ঢাকা রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ইং ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন দীর্ঘ ৮ বছর পর অনুষ্ঠিত


চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন দীর্ঘ ৮ বছর পর অনুষ্ঠিত

দীর্ঘ আট বছর পর অনুষ্ঠিত বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ নির্বাচনের প্রাথমিক ফলাফল নির্বাচন কমিশন ঘোষণা করেছে। শনিবার (২৮ নভেম্বর) অনুষ্ঠিত নির্বাচনে কেন্দ্রীয় কার্যকরী পরিষদের প্রাথমিকভাবে নির্বাচিতদের নাম প্রকাশ করা হয়েছে।

নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী, কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সভাপতি পদে রাজু গোয়ালা, কার্যকরী সভাপতি পদে মিঠুন কালোয়ার, সহ-সভাপতি পদে মিঠুন সিং রাউতিয়া-২ এবং সহ-সভাপতি (নারী) পদে শিমুল কর্মকার প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন। এছাড়া সাধারণ সম্পাদক পদে মুকেশ কর্মকার, যুগ্ম সাধারণ সম্পাদক পদে সঞ্জয় চৌহান, সহ-সাধারণ সম্পাদক (নারী) পদে সোনামনি তাঁতি এবং অর্থ সম্পাদক পদে সনত গোয়ালা নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে দেশের পাঁচ জেলাÑসিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, চট্টগ্রাম ও রাঙামাটিতে মোট ভোটার ছিলেন ১ লাখ ৫৩ জন। এসব জেলায় ২৩০টি ভোটকেন্দ্রে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মৌলভীবাজার জেলার ১৩৫টি পঞ্চায়েতের অধীনে চূড়ান্ত ভোটার ছিলেন ৬০ হাজার ৪৮৭ জন। এর মধ্যে শ্রীমঙ্গল উপজেলার ৪০টি পঞ্চায়েতে ভোটার ছিলেন ১৮ হাজার ৮২২ জন। জেলার মধ্যে শ্রীমঙ্গলেই সর্বাধিক পঞ্চায়েত ও ভোটার রয়েছেন।

আরও পড়ুন: নীলফামারীর খাতামধুপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জুয়েল চৌধুরী

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মো. জিয়াউর রহমান জানান, শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দেশের ২৩০টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন করতে জেলা ও উপজেলা প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমন্বিতভাবে দায়িত্ব পালন করে। তিনি আরও জানান, ভোটাররা যাতে নির্ভয়ে ও উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পারেন, সে লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছিল। দীর্ঘ আট বছর পর এ নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় চা-বাগান অধ্যুষিত এলাকাগুলোতে শ্রমিকদের মধ্যে ব্যাপক আগ্রহ ও উৎসাহ পরিলক্ষিত হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গোলাপগঞ্জে পিকআপের সংঘর্ষে ছাত্রদল নেতা খালেদ মাসুদ নিহত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

০৯:০৫ পি.এম


গোলাপগঞ্জে পিকআপের সংঘর্ষে ছাত্রদল নেতা খালেদ মাসুদ নিহত

সিলেটের গোলাপগঞ্জে মোটরসাইকেল কেনার উদ্দেশ্যে ট্রায়ালের জন্য নিয়ে পালিয়ে যাওয়ার সময় এক ব্যক্তির সঙ্গে সংঘর্ষে গুরুতর আহত হন ছাত্রদল নেতা খালেদ মাসুদ। শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যা ৭ টার দিকে উপজেলার ফুলবাড়ি ইউপি অফিসের কাছে ঘটে এই দুর্ঘটনা। পরবর্তীতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় রোববার ভোর ৪টার দিকে তিনি মারা যান।

নিহত খালেদ মাসুদ ফুলবাড়ি ইউনিয়নের মাইজবাজ গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি গোলাপগঞ্জ উপজেলা ছাত্রদলের নেতা এবং উপজেলা বিএনপির সহ-সভাপতি মামুনুর রশিদের ভাতিজা। স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেল বিক্রির বিজ্ঞাপন দেখে শুক্রবার সন্ধ্যায় হেতিমগঞ্জ বাজারে আসেন এক ব্যক্তি। ক্রেতা সেজে মোটরসাইকেলটি দেখে ট্রায়ালের কথা বলে সেটি চালানোর জন্য নেন। এ সময় খালেদ মাসুদ তার ছোট ভাইকে সঙ্গে দেন। কিছুদূর যাওয়ার পর ওই ব্যক্তি কৌশলে নিজের মোবাইল ফোনটি সড়কে ফেলে দেন। ফোনটি তুলতে গিয়ে খালেদের ছোট ভাই মোটরসাইকেল থেকে নেমে যান এবং এ সুযোগে ওই ব্যক্তি মোটরসাইকেল নিয়ে পালিয়ে যান।

খবর পেয়ে বন্ধুর মোটরসাইকেল নিয়ে খালেদ মাসুদ তার পিছু নেন। এক পর্যায়ে ফুলবাড়ি ইউনিয়ন পরিষদ কার্যালয়ের কাছে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ ঘটে। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার ভোর ৪টার দিকে তার মৃত্যু ঘটে।

রোববার দুপুর ২টা ৩০ মিনিটে সিলেট-শ্যাওলা প্রকল্পের বেইস ক্যাম্পে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় বিএনপির নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।

এ ঘটনায় শোক প্রকাশ করেছেন সিলেট-৬ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী। গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছবেদ আলী খালেদ মাসুদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মোটরসাইকেল নিয়ে পালিয়ে যাওয়ার ঘটনায় এখনও কোনো অভিযোগ পাননি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিলেটে আবদুর রহমান বদির ছেলে ও দুই ভাইসহ চারজন আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

০৯:০৬ পি.এম


সিলেটে আবদুর রহমান বদির ছেলে ও দুই ভাইসহ চারজন আটক

সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে অভিযান পরিচালনা করে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির ছেলে, দুই ভাই এবং এক সহযোগীকে পুলিশ আটক করেছে। বুধবার (২৫ নভেম্বর) ভোর ৫টার দিকে নগরের জল্লারপাড় এলাকার গ্র্যান্ড প্যালেস হোটেলে এই অভিযান চালানো হয়। আটককৃতদের মধ্যে রয়েছেন আবদুর রহমান বদির ছেলে শাওন আরমান, তার দুই ভাই আমিনুর রহমান ও আবদুশ শুকুর এবং সহযোগী হিসেবে টেকনাফ পৌরসভার কাউন্সিলর মোহাম্মদ হোসেন। সিলেট মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (উত্তর) সাইফুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও হোটেল সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে নারী, পুরুষ ও শিশুসহ ১৬ সদস্যের একটি দল গ্র্যান্ড প্যালেস হোটেলে অবস্থান নেয়। গোপন সংবাদের ভিত্তিতে ওই দিন দিবাগত রাত ১২টার দিকে সিলেট মেট্রোপলিটন পুলিশ হোটেলটি ঘিরে ফেলে। এরপর হোটেলের বিভিন্ন কক্ষে প্রায় পাঁচ ঘণ্টা ধরে তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হয়। এক পর্যায়ে পরিচয় নিশ্চিত হওয়ার পর ভোর ৫টার দিকে চারজনকে আটক করে কোতোয়ালি থানায় নিয়ে যায় পুলিশ।

অভিযান শেষে উপকমিশনার সাইফুল ইসলাম জানান, হোটেলটিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা অবস্থান করছেনÑএমন গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। তল্লাশির পর পরিচয় নিশ্চিত করে চারজনকে আটক করা হয়েছে। তিনি আরও জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে একাধিক মামলার তথ্য পাওয়া গেছে। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাদের কক্সবাজার জেলা পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কমলগঞ্জে ১৮৪তম মহারাসলীলা উৎসব িত, ভোরে শেষ অনুষ্ঠান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

০৯:০৬ পি.এম


কমলগঞ্জে ১৮৪তম মহারাসলীলা উৎসব িত, ভোরে শেষ অনুষ্ঠান

মৌলভীবাজারের

কমলগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্য, ঐতিহ্যবাহী নৃত্য ও গীতের মাধ্যমে মণিপুরি সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব ১৮৪তম মহারাসলীলা সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতভর রাসনৃত্য ও ধর্মীয় আনুষ্ঠানিকতার পর বুধবার (২৫ নভেম্বর) ভোর ৫টায় উৎসবের সমাপ্তি ঘটে। এ উৎসবে দেশ-বিদেশের হাজারো ভক্ত, দর্শনার্থী ও পর্যটকের সমাগম ঘটে।

উপজেলার মাধবপুর ইউনিয়নের শিববাজার জোড়া মণ্ডপ এবং আদমপুরের তেতইগাঁওয়ে পৃথকভাবে রাশ উৎসবের আয়োজন করা হয়। মণিপুরি বিষ্ণুপ্রিয়া সম্প্রদায়ের উদ্যোগে মাধবপুরে ১৮৪তম এবং মণিপুরি মৈতৈ সম্প্রদায়ের উদ্যোগে আদমপুরে ৪১তম রাশ উৎসব অনুষ্ঠিত হয়। মঙ্গলবার দুপুরে গোষ্ঠলীলা বা রাখালনৃত্যের মাধ্যমে উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়। রাখালের বেশে শিশু-কিশোরেরা শ্রীকৃষ্ণের বাল্যলীলা নৃত্যাভিনয়ের মাধ্যমে তুলে ধরে।

সন্ধ্যায় আলোচনা সভা, গুণীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। রাত ১১টার পর শুরু হয় উৎসবের মূল আকর্ষণ মহারাসনৃত্য। রাধা ও গোপীদের সঙ্গে শ্রীকৃষ্ণের প্রেমলীলা মণিপুরি তরুণীরা ঐতিহ্যবাহী পোশাক, মুকুট ও ঘুঙুরের ছন্দে নৃত্য-গীতের মাধ্যমে পরিবেশন করেন। মৃদঙ্গ, করতাল ও বাঁশির সুরে মণ্ডপ প্রাঙ্গণ মুখর হয়ে ওঠে।

মঙ্গলবার সন্ধ্যায় মাধবপুরের শিববাজার জোড়া মণ্ডপে আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরী এমপি। গেস্ট অব অনার ও প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) বিজন কান্তি সরকার, মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী, সিলেটের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার মুতাসিম বিলাহ ফারুকী, সিলেট রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্মসচিব দেবজিৎ সিংহ, মৌলভীবাজারের জেলাপ্রশাসক তৌহিদুজ্জামান পাভেল, পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম এবং মণিপুরি সমাজকল্যাণ সমিতির কেন্দ্রীয় পরিষদের সভাপতি প্রতাপ চন্দ্র সিংহ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মণিপুরি মহারাসলীলা সেবা সংঘের সভাপতি অ্যাডভোকেট চাঁদমুরারী সিংহ স্বপন। রাশ উৎসব উপলক্ষ্যে মাধবপুর ও আদমপুরে বসে গ্রামীণ মেলা। মণিপুরি তাঁতবস্ত্র, হস্তশিল্প, বাদ্যযন্ত্রসহ নানা পণ্যের পসরা সাজিয়ে বসেন দোকানিরা। দেশের বিভিন্ন জেলা ছাড়াও বিদেশি পর্যটকদের উপস্থিতিতে উৎসবস্থল হয়ে ওঠে মিলনমেলা। শান্তিপূর্ণভাবে উৎসব সম্পন্ন করতে প্রশাসন, পুলিশ, আনসার ও স্বেচ্ছাসেবকেরা নিরাপত্তার দায়িত্ব পালন করেন।

আয়োজকদের সূত্রে জানা যায়, ১৮৪২ সালে কমলগঞ্জের মাধবপুরে মণিপুরি মহারাসলীলা উৎসবের সূচনা হয়। অষ্টাদশ শতাব্দীতে মণিপুরের মহারাজা ভাগ্যচন্দ্র রাসলীলার প্রবর্তন করেন। রাধা-কৃষ্ণের প্রেমলীলা ও ভাবকীর্তিনির্ভর এ নৃত্য মণিপুরি সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। ১৯১৯ সালে সিলেটের একটি মণিপুরি পল্লিতে রাসনৃত্য দেখে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর মুগ্ধ হন। পরবর্তীতে তাঁর মাধ্যমে মণিপুরি নৃত্য বৃহত্তর পরিসরে পরিচিতি লাভ করে। দীর্ঘদিনের ঐতিহ্যবাহী এ উৎসব এখন মণিপুরি সম্প্রদায়ের গণ্ডি ছাড়িয়ে বাংলাদেশের অন্যতম সাংস্কৃতিক ঐতিহ্যে পরিণত হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

১৬ ডিসেম্বর ঘিরে দেশ অস্থিতিশীল করার চেষ্টা চলছে: ত্রাণমন্ত্রী দুলু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

০৯:১০ পি.এম


১৬ ডিসেম্বর ঘিরে দেশ অস্থিতিশীল করার চেষ্টা চলছে: ত্রাণমন্ত্রী দুলু

মহান বিজয় দিবস ১৬ ডিসেম্বরকে কেন্দ্র করে একটি মহল দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে, এমন মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। তিনি প্রশ্ন তুলেছেন, এই মহলটির দেশপ্রেম কতটুকু রয়েছে, তা দেশের জনগণই বিবেচনা করবে।

রোববার (২৯ নভেম্বর) দুপুরে লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের বুদার বাঁশের তল এলাকায় অতিদরিদ্র পরিবারের জন্য নির্মিত পরিবেশবান্ধব ও দুর্যোগ সহনীয় ‘ঠিকানা’ বাসগৃহের উদ্বোধন ও হস্তান্তর শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ত্রাণমন্ত্রী বলেন, বিচার চলাকালে তিনি দেশে আসেননি, এখন বিচার শেষ হওয়ার পর আসতে চাইছেন। বাংলাদেশ ও ভারতের মধ্যকার বিদ্যমান বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী তিনি দেশে ফিরতে পারেন।

এ সময় দেশে ফেরার বিষয়টিকে কেন্দ্র করে বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালানো হচ্ছে অভিযোগ তুলে মন্ত্রী বলেন, কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে এ ধরনের ধ্বংসাত্মক ও সন্ত্রাসী কর্মকাণ্ড কখনোই গ্রহণযোগ্য নয়। অতীতের মতো ভবিষ্যতেও কেউ এ ধরনের অপতৎপরতা চালানোর চেষ্টা করলে দেশের সাধারণ জনগণই তা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবে, বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী আসাদুল হাবিব দুলু আরও বলেন, দেশের অতিদরিদ্র, অসহায় ও ছিন্নমূল মানুষের জন্য টেকসই, পরিবেশবান্ধব এবং দুর্যোগ সহনীয় আবাসন নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বন্যা, ঝড় ও জলোচ্ছ্বাসের মতো প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় ‘ঠিকানা’ প্রকল্পের এই বাসগৃহগুলো গ্রামীণ জনপদের মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি তাঁদের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সমাজের প্রান্তিক জনগোষ্ঠীর আবাসন সংকট পুরোপুরি নিরসন না হওয়া পর্যন্ত সরকারের এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত থাকবে। এর আগে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে নির্মিত পরিবেশবান্ধব ও দুর্যোগ সহনীয় ‘ঠিকানা’ বাসগৃহটির উদ্বোধনী ফলক উন্মোচন ও চাবি হস্তান্তর করেন মন্ত্রী। সরকারি অর্থায়নে নির্মিত টেকসই ও আধুনিক সুযোগ-সুবিধাসংবলিত এই বাসগৃহটি বরাদ্দ পেয়েছেন বুদার বাঁশের তল এলাকার অতিদরিদ্র দিনমজুর মোছাঃ জোলেখা বেগম। তিনি ওই এলাকার মৃত মোবারক হোসেনের কন্যা এবং মৃত নুরুল হকের স্ত্রী। নতুন এই ঘরে তাঁর সঙ্গে বসবাস করবেন তাঁর ছোট বোন দিনমজুর সালেহা খাতুন। দীর্ঘদিন ধরে জরাজীর্ণ ও অনিরাপদ পরিবেশে বসবাস করা এই দুই বোন নিজের একটি স্থায়ী ও নিরাপদ আশ্রয় পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন এবং সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, লালমনিরহাট জেলাপ্রশাসক মোঃ রাশেদুল হক প্রধান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনোনীতা দাস, স্থানীয় প্রতিনিধিরা এবং দলের জ্যেষ্ঠ রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০৩
জোহর ১১:৪৮
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২২ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%