০৮:৫০ পি.এম
কক্সবাজারের টেকনাফে সাগরপথে মালয়েশিয়ায় পাচারের সময় একটি ট্রলার থেকে নারী, পুরুষ ও শিশুসহ ৩১৭ জনকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড। এ সময় মানবপাচারে জড়িত থাকার অভিযোগে সাত পাচারকারীকে আটক করা হয়েছে।
রোববার (২৯ নভেম্বর) ভোর ৪টার দিকে টেকনাফের বাহারছড়ার বড়ডেইল শামুক বিচসংলগ্ন সমুদ্র এলাকায় অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়।
বাংলাদেশ কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
আরও পড়ুন: বনানী থানার আওয়ামী লীগ নেতা আতিক জামান গ্রেপ্তার
কোস্টগার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, টেকনাফের বাহারছড়া উপকূল দিয়ে সাগরপথে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে একটি ট্রলারে বিপুলসংখ্যক মানুষকে নিয়ে যাওয়া হচ্ছে। এ তথ্যের ভিত্তিতে কোস্টগার্ড স্টেশন শাহপরী, টেকনাফ, স্টেশন ইনানী ও আউটপোস্ট বাহারছড়ার সদস্যরা ওই এলাকায় বিশেষ অভিযান চালান।
অভিযান চলাকালে একটি সন্দেহজনক ট্রলারকে থামার সংকেত দেওয়া হয়; কিন্তু ট্রলারটি সংকেত অমান্য করে দ্রুত গভীর সমুদ্রের দিকে পালানোর চেষ্টা করে। পরে কোস্টগার্ড সদস্যরা ধাওয়া করে বড়ডেইল শামুক বিচসংলগ্ন সমুদ্র এলাকা থেকে ট্রলারটি আটক করেন। ট্রলারে তল্লাশি চালিয়ে মালয়েশিয়াগামী ৩১৭ জনকে উদ্ধার করা হয়। তাদের মধ্যে নারী, পুরুষ ও শিশু রয়েছেন। এ সময় মানব পাচারে জড়িত থাকার অভিযোগে সাতজনকে আটক করা হয়।
কোস্টগার্ডের বিজ্ঞপ্তিতে বলা হয়, উদ্ধার হওয়া ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে জানা গেছে, কয়েকটি সংঘবদ্ধ মানব পাচারকারী চক্র বিদেশে উন্নত জীবন ও উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে লোকজনকে মালয়েশিয়ায় যেতে উদ্বুদ্ধ করে আসছিল। চক্রগুলো কক্সবাজার ও টেকনাফসহ দেশের বিভিন্ন এলাকা থেকে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের সংগ্রহ করে সাগরপথে মালয়েশিয়ায় পাচারের পরিকল্পনা করেছিল।
উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্য থেকে ইমরান জানান, পাচারকারীদের হাতে আটকে থাকা ভাইকে মুক্ত করতে গিয়ে তিনিও মানবপাচারের শিকার হন। পরে তাকে মালয়েশিয়ায় নিয়ে যাওয়ার সময় কোস্টগার্ডের অভিযানে উদ্ধার করা হয়।
আরও পড়ুন: সম্মিলিত উদ্যোগ ছাড়া নিরাপদ সমাজ গড়া সম্ভব নয়: এমপি মানিক
উদ্ধার হওয়া ব্যক্তিদের বিষয়ে পরবর্তী পদক্ষেপ এবং আটক ট্রলার ও ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে কোস্টগার্ড।
সংস্থাটি আরও জানিয়েছে, মানবপাচার প্রতিরোধে সমুদ্র ও উপকূলীয় এলাকায় নজরদারি অব্যাহত থাকবে এবং এ ধরনের পাচার ঠেকাতে ভবিষ্যতেও বিশেষ অভিযান চালানো হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন