০৮:৫৪ পি.এম
চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানার উপ-পরিদর্শক (এসআই) শেখ জিয়াউর রহমানকে থানা থেকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।
নিষিদ্ধ ছাত্রলীগ নেতার সঙ্গে জন্মদিনের কেক কাটার অভিযোগে গত ২৭ নভেম্বর যুগান্তর অনলাইন ও ২৮ নভেম্বর দৈনিক যুগান্তরে সংবাদ প্রকাশিত হওয়ার পর জেলা পুলিশ এই পদক্ষেপ গ্রহণ করে। শনিবার (২৮ নভেম্বর) রাতেই তাকে বদলি করা হয়।
যুগান্তরে সংবাদ প্রকাশের পর এসআই জিয়াউরকে নিয়ে স্থানীয়ভাবে ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়। বিএনপি, ছাত্রদল ও যুবদল নেতারা ওই পুলিশ কর্মকর্তার শাস্তির দাবি জানান। বিষয়টি আমলে নিয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ রাতেই তাকে নাচোল থানা থেকে প্রত্যাহার করে নেয়।
আরও পড়ুন: গোপালগঞ্জে প্রসূতি মা হাত দিয়ে পেট চেপে ফিরলেন বাড়ি, বৃদ্ধা মায়ের কোলে নবজাতক
স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাতে নাচোলের ‘এসএন ক্যাফে’-তে এসআই জিয়াউর রহমানের জন্মদিন উদযাপন করা হয়। ওই আয়োজনে কসবা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি মেহেদি হাসান এবং অপর এক ছাত্রলীগ কর্মীকে সঙ্গে নিয়ে কেক কাটেন তিনি। পরদিন শুক্রবার সকাল ৯টার দিকে তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে ওই ছাত্রলীগ নেতার হাতে কেক খাওয়ার ছবি প্রকাশ করেন। ছবিটি ছড়িয়ে পড়ার পর সমালোচনা শুরু হলে বেলা সাড়ে ১১টার দিকে তিনি ছবিগুলো সরিয়ে নেন।
এ বিষয়ে নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকোমল চন্দ্র দেবনাথ বলেন, সংবাদটি আমলে নিয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস শনিবার রাতেই এসআই জিয়াউরকে নাচোল থানা থেকে সরিয়ে জেলা পুলিশ লাইনসে সংযুক্ত করেছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন