্ত্র গোষ্ঠীর হামলায় নিহত ২০

নাইজেরিয়ার উত্তর-মধ্যাঞ্চলে সশস্ত্র গোষ্ঠীর হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছে বলে সোমবার (২২ জুন) পুলিশ জানিয়েছে। পুলিশ মুখপাত্র আলফ্রেড আলাবো এক বিবৃতিতে বলেন, এই হামলার ঘটনা রবিবার প্লাটো রাজ্যের বোক্কোস এলাকার কাওয়েল সম্প্রদায়ে ঘটে।

তিনি জানান, ঘটনাস্থলে দ্রুত পুলিশ এসে হাজির হয়। এরপর হামলাকারীদের সঙ্গে বন্দুকযুদ্ধে জড়িয়ে পড়লে তারা পিছু হটে। তবে, এখনো পর্যন্ত কোনো গ্রেপ্তারের খবর পাওয়া যায়নি। এদিকে, নিহতদের মরদেহ পরিবারগুলোর কাছে হস্তান্তর করা হয়েছে। পরিবারের সদস্যরা ময়নাতদন্ত করতে রাজি না হওয়ায়, তাদের কাছে মরদেহগুলো হস্তান্তর করা হয়েছে।

অন্যান্যদিকে, প্লাটো রাজ্যের গভর্নর ক্যালেব মুতফওয়াং ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য জরুরি ব্যবস্থাপনা সংস্থা ও মানবিক সংগঠনগুলোকে দ্রুত ত্রাণ সরবরাহ করতে নির্দেশ দিয়েছেন।

আরও পড়ুন: বাদীর লাশ ফেলার হুমকির পর এবার হামলা এজেআর কুরিয়ারের গাড়িতে

উল্লেখ্য, নাইজেরিয়ার উত্তরাঞ্চলে দীর্ঘদিন ধরে সশস্ত্র গোষ্ঠীর সহিংসতা অব্যাহত রয়েছে। এই সহিংসতার ফলে দেশটির উত্তর-পূর্বাঞ্চলে বিদ্রোহে হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছে এবং লক্ষাধিক মানুষ বাস্তুচ্যুত হয়ে পড়েছে। সেই সঙ্গে উত্তর-পশ্চিম ও উত্তর-মধ্যাঞ্চলেও ওই ধরনের হামলা নিয়মিতভাবে ঘটছে।

এটি প্রথমবারের ঘটনা নয়; মার্চ মাসেও প্লাটো রাজ্যের আরেকটি হামলায় অন্তত ২০ জন প্রাণ হারিয়েছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নারায়ণগঞ্জে দুই ইটভাটাকে জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ ইং

০৭:১০ পি.এম


নারায়ণগঞ্জে দুই ইটভাটাকে জরিমানা

নারায়ণগঞ্জের বন্দরের কেওঢালা এলাকায় পরিবেশ অধিদফতরের একটি অভিযানে ২টি ইটভাটা থেকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) দুপুরের দিকে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. মাহমুদুল হাসানের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

জরিমানাকৃত ইটভাটা দুটি হলো- বন্দরের মদনপুর কেওঢালা এলাকার খান ব্রিকস ম্যানুফেকচারারকে ৭০ হাজার টাকা এবং কেওঢালা বাগদোবাড়িয়া এলাকার মেসার্স আল্লাহ মহান ব্রিকসকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একইসঙ্গে উক্ত দুই ইটভাটার কার্যক্রম বন্ধ রাখার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।

অভিযানের সহযোগিতায় নারায়ণগঞ্জ জেলা পুলিশ এবং পরিবেশ অধিদফতর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তা সমন্বয়ে গঠিত একটি টিম ছিল। অভিযানের প্রসিকিউশন প্রদান করেছেন পরিবেশ অধিদফতর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. রাসেল মাহমুদ।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুল হাসান জানিয়েছেন, দুইটি ইটভাটাকে জরিমানা করার পাশাপাশি বন্ধ রাখার নির্দেশনা প্রদান করা হয়েছে। নারায়ণগঞ্জে অবৈধ ইটভাটা ও বায়ুদূষণকারী কারখানা ও প্রকল্পের বিরুদ্ধে পরিবেশ অধিদফতরের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

২৮ জুন জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: বরিশাল সিটিতে ৫৮ হাজারের বেশি শিশুকে ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্য

আন্তর্জাতিক ডেস্ক

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ ইং

০৭:১১ পি.এম


২৮ জুন জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: বরিশাল সিটিতে ৫৮ হাজারের বেশি শিশুকে ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্য

আগামী ২৮ জুন (রবিবার) সারা দেশের মতো বরিশাল সিটি কর্পোরেশন এলাকাতেও জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন এ তথ্য জানান।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বরিশাল সিটি কর্পোরেশন এলাকায় ২২০টি কেন্দ্রের মাধ্যমে শিশুদের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এ কার্যক্রমে সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগ, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল, বরিশাল জেনারেল হাসপাতাল, পুলিশ হাসপাতাল, আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রকল্প, রেড ক্রিসেন্ট, গার্লস গাইড, সূর্যের হাসি ক্লিনিক, ব্র্যাক, চন্দ্রদ্বীপ, উদয়ন পাঠাগার, সিডিসি, ওআরডিপি, ওডিপি, মেরি স্টোপস ক্লিনিক, সেন্ট অ্যানেক্স মেডিকেল সেন্টার, প্রিয়সী বাংলা এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকসহ মোট ১৮টি প্রতিষ্ঠানের প্রায় ৫০০ কর্মী অংশগ্রহণ করবেন।

ক্যাম্পেইনের আওতায় প্রতিটি কেন্দ্র সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকবে। বরিশাল সিটি কর্পোরেশন এলাকায় ৬ থেকে ১১ মাস বয়সী ৮ হাজার ৯৫০ জন এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৪৯ হাজার ৭৬০ জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, এ ক্যাম্পেইনে বাড়ি বাড়ি গিয়ে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে না। নির্ধারিত কেন্দ্রগুলোতে উপস্থিত হয়ে শিশুদের ক্যাপসুল গ্রহণ করতে হবে। ভিটামিন ‘এ’ ক্যাপসুল শিশুদের জন্য সম্পূর্ণ নিরাপদ হলেও ভরা পেটে খাওয়ানো উত্তম। তবে কোনো শিশু যদি গত চার মাসের মধ্যে ভিটামিন ‘এ’ ক্যাপসুল গ্রহণ করে থাকে, তাহলে তাকে পুনরায় ক্যাম্পেইনের আওতায় ক্যাপসুল খাওয়ানো যাবে না।

প্রতিটি কেন্দ্রে দুইজন করে কর্মী দায়িত্ব পালন করবেন এবং পুরো কার্যক্রম অনলাইনের মাধ্যমে তদারকি করা হবে বলেও জানানো হয়।

সংবাদ সম্মেলনে প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন বলেন, “ভিটামিন ‘এ’ শিশুর স্বাভাবিক দৃষ্টিশক্তি বজায় রাখতে সহায়তা করে, রাতকানা রোগ প্রতিরোধ করে, রোগ প্রতিরোধক্ষমতা বৃদ্ধি করে এবং শিশুমৃত্যুর ঝুঁকি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। গণমাধ্যমকর্মীদের মাধ্যমে অভিভাবকদের মধ্যে এ বিষয়ে সচেতনতা বৃদ্ধি পাবে এবং তারা শিশুদের নির্ধারিত কেন্দ্রে নিয়ে আসতে উদ্বুদ্ধ হবেন বলে আমরা আশা করি।”

তিনি ক্যাম্পেইন সফল করতে সকল গণমাধ্যমকর্মী ও অভিভাবকদের সহযোগিতা কামনা করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বজ্রঝড়ে অগ্নিদগ্ধ ইংল্যান্ড, ২৪ ঘণ্টায় ২৯ হাজারের বেশি বজ্রপাত

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ ইং

০৭:১৩ পি.এম


বজ্রঝড়ে অগ্নিদগ্ধ ইংল্যান্ড, ২৪ ঘণ্টায় ২৯ হাজারের বেশি বজ্রপাত

যুক্তরাজ্যের ভূখণ্ডজুড়ে টানা তিন দিন ধরে অসাধারণ তীব্র বজ্রঝড় এবং অস্বাভাবিক তাপপ্রবাহের কারণে জনজীবন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। দেশটির আবহাওয়া দফতরের, মেট অফিসের, তথ্য অনুযায়ী, সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত যে ২৪ ঘণ্টার সময়ের মধ্যে ২৯ হাজার ৭৪টি বজ্রপাত রেকর্ড করা হয়েছে, তার মধ্যে প্রায় ১৮,৫৪০টি বজ্রপাত একাই সোমারসেট অঞ্চলে ঘটেছে।

