বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ ইং
০৭:১৬ পি.এম
বগুড়ার গাবতলীর পেরীরহাট এলাকায় সাইফুল ইসলামের কাছে দুই লাখ টাকা চাঁদা চাওয়ার অভিযোগে কথিত তিন সাংবাদিককে স্থানীয় জনতা গণপিটুনি দিয়েছে। এই ঘটনা ঘটে বুধবার (২১ অক্টোবর) সকালে মহিষাবান ইউনিয়নের সোনাকানিয়া ব্রিজ এলাকায়।
একাধিক সূত্রের তথ্য অনুযায়ী, বগুড়া থেকে আগত বিপ্লব, রাজিব ও মিথুন নামের তিন সাংবাদিক সকাল ৬ টায় মোটর সাইকেলযোগে গাবতলীর পেরিরহাট এলাকায় পৌঁছান। অভিযোগ রয়েছে যে, ওই তিন সাংবাদিক সার বোঝাই একটি ভ্যান আটকিয়ে দুই লাখ টাকার চাঁদা দাবি করেন। এই নিয়ে উভয়পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হলে আশপাশের স্থানীয় জনগণ সেখানে জড়ো হয়।
সার ব্যবসায়ী সাইফুল ইসলাম (৬৫) জানান, চাঁদা চাওয়ার কারণে স্থানীয় জনগণ উত্তেজিত হয়ে ওঠে এবং তারা বগুড়া থেকে আগত তিন সাংবাদিককে গণপিটুনি দেয়, যার ফলে কথিত সাংবাদিকরা গুরুতর আহত হন। গণপিটুনির ফলে সাংবাদিক বিপ্লবের বাম হাত ভেঙে যায়। হাত ভেঙে যাওয়া সাংবাদিক বিপ্লব জানান, খুচরা সার ব্যবসায়ী সাইফুল ৫টি ভ্যানে ১'শ বস্তা সার অন্যত্র নিয়ে যাচ্ছিলেন। বিষয়টি জানতে চাওয়ার পর মব সৃষ্টি করে তাদেরকে নির্মমভাবে মারধর করা হয়।
সার ব্যবসায়ী সাইফুল ইসলাম আরও জানান, বিপ্লব, রাজিব ও মিথুন নামের তিন সাংবাদিক সারের ভ্যান আটকিয়ে দুই লাখ টাকা চাঁদা দাবি করলে স্থানীয় জনগণ উত্তেজিত হয়ে তাদেরকে মারধর করে। তিনি দাবি করেন যে, এর আগে ওই তিন সাংবাদিক নিউজ করার ভয় দেখিয়ে তার কাছ থেকে ৩০ হাজার টাকা হাতিয়ে নিয়েছিল।
গাবতলীর সার, চালসহ বিভিন্ন ডিলাররা জানিয়েছেন, এই কথিত সাংবাদিকদের পাশাপাশি বগুড়ার আরও কিছু সাংবাদিক মাঝে মাঝে গাবতলীতে এসে সার ব্যবসায়ীদের বিরুদ্ধে নিউজ করার ভয় দেখিয়ে অর্থ হাতিয়ে নেয়। গাবতলীর ইউএনও হাফিজুর রহমান ও উপজেলা কৃষি কর্মকর্তা মাহিদুল ইসলাম বলেছেন, তারা বিষয়টি শুনেছেন এবং এটি খতিয়ে দেখবেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা বন্দরের সার্বিক পরিচালন কার্যক্রম পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেল ৩টার দিকে বন্দরের জেটি এলাকায় গিয়ে তিনি বন্দর সম্প্রসারণ প্রকল্প, জেটি সুবিধা ও কনটেইনার ইয়ার্ডসহ বিভিন্ন অবকাঠামো ঘুরে দেখেন।
পরিদর্শনকালে প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট কর্মকর্তাদের দিকনির্দেশনা দেন, যাতে বন্দরের আন্তর্জাতিক বাণিজ্য সক্ষমতা বৃদ্ধি, দ্রুত পণ্য খালাস নিশ্চিত করা এবং আধুনিকায়নের কাজ ত্বরান্বিত করা যায়।
বৃহস্পতিবার সকালে উপকূলীয় দক্ষিণাঞ্চলের অর্থনৈতিক সম্ভাবনা বৃদ্ধি এবং মোংলা বন্দরের সক্ষমতা পর্যালোচনায় সরকারি সফরে মোংলায় পৌঁছান তারেক রহমান। সকাল ১০টার দিকে তিনি সেখানে যান। এর আগে খুলনা ও সুন্দরবনসংলগ্ন উপকূলীয় এলাকা হেলিকপ্টার ও জলযানে ঘুরে দেখেন তিনি। পরে নৌবাহিনীর বানৌজা মোংলা ঘাঁটিতে পৌঁছান প্রধানমন্ত্রী।
