ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

বেরোবিতে ১০ম নবীন বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন অর্থনীতি বিভাগ


বেরোবিতে ১০ম নবীন বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন অর্থনীতি বিভাগ

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে (বেরোবি) অনুষ্ঠিত ১০ম নবীন বিতর্ক উৎসব-২০২৬-এ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে অর্থনীতি বিভাগের বিতর্ক দল ‘রয়্যাল ইকোনোমিকস’। প্রতিযোগিতায় রানার্স-আপ হয়েছে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের বিতর্ক দল ‘ম্যানেজমেন্ট–কাউন্টার পয়েন্ট’।

বেগম রোকেয়া ইউনিভার্সিটি ডিবেট অ্যাসোসিয়েশন (ব্রুডা) আয়োজিত এ বিতর্ক উৎসবে বিশ্ববিদ্যালয়ের নবীন বিতার্কিকেরা অংশগ্রহণ করেন। যুক্তি, বিশ্লেষণ ও বাগ্মিতার মধ্য দিয়ে নিজেদের দক্ষতা তুলে ধরেন প্রতিযোগীরা।

চ্যাম্পিয়ন দল রয়্যাল ইকোনোমিকসের হয়ে বিতর্কে অংশগ্রহণ করেন অর্থনীতি বিভাগের এনামুল হক শাওন, মুমিনুল ইসলাম বিশাল ও জারিন শাইমা। অন্যদিকে রানার্স-আপ দল ম্যানেজমেন্ট–কাউন্টার পয়েন্টের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন মোর্তজা মোর্শেদ বাপ্পি, বুসরাত জাহান বন্নী ও মো. সাখাওয়াত হোসেন চৌধুরী।

আরও পড়ুন: উখিয়ায় ১৫ ঘণ্টা পরও জ্বলছে গ্যাসের আগুন, ১৫ কিলোমিটার এলাকায় বিদ্যুৎ বন্ধ

প্রতিযোগিতায় দলীয় অর্জনের পাশাপাশি ব্যক্তিগত নৈপুণ্যের স্বীকৃতিও পেয়েছেন নবীন বিতার্কিকেরা। ট্যাব রাউন্ডে যৌথভাবে ‘ডিবেটার অব দ্য টুর্নামেন্ট’ নির্বাচিত হয়েছেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের মোছা. ঐশী আহমেদ এবং অর্থনীতি বিভাগের এনামুল হক শাওন।

এ ছাড়া ফাইনাল রাউন্ডে অসাধারণ বিতর্ক নৈপুণ্যের স্বীকৃতিস্বরূপ ‘ডিবেটার অব দ্য ফাইনাল’ নির্বাচিত হয়েছেন চ্যাম্পিয়ন দলের সদস্য এনামুল হক শাওন। এর মধ্য দিয়ে এবারের আসরে ব্যক্তিগত দুটি সম্মাননা অর্জন করেন তিনি।

আয়োজন সম্পর্কে ব্রুডার সভাপতি সামিয়া হক ইরা বলেন, ‘বিতর্ক কেবল একটি প্রতিযোগিতা নয়; এটি শিক্ষার্থীদের যুক্তিনির্ভর চিন্তাভাবনা, বিশ্লেষণী ক্ষমতা ও নেতৃত্বের গুণাবলি বিকাশের অন্যতম মাধ্যম। নবীন শিক্ষার্থীদের মধ্যে বিতর্কচর্চার আগ্রহ সৃষ্টি এবং তাঁদের মেধা বিকাশের সুযোগ করে দিতেই আমাদের এ আয়োজন। এবারের উৎসবে অংশগ্রহণকারী বিতার্কিকদের উদ্যম ও পারফরম্যান্স আমাদের আশাবাদী করেছে।’

তিনি আরও বলেন, ‘আমরা চাই, বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগ থেকে নতুন নতুন বিতার্কিক উঠে আসুক। যুক্তি ও মুক্তচিন্তার চর্চার মাধ্যমে ব্রুডা আগামী দিনেও শিক্ষার্থীদের জন্য একটি প্রাণবন্ত প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে যাবে।’

আরও পড়ুন: তাহিরপুরে প্রবাসীর স্ত্রী ও পাঁচ লাখ টাকা নিয়ে উধাও নাজমুল, পরিবার উদ্বিগ্ন

ব্রুডার বিতার্কিক মোবাশ্বের বলেন, ‘নবীন বিতর্ক উৎসব নতুন বিতার্কিকদের জন্য নিজেদের দক্ষতা যাচাই ও অভিজ্ঞতা অর্জনের একটি গুরুত্বপূর্ণ সুযোগ। এখানে অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীরা যেমন যুক্তি উপস্থাপনের কৌশল শেখে, তেমনি ভিন্নমতকে সম্মান করা এবং আত্মবিশ্বাসের সঙ্গে নিজের অবস্থান তুলে ধরার অভ্যাস গড়ে তোলে।’

তিনি আরও বলেন, ‘এবারের প্রতিযোগিতায় নবীনদের অংশগ্রহণ ও যুক্তিনির্ভর উপস্থাপনা ছিল প্রশংসনীয়। এ ধরনের আয়োজন বিশ্ববিদ্যালয়ে সুস্থ বিতর্কচর্চাকে আরও সমৃদ্ধ করবে বলে আশা করি।’

আয়োজক সংগঠন ব্রুডা জানায়, বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীদের মধ্যে যুক্তিবোধ, সৃজনশীল চিন্তা ও বিতর্কের সংস্কৃতি ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই প্রতিবছর নবীন বিতর্ক উৎসব আয়োজন করা হয়। এবারের দশম আসরেও সেই ধারাবাহিকতায় নতুন বিতার্কিকদের নিজেদের মেধা ও দক্ষতা তুলে ধরার সুযোগ তৈরি হয়েছে।

আরও পড়ুন: সুন্দরবনে কোস্ট গার্ডের সঙ্গে ‘দাদা ভাই বাহিনী’র বন্দুকযুদ্ধে ৫ জেলে উদ্ধার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বরিশালে বিএমপির বিশেষ অভিযানে ১০ জন গ্রেফতার, ইয়াবা উদ্ধার ২৫ পিস

আন্তর্জাতিক ডেস্ক

স্টাফ রিপোর্টার, বরিশাল

সোমবার, ১২ই অক্টোবর, ২০২৬ ইং

১২:০২ পি.এম


বরিশালে বিএমপির বিশেষ অভিযানে ১০ জন গ্রেফতার, ইয়াবা উদ্ধার ২৫ পিস

বরিশাল মহানগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং অপরাধ দমনে বিশেষ অভিযান পরিচালনা করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)। গত ১১ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ তারিখে মহানগর পুলিশের চারটি থানা ও গোয়েন্দা শাখার পৃথক অভিযানে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ বিভিন্ন অভিযোগ ও মামলায় মোট ১০ জনকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) বিএমপির মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মহানগরীর বিভিন্ন স্থানে পরিচালিত এসব অভিযানে মাদকদ্রব্যসহ একজনকে গ্রেফতার করা হয়। এ ছাড়া গ্রেফতারি পরোয়ানাভুক্ত দুইজন, নিয়মিত মামলায় পাঁচজন এবং বরিশাল মহানগর অধ্যাদেশে দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

বিএমপির তথ্য অনুযায়ী, অভিযানে গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে মাদকদ্রব্যসহ একজন রয়েছেন। গ্রেফতারি পরোয়ানা, নিয়মিত মামলা ও মহানগর অধ্যাদেশের আওতায় গ্রেফতার হওয়া ব্যক্তিদের নিয়ে সর্বমোট ১০ জনকে আটক করা হয়েছে।

মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং মাদকবিরোধী কার্যক্রম জোরদারে পুলিশের এ ধরনের অভিযান পরিচালিত হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

মাদকসংক্রান্ত তথ্য দেওয়ার আহ্বান

মাদকসংক্রান্ত কোনো তথ্য থাকলে তা পুলিশকে জানানোর জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছে বিএমপি। তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে বলে জানিয়েছে সংস্থাটি।

মাদকসংক্রান্ত তথ্য জানাতে যোগাযোগের নম্বর:

☎️ ০১৩২০-০৬৪০০০
☎️ ০১৩২০-০৬৪০৪৪

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শান্ত-লিটনের নেতৃত্বে বাংলাদেশ ক্রিকেটের ধারাবাহিক সাফল্য: বিশ্বাস বাশারের

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ১২ই অক্টোবর, ২০২৬ ইং

১২:১৩ পি.এম


শান্ত-লিটনের নেতৃত্বে বাংলাদেশ ক্রিকেটের ধারাবাহিক সাফল্য: বিশ্বাস বাশারের

নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে বাংলাদেশ টেস্ট ক্রিকেটে একটি ঐতিহাসিক সময় পার করছে। লিটন দাসের অধীনে সাদা বলেও ক্রমাগত ছন্দ ফিরে পাচ্ছে টাইগাররা। প্রধান নির্বাচক হাবিবুল বাশার বাংলাদেশ দলের এই ধারাবাহিক পারফরম্যান্সের পেছনে দুই অধিনায়কের গুরুত্বপূর্ণ অবদান দেখছেন। মেহেদী হাসান মিরাজের পরিবর্তে ওয়ানডে দলের দায়িত্ব পাওয়া লিটন আগামী বছরের বিশ্বকাপের আগে দলকে গুছিয়ে নেবেন বলেও তার বিশ্বাস রয়েছে।

সাফল্যের দিক থেকে নাজমুল হোসেন শান্ত বাংলাদেশের ইতিহাসের সেরা অধিনায়ক বলে বিবেচিত। দীর্ঘ সময় ধরে লাল বলের অধিনায়কত্ব পেয়ে তিনি ক্রমাগত দলকে শক্তিশালী করে তুলছেন। শান্ত দলের সদস্যদের ভালোভাবে বোঝেন এবং সতীর্থদের মনোভাব সম্পর্কে সচেতন। নির্বাচক বাশার মনে করেন, এটাই সাফল্যের মূল রহস্য।

বাশার বলেন, "একজন ক্যাপ্টেনের সবচেয়ে বড় কাজ দলকে বোঝা। দলের শক্তি কোনটা, দুর্বলতা কোনটা। সবার মানসিকতা সমান থাকে না। সবাইকে বুঝে মোটিভেট করতে হয় ক্যাপ্টেনকে।"

তিনি আরও যোগ করেন, "শান্ত এ কাজটা খুব ভালোমতো করছে। লিটনও ভালো ক্যাপ্টেন্সি করছে। সবাই খুব আন্ডারস্ট্যান্ডেবল এবং দলকে ভালো বোঝে। এ কারণেই দলের ধারাবাহিকতা আছে।"

লিটন দাসের ফর্ম ওঠানামা করলেও দল পরিচালনায় তার ওপর ভরসা হারাচ্ছেন না বাশার। তিনি বলেন, "নাথিং স্পেশাল। নাথিং এক্সট্রা। টেস্ট ফর্ম একটু ওঠানামা করছে। তবে সে ভালো খেলোয়াড়। দলকে আগে থেকেই ভালোভাবে পরিচালনা করে আসছে, আশা করি সামনেও করবে। বিশ্বকাপের বেশি সময় নেই। এ মুহূর্তে দল গুছিয়ে নেওয়া জরুরী। সময় হাতে পাচ্ছে। আশা করি দল গুছিয়ে ভালোমতো এগোতে পারবে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাজীপুরে স্ত্রীকে কুপিয়ে-গলাকেটে হত্যার পর ৯৯৯-এ ফোন করে পুলিশ ডাকলেন স্বামী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১২ই অক্টোবর, ২০২৬ ইং

১২:১৪ পি.এম


গাজীপুরে স্ত্রীকে কুপিয়ে-গলাকেটে হত্যার পর ৯৯৯-এ ফোন করে পুলিশ ডাকলেন স্বামী

গাজীপুরে স্ত্রীকে এলোপাতাড়ি কুপিয়ে ও গলাকেটে হত্যার পর স্বামী নিজেই জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে পুলিশকে খবর দিয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করা হয়েছে।

রোববার (১১ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে শ্রীপুর উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের চিনাশুকানিয়া গ্রামের বড়চালা এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত সীমা রানী দাস (২৫) ওই গ্রামের বাসিন্দা। তার স্বামী উদ্ভব একই গ্রামের নকুল দাসের ছেলে।

স্থানীয় বাসিন্দা জহিরুল হক জানান, পুলিশ আসার পর বিষয়টি জানাজানি হয়। স্ত্রীকে এলোপাতাড়ি কুপিয়ে ও গলাকেটে হত্যার পর উদ্ভব নিজেই থানায় খবর দেন। পরে পুলিশ এসে তার স্ত্রীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করে।

তিনি আরও বলেন, নিহতের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। গলাকেটে মৃত্যু নিশ্চিত করা হয়েছে। ঘরের বিভিন্ন স্থানে রক্তের ছিটেফোