০৪:৩৩ পি.এম
সংসদ ভবন, ৯ নভেম্বর, ২০২৬ : ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হয়েছে।
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে আজ বিকেল ৩টা ৩৮ মিনিটে জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে এ অধিবেশন শুরু হয়।
আজকের কার্যসূচিতে অন্তর্ভুক্ত রয়েছে— সভাপতিমণ্ডলী মনোনয়ন, শোকপ্রস্তাব, প্রশ্ন জিজ্ঞাসা ও উত্তর, জরুরি জন-গুরুত্বসম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণ (বিধি-৭১) এবং আইন-প্রণয়ন কার্যাবলি।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা শুরু, অধিবেশন ১৮ নভেম্বর পর্যন্ত
এছাড়া, তৃতীয় অধিবেশনের পর এবং চতুর্থ অধিবেশনের পূর্বে তিনটি অধ্যাদেশ জারি করা হয়েছে। এই অধ্যাদেশগুলো হলো— পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬; মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬ এবং বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন অধ্যাদেশ, ২০২৬। আজকের বৈঠকে এই অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে।
এদিকে, গতকাল জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত সংসদের কার্য উপদেষ্টা কমিটির পঞ্চম বৈঠকে সিদ্ধান্ত গৃহীত হয়েছে যে, ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন আগামী ১৮ নভেম্বর পর্যন্ত চলবে।
সরকারি ছুটির দিন শুক্রবার ও শনিবার বাদে প্রতিদিন বিকেল ৪টা ২০ মিনিটে সংসদের অধিবেশন অনুষ্ঠিত হবে। জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বৈঠকে সভাপতিত্ব করবেন।
আজকের বৈঠকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: তুরস্ক সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন মন্ত্রী ও কর্মকর্তাগণ
এ অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য ১৭৪টি এবং অন্যান্য মন্ত্রীর জন্য ৩ হাজার ৫৭৭টি প্রশ্নসহ মোট ৩ হাজার ৭৫১টি প্রশ্ন জমা পড়েছে। এছাড়া, বিধি-৭১ অনুযায়ী মনোযোগ আকর্ষণের ৯২টি নোটিশ এবং বিধি-১৩১ অনুযায়ী সিদ্ধান্ত প্রস্তাবের ২৮১টি নোটিশ পাওয়া গেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন