ঢাকা রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৯ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ইং ০৯ই কার্তিক, ১৪৩৩বাং

বাদীর লাশ ফেলার হুমকির পর এবার হামলা এজেআর কুরিয়ারের গাড়িতে


বাদীর লাশ ফেলার হুমকির পর এবার হামলা এজেআর কুরিয়ারের গাড়িতে

রাজধানীর হাজারীবাগে এজেআর কুরিয়ারের ওয়্যারহাউজে হামলা ও লুটপাটের ঘটনায় দায়ের করা মামলার বাদী এবং প্রতিষ্ঠানের ব্যবস্থাপক আফসার উদ্দীনকে প্রাণনাশের হুমকি প্রদান করেছে দুর্বৃত্তরা। তারা জানিয়েছে, ২৪ ঘণ্টার মধ্যে মামলা তুলে না নিলে বাদীর লাশ ফেলার হুমকি দেওয়া হয়েছে।

শুক্রবার (২৩ অক্টোবর) এই হুমকির পর, শনিবার (২৪ অক্টোবর) ভোরে আবারও মোটরসাইকেলে এসে সন্ত্রাসীরা এজেআর কুরিয়ার সার্ভিসের গাড়িতে ভাঙচুর চালিয়েছে।

হুমকি এবং ফোনকলের বিষয়ে হাজারীবাগ থানার ওসি মোশাররফ হোসেন বলেন, "বিষয়টিকে গুরুত্ব দিয়ে মামলার সঙ্গে তদন্ত করা হচ্ছে।" তিনি আরও জানান, হুমকি দেওয়া নম্বর ট্রেস করার চেষ্টা চলছে।

আরও পড়ুন: ধর্মীয় শিক্ষককে মক্তব শিক্ষার্থী ধর্ষণের অভিযোগে যাবজ্জীবন কারাদণ্ড

তিনি জানান, মামলায় ৮ জনকে গ্রেফতার করা হয়েছে এবং জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে।

এর আগে, ২০ অক্টোবর সন্ধ্যা পৌনে ৭টার দিকে সশস্ত্র অবস্থায় হাজারীবাগে এজেআর পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিস লিমিটেডের প্রধান ওয়্যারহাউজে তাণ্ডব চালানো হয়। ২৩টি মোটরসাইকেলে হেলমেট ও মাস্ক পরে প্রায় ৪৫ থেকে ৫০ জন সশস্ত্র সন্ত্রাসী এ তাণ্ডব চালায়। ঘটনার প্রমাণ লোপাটের উদ্দেশ্যে প্রতিষ্ঠানটির সিসি ক্যামেরা, ডিভিআরসহ গুরুত্বপূর্ণ মালামালও লুট করে নিয়ে যায় সন্ত্রাসীরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হেমন্তের শুরুতে ময়মনসিংহে শীতের আমেজ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ ইং

০৩:২১ পি.এম


হেমন্তের শুরুতে ময়মনসিংহে শীতের আমেজ

রোদের মধ্যে যখন কেউ বাইরে ঘুরে বেড়াচ্ছে, তখন শরীর ঘেমে একাকার হয়ে যায়। আবার একটু ছায়ায় গেলেই আরামদায়ক অনুভূতি অনুভব করা যায়। দিনের বেলায় গরম এবং শেষরাতে কাঁথামুড়ি দেওয়া ঠাণ্ডা অনুভূত হচ্ছে।

ময়মনসিংহের প্রকৃতিতে কার্তিক মাসে এমন স্ববিরোধী আচরণ প্রতিবছর শুরু হয়। এবারের মৌসুমও এর ব্যতিক্রম নয়।

জেলার গ্রামগুলোতে সকালে ধান ক্ষেতে হালকা শিশির জমে রয়েছে। দুপুরের রোদে শরতের স্মারক কাশফুলও এখনও দেখা যাচ্ছে। ময়মনসিংহের মানুষ প্রকৃতির এই অচরণ উপভোগ করছে।

কবি ও সহকারী অধ্যাপক আহমদ জামাল জাফরী মন্তব্য করেন, "বছরের এই সময়টা মানুষের কাছে খুব উপভোগ্য হয়। বছরের প্রায় সাত মাস বাংলাদেশের তাপমাত্রা প্রায় অসহনীয় পর্যায়ে থাকে। এরপর গ্রামাঞ্চলে কার্তিকের শুরু থেকেই শীতের আগমনী বার্তা পেতে শুরু করে মানুষ। কার্তিকের কিছুদিন পরেই আসে অগ্রহায়ণ। অগ্রহায়ণে নতুন ধান হয়। জেলার গ্রামে গ্রামে তখন আনন্দের বন্যা বয়। পিঠা পায়েস আর গান বাজনায় মেতে থাকে মানুষ।"

জেলার কয়েকটি উপজেলার মানুষের সঙ্গে আলাপকালে জানা যায়, দিনের বেলায় এখনো যথেষ্ট গরম অনুভূত হচ্ছে। তবে রাতে তাপমাত্রা কমে যায় এবং শেষ রাতে বেশ ঠাণ্ডা পড়ে। ভোরে হালকা কুয়াশারও দেখা মিলছে। ঈশ্বরগঞ্জের নওয়াড়া গ্রামের কৃষক কাজল মিয়া জানান, "সকালে উষ (কুয়াশা) পড়া শুরু অইয়া গেছে। আর কিছুদিন বাদেই শুরু হবে ধান কাডা। অহন কার্তিকের মাঝামাঝিতেই ধান কাটা শুরু অয়। তবে পুরাপুারি শুরু অয় আগুন (অগ্রহায়ণ) মাসে। আমরা ধান কাডার জন্য প্রস্তুত অইতাছি।"

আবহাওয়ার অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সাম্প্রতিক সময়ে ময়মনসিংহের তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস থেকে ২২ ডিগ্রি সেলসিয়াসে অবস্থান করছে। এর ফলে দুপুরে বেশ গরম অনুভূত হচ্ছে। মধ্যরাতের পর সর্বনিম্ন তাপমাত্রা ২৪ ডিগ্রি থেকে ২২ ডিগ্রিতে নেমে আসে। ওই সময় বেশ ঠাণ্ডা অনুভূত হয়।

গ্রামের মানুষদের মতো নগরের মানুষও শীতের আগমনী বার্তা অনুভব করতে শুরু করেছে। নগরের পাশ দিয়ে বয়ে চলেছে ব্রহ্মপুত্র। নদের পাশ দিয়ে শহররক্ষা বাঁধ ঘেঁষে শিল্পাচার্য জয়নুল আবেদিন উদ্যান অবস্থিত। হাল আমলের তরুণরা জয়নুল উদ্যানকে ময়মনসিংহের ‘ফুসফুস’ হিসেবে অভিহিত করেছে। সকাল থেকে রাত পর্যন্ত অবসর সময়ে সব বয়সী মানুষ এখানে ছুটে আসে।

উদ্যানে ব্রহ্মপুত্রের রক্ষাবাঁধের ঢালে বসা চায়ের দোকানগুলো জমে ওঠে। সেখানে মানুষও অনুভব করছে হেমন্তের আগমন আসছে শীত। শরতে ব্রহ্মপুত্রের পারে কাশফুল ফোটে। হেমন্ত এলেও নদের পারে কাশফুল এখনো রয়ে গেছে।

কবি সরকার আজিজ বলেন, "হেমন্ত এমন ঋতু, যা মূলত শীতের প্রতীক্ষা বাড়ায়। শরতে প্রকৃতি রূঢ় থাকে। হেমন্ত সে রূঢ়তা মুছে দেয়। মানুষের মনে ভালোলাগা জন্ম দেয়। এ সময়টায় মানুষ ঘর থেকে বের হতে চায়।" তিনি আরও বলেন, "হেমন্তে প্রকৃতিতে এক ধরনের ঘোর থাকে। এ নিয়ে কবিতা লিখেছেন জীবানানন্দ দাশসহ অনেক কবি।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাপান থেকে রাষ্ট্রদূত দাউদ আলীকে সরানোর সিদ্ধান্ত পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিজস্ব

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ ইং

০৩:২২ পি.এম


জাপান থেকে রাষ্ট্রদূত দাউদ আলীকে সরানোর সিদ্ধান্ত পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিজস্ব

প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরের পূর্ব মুহূর্তে টোকিওতে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলীকে সরানোর সিদ্ধান্ত পররাষ্ট্র মন্ত্রণালয়ের একান্ত নিজস্ব বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

শনিবার (২৪ অক্টোবর) রাজধানীর সিরডাপে তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিতব্য কপ-৩১-কে সামনে রেখে দেশের ৩৩টি নাগরিক সমাজ ও উন্নয়ন সংস্থার উদ্যোগে প্রস্তুতকৃত জাতীয় অবস্থানপত্র আনুষ্ঠানিকভাবে প্রকাশ ও জাতীয় সংলাপ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের কাছে এ অভিমত ব্যক্ত করেন তিনি।

