০৫:১৪ পি.এম
স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ মন্তব্য করেছেন যে, ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান মানুষের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা, অধিকার প্রতিষ্ঠা এবং বৈষম্যহীন রাষ্ট্র গঠনের প্রত্যাশাকে নতুনভাবে সামনে নিয়ে এসেছে।
তিনি সোমবার ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সূচনা বক্তব্যে এ কথা বলেন।
স্পিকার সংসদ সদস্যদের উদ্দেশ্যে বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ অর্জন করেছি। স্বাধীনতা অর্জনের ইতিহাস যেমন আত্মত্যাগ, সাহস ও দেশপ্রেমের গৌরবোজ্জ্বল অধ্যায়, তেমনি ২০২৪ সালের ছাত্র-জনতার জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক তাৎপর্যপূর্ণ অধ্যায় হয়ে থাকবে। এই অভ্যুত্থান জনগণের ভোটাধিকার ও প্রকৃত গণতন্ত্রের নতুন যাত্রা সূচিত করেছে।
আরও পড়ুন: নতুন পাসপোর্ট করবেন যেভাবে ও খরচ কত
তিনি আরও উল্লেখ করেন, গণতন্ত্র ছাড়া একটি দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। তাই ত্রয়োদশ জাতীয় সংসদের প্রতি সাধারণ মানুষের প্রত্যাশা ব্যাপক। জনগণের রায়ের প্রতি শ্রদ্ধাশীল থেকে সংবিধানের মর্যাদা সমুন্নত রাখা, আইনের শাসন প্রতিষ্ঠা, জবাবদিহিতা নিশ্চিত করা এবং নাগরিক অধিকার সুরক্ষায় কার্যকর ভূমিকা পালন করাই এই সংসদের অন্যতম প্রধান দায়িত্ব।
স্পিকার সংসদীয় গণতন্ত্রের পরিবেশ বজায় রাখার আহ্বান জানিয়ে বলেন, সংসদীয় গণতন্ত্রের মূল শক্তি হলো আলোচনা, যুক্তি, পারস্পরিক শ্রদ্ধা ও দায়িত্বশীল মতপ্রকাশ। সংসদীয় গণতন্ত্রের সৌন্দর্য হলো ভিন্নমত ও ভিন্ন পথের সহাবস্থান।
তিনি আরো বলেন, সংসদের ভেতরে আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধান খুঁজতে হবে এবং দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে জাতীয় স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। স্পিকার আশা প্রকাশ করেন, অধিবেশন চলাকালে সংসদ সদস্যরা সংসদীয় রীতিনীতি, শালীনতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধের পরিচয় দিয়ে দেশ ও জনগণের প্রত্যাশা পূরণে সক্রিয় ভূমিকা রাখবেন।
আরও পড়ুন: বিদেশে উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়াশোনার খরচে অনুমতি লাগবে না
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন