ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

ঈদে মিলাদুন্নবীর ছুটি পাবেন না যারা


ঈদে মিলাদুন্নবীর ছুটি পাবেন না যারা

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বুধবার (২৬ আগস্ট) সাধারণ সরকারি ছুটি থাকবে। সরকারি, আধা-সরকারি এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা এই দিন ছুটি ভোগ করবেন। তবে জরুরি সেবা সচল রাখার জন্য কিছু প্রতিষ্ঠান ও কর্মী এই ছুটির আওতার বাইরে থাকবেন।

সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সাধারণ ছুটি নির্ধারিত রয়েছে। এই ছুটির পরদিন বৃহস্পতিবার এক দিনের ছুটি নিলে, শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলিয়ে টানা চার দিনের অবকাশ পাওয়ার সুযোগ রয়েছে।

তবে জনসেবা এবং জরুরি কার্যক্রম সচল রাখতে কিছু প্রতিষ্ঠানের কর্মীদের ছুটির দিনেও দায়িত্ব পালন করতে হবে। এর মধ্যে বিদ্যুৎ, পানি, গ্যাস, ফায়ার সার্ভিস, টেলিফোন, ইন্টারনেট এবং ডাকসেবার সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো অন্তর্ভুক্ত রয়েছে।

আরও পড়ুন: ভোটার এলাকা পরিবর্তনের আবেদন সময়সীমা ১ নভেম্বর পর্যন্ত বাড়াল ইসি

এছাড়া হাসপাতাল ও চিকিৎসাসেবার সঙ্গে যুক্ত প্রতিষ্ঠান ও কর্মীরাও এই ছুটির আওতার বাইরে থাকবেন। জরুরি চিকিৎসাসেবা অব্যাহত রাখতে সংশ্লিষ্ট কর্মীদের দায়িত্ব পালন করতে হবে।

ওষুধ এবং চিকিৎসা সরঞ্জাম পরিবহন, জরুরি যানবাহন এবং জরুরি দায়িত্বে নিয়োজিত কর্মীদের ক্ষেত্রেও ঈদে মিলাদুন্নবীর সরকারি ছুটি প্রযোজ্য হবে না।

এর আগে, ১৩ আগস্ট ইসলামিক ফাউন্ডেশনের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, ১৪৪৮ হিজরি সালের পবিত্র রবিউল আউয়াল মাসের হিসাব অনুযায়ী আগামী ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সরকারি সাধারণ ছুটি থাকবে। সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মীরা এ ছুটি ভোগ করবেন।

এদিকে, ব্যাংক খোলা বা বন্ধ রাখার বিষয়ে পৃথক সিদ্ধান্ত দেবে বাংলাদেশ ব্যাংক। অন্যদিকে, আদালত খোলা থাকবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সুপ্রিম কোর্ট।

আরও পড়ুন: গার্মেন্টস শিল্পে এক সপ্তাহের মধ্যে মজুরি বোর্ড গেজেট প্রকাশের ঘোষণা শ্রমমন্ত্রীর

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হঠাৎ দিল্লিতে জারি রেড অ্যালার্ট

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ ইং

১২:৪১ পি.এম


হঠাৎ দিল্লিতে জারি রেড অ্যালার্ট

ভারতের রাজধানী দিল্লি টানা ভারী বৃষ্টির কারণে বিপর্যস্ত হয়ে পড়েছে। সোমবারের (২৪ আগস্ট) পর মঙ্গলবারেও (২৫ আগস্ট) বৃষ্টি অব্যাহত রয়েছে। ভারতের আবহাওয়া অধিদপ্তর (আইএমডি) সতর্ক করেছে যে, সময়ের সাথে সাথে বৃষ্টির তীব্রতা আরও বাড়তে পারে। এই পরিস্থিতিতে বজ্রপাত, বজ্রঝড় ও দমকা বাতাসসহ ভারী বৃষ্টির আশঙ্কায় দিল্লিতে রেড অ্যালার্ট জারি করা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির রিপোর্ট অনুযায়ী, সোমবারের ভারী বৃষ্টির ফলে রাজধানীর বিভিন্ন সড়ক পানিতে ডুবে যায়। কোথাও কোথাও কোমরসমান পানি জমে যাওয়ার কারণে যান চলাচল ধীর হয়ে পড়ে। এর ফলে দিল্লির জনজীবন কার্যত অচল হয়ে পড়ে।

মঙ্গলবার সকালে আইএমডির সর্বশেষ পূর্বাভাসে জানানো হয়েছে, পরবর্তী দুই থেকে তিন ঘণ্টায় দিল্লির বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাজধানীর অনেক এলাকায় বজ্রঝড়, বজ্রপাত এবং ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা বাতাসসহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টিও হতে পারে।

সেন্ট্রাল দিল্লি, ইস্ট দিল্লি, নিউ দিল্লি, নর্থ দিল্লি, নর্থ ইস্ট দিল্লি, নর্থ ওয়েস্ট দিল্লি, শাহদারা, সাউথ দিল্লি, সাউথ ইস্ট দিল্লি, সাউথ ওয়েস্ট দিল্লি ও ওয়েস্ট দিল্লি সহ বেশ কয়েকটি এলাকায় এই সতর্কতা জারি করা হয়েছে।

দিল্লি বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বৈরী আবহাওয়ার পূর্বাভাস থাকা সত্ত্বেও বর্তমানে বিমান চলাচল স্বাভাবিক রয়েছে। তবে সোমবারের খারাপ আবহাওয়ার কারণে দিল্লি বিমানবন্দর থেকে ১৫টি ফ্লাইট অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। এর মধ্যে তিনটি ছিল আন্তর্জাতিক ফ্লাইট। এসব ফ্লাইটের ১২টি জয়পুর, দুটি চণ্ডীগড় এবং একটি লখনৌ বিমানবন্দরে পাঠানো হয়।

আইএমডির বিজ্ঞানী ড. শশী কান্ত জানিয়েছেন, দিল্লিতে তীব্র বৃষ্টির পেছনে দুটি ভিন্ন ধরনের বায়ুর মিথস্ক্রিয়া রয়েছে। একদিকে উত্তর দিক থেকে শুষ্ক বাতাস ঢুকছে দিল্লিতে। অন্যদিকে পশ্চিমবঙ্গের কাছে তৈরি হওয়া একটি নিম্নচাপের প্রভাবে বঙ্গোপসাগর থেকে জলীয়বাষ্পযুক্ত পূর্ব দিকের বাতাস প্রবাহিত হচ্ছে দিল্লির দিকে।

এই দুই ধরনের বায়ুর মিথস্ক্রিয়ার ফলেই দিল্লিতে বজ্রঝড়ের সঙ্গে তীব্র বৃষ্টিপাত হচ্ছে বলে তিনি উল্লেখ করেছেন।

এদিকে, দিল্লির পাশের শহর গুরগাঁওয়েও সোমবার মাত্র এক ঘণ্টার বৃষ্টিতে ব্যাপক জলাবদ্ধতা দেখা দিয়েছে। রাজীব চক, ইফকো চক, রেলওয়ে রোড, সেক্টর-৫, ওল্ড দিল্লি রোড, মেহরৌলি রোড ও বাসাই রোডসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন এলাকা পানিতে ডুবে যায়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা গেছে, পানিতে ডুবে থাকা সড়কে স্কুলবাস আটকে রয়েছে। অনেক গাড়িচালককে রাস্তায় নেমে নিজেদের গাড়ি ঠেলে নিয়ে যেতে দেখা যায়।

বৃষ্টিজনিত দুর্ভোগের কারণে গুরগাঁও প্রশাসন অফিসগুলোকে কর্মীদের বাড়ি থেকে কাজের সুযোগ দিতে এবং স্কুলগুলোকে অনলাইনে ক্লাস নেওয়ার নির্দেশ দিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুদ্ধের ছয় মাস: হরমুজের কাছে ৬৮ ঘটনায় ২০ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ ইং

১২:৪৪ পি.এম


যুদ্ধের ছয় মাস: হরমুজের কাছে ৬৮ ঘটনায় ২০ জন নিহত

ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের মধ্যে চলমান ছয় মাসের যুদ্ধে হরমুজ প্রণালী প্রধান সংঘাতস্থলে পরিণত হয়েছে। এই গুরুত্বপূর্ণ রুটে, যা তেল ও গ্যাস পরিবহনের জন্য অপরিহার্য, বহু বাণিজ্যিক জাহাজ হামলার শিকার হয়েছে।

আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা (আইএমও) জানায়, উপসাগর এবং এর আশপাশের জলসীমায় মোট ৬৮টি ঘটনা ঘটেছে।

লন্ডন থেকে বার্তা সংস্থা এএফপি এই তথ্য প্রকাশ করেছে।

জাতিসংঘের সামুদ্রিক সংস্থাটি জানায়, এসব ঘটনায় অন্তত ২০ জন নাবিক বা বন্দরকর্মী নিহত হয়েছেন, ৩৫ জন আহত এবং একজন নিখোঁজ রয়েছেন।

ঘটনাগুলোর প্রায় অর্ধেক তেলবাহী ট্যাংকারে ঘটেছে। কনটেইনারবাহী জাহাজের ঘটনায় ২০ শতাংশ এবং বাল্ক ক্যারিয়ারে ১৫ শতাংশ ঘটনা ঘটেছে।

যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) ৪৭টি ঘটনার মধ্যে হামলা হিসেবে তালিকাভুক্ত করেছে।

লাইবেরিয়ার পতাকাবাহী জাহাজ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, যেখানে ১৩টি হামলা হয়েছে। পানামা ও মার্শাল দ্বীপপুঞ্জের পতাকাবাহী ১০টি করে জাহাজও হামলার শিকার হয়েছে।

ইরানের পতাকাবাহী জাহাজে চারটি হামলা হয়েছে।

যুদ্ধের বিভিন্ন পর্যায়ে এসব ঘটনার হার পরিবর্তিত হয়েছে। ফেব্রুয়ারির শেষ দিকে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে জুনের মাঝামাঝি সময়ে শান্তি আলোচনা শুরুর কাঠামো নিয়ে একটি চুক্তি হওয়া পর্যন্ত গড়ে প্রতি ২ দশমিক ৩ দিনে একটি ঘটনা ঘটেছে।

এই সময়ে ১৬ জন নিহত এবং ১৯ জন আহত হয়েছেন। উপসাগরজুড়ে এসব ঘটনা ঘটেছে, যার মধ্যে হরমুজের পূর্ব ও পশ্চিমাঞ্চল এবং ইরাক, ইরান, কাতার, সৌদি আরব, ওমান ও সংযুক্ত আরব আমিরাতের উপকূলও অন্তর্ভুক্ত ছিল।

শান্তি আলোচনা চলাকালীন, প্রায় ৭ জুলাই পর্যন্ত, ঘটনার হার অর্ধেকে নেমে আসে। তখন গড়ে প্রতি ৪ দশমিক ৬ দিনে একটি ঘটনা ঘটেছে।

এই সময়ে কোনো নাবিক বা অন্য কর্মী নিহত, নিখোঁজ বা আহত হওয়ার খবর পাওয়া যায়নি।

এই সময়ের পাঁচটি ঘটনার মধ্যে চারটি প্রণালীর সবচেয়ে সংকীর্ণ অংশের কাছে ওমানের উপকূলের কাছে ঘটেছে। এই পথ ব্যবহারের অনুমতি ইরানি কর্তৃপক্ষ দেয়নি।

যুদ্ধের পরও হরমুজের নিয়ন্ত্রণ ধরে রেখে জাহাজ চলাচলের জন্য ফি আদায়ের আশা করছে ইরান। দেশটি বিকল্প এই পথ ব্যবহার না করতে জাহাজগুলোকে সতর্ক করেছে।

আলোচনা ভেঙে যাওয়ার পর ঘটনার হার আবার আলোচনার আগের পর্যায়ের কাছাকাছি পৌঁছেছে। গড়ে প্রতি ২ দশমিক ৮ দিনে একটি ঘটনা ঘটছে।

এর ফলে চারজন নাবিক বা কর্মী নিহত, ১৬ জন আহত এবং একজন নিখোঁজ হয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চলতি অর্থবছরেই দেশের সব স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ ইং

১২:৪৮ পি.এম


চলতি অর্থবছরেই দেশের সব স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছেন, চলতি অর্থবছরের মধ্যে দেশের পাঁচ ধরনের স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে।

তিনি উল্লেখ করেন, এসব নির্বাচনের জন্য বাজেটে ৬ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।

আজ মঙ্গলবার সকালে সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান এবং প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সঙ্গে ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মোলার সাক্ষাৎ করেন। পরে সাংবাদিকদের সঙ্গে বৈঠকে আলোচনার বিষয় তুলে ধরেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

স্থানীয় সরকার নির্বাচন সম্পর্কে প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর অনুমতি সাপেক্ষে আগামী সপ্তাহে স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে আলোচনা করার জন্য নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, নির্বাচনের তফসিল ও তারিখ নির্বাচন কমিশন নির্ধারণ করবে। ইসির সঙ্গে আলোচনা শেষে মন্ত্রণালয় স্থানীয় সরকার নির্বাচন নিয়ে একটি ব্রিফিং করবে।

বৈঠকে মূল আলোচনার বিষয় হিসেবে পানি সরবরাহে ডেনমার্কের সহায়তার কথাও তুলে ধরেন প্রতিমন্ত্রী।

তিনি জানান, রাজধানীতে পানি সরবরাহ ব্যবস্থাপনায় সহযোগিতা প্রদান করবে ডেনমার্ক। সায়েদাবাদ পানি শোধনাগার প্রকল্পের তৃতীয় ফেজের কাজ সম্পন্ন করতে ডেনমার্ক সহায়তা করবে। এই ধাপে ১৬ হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত এই পানি শোধনাগারে সাড়ে ৪ হাজার কোটি টাকা সহায়তা করবে দেশটি। এর মধ্যে দেড় হাজার কোটি টাকা অনুদান হিসেবে থাকবে। বাকি ৩ হাজার কোটি টাকা আগামী ২০ বছরে ধাপে ধাপে পরিশোধ করবে সরকার, যাতে সরকারের ওপর চাপ পড়বে না।

এ প্রকল্প বাস্তবায়িত হলে মেঘনা নদী থেকে ৯৫ কোটি লিটার পানি শোধন সম্ভব হবে। এছাড়া রোহিঙ্গাদের সহায়তায় ১০০ কোটি টাকা দেবে ডেনমার্ক।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে ২৫ কোটি ৪০ লাখ টাকা দিল কাফকো

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ ইং

১২:৫২ পি.এম


শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে ২৫ কোটি ৪০ লাখ টাকা দিল কাফকো

কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের তহবিলে ২৫ কোটি ৪০ লাখ ৭২ হাজার টাকা জমা করেছে।

শ্রমিক কল্যাণে নিজেদের প্রতিশ্রুতির অংশ হিসেবে এই অর্থ জমা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কাফকো।

বাণিজ্য মন্ত্রণালয়ের মন্ত্রীর দপ্তরে, শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীর কাছে এ অর্থের চেক হস্তান্তর করেন।

এই অনুষ্ঠানে শিল্প মন্ত্রণালয়ের সচিব এবং কাফকোর চেয়ারম্যান মো. আব্দুন নাসের খান, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের মহাপরিচালক মোহাম্মদ কুদ্দুছ আলী সরকার, কাফকোর চিফ কর্পোরেট অফিসার সাইদুর রহমানসহ অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ শ্রম আইনের অধীনে, স্থানীয় এবং বহুজাতিক প্রতিষ্ঠানগুলো বছরে তাদের মুনাফার ৫ শতাংশের এক-দশমাংশ শ্রমিক কল্যাণ তহবিলে জমা দেয়। কাফকো যাত্রার শুরু থেকেই একটি দায়িত্বশীল প্রতিষ্ঠান হিসেবে শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের তহবিলে নিয়মিতভাবে অর্থ জমা দিয়ে আসছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%