মেট অফিস এক বিবৃতিতে বলেছে, এই রকমের বজ্রপাত একটি খুবই শক্তিশালী এবং অস্থিতিশীল আবহাওয়া সিস্টেমের সংকেত, যা দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম ইংল্যান্ডকে সবচেয়ে বেশি প্রভাবিত করেছে।

বজ্রঝড়ের কারণে ইংল্যান্ডের বিভিন্ন স্থানে ঘরবাড়িতে আগুন লেগেছে, বিদ্যুৎ বিভ্রাট ঘটেছে এবং পরিবহন ব্যবস্থায় বিঘ্ন সৃষ্টি হয়েছে। উল্লেখযোগ্য অগ্নিকাণ্ডগুলোর একটি ঘটে ব্রিস্টলের এমারসনস গ্রিন এলাকায়, যেখানে গতকাল সোমবার (২২ জুন) আনুমানিক ৫টা ৫৫ মিনিটে বজ্রপাত সরাসরি একটি আবাসিক বাড়ির ছাদে আঘাত হানে।

অ্যাভন ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিসের অপারেশন কমান্ড ইউনিট জানিয়েছে, ঘটনাস্থলে পৌঁছানোর পর তারা দেখেন যে, ‘বাড়িটিকে সম্পূর্ণভাবে আগুনে জ্বলতে’ দেখা যাচ্ছে এবং এর পর একাধিক ইউনিট দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে।

সার্ভিসটির একজন মুখপাত্র স্থানীয় গণমাধ্যমে মন্তব্য করেন, ‘ক্রুদের দ্রুত পদক্ষেপের কারণে আগুন পাশের বাড়িতে ছড়াতে সক্ষম হয়নি এবং সকল বাসিন্দাকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে।’

অন্যদিকে, লন্ডন ফায়ার ব্রিগেড জানায়, তারা রাতভর বজ্রঝড়ের কারণে প্রায় ৪০০টির মতো জরুরি কল পেয়েছে, যার মধ্যে বজ্রপাতজনিত অগ্নিকাণ্ড, পানি জমে যাওয়া এবং ছোট আকারের দুর্ঘটনা অন্তর্ভুক্ত ছিল। ব্রিটিশ সংবাদমাধ্যম জানায়, লন্ডন ফায়ার ব্রিগেডের ডেপুটি কমিশনারের দপ্তরের বরাত দিয়ে, ‘আমাদের দলগুলো একসঙ্গে বহু ঘটনাস্থলে কাজ করেছে এবং সবচেয়ে বেশি চাপ পড়ে দক্ষিণ ইংল্যান্ডের ফায়ার স্টেশনগুলোতে।’

মেট অফিসের বিশ্লেষণে প্রকাশিত তথ্যে দেখা যাচ্ছে, এই ধরনের বজ্রঝড় সাধারণত উষ্ণ ও আর্দ্র বাতাসের দ্রুত গতির উর্ধ্বমুখী প্রবাহের কারণে সৃষ্টি হয়, যা বজ্রপাতের ঘনত্বকে হঠাৎ করে কয়েকগুণ বাড়িয়ে দিতে সক্ষম।

সংস্থাটির আবহাওয়াবিদরা জানিয়েছেন, ঝড়ের তীব্রতা বিশেষ করে দক্ষিণ-পশ্চিম ইংল্যান্ডের সোমারসেট, ব্রিস্টল ও ডরসেট এলাকায় সবচেয়ে বেশি ছিল। তারা সতর্ক করে দিয়েছেন যে, চলমান তাপপ্রবাহের ফলে এই পরিস্থিতি আগামী কয়েকদিন অব্যাহত থাকতে পারে।

দমকল ও জরুরি সেবা কর্তৃপক্ষের প্রাথমিক মূল্যায়নে জানা গেছে, ‘বজ্রপাতজনিত অগ্নিকাণ্ডে একাধিক বাড়ির ছাদ ও কাঠামো আংশিক বা সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে, কিছু পরিবারকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে হয়েছে এবং বেশ কয়েকটি বাড়ি সাময়িকভাবে বসবাসের অযোগ্য হয়ে পড়েছে। অর্থনৈতিক ক্ষতির প্রাথমিক হিসাব অনুযায়ী, ছোট অগ্নিকাণ্ডের প্রতিটি ঘটনায় প্রায় ১০ হাজার থেকে ৫০ হাজার পাউন্ড পর্যন্ত ক্ষতি হতে পারে। যদিও বড় ঘটনার ক্ষেত্রে এই পরিমাণ আরও বেশি হতে পারে।’

আবহাওয়াবিদ এবং জরুরি সেবা কর্তৃপক্ষ উভয়েই সতর্ক করে জানিয়েছে, ‘জলবায়ু পরিবর্তনের কারণে ইউরোপজুড়ে এমন চরম তাপপ্রবাহ ও বজ্রঝড়ের ঘটনা ভবিষ্যতে আরও ঘন ঘন ঘটতে পারে, যা অবকাঠামো এবং জননিরাপত্তার জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পরীক্ষাকেন্দ্রে সিসি ক্যামেরার মাধ্যমে নিশ্চিত করা হবে ‘ডিজিটাল ভিজিল্যান্স’ : শিক্ষামন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ ইং

০৭:১৬ পি.এম


পরীক্ষাকেন্দ্রে সিসি ক্যামেরার মাধ্যমে নিশ্চিত করা হবে ‘ডিজিটাল ভিজিল্যান্স’ : শিক্ষামন্ত্রী

আজ চট্টগ্রাম কলেজে মিলনায়তনে একটি মতবিনিময় সভায় শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন এইচএসসি ও সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে বক্তব্য দেন।

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন বলেন, “২০০৬ সালে আমরা ‘নকল’ শব্দটির কবর দিয়ে এসেছি। এটা নিয়ে আমি আরও কথা বলতে চাই না। এখন নকল ডিজিটাল রূপ নিয়েছে, সেটাকে সেভাবেই প্রতিহত করতে হবে। তাই পরীক্ষাকেন্দ্রে البته সিসি ক্যামেরা থাকতে হবে। যার মাধ্যমে নিশ্চিত করা হবে ডিজিটাল ভিজিল্যান্স।”

আজকের মতবিনিময় সভায় শিক্ষামন্ত্রী আরো বক্তব্য দেন। এই সভায় চট্টগ্রাম বোর্ড, চট্টগ্রাম অঞ্চলের কারিগরি শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা বোর্ডের কর্মকর্তা এবং পরীক্ষা কেন্দ্রের সচিবসহ অনেক ধরনের কর্মকর্তা অংশগ্রহণ করেন।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আবদুল্লাহ আল মামুন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন উপস্থিত ছিলেন।

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন আরও বলেন, দেশে প্রায় ৩০ হাজার মামলাজটের কারণে শত শত শিক্ষাপ্রতিষ্ঠানে শূন্য পদে শিক্ষক নিয়োগ দেওয়া যাচ্ছে না। তিনি জানান, “২০১৭ সালে একটি আইনি জটিলতায় প্রাথমিক বিদ্যালয়ের ৩২ হাজার ৫০০ জনকে প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ ও পদোন্নতির প্রক্রিয়া থমকে আছে।” তবে তিনি বলেন, আগামী ২ জুলাই আপিল বিভাগে এ মামলার রায় ঘোষণার দিন ধার্য রয়েছে। তিনি আশা প্রকাশ করেন যে, ওই দিন কাঙ্ক্ষিত রায় পাওয়ার মধ্য দিয়ে এই শূন্য পদগুলো পূরণের প্রবণতা সৃষ্টি হবে।

শিক্ষাব্যবস্থায় অসহযোগিতার অভিযোগ তুলে তিনি বলেন, “শিক্ষাব্যবস্থার বিভিন্ন জায়গায় একটি বিশেষ রাজনৈতিক দলের গুপ্ত অনুসারীরা রয়েছে, যারা আমাদের শিক্ষার উন্নয়নে সহযোগী হতে চাইছে না।” তিনি জুলাই আন্দোলনে সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের কথাও স্মরণ করিয়ে দেন এবং স্পষ্ট হুঁশিয়ারি দেন যে প্রশাসনে কোনো ধরনের দুর্বলতা মেনে নেওয়া হবে না। বর্তমানে দেশে এমপিওভুক্তির বিশাল ব্যাকলগ পূরণের জন্য ৭৭ হাজার নতুন শিক্ষক প্রয়োজন।

শিক্ষা খাতের বাজেট প্রসঙ্গে শিক্ষামন্ত্রী মন্তব্য করে বলেন, বিগত সরকারের আমলে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এবং আইসিটি মন্ত্রণালয়ের বাজেটকে শিক্ষা খাতে ঢুকিয়ে একটি ‘শুভঙ্করের ফাঁকি’ দেওয়া হয়েছিল। তবে তিনি জানান, “এবার বর্তমান সরকার শিক্ষায় ১ লাখ ৩৬ হাজার কোটি টাকার বিশাল ও বাস্তবসম্মত বাজেট দিয়েছে এবং এই অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করা হবে।”

শিক্ষামন্ত্রী বলেন, “বিগত বছরগুলোতে প্রশ্নফাঁস দেশের শিক্ষাব্যবস্থার জন্য একটি বৃহৎ চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল। এই চক্রকে ভাঙতে এবং পরীক্ষার শতভাগ স্বচ্ছতা বজায় রাখতে শিক্ষা মন্ত্রণালয় এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একযোগে কাজ করছে।” তিনি জানান, “প্রশ্নফাঁস ঠেকাতে আমি নিজে বিজি প্রেসে (বাংলাদেশ গভর্নমেন্ট প্রেস) গিয়ে পাহারা দিয়েছি এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করেছি।”

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) এবং সমমানের পরীক্ষার ফলাফল আগামী ২০ জুলাই প্রকাশিত হবে জানিয়ে তিনি বলেন, “সব বোর্ডের খাতা আমরা রেন্ডমলি চেক করে দেখবো, কেউ কম বা বেশি নাম্বার দিয়ে দিলো কিনা।”

বিশেষ অতিথির বক্তব্যে ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল বলেন, “বাংলাদেশে একটি উন্নতর শিক্ষা ব্যবস্থা দিয়ে যেতে কাজ করছেন আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান। এজন্য শিক্ষা মন্ত্রণালয় এবং সরকার নানা পলিসি সেট করছে। সরকারের পলিসি যারা মাঠ পর্যায়ে বাস্তবায়ন করেন তারা আমাদের অত্যন্ত সম্মাননীয় শিক্ষক মন্ডলী। আপনারা যদি আন্তরিকতা এবং নিষ্ঠার সাথে নিজ দায়িত্ব পালন করতে না পারেন তাহলে আপনারা শুধু নিজেদেরকে বঞ্চিত করছেন না, আগামীর প্রজন্ম যারা বাংলাদেশের নেতৃত্ব দেবে তাদেরকে একটি বন্ধ্যাত্বের দিকে নিয়ে যাওয়া হবে।”

তিনি উল্লেখ করেন, “একটি আত্মনির্ভর, সমৃদ্ধিশালী এবং প্রগতিশীল বাংলাদেশ যদি আমরা বিনির্মাণ করতে চাই, তাহলে অবশ্যই আমাদের আগামী প্রজন্মকে শুধু শিক্ষিত না তার পাশাপাশি আমাদেরকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। এই শিক্ষাটা শুরু হবে কিন্তু একদম প্রাইমারি লেভেল থেকে।” সেজন্য প্রাইমারি শিক্ষা ব্যবস্থাকে যারা দেখাশোনা করছেন তাদেরকে অত্যন্ত দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য আলহাজ এরশাদ উল্লাহ, চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আলহাজ আবু সুফিয়ান, চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোহাম্মদ জিয়াউদ্দীন, কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী মো. রুহুল আমিন, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর খোন্দকার মোহাম্মদ সাদেকুর রহমান, চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা ও চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ মোজাহিদুল ইসলাম চৌধুরী প্রমুখ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৫
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%