০৯:১৪ পি.এম
নীলফামারীর সৈয়দপুর উপজেলার ৫ নম্বর খাতামধুপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আবারও প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সাবেক দুইবারের সফল চেয়ারম্যান জুয়েল চৌধুরী। নির্বাচনের প্রথম ধাপ আগামী ২১ জানুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তাঁর প্রার্থিতা নিয়ে স্থানীয় পর্যায়ে আলোচনা শুরু হয়েছে।
জুয়েল চৌধুরী সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির ত্রাণবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি পূর্বে দুই মেয়াদে খাতামধুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে কাজ করেছেন। সম্ভ্রান্ত পরিবারের সন্তান জুয়েল চৌধুরী, সাবেক সংসদ সদস্য ও শিল্পপতি আলহাজ শওকত চৌধুরীর শ্যালক।
সাবেক চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে তিনি ইউনিয়নের রাস্তাঘাট, মসজিদ, মন্দির, মাদ্রাসা ও শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করেছেন বলে তাঁর সমর্থকদের দাবি। স্থানীয়রা জানান, তিনি অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো এবং আর্থিক সংকটে থাকা শিক্ষার্থীদের পড়াশোনা চালিয়ে যেতে সহযোগিতা করেছেন।
আরও পড়ুন: সন্ত্রাস, মাদক ও অপরাধ নির্মূলে আলেমদের ঐক্যবদ্ধ হতে হবে: আক্তারুজ্জামান বাচ্চু
এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন এবং চুরি, ডাকাতি ও ছিনতাই প্রতিরোধে তাঁর ভূমিকার কথাও তুলে ধরছেন সমর্থকেরা। তাঁরা উল্লেখ করেন, দায়িত্ব পালনকালে তিনি ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে যোগাযোগ বজায় রেখেছিলেন এবং সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত ছিলেন।
এদিকে আসন্ন নির্বাচনে জুয়েল চৌধুরীকে আবারও চেয়ারম্যান হিসেবে দেখতে চান বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তবে নির্বাচনে প্রার্থী হওয়া এবং দলীয় মনোনয়ন পাওয়ার বিষয়টি এখনও নির্বাচনি প্রক্রিয়ার ওপর নির্ভরশীল। জুয়েল চৌধুরী জানিয়েছেন, এবার বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে চান। নির্বাচিত হলে খাতামধুপুর ইউনিয়নকে একটি আধুনিক ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করবেন বলেও তিনি প্রত্যয় ব্যক্ত করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন