০৮:৪৭ পি.এম
চরম নিষ্ঠুরতার জন্য পরিচিত ইসলামিক স্টেট (আইএস) কর্তৃক ২০১৪ সালে ইরাকের মসুল দখলের ঘটনা তুলে ধরেছেন মসুল আই ব্লগের ছদ্মনামধারী লেখক ড. ওমর মোহাম্মদ। তাঁর ব্লগে প্রকাশিত হত্যাকাণ্ড, মগজধোলাই ও গণহত্যার বিবরণ বিশ্বজুড়ে লাখ লাখ পাঠকের দৃষ্টি আকর্ষণ করেছে। এমনকি আইএস সদস্যরাও তাঁর লেখা পড়েছে এবং তাঁকে নির্মমভাবে হত্যার হুমকি দিয়েছে।
আইএস সদস্যরা মানুষকে ভবন থেকে ফেলে হত্যা করেছে, জীবন্ত কবর দিয়েছে এবং জর্ডানের এক বন্দি পাইলটকে খাঁচায় পুড়িয়ে মেরেছে। আইএস সদস্যদের কথায়, ‘আমরা যখন তোমাকে ধরব, তখন তোমার মনে হবে, ওই জর্দানী পাইলটের মতো মরতে পারলেই ভালো হতো।’
বর্তমানে ৪০ বছর বয়সী মোহাম্মদ জানান, ২০১৪ সালের জুনে আইএস মসুল দখলের আগে আল-কায়েদার প্রতি অনুগত সুন্নি বিদ্রোহীদের সেখানে শক্তিশালী উপস্থিতি ছিল। তারা চাঁদাবাজির মাধ্যমে কোটি কোটি ডলার আদায় করত এবং ইরাকের শিয়াপ্রধান নিরাপত্তা বাহিনীর ওপর হামলা চালাত। সেনাবাহিনীর বিরুদ্ধে তল্লাশিচৌকিতে ঘুষ আদায়ের অভিযোগ থাকায় কিছু বাসিন্দা প্রথমদিকে আইএসের আগমনকে স্বাগত জানিয়েছিলেন। তবে অল্প সময়ের মধ্যেই গোষ্ঠীটির সাম্প্রদায়িক নিষ্ঠুরতা প্রকাশ পায়। শহর দখলের মাত্র দুই দিন পর আইএস যোদ্ধারা ১ হাজার ৭শ’ ইরাকি সেনাকে হত্যা করে। এটিকে ইতিহাসে নথিভুক্ত সবচেয়ে বড় সন্ত্রাসী গণহত্যা হিসেবে বর্ণনা করা হয়।
আরও পড়ুন: যৌতুকের দাবিতে বরের বাবাকে খেলনা গাড়ি দিয়ে বিয়ে ভাঙল কনে পক্ষ
খ্রিষ্টানদেরকে শহর থেকে বিতাড়িত করা হয়। অন্যদিকে ইয়াজিদিরা গণহত্যা ও যৌন দাসত্বের শিকার হন। মসুল বিশ্ববিদ্যালয়ে ইতিহাস, আইন ও চারুকলার ক্লাস বন্ধ করে দেওয়া হয়। গোষ্ঠীটি শহরের ঐতিহাসিক ঐতিহ্যগুলোও পরিকল্পিতভাবে ধ্বংস করে দেয়। এর মধ্যে ছিল ভাস্কর্য, মাজার ও গ্রন্থাগার। তাদের লক্ষ্য ছিল মসুলকে সপ্তম শতাব্দীর আদলে ফিরিয়ে নেওয়া। মোহাম্মদ আইএসের ভেতরে, এমনকি নিজের সাবেক পরিচিতদের মধ্যেও তথ্যদাতা তৈরি করেছিলেন।
তিনি লিখেছেন, ‘তুমি কে, তা নিয়ে আইএসের কোনো মাথাব্যথা ছিল না। বরং তুমি কী হয়ে উঠতে প্রস্তুত, সেটাই ছিল তাদের কাছে গুরুত্বপূর্ণ।’ যদিও ‘ইসলামই সমাধান’ স্লোগানধারী আইএস এবং এর সহযোগী গোষ্ঠি ‘মুসলিম ব্রাদাহুড’ নিজেদের শান্তিপূর্ণ সংগঠন হিসেবে দাবি করে, কিন্তু তাঁর সূত্রগুলো নারী, ইয়াজিদি ও শিয়াদের ধর্ষণ ও হত্যার বিবরণ দিয়েছে। প্রচারণার উদ্দেশ্যে আইএস প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকর করত। একবার চারজন ক্যামেরাম্যান মিলে শিরচ্ছেদের দৃশ্য ধারণ করেছিল।
এমনকি ভালো আলো পাওয়ার জন্য দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে অবস্থান পরিবর্তন করতেও বলেছিল তারা। মোহাম্মদ ১৪ বছর বয়সী এক কিশোরের কথা স্মরণ করেন, যার বিরুদ্ধে চুরির অভিযোগ এনে হাত কেটে দেওয়া হয়েছিল। এরপর এক ইমাম তাকে জড়িয়ে ধরে ঘোষণা করেন, ‘এখন তুমি পবিত্র। তুমি নিষ্কলুষ। আল্লাহ তোমাকে কবুল করবেন!’ তবে মোহাম্মদের যুক্তি, ৭ অক্টোবরের পর থেকে ইউরোপে উগ্রপন্থী ইসলামপন্থীরা নিজেদের প্রভাব আরও শক্তিশালী করেছে।
মোহাম্মদের নতুন আবাসস্থল প্যারিসেও গত মাসের সহিংস সড়ক বিক্ষোভ উসকে দেওয়ার অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। তবে গত মাসেই ইউরোপীয় পার্লামেন্ট একটি প্রস্তাব পাস করে। এতে মুসলিম ব্রাদারহুডের বিরুদ্ধে ‘ইসলামপন্থী অনুপ্রবেশের’ অভিযোগ আনা হয়, যা গণতান্ত্রিক মূল্যবোধের জন্য হুমকি বলে উল্লেখ করা হয়েছে।
আরও পড়ুন: ‘ভারতে মুসলিমদের জীবন কি আখের চেয়েও সস্তা?’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন