১১:১৩ এম
কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যেকোনো ধরনের বিশৃঙ্খলা, নাশকতা ও অপতৎপরতা রোধে নারায়ণগঞ্জে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে জেলা পুলিশসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন সংস্থা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সোমবার (২২ জুন) মধ্যরাত থেকেই জেলাজুড়ে শুরু হয়েছে সেনাবাহিনীর টহল।
একই সঙ্গে যেকোনো অনাকাঙ্খিত পরিস্থিতি মোকাবিলায় স্ট্রাইকিং ফোর্স হিসেবে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কসহ জেলার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে কঠোর নজরদারি ও টহল দিচ্ছে পুলিশ, র্যাব এবং বিজিবি।
নারায়ণগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মো. রায়হান কবির সময় সংবাদকে জানিয়েছেন, একজন লেফটেন্যান্ট কর্নেলের নেতৃত্বে সেনাবাহিনী ৬টি ইউনিটে ভাগ হয়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকাসহ সবকটি উপজেলায় মধ্যরাত থেকে টহল কার্যক্রম পরিচালনা করছে।
আরও পড়ুন: মধুপুরে মাদ্রাসার হেফজখানায় ১১ বছরের ছাত্রের হাত কাটা, রহস্য নিয়ে উদ্বেগ
জেলা প্রশাসক আরও জানান, জেলাজুড়ে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি এবং সার্বিক পরিস্থিতি সম্পূর্ণ শান্ত ও নিয়ন্ত্রণে রয়েছে।
যৌথ বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, জননিরাপত্তা বিঘ্নিত করার মতো যেকোনো অপচেষ্টা কঠোর হস্তে দমন করা হবে। যেকোনো ধরনের উস্কানি বা বিশৃঙ্খলা এড়াতে পুরো জেলায় গোয়েন্দা নজরদারিও জোরদার করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন