০৭:৩০ পি.এম
অধিকৃত পশ্চিম তীরে চলতি বছরে ফিলিস্তিনিদের বিরুদ্ধে অন্তত ১ হাজার ২০০টি অপরাধ ও হামলা সংঘটিত করেছে ইসরাইলি বসতি স্থাপনকারীরা। এই হামলাগুলোর ফলে সাতজন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন এবং ২৬০ জন আহত হয়েছেন। দেশটির সংবাদমাধ্যম ওয়াইনেট এই তথ্য প্রকাশ করেছে, যা ইসরাইলি সেনাবাহিনীর সরকারি তথ্যের ভিত্তিতে এসেছে।
প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালের তুলনায় চলতি বছরে পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের ‘ইহুদি জাতীয়তাবাদী অপরাধের’ সংখ্যা ৭৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৪ সালে ইসরাইলি সেনাবাহিনী ৬৭৫টি হামলার ঘটনা নথিভুক্ত করেছিল। ওই বছর এসব হামলায় ছয়জন ফিলিস্তিনি নিহত হন এবং ১৪৯ জন আহত হন।
২০২৫ সালেও হামলা ও হতাহতের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। ওই বছরে ইসরাইলি সেনাবাহিনীর হিসাব অনুযায়ী, বসতি স্থাপনকারীরা ৮৪৫টি হামলা চালান, যার ফলে চারজন ফিলিস্তিনি নিহত হন এবং ২০০ জন আহত হন।
আরও পড়ুন: আ. লীগ ও অঙ্গসংগঠনের নেতাদের ধরিয়ে দিলে পুরস্কারের ঘোষণা প্রশাসক সাখাওয়াতের
সব মিলিয়ে ২০২৪ সালের শুরু থেকে এখন পর্যন্ত অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ২ হাজার ৭২০টি ‘ইহুদি জাতীয়তাবাদী অপরাধের’ ঘটনা নথিভুক্ত হয়েছে। এই ঘটনার ফলে ১৭ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন এবং ৬০৯ জন আহত হয়েছেন।
প্রতিবেদনে হামলার সংখ্যা বৃদ্ধির পেছনে ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজের নেওয়া একটি সিদ্ধান্তের বিষয়টি উল্লেখ করা হয়েছে। দায়িত্ব গ্রহণের পর তিনি ইসরাইলি সেনাবাহিনীকে নির্দেশ দেন, যাতে ইহুদি ইসরাইলি নাগরিকদের প্রশাসনিক আটকাদেশের আওতায় না রাখা হয়। এর ফলে বসতি স্থাপনকারীদের গ্রেপ্তার ও আটক করার ক্ষেত্রে ইসরাইলি বাহিনীর ক্ষমতা উল্লেখযোগ্যভাবে সীমিত হয়ে পড়ে।
প্রশাসনিক আটকাদেশ একটি ব্যবস্থা, যার মাধ্যমে কোনো ব্যক্তিকে অভিযোগ গঠন বা বিচার ছাড়াই মাসের পর মাস আটক রাখা যায়। ইসরাইলি কর্তৃপক্ষের এই কঠোর ব্যবস্থা বর্তমানে মূলত ফিলিস্তিনিদের ক্ষেত্রে প্রয়োগ করা হচ্ছে। বর্তমানে হাজার হাজার ফিলিস্তিনি ইসরাইলের বিভিন্ন আটককেন্দ্রে বন্দি রয়েছেন।
ইসরাইলি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ইহুদি বসতি স্থাপনকারীদের প্রশাসনিক আটকের বাইরে রাখার সিদ্ধান্তের পর পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বিরুদ্ধে হামলা ও সহিংসতার ঘটনা বৃদ্ধি পেয়েছে।
আরও পড়ুন: আন্তর্জাতিক যাত্রা শেষে ঢাকায় রফিক আজমের ‘ওল্ড ঢাকা - নিউ স্টোরি’ বইয়ের মোড়ক উন্মোচন
সূত্র: মিডল ইস্ট আই
এআরবি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন