মোঃ ওসমান গনি শেরপুর জেলা প্রতিনিধি
০৮:৪৮ পি.এম
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার বিরুদ্ধে শেরপুর জেলা যুবদলের উদ্যোগে সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৯ নভেম্বর) বিকেলে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আশরাফুল আলম ফকির লিংকন।
সমাবেশে সভাপতিত্ব করেন শেরপুর জেলা যুবদলের সভাপতি আতাহারুল ইসলাম আতা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শেরপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ শওকত হোসেন।
এ সময় শেরপুর জেলা যুবদলের নেতৃবৃন্দ ছাড়াও অধীনস্থ বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশ শেষে নেতাকর্মীরা একটি মিছিল বের করেন। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন। এবং সারা শহরে যুবদলের নেতা কর্মীরা ভিক্ষুক মিছিল করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
গোপালগঞ্জের মুকসুদপুরের জলিরপাড়ে চলমান লকডাউন কর্মসূচির সময় গ্রামীণ ব্যাংকের একটি শাখায় হামলা, ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। হামলার ফলে ব্যাংকটির আসবাবপত্র এবং গুরুত্বপূর্ণ কাগজপত্রে আগুন ধরিয়ে দেওয়া হয়।
রোববার বেলা ১১টার দিকে দক্ষিণ জলিরপাড় গ্রামে গ্রামীণ ব্যাংকে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র এবং প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা গেছে, আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচির সমর্থনে সকাল থেকেই গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক সড়কের জলিরপাড় বাসস্ট্যান্ড এলাকায় দলের নেতাকর্মী ও সমর্থকেরা অবস্থান নেন। এ সময় সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করা হয়।
বেলা ১১টার দিকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা গ্রামীণ ব্যাংকের শাখাটিতে হামলা চালান বলে অভিযোগ উঠেছে। হামলাকারীরা ব্যাংক ভবনের থাই গ্লাস এবং ভেতরের আসবাবপত্র ভাঙচুর করেন। পরে ব্যাংকের কাগজপত্র ও আসবাবপত্র বাইরে বের করে এনে তাতে আগুন ধরিয়ে দেওয়া হয়।
প্রত্যক্ষদর্শী গণমাধ্যমকর্মী শহিদুল ইসলাম জানান, দক্ষিণ জলিরপাড় গ্রামের টুলু বাকচীর একটি ভবন ভাড়া নিয়ে সেখানে গ্রামীণ ব্যাংকের জলিরপাড় শাখার কার্যক্রম পরিচালিত হয়ে আসছিল।
ঘটনার বিষয়ে জানার জন্য মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহামুদুর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি। ব্যাংকের ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানা যায়নি।
এমই
তালাশ বিডি/মিডিয়া লিঃ
পিরোজপুরে জেলা যুবদল পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে মিছিল ও সমাবেশ করেছে।
রোববার বিকেলে, জেলা যুবদলের নেতাকর্মীরা সি অফিস চত্বর থেকে একটি মিছিল বের করেন। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা বিএনপি কার্যালয়ে গিয়ে শেষ হয়।
মিছিলের আগে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা যুবদলের আহ্বায়ক মারুফ হাসান এবং সদস্য সচিব এমদাদুল হক মাসুদ। এ সময় জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান তুষার, তানজিদ হাসান শাওন, সালমান জাকির ও রিয়াজ সরদারসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে জেলা যুবদলের আহ্বায়ক মারুফ হাসান বলেন, “আমরা বিগত ১৭ বছর ৭ মাস আন্দোলন-সংগ্রাম করেছি। কখনো বাসে আগুন দিইনি, ঘরে আগুন দিইনি। অথচ আওয়ামী লীগ বাসে, ঘরে ও ব্যবসাপ্রতিষ্ঠানে আগুন দিয়েছে, যার প্রমাণ তারা এখনো দিচ্ছে। কারণ, এটি একটি সন্ত্রাসী দল। আওয়ামী লীগ কখনো কারও বন্ধু হতে পারে না।”
তিনি আরও বলেন, “যেখানেই আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের দেখবেন, তাদের ধরে পুলিশের হাতে তুলে দেবেন।” সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে তিনি বলেন, “আপনি দেশে আসতে চান, আসেন। আপনার জন্য ফাঁসির দড়ি প্রস্তুত আছে।”
জেলা যুবদলের সদস্য সচিব এমদাদুল হক মাসুদ বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে জনতা একটি সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে দেশ যখন এগিয়ে যাচ্ছে, তখনই আওয়ামী স্বৈরাচার দেশবিরোধী চক্রান্তে লিপ্ত হচ্ছে। কোনো ষড়যন্ত্র বা চক্রান্ত করে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করা যাবে না।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
কক্সবাজারের টেকনাফে সাগরপথে মালয়েশিয়ায় পাচারের সময় একটি ট্রলার থেকে নারী, পুরুষ ও শিশুসহ ৩১৭ জনকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড। এ সময় মানবপাচারে জড়িত থাকার অভিযোগে সাত পাচারকারীকে আটক করা হয়েছে।
রোববার (২৯ নভেম্বর) ভোর ৪টার দিকে টেকনাফের বাহারছড়ার বড়ডেইল শামুক বিচসংলগ্ন সমুদ্র এলাকায় অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়।
বাংলাদেশ কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
কোস্টগার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, টেকনাফের বাহারছড়া উপকূল দিয়ে সাগরপথে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে একটি ট্রলারে বিপুলসংখ্যক মানুষকে নিয়ে যাওয়া হচ্ছে। এ তথ্যের ভিত্তিতে কোস্টগার্ড স্টেশন শাহপরী, টেকনাফ, স্টেশন ইনানী ও আউটপোস্ট বাহারছড়ার সদস্যরা ওই এলাকায় বিশেষ অভিযান চালান।
অভিযান চলাকালে একটি সন্দেহজনক ট্রলারকে থামার সংকেত দেওয়া হয়; কিন্তু ট্রলারটি সংকেত অমান্য করে দ্রুত গভীর সমুদ্রের দিকে পালানোর চেষ্টা করে। পরে কোস্টগার্ড সদস্যরা ধাওয়া করে বড়ডেইল শামুক বিচসংলগ্ন সমুদ্র এলাকা থেকে ট্রলারটি আটক করেন। ট্রলারে তল্লাশি চালিয়ে মালয়েশিয়াগামী ৩১৭ জনকে উদ্ধার করা হয়। তাদের মধ্যে নারী, পুরুষ ও শিশু রয়েছেন। এ সময় মানব পাচারে জড়িত থাকার অভিযোগে সাতজনকে আটক করা হয়।
কোস্টগার্ডের বিজ্ঞপ্তিতে বলা হয়, উদ্ধার হওয়া ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে জানা গেছে, কয়েকটি সংঘবদ্ধ মানব পাচারকারী চক্র বিদেশে উন্নত জীবন ও উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে লোকজনকে মালয়েশিয়ায় যেতে উদ্বুদ্ধ করে আসছিল। চক্রগুলো কক্সবাজার ও টেকনাফসহ দেশের বিভিন্ন এলাকা থেকে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের সংগ্রহ করে সাগরপথে মালয়েশিয়ায় পাচারের পরিকল্পনা করেছিল।
উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্য থেকে ইমরান জানান, পাচারকারীদের হাতে আটকে থাকা ভাইকে মুক্ত করতে গিয়ে তিনিও মানবপাচারের শিকার হন। পরে তাকে মালয়েশিয়ায় নিয়ে যাওয়ার সময় কোস্টগার্ডের অভিযানে উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া ব্যক্তিদের বিষয়ে পরবর্তী পদক্ষেপ এবং আটক ট্রলার ও ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে কোস্টগার্ড।
সংস্থাটি আরও জানিয়েছে, মানবপাচার প্রতিরোধে সমুদ্র ও উপকূলীয় এলাকায় নজরদারি অব্যাহত থাকবে এবং এ ধরনের পাচার ঠেকাতে ভবিষ্যতেও বিশেষ অভিযান চালানো হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকার মঞ্চে গান গেয়ে দর্শকদের আনন্দিত করার পর, রোমানীয় পপ তারকা ওটিলিয়া ব্রুমা এবার বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে পরিচিত হচ্ছেন। রাজধানীতে ফুল বিক্রেতার সঙ্গে নাচ, স্ট্রিটফুডের স্বাদ নেওয়া এবং শপিং মলে ঘোরাঘুরি করে, এই আন্তর্জাতিক সংগীতশিল্পী বাংলাদেশ সফরে নানা অভিজ্ঞতার সঙ্গে যুক্ত হচ্ছেন।
শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর সীমান্ত স্কয়ারে অবস্থিত আপন জুয়েলার্সের শাখা পরিদর্শন করার সময়, প্রতিষ্ঠানটির নান্দনিক পরিবেশ এবং আকর্ষণীয় গহনার সংগ্রহ দেখে তিনি মুগ্ধতা প্রকাশ করেন। এ সময়, নিজের পছন্দ অনুযায়ী কিছু গহনা কেনাকাটা করেন এই আন্তর্জাতিক সংগীতশিল্পী।
তিনি সেখানে প্রতিষ্ঠানটির ইন্টেরিয়র, আকর্ষণীয় ডেকোরেশন এবং বিভিন্ন ধরনের জুয়েলারি কালেকশন ঘুরে দেখেন। বিশেষ করে, বাংলাদেশের সংস্কৃতি, ঐতিহ্য ও আভিজাত্যের সঙ্গে সম্পৃক্ত গহনার নকশা ও বৈচিত্র্য তার দৃষ্টি আকর্ষণ করে।
পরিদর্শনকালে, বাংলাদেশের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য, উৎসব-পার্বণ এবং প্রজন্ম থেকে প্রজন্মে বহমান অলংকারশিল্পের সৌন্দর্য সম্পর্কে আগ্রহ প্রকাশ করেন ওটিলিয়া। আপন জুয়েলার্সের সংগ্রহে আধুনিক ফ্যাশনের সঙ্গে ঐতিহ্যবাহী নকশার সমন্বয় দেখে, প্রতিষ্ঠানটির প্রশংসাও করেন তিনি।
নিজের পছন্দ অনুযায়ী গহনা কেনাকাটার পাশাপাশি, আপন জুয়েলার্সের আতিথেয়তা ও নান্দনিক পরিবেশ উপভোগ করেন এই সংগীতশিল্পী। পুরো আয়োজন নিয়ে তিনি সন্তুষ্টি প্রকাশ করেন।
বাংলাদেশের স্বর্ণশিল্প ও অলংকারের ঐতিহ্য দেশের সংস্কৃতি ও আভিজাত্যের গুরুত্বপূর্ণ অংশ। আধুনিক নকশার পাশাপাশি ঐতিহ্যবাহী গহনার সৌন্দর্য তুলে ধরে, আপন জুয়েলার্স দেশীয় অলংকারশিল্পের বৈচিত্র্য ও ঐতিহ্যকে সামনে রাখছে।
ওটিলিয়ার এই পরিদর্শন আন্তর্জাতিক সংগীতাঙ্গনের একজন শিল্পীর কাছে বাংলাদেশের ঐতিহ্যবাহী গহনার সৌন্দর্য তুলে ধরার একটি উপলক্ষ হয়ে উঠেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