সেখান থেকে সরাসরি মোংলা বন্দরের জেটি এলাকায় যান তিনি। বন্দরের প্রধান ফটক দিয়ে প্রবেশের সময় সেখানে জড়ো হওয়া বিএনপির নেতাকর্মীরা তাকে শুভেচ্ছা জানান।
পরিদর্শনের সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন মোংলা বন্দর কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিনিধিরা।
বন্দর পরিদর্শন শেষে প্রধানমন্ত্রীর বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চলসহ অন্যান্য উন্নয়ন প্রকল্প পর্যালোচনা করার কথা রয়েছে। এরপর ঢাকায় ফেরার পরিকল্পনা রয়েছে তার।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সৌদি আরবের দাম্মাম বিমানবন্দরে হামলার পরিস্থিতির মধ্যেও ঝুঁকি নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট যাত্রা করেছে। বৃহস্পতিবার সকালে ৮টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইটটি রওনা হয়। এই ফ্লাইটে মোট যাত্রী ছিলেন ৩৭৯ জন।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মুখপাত্র শাহনূর আহমেদ ‘আমার দেশ’-কে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পূর্বঘোষণা অনুযায়ী ফ্লাইটটি সকাল ৮টায় দাম্মামের উদ্দেশ্যে যাত্রা করেছে।
এদিকে, দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুথি বিদ্রোহীদের হামলায় একজন নিহত এবং আটজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। বুধবার দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (জিএসিএ) এই তথ্য নিশ্চিত করেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এই খবর প্রকাশ করেছে।
১৩৫টি ফ্লাইট বাতিল: আটকে পড়া যাত্রী ২০ হাজার ৬৭২ জন
সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ফ্লাইট চলাচলে বিধিনিষেধের কারণে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১৩৫টি ফ্লাইট বাতিল করা হয়েছে। বাতিল হওয়া ফ্লাইটগুলোর যাত্রীসংখ্যা ২০ হাজার ৬৭২ জন।
বৃহস্পতিবার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) পাঠানো তথ্য অনুযায়ী, বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে সরাসরি ফ্লাইট ৬২টি এবং ট্রানজিট ফ্লাইট ৭৩টি রয়েছে।
বাতিল হওয়া সরাসরি ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ২৩টি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ১০টি, সৌদিয়া এয়ারলাইন্সের ১৯টি এবং রিয়াদ এয়ারের ১০টি।
অন্যদিকে, বাতিল হওয়া ট্রানজিট ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে ইন্ডিগোর ২৮টি, সালাম এয়ারের ৭টি, ইজিপ্ট এয়ারের ১টি, এমিরেটস এয়ারলাইন্সের ১৪টি, কাতার এয়ারওয়েজের ৯টি, ফ্লাই দুবাইয়ের ৮টি এবং এয়ার ইন্ডিয়ার ৬টি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে সংঘাত ছড়িয়ে পড়ার কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামিক রিভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি), যদি যুক্তরাষ্ট্রের সহায়তায় পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীতে তথাকথিত ‘অবৈধ’ নৌপথ ব্যবহার অব্যাহত থাকে।
আইআরজিসির নৌবাহিনীর এক বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সির মাধ্যমে, যে ওয়াশিংটন মাইন ঝুঁকিপূর্ণ জলপথে অবৈধভাবে জাহাজ চলাচলে প্ররোচনা ও তাগিদ দেওয়ার ফলে সামুদ্রিক দুর্ঘটনার সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে।
বিবৃতিতে বলা হয়েছে, “আগ্রাসী মার্কিন সামরিক বাহিনীকে বুঝতে হবে, এ ধরনের অপতৎপরতা অব্যাহত থাকলে সংঘাতের পরিধি এ অঞ্চলের মার্কিন ঘাঁটিগুলো পর্যন্ত বিস্তৃত হবে। এটি একটি অত্যন্ত গুরুতর ও কঠোর হুঁশিয়ারি।”
আইআরজিসি জানায়, তাদের নৌবাহিনী পারস্য উপসাগরে অবস্থানরত এবং জাহাজ থেকে জাহাজে জ্বালানি তেল স্থানান্তরের (Ship-to-ship transfer) সঙ্গে জড়িত ৪টি জাহাজে হামলা চালিয়েছে, যার ফলে জাহাজগুলোতে আগুন ধরে যায়। এছাড়া, হরমুজ প্রণালীর পশ্চিমে মাইন বিস্ফোরণের কারণে আরও ৩টি জাহাজ ক্ষতিগ্রস্ত হয়ে মাঝপথে আটকে পড়েছে। সূত্র: তাসনিম নিউজ এজেন্সি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষকদের উচ্চশিক্ষা, গবেষণা এবং অর্জনের তথ্য একত্রিত করার জন্য এবং পাঠদান নিয়ে শিক্ষার্থীদের অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি করার উদ্দেশ্যে একটি ডিজিটাল প্ল্যাটফর্ম প্রতিষ্ঠা করা হয়েছে। ‘রুয়েট ফ্যাকাল্টি রিভিউ’ নামক এই প্ল্যাটফর্মটি তৈরি করেছেন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. আজহার আলী।
এই উদ্যোগের লক্ষ্য হলো শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও গবেষণার পরিকল্পনায় সহায়তা প্রদান করা এবং গঠনমূলক মতামত বিনিময়ের মাধ্যমে পাঠদানের মান উন্নয়নে অবদান রাখা। প্ল্যাটফর্মটিতে রুয়েটের শিক্ষকদের শিক্ষাগত যোগ্যতা, উচ্চশিক্ষা, গবেষণার আগ্রহ, অভিজ্ঞতা ও অর্জন সম্পর্কে তথ্য উপস্থাপন করা হয়েছে। এর ফলে শিক্ষার্থীরা জানতে পারবেন, বিশ্ববিদ্যালয়ের কোন শিক্ষক কোথা থেকে স্নাতকোত্তর বা পিএইচডি সম্পন্ন করেছেন এবং বর্তমানে কোন দেশের কোন বিশ্ববিদ্যালয়ে কর্মরত আছেন। ফলে বিদেশে উচ্চশিক্ষা, স্কলারশিপ ও সম্ভাব্য বিশ্ববিদ্যালয় সম্পর্কে প্রাথমিক ধারণা পাওয়ার সুযোগ সৃষ্টি হবে।
শিক্ষার্থীরা তাদের পছন্দের গবেষণার বিষয় অনুযায়ী রুয়েটের সংশ্লিষ্ট শিক্ষকদের খুঁজে দেখতে সক্ষম হবেন। নির্দিষ্ট বিষয়ে গবেষণা করতে আগ্রহী শিক্ষার্থীরা ওই বিষয়ে কাজ করা শিক্ষকদের সম্পর্কে তথ্য সংগ্রহ করতে পারবেন। এতে গবেষণার বিষয় নির্বাচন, সংশ্লিষ্ট শিক্ষকের গবেষণাক্ষেত্র সম্পর্কে ধারণা নেওয়া এবং সম্ভাব্য গবেষণা তত্ত্বাবধায়ক খুঁজে পাওয়ার প্রক্রিয়াও সহজতর হবে বলে দাবি করেছেন উদ্যোক্তা শিক্ষার্থী আজহার আলী।
প্ল্যাটফর্মটির আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো শিক্ষক রিভিউ। অনেক সময় শিক্ষার্থীরা সরাসরি শিক্ষকদের কাছে পাঠদান পদ্ধতি নিয়ে নিজেদের অভিজ্ঞতা বা পরামর্শ জানাতে সংকোচ বোধ করেন। এই ক্ষেত্রে, প্ল্যাটফর্মটি তাদের মতামত জানানোর বিকল্প মাধ্যম হিসেবে কাজ করতে পারে। শিক্ষার্থীরা শিক্ষকদের পাঠদানের ইতিবাচক দিক তুলে ধরে প্রশংসা করার পাশাপাশি গঠনমূলক মতামতের মাধ্যমে উন্নতির ক্ষেত্রগুলোও চিহ্নিত করতে পারবেন।
উদ্যোক্তার মতে, এ ধরনের অভিজ্ঞতা বিনিময় শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক বোঝাপড়া বাড়াতে সহায়তা করতে পারে। শিক্ষার্থীদের গঠনমূলক মতামত শিক্ষকদের পাঠদান পদ্ধতি পর্যালোচনা ও উন্নয়নের সুযোগ সৃষ্টি করতে পারে। তার মূল লক্ষ্য শুধুমাত্র শিক্ষকদের মূল্যায়ন করা নয়; বরং তাদের উচ্চশিক্ষা, গবেষণা ও অর্জন সম্পর্কে প্রয়োজনীয় তথ্য একত্রিত করে শিক্ষার্থীদের উপকৃত করা এবং বিশ্ববিদ্যালয়ের একাডেমিক পরিবেশে ইতিবাচক ভূমিকা রাখা।
পরিচয় প্রকাশ না করে রিভিউ দেওয়ার ব্যবস্থা প্ল্যাটফর্মটিতে রয়েছে। রিভিউদাতার নামের পরিবর্তে ওয়েবসাইটে ‘এনোনিমাস স্টুডেন্ট’ প্রদর্শিত হয়। উদ্যোক্তার দেওয়া তথ্য অনুযায়ী, ব্যবহারকারীর গোপনীয়তা নিশ্চিত করার জন্য পরিচয় গোপন রেখে মতামত প্রকাশের ব্যবস্থা তৈরি করা হয়েছে। এই ক্ষেত্রে আর্গন২আইডি ও ইউজার-সেন্ট্রিক সিক্রেট প্রাভেসি মেকানিজম নিয়ে কাজ করা হয়েছে, যেখানে আজহার আলী তার বন্ধুর কারিগরি সহায়তা পেয়েছেন।
এ বিষয়ে প্ল্যাটফর্মের উদ্যোক্তা ও রুয়েট শিক্ষার্থী মো. আজহার আলী বলেন, "রুয়েটের শিক্ষকদের উচ্চশিক্ষা, গবেষণা ও অর্জন সম্পর্কে তথ্য এক জায়গায় এনে শিক্ষার্থীদের জন্য সহজলভ্য করাই আমার মূল লক্ষ্য ছিল। এর মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের আগ্রহের গবেষণাক্ষেত্র অনুযায়ী শিক্ষক খুঁজে পাবেন এবং বিদেশে উচ্চশিক্ষার সুযোগ সম্পর্কেও ধারণা পাবেন। পাশাপাশি শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে গঠনমূলক মতামত বিনিময়ের মাধ্যমে পাঠদানের মান উন্নয়নেও প্ল্যাটফর্মটি ভূমিকা রাখতে পারে।"
প্রজেক্টটির ডকুমেন্টেশন ও ডেটাবেসের কাঠামো সম্পর্কে জানার জন্য গিটহাবে একটি প্রকাশ্য রিপোজিটরি রাখা হয়েছে। তবে এটি পূর্ণাঙ্গ ওপেন-সোর্স প্রকল্প নয়; গুরুত্বপূর্ণ কিছু কারিগরি বাস্তবায়ন প্রকাশ করা হয়নি।
উল্লেখ্য, ‘রুয়েট ফ্যাকাল্টি রিভিউ’ রুয়েট প্রশাসনের আনুষ্ঠানিক বা অনুমোদিত কোনো প্ল্যাটফর্ম নয়। এটি বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীর উদ্যোগে তৈরি একটি স্বতন্ত্র ডিজিটাল প্রকল্প। শিক্ষকদের উচ্চশিক্ষা, গবেষণা ও অর্জনের তথ্য সহজলভ্য করা এবং পাঠদান নিয়ে শিক্ষার্থীদের অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক পরিবেশে ইতিবাচক ভূমিকা রাখাই এর উদ্দেশ্য।
প্ল্যাটফর্মটি ব্যবহার করা যাবে ‘রুয়েট ফ্যাকাল্টি রিভিউ’ এর ওয়েবসাইটে (https://www.ruetfacultyreview.site)। প্রকল্পের প্রকাশ্য ডকুমেন্টেশন ও ডেটাবেসের কাঠামো দেখা যাবে ‘গিটহাব রিপোজিটরিতে’ (https://github.com/Ajhar146/ruet-faculty-review-public.git)।
তালাশ বিডি/মিডিয়া লিঃ