প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে ২৬ থেকে ২৯ অক্টোবর জাপানে সরকারি সফর করবেন তারেক রহমান। প্রতিমন্ত্রী আশা প্রকাশ করেছেন যে, জাপান সফর নতুন বিনিয়োগ তৈরিতে সহায়ক হবে।

কপ-৩১-এ পাটজাত পণ্যের বৈশ্বিক সম্ভাবনা তুলে ধরার কথা জানিয়ে শামা ওবায়েদ বলেন, সীমিত বাজেট নিয়েও বাংলাদেশ জলবায়ু অভিযোজনে কাজ করে যাচ্ছে। কপ-৩১-এ জ্বালানি রূপান্তরের পাশাপাশি পরিবেশবান্ধব পাটজাত পণ্যের বৈশ্বিক সম্ভাবনা তুলে ধরতে চায় বাংলাদেশ।

তিনি উল্লেখ করেন, বাংলাদেশ বিশ্ব জলবায়ু সম্মেলনে স্বচ্ছতা বৃদ্ধি এবং অভিযোজন ও প্রশমনে সমান গুরুত্ব দেওয়া প্রয়োজন। উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ করতে হবে। এই সহায়তা মূলত অনুদান হিসেবে আসতে হবে, যাতে ক্ষতিগ্রস্ত দেশের ঋণের বোঝা আরো না বাড়ে। জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতি মোকাবেলায় একটি ফান্ড দরকার।

প্রতিমন্ত্রী বলেন, সবকিছুতে আমাদের একটি ঐক্যবদ্ধ কণ্ঠস্বর আনতে হবে। যাতে বৈশ্বিক পরিমণ্ডল, নেগোসিয়েশন টেবিল থেকে কিছু নিয়ে আসতে পারি।

পররাষ্ট্র মন্ত্রণালয় এবং পরিবেশ ও জলবায়ু মন্ত্রণালয় আন্তঃমন্ত্রণালয় ফোকাল টিম গঠন করেছে। যুবসমাজের যারা পরিবেশ নিয়ে কাজ করেন, তাদের ইন্টিগ্রেট করার সুযোগ রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাদ্রাসার শিশু শিক্ষার্থীকে চুমু দেওয়ার ঘটনাকে ঘিরে মুফতি আবুল ফজল হবিগঞ্জীর ন্যায়বিচারের আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ শরীফ উদ্দিন : ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ ইং

০৩:২৮ পি.এম


মাদ্রাসার শিশু শিক্ষার্থীকে চুমু দেওয়ার ঘটনাকে ঘিরে মুফতি আবুল ফজল হবিগঞ্জীর ন্যায়বিচারের আহ্বান

মাদ্রাসার এক শিশু শিক্ষার্থীকে চুমু দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনার মধ্যে ন্যায়বিচার ও নৈতিকতার প্রশ্ন তুলে একটি স্ট্যাটাস দিয়েছেন মুফতি আবুল ফজল হবিগঞ্জী।

স্ট্যাটাসে তিনি লিখেছেন, “অপরাধীর পরিচয় নয়, অপরাধের ভিত্তিতেই বিচার হওয়া উচিত। দল বা প্রতিষ্ঠানের ভেদে বিচারের মানদণ্ড বদলে গেলে ন্যায়বিচার ও নৈতিকতার দাবি কতটা গ্রহণযোগ্য? প্রকৃত নৈতিকতা হলো—সবার জন্য একই ন্যায়বিচার নিশ্চিত করা।”

তাঁর এই বক্তব্যে অপরাধের অভিযোগের ক্ষেত্রে ব্যক্তি, দল কিংবা প্রতিষ্ঠানের পরিচয়ের ঊর্ধ্বে উঠে নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করার বিষয়টি গুরুত্ব পেয়েছে।

ঘটনাটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। তবে কোনো অভিযোগের সত্যতা নির্ধারণে আবেগ বা পরিচয়ের ভিত্তিতে সিদ্ধান্ত না নিয়ে প্রাসঙ্গিক তথ্য-প্রমাণ যাচাই করা জরুরি। বিশেষ করে বিষয়টি শিশু শিক্ষার্থীকে ঘিরে হওয়ায় শিশুটির নিরাপত্তা, মর্যাদা ও ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাউখালী সাপ্তাহিক হাটে ফুটপাত ও সড়ক দখলের মহোৎসব: ভোগান্তিতে হাজারো মানুষ

আন্তর্জাতিক ডেস্ক

কাউখালী প্রতিনিধি

শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ ইং

০৩:২৯ পি.এম


কাউখালী সাপ্তাহিক হাটে ফুটপাত ও সড়ক দখলের মহোৎসব: ভোগান্তিতে হাজারো মানুষ

পিরোজপুরের কাউখালীতে উপজেলা শহরের সাপ্তাহিক হাটে ফুটপাত ও মূল সড়ক দখলের মহোৎসব চলছে। এতে হাটের দিনগুলোতে বাজারে আসা হাজার হাজার মানুষকে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে। সাধারণ মানুষের চলাচলের পথ অবরুদ্ধ হয়ে পড়ায় বিশেষ করে নারী, শিশু ও বয়োবৃদ্ধদের যাতায়াত মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।
কাউখালী বাজারে সপ্তাহে প্রতি শুক্রবার ও সোমবার সাপ্তাহিক হাট বসে। এই হাটে কাউখালী উপজেলার বিভিন্ন এলাকা ছাড়াও পার্শ্ববর্তী, পিরোজপুর সদর , ঝালকাঠি সদর,রাজাপুর, স্বরূপকাঠি ও ভাণ্ডারিয়া উপজেলা থেকে হাজার হাজার ক্রেতা-সাধারণ কেনাকাটা করতে আসেন।
সরেজমিনে ও স্থানীয় সূত্রে জানা যায়, বাজারে আসা মানুষের নির্বিঘ্নে চলাচলের জন্য ড্রেনের ওপর ফুটপাত নির্মাণ করা হয়েছিল এবং মূল রাস্তাটি যানবাহন চলাচলের জন্য নির্ধারিত ছিল। কিন্তু চিরাপাড়া ব্রিজের ঢাল থেকে শুরু করে দক্ষিণ বাজার ও উত্তর বাজার পর্যন্ত রাস্তার পাশের ফুটপাত একশ্রেণীর ব্যবসায়ীরা অবৈধভাবে দখল করে নিয়েছে। ফুটপাতে দোকান বসানো ও মালামাল সাজিয়ে রাখার কারণে হেঁটে চলারও কোনো উপায় নেই। বাধ্য হয়ে সাধারণ মানুষকে গাড়ি চলাচলের মূল পথ দিয়েই হাঁটতে হচ্ছে, যার ফলে যান চলাচলেও সৃষ্টি হচ্ছে চরম বিশৃঙ্খলা ও ভোগান্তি।
এছাড়া মূল সড়কের ওপর চাকাযুক্ত ভ্যানগাড়িতে দোকান সাজিয়ে বসা এবং ইজিবাইক ও অটোরিকশার অতিরিক্ত চাপের কারণে বাজারে আসা মানুষের কষ্ট এখন চরম পর্যায়ে পৌঁছেছে।
স্থানীয়রা জানান, পূর্বে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় ফুটপাত দখলের বিষয়ে আলোচনা শেষে রেজুলেশনের মাধ্যমে ফুটপাত সর্বদা হকার ও দখলমুক্ত রাখার সিদ্ধান্ত গৃহীত হয়েছিল। প্রশাসন কর্তৃক মাইকিং ও সতর্কবার্তা দেওয়ার পর কিছুদিন ফুটপাত দখলমুক্ত থাকলেও, সম্প্রতি দক্ষিণ বাজার থেকে উত্তর বাজার পর্যন্ত পুনরায় অধিকাংশ ফুটপাত ও রাস্তা দখলদারদের দখলে চলে গেছে।
এ বিষয়ে সংবাদকর্মী মাসুম বিল্লাহ বলেন, বাজারে সাধারণ মানুষের চলাচলের কোনো নিরাপত্তা নেই। বিশেষ করে নারী ও প্রবীণ ব্যক্তিরা হাটের দিনগুলোতে মারাত্মক ভোগান্তির শিকার হচ্ছেন। স্বাভাবিক বাজার পরিচালনার জন্য প্রশাসনের দ্রুত দৃষ্টি দেওয়া প্রয়োজন। ভ্যানগাড়ির দোকান ও ফুটপাত মুক্ত করলে বাজারের স্বাভাবিক পরিবেশ ফিরে আসবে।
বাজারের পরিবেশ স্বাভাবিক করার বিষয়ে কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আনোয়ার হোসেন জানান, "বাজারের পরিবেশ স্বাভাবিক করতে উপজেলা প্রশাসনকে সঙ্গে নিয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বিষয়ে কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেহেনা আক্তার বলেন, আমি নতুন যোগদান করেছি এবং বাজার ঘুরে দেখেছি। দ্রুত সময়ের মধ্যে বাজারের পরিবেশ স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে ও সাধারণ মানুষের ভোগান্তি দূর করতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৬
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%