বৃহস্পতিবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
১০:৪৫ এম
আইফোনের স্টোরেজের সমস্যা বর্তমানে একটি সাধারণ সমস্যা হিসেবে দেখা দিচ্ছে। একাধিক শক্তিশালী ফিচারের কারণে ফোনে ছবি ও ভিডিওর পরিমাণ দ্রুত বৃদ্ধি পাচ্ছে। আইফোনের অধিকাংশ স্টোরেজ ছবি ও ভিডিও দখল করে নেওয়ার ফলে স্টোরেজের চাহিদা ক্রমাগত বেড়ে চলেছে। এর ফলে অন্যান্য অ্যাপ বা প্রয়োজনীয় ফাইল সংরক্ষণ করা বেশ জটিল হয়ে পড়েছে। অনেক ব্যবহারকারী ফোনের স্টোরেজ খালি করার জন্য প্রিয় ছবি ও ভিডিও মুছে ফেলতে বাধ্য হচ্ছেন। তবে কিছু কৌশল জানা থাকলে আপনার পছন্দের ছবিগুলো ডিলিট না করেও স্টোরেজ ম্যানেজ করা সম্ভব।
১. স্টোরেজ খালি করার আগে আপনার আইফোনে কোন অ্যাপ বা ফাইল সবচেয়ে বেশি জায়গা দখল করে রয়েছে, তা যাচাই করা জরুরি। এর জন্য সেটিংস খুলে জেনারেলে গিয়ে আইফোন স্টোরেজে ট্যাপ করুন এবং দেখুন কোন অ্যাপ, ছবি, ভিডিও বা অন্যান্য ডেটা কতটা জায়গা নিচ্ছে।
২. ছবি মুছে ফেলতে না চাইলে আইফোনের স্টোরেজ বাঁচানোর একটি কার্যকর উপায় হলো আইক্লাউড ফটোস ব্যবহার করা। এতে আসল, পূর্ণ রেজ্যুলশনের ছবি ও ভিডিও আইক্লাউডে সংরক্ষিত থাকবে এবং আইফোনে প্রয়োজন অনুযায়ী কম জায়গা নেওয়া সংস্করণ রাখা যাবে।
৩. ডুপ্লিকেট ছবি মুছে জায়গা বাঁচানো সম্ভব। সোশ্যাল মিডিয়া থেকে ডাউনলোড, এয়ারড্রপ অথবা একাধিকবার ছবি সেভ করার কারণে আইফোনে একই ছবি বা ভিডিওর একাধিক কপি জমা হতে পারে। আইফোনের ফটোস অ্যাপ নিজেই এই ধরনের ডুপ্লিকেট ছবি ও ভিডিও শনাক্ত করতে সক্ষম।
৪. অনেক সময় এমন অ্যাপ আইফোনে ইনস্টল করা থাকে যা মাসের পর মাস ব্যবহার করা হয় না। সেই অ্যাপগুলো পুরোপুরি ডিলিট না করেও জায়গা খালি করা সম্ভব। অফলোড অ্যাপ ফিচার ব্যবহার করলে অ্যাপটি সরিয়ে দেওয়া হয়, তবে এর গুরুত্বপূর্ণ ডকুমেন্ট ও ডেটা সংরক্ষিত থাকে। হোম স্ক্রিনে অ্যাপের আইকন থেকে যায় এবং পরে প্রয়োজন হলে সেটিতে ট্যাপ করে অ্যাপটি আবার ইনস্টল করা যায়। কোন অ্যাপ কতটা জায়গা নিচ্ছে তা দেখতে যান— সেটিংস > জেনারেল > আইফোন স্টোরেজে।
৫. যদি আপনার ফটো লাইব্রেরি বড় হয়ে যায় এবং আইক্লাউডের অতিরিক্ত স্টোরেজের জন্য টাকা খরচ করতে না চান, তাহলে ছবি ও ভিডিও কম্পিউটার বা এক্সটার্নাল হার্ডডিস্কে সরিয়ে রাখতে পারেন। আইফোনকে ম্যাক বা উইন্ডোজ কম্পিউটারের সঙ্গে সংযোগ করে প্রয়োজনীয় ছবি ও ভিডিও কপি করে রাখুন। নিশ্চিত হওয়ার পর ফোন থেকে সেই ফাইলগুলো সরিয়ে ফেললে উল্লেখযোগ্য পরিমাণ স্টোরেজ খালি হতে পারে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
লিওনেল মেসির আগমনের পর শিরোপা জেতা শুরু হয় ইন্টার মিয়ামির। তিন বছরে তাদের শোকেসে উঠল চতুর্থ ট্রফি। ক্লাবটির জার্সিতে আর্জেন্টাইন মহাতারকার ১০০তম গোলের দিনে মায়ামি ২-০ ব্যবধানে ক্রুজ আজুলকে হারিয়েছে। মেক্সিকোর লিগা এমএক্স-জয়ী ক্লাবটিকে হারিয়ে আমেরিকার মেজর লিগ সকারজয়ী (এমএলএস) মিয়ামি জিতল ক্যাম্পেওনেস কাপ।
যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর দুই লিগজয়ীদের এই ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে ইন্টার মিয়ামির ঘরের মাঠ নু স্টেডিয়ামে। যেখানে তারা পজেশনে কিছুটা এগিয়ে থাকলেও, আক্রমণে স্বাগতিকদের তটস্থ রেখেছিল ক্রুজ আজুল। তবে তাদের ফিনিশিং ব্যর্থতার বিপরীতে মেসি ও ক্যাসেমিরোর একটি করে গোলের সুবাদে ইন্টার মিয়ামি জিতেছে।
ম্যাচের ২৪তম মিনিটে লুইস সুয়ারেজের ক্রস থেকে হেডে গোল করেন মেসি। ইন্টার মিয়ামির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ১১৫ ম্যাচে এটি ছিল তার ১০০তম গোল। কাকতালীয়ভাবে মায়ামিতে যোগ দেওয়ার পর মেসির প্রথম গোলও এসেছিল এই ক্রুজ আজুলের বিপক্ষেই। ২০২৩ সালের জুলাইয়ে ক্লাবটির অভিষেক ম্যাচে যোগ করা সময়ে ফ্রি-কিক থেকে গোল করে মেক্সিকান দলটিকে ২-১ ব্যবধানে হারিয়েছিলেন তিনি।
এদিকে, ক্যাম্পেওনেস কাপের ম্যাচে ৮১তম মিনিটে মেসির নেওয়া কর্নার থেকে হেড করে মিয়ামির ব্যবধান ২-০ করেন ক্যাসেমিরো। ব্রাজিলিয়ান এই মিডফিল্ডারের শেষ পাঁচ ম্যাচে এটি চতুর্থ গোল। তার চারটি গোলই এসেছে হেডে। এর আগে সিএফ মন্ট্রিয়েল, আটলান্টা ইউনাইটেড ও শিকাগোর বিপক্ষে টানা তিন ম্যাচে গোল করেছিলেন তিনি। তবে শনিবার ন্যাশভিলের বিপক্ষে ম্যাচে গোল পাননি।
মেসির ইন্টার মিয়ামিতে যোগ দেওয়ার তিন বছর পর ক্লাবটি আরও একটি ট্রফি জিতল। ২০২৩ সালে লিগস কাপ জেতার পর ২০২৪ সালে সাপোর্টার্স শিল্ড এবং ২০২৫ সালে এমএলএস কাপ জিতেছিল মিয়ামি। এবার সেই ট্রফির তালিকায় যুক্ত হলো ক্যাম্পেওনেস কাপ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
চাঁদপুরের মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাপে কাটা রোগীদের ভ্যাকসিন অ্যান্টিভেনম কেনার টাকা আত্মসাতের ঘটনায় চট্টগ্রাম বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী ১০ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য চট্টগ্রাম বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. শেখ ফজলে রাব্বি স্বাক্ষরিত চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
অভিযুক্ত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মাহবুবুর রহমান বদলি হয়ে যাওয়ার ৬ মাস পর এ মাসের ১ তারিখ লক্ষ্মীপুরের কমলনগর সোনালী ব্যাংক শাখা থেকে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ছেংগারচর বাজার শাখার অ্যাকাউন্টে ১ লক্ষ ৮৩ হাজার টাকা জমা দেওয়া হয়।
তদন্ত কমিটির সভাপতি করা হয়েছে ২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাহবুবুর রহমানকে। এছাড়াও চাঁদপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ রফিকুল ইসলাম ফয়সালকে সদস্য সচিব ও ২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. নাজমুল হাসানকে সদস্য করে এ তদন্ত কমিটি গঠন করা হয়।
মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, এ উপজেলায় সাপে কাটা ২ শতাধিক রোগী প্রতিবছর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসেন। কিন্তু সাপে কাটা রোগীদের ভ্যাকসিন অ্যান্টিভেনমের চাহিদার তুলনায় সরকারি বরাদ্দ খুবই সামান্য।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মতিউর রহমান চৌধুরী বলেন, সাপে কাটা রোগীদের জীবন রক্ষাকারী অ্যান্টিভেনমের জন্য উপজেলা প্রশাসনের বরাদ্দকৃত সেই ৩ লক্ষ টাকা একজন চিকিৎসকের আত্মসাত করার বিষয়টি খুবই ন্যক্কারজনক। দুর্নীতিগ্রস্ত এই চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত।
তদন্ত কমিটির সভাপতি ডা. মাহবুবুর রহমান জানান, বিষয়টি যেহেতু তদন্তাধীন, সে কারণে এ বিষয়ে আমি আগাম কিছু বলতে চাচ্ছি না।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রাজন কুমার দাশ বলেন, ঘটনাটি আমাদের জন্য বিব্রতকর ও লজ্জাজনক।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
দেশের বাজারে কয়েক দফা কমার পর বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে সবশেষ ১ হাজার ৫০ টাকা বাড়িয়েছে। এতে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের সভায় সর্বসম্মতিক্রমে নতুন দাম নির্ধারণ করা হয়। সেদিন সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে। আজ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) নির্ধারিত ওই দামেই বিক্রি হবে স্বর্ণ।
নতুন দাম অনুযায়ী, প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের হলমার্ক করা স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ২২ হাজার ৪৯০ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি ভরির দাম ১ লাখ ৯১ হাজার ৫৬ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের প্রতি ভরির দাম ১ লাখ ৫৬ হাজার ৬৪ টাকা।
এর আগে গতকাল শুক্রবার (১১ সেপ্টেম্বর) সবশেষ স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সেদিন ভালো মানের প্রতি ভরি স্বর্ণে ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে ২ লাখ ৩১ হাজার ৮৮০ টাকা নির্ধারণ করা হয়।
বাজুস জানিয়েছে, তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।
বাজুস জানিয়েছে, অলংকারের ডিজাইন অনুযায়ী, মজুরি প্রযোজ্য হবে। তবে স্বর্ণ ও রুপার অলংকারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে বাজুস নির্ধারিত এই বিক্রয়মূল্য কার্যকর থাকবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মাদক শনাক্তকরণ ‘ডোপ টেস্ট’ করার খবর শুনে গা ঢাকা দিয়েছেন চাঁদপুর নতুন বাজার পুলিশ ফাঁড়ির এসআই মামুন উর রশিদ।
ডোপ টেস্টের কথা জানতে পেরে গত মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) তিনি ফাঁড়ি থেকে চলে যান বলে জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নতুন বাজার পুলিশ ফাঁড়িতে কর্মরত ১৮ জন সদস্যের মধ্যে এসআই মামুন উর রশিদের আচরণ নিয়ে সন্দেহ তৈরি হয়। এমনকি তিনি নিয়মিত মাদক সেবন করতেন বলেও অভিযোগ রয়েছে। বিষয়টি নিশ্চিত হতে তাকে ডোপ টেস্ট করানোর উদ্যোগ নেওয়া হয়।
এদিকে ডোপ টেস্টের খবর শুনে তার গা ঢাকা দেওয়ার বিষয়টি জানতে পেরে চাঁদপুরের পুলিশ সুপারের নির্দেশে তাকে খুঁজে বের করে ফাঁড়িতে নিয়ে আসার জন্য পুলিশ সদস্যরা তার বাসায় যান। তবে সেখানে গিয়েও তাকে পাওয়া যায়নি।
নতুন বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মোহাম্মদ জহিরুল ইসলাম জানান, মঙ্গলবার এবং বুধবার দুদিনই তার বাসায় পুলিশ সদস্য পাঠানো হয়েছে। কিন্তু তাকে বাসায় পাওয়া যায়নি। এমনকি তার ব্যবহৃত মোবাইল ফোন নম্বরটিও মঙ্গলবার থেকে বন্ধ রয়েছে।
পুলিশ ফাঁড়ি জানায়, ফাঁড়িতে কর্মরত সদস্যদের মধ্যে যাদের আচরণ সন্দেহজনক মনে হবে, তাদের পর্যায়ক্রমে ডোপ টেস্টের আওতায় আনা হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