০২:২১ পি.এম
নরসিংদী, ২৫ অক্টোবর, ২০২৬ : নরসিংদী ১০০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে প্রায় সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে একটি পিএসএ অক্সিজেন প্ল্যান্ট নির্মাণ করা হয়েছে। নির্মাণকাজ সম্পন্ন হয়েছে গত ২৫ আগস্ট। তবে, রোগীদের অক্সিজেন সরবরাহের জন্য এটি এখনও কার্যকর করা সম্ভব হয়নি।
স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের মতে, সেন্ট্রাল অক্সিজেন লাইনের সঙ্গে সংযোগ স্থাপন হলে শুধু নরসিংদী জেলা হাসপাতাল নয়, বরং জেলার অন্যান্য সরকারি হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সের অক্সিজেনের চাহিদাও এই প্ল্যান্টের মাধ্যমে পূরণ করা যাবে।
দেশের ২২ জেলায় ২৯টি পিএসএ অক্সিজেন প্ল্যান্ট স্থাপন করা হয়েছে, যার লক্ষ্য সরকারি হাসপাতালগুলোতে কম খরচে নিরবচ্ছিন্ন মেডিকেল অক্সিজেন সরবরাহ করা।
আরও পড়ুন: ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: সকাল হলে ভাগ্য নির্ধানের পালা
গ্লোবাল ফান্ডের অর্থায়নে এবং ইউএনওপিএস বাংলাদেশের তত্ত্বাবধানে এসব প্ল্যান্ট নির্মাণে প্রায় ১৭০ কোটি টাকা ব্যয় হয়েছে।
নরসিংদী ১০০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে স্থাপিত প্ল্যান্টটি অক্সিজেন উৎপাদন এবং সিলিন্ডারে ভরার সক্ষমতা রাখে। কিন্তু হাসপাতালের সেন্ট্রাল অক্সিজেন লাইনের সঙ্গে সংযোগ না থাকায় উৎপাদিত অক্সিজেন ওয়ার্ডগুলোতে সরবরাহ করা সম্ভব হচ্ছে না।
প্রকল্প-সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, দেশের বিভিন্ন জেলায় স্থাপিত এসব প্ল্যান্টে কর্মরত ১৫৩ জনের চাকরির মেয়াদ বাড়ানো ও তাদের চাকরি স্থায়ীকরণের বিষয়েও স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরকে অবহিত করা হয়েছে।
নরসিংদী সদর উপজেলার বাসিন্দা রবিউল ইসলাম (৩৩) মন্তব্য করেছেন, "কোটি কোটি টাকা ব্যয়ে নির্মাণ শেষ করার পরও যদি প্রয়োজনীয় সংযোগের অভাবে একটি অক্সিজেন প্ল্যান্ট চালু করা না যায়, তাহলে এর মাধ্যমে সরকারের বিনিয়োগের কাঙ্ক্ষিত সুফল নিশ্চিত হবে না। আমরা আশা করবো, যাতে সরকার এ বিষয়ে দ্রুত উদ্যোগ গ্রহণ করেন।"
আরও পড়ুন: বালিয়াডাঙ্গীতে পতিলাভাষা যুব সমাজের উদ্যোগে তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত
প্ল্যান্টের টেকনিশিয়ান অনিক রায় জানান, "দুই ধাপে আমাদের চাকরির মেয়াদ বাড়ানো হয়েছে। আমরা চাকরি নিয়ে অনিশ্চয়তার মধ্যে আছি। তবে প্ল্যান্ট স্থাপনের কারিগরি কাজ শেষ হয়েছে। সেন্ট্রাল লাইনের সঙ্গে সংযোগ স্থাপন করা হলেই সাধারণ মানুষ এর সুবিধা পাবে।"
প্ল্যান্টের অপারেটর মো. মুহিবুল্লাহ বলেন, "সেন্ট্রাল লাইনের সঙ্গে সংযোগ স্থাপনের পর কোনো কারণে অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে গেলেও এই প্ল্যান্টের মাধ্যমে ১৫ থেকে ২০ দিনের জন্য অক্সিজেন সরবরাহের ব্যাকআপ রাখা সম্ভব। এখন সবচেয়ে জরুরি হলো সেন্ট্রাল লাইনের সঙ্গে সংযোগ দেওয়া।"
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, প্ল্যান্টটির সঙ্গে সেন্ট্রাল অক্সিজেন লাইনের সংযোগ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আগামী দুই মাসের মধ্যে সংযোগ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।
নরসিংদী ১০০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মিজানুর রহমান বাসসকে জানান, "আমরা অচিরেই সংযোগ স্থাপনের চেষ্টা করছি। সংযোগ স্থাপন করা হলে আমাদের প্ল্যান্ট থেকে জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে অক্সিজেন সরবরাহ করা সম্ভব হবে।"
আরও পড়ুন: কাউনিয়া থানা পুলিশের সাঁড়াশি অভিযান, টার্গেটে মাদক ব্যবসায়ী ও কিশোর গ্যাং
তিনি আরও বলেন, "প্ল্যান্টটি গত ২৫ আগস্ট নির্মাণ শেষ হয়েছে। অচিরেই রোগীরা এর সুফল ভোগ করবেন বলে আমরা আশা করছি।"
প্রকল্প-সংশ্লিষ্টরা উল্লেখ করেছেন, পিএসএ প্ল্যান্ট চালু হলে স্থানীয়ভাবে উৎপাদিত অক্সিজেন ব্যবহারের ফলে সরকারের ব্যয় কমবে। এছাড়া জরুরি পরিস্থিতিতে হাসপাতালগুলোতে অক্সিজেনের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা সহজ হবে।
ইউএনওপিএসের সহকারী পরিচালক হাসান আলী বাসসকে জানিয়েছেন, "আমরা অক্সিজেন প্ল্যান্টগুলোকে সেন্ট্রাল লাইনের সঙ্গে সংযোগ দেওয়ার চেষ্টা করছি। এ কাজে নিয়োজিত কর্মীদের চাকরির সুরক্ষার বিষয়টিও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।
আরও পড়ুন: বরিশালে হাফেজ শিক্ষার্থীদের স্পোকেন ইংলিশ কোর্স সম্পন্ন, সনদ ও বই বিতরণ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন