প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কিছু মানুষ চলে গিয়েও মানুষের হৃদয়ে বেঁচে থাকেন তাঁদের কর্ম ও সৃষ্টির মধ্য দিয়ে। কবি নাজমুল হক নজীর ছিলেন তেমনই একজন মানুষ। তিনি ছিলেন কবি, সাহিত্যিক ও স্লোগানের কবি। তাঁর কবিতায় ফুটে উঠত জীবনবোধ, সমাজচেতনা ও প্রতিবাদের ভাষা। আর স্লোগানে প্রকাশ পেত মানুষের অধিকার, দাবি ও জাগরণের আহ্বান। প্রয়াণের ১১ বছর পেরিয়ে গেলেও তাঁর কবিতা ও স্লোগানের ভাষায় আজও তাঁকে স্মরণ করেন সাহিত্যপ্রেমীরা।
কবির জীবন, সাহিত্যচর্চা ও সৃষ্টিকর্ম নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে ফরিদপুরের বোয়ালমারীতে অনুষ্ঠিত হয়েছে ‘নাজমুল হক নজীর : জীবন ও কবিতা’ শীর্ষক আলোচনা সভা।
শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় কবি নাজমুল হক নজীরের ১১তম প্রয়াণবার্ষিকী উপলক্ষে জীবন চর্চা কেন্দ্রের উদ্যোগে বোয়ালমারী জি. কে. কিন্ডারগার্টেন চত্বরে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কবি সখিনা হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন জীবন চর্চা কেন্দ্রের প্রতিষ্ঠাতা অ্যাডভোকেট গাজী শাহিদুজ্জামান লিটন।
অনুষ্ঠানে কবি নাজমুল হক নজীরের জীবন, সাহিত্যকর্ম, কবিতার দর্শন ও সৃজনশীলতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন বীর মুক্তিযোদ্ধা কে. এম. জহুরুল হক, কবি কাজী মসিউর রহমান কচি, কবিবন্ধু শেখ আফছারউদ্দিন, কবি ও সম্পাদক আনোয়ারুজ্জামান ঝন্টু, বোয়ালমারী বার্তার সম্পাদক অ্যাডভোকেট কোরবান আলী, সাপ্তাহিক চন্দনার সম্পাদক কবি কাজী হাসান ফিরোজ, সহযোগী অধ্যাপক রবীন কুমার লস্কর, কবি সাজ্জাদুর রহমান, বোয়ালমারী প্রেসক্লাবের সদ্য সাবেক সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন, কবি ও শিক্ষক আ. গফ্ফার শেখ, সাংবাদিক মনিরুজ্জামান ও আমীর চারু বাবলু প্রমুখ।
আলোচকেরা কবির সাহিত্যকর্মের পাশাপাশি তাঁর প্রতিবাদী ও গণমুখী সত্তার কথা তুলে ধরেন। তাঁরা বলেন, কবি নাজমুল হক নজীর শুধু কবিতার কবি ছিলেন না, তিনি ছিলেন স্লোগানের কবি। তাঁর স্লোগানে প্রকাশ পেত সময়ের দাবি, মানুষের আকাঙ্ক্ষা ও প্রতিবাদী চেতনা। কবিতা ও স্লোগানের মাধ্যমে তিনি মানুষের কথা তুলে ধরেছেন। তাঁর সাহিত্যকর্ম সংরক্ষণ ও চর্চার পাশাপাশি নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া প্রয়োজন।
অনুষ্ঠানের আবেগঘন মুহূর্ত তৈরি হয় কবির পরিবারের সদস্যদের স্মৃতিচারণে। পরিবারের পক্ষ থেকে স্মৃতিচারণ করেন কবির সন্তান সাইফুল্লাহ নজীর মামুন এবং ছোটভাই এনামুল হক রুবেল। তাঁদের স্মৃতিচারণে উঠে আসে কবির ব্যক্তিজীবন, পারিবারিক সম্পর্ক, স্নেহ-মমতা, জীবনবোধ এবং সাহিত্যকে ঘিরে তাঁর গভীর ভালোবাসার নানা স্মৃতি।
আলোচনা সভায় কবি নাজমুল হক নজীরের নির্বাচিত কবিতা থেকে আবৃত্তি করেন সংস্কৃতিকর্মী শরীফ শাহিনুর আলম, ইকবাল আজিজ মীমার্সি ও জাহিদুল হক পল্লব। কবিতার ছন্দ ও আবেগময় আবৃত্তিতে অনুষ্ঠানজুড়ে তৈরি হয় এক মনোমুগ্ধকর সাহিত্যিক পরিবেশ।
আলোচনা, স্মৃতিচারণ ও কবিতাপাঠের মধ্য দিয়ে কবির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন উপস্থিত সাহিত্যপ্রেমী ও সুধীজন। আয়োজনটি হয়ে ওঠে কবির জীবন ও সাহিত্যকর্মকে নতুন করে জানার এবং তাঁর সৃষ্টিকে স্মরণ করার এক আন্তরিক প্রয়াস।
প্রয়াণের ১১ বছর পেরিয়ে গেলেও কবি নাজমুল হক নজীরের স্মৃতি আজও অমলিন। তাঁর কবিতা, স্লোগান ও সাহিত্যকর্মের মধ্য দিয়ে তিনি বেঁচে থাকবেন পাঠক ও মানুষের হৃদয়ে। কারণ, মানুষের জীবন একদিন থেমে গেলেও তাঁর ভালো কাজ ও সৃষ্টিই তাঁকে যুগের পর যুগ স্মরণীয় করে রাখে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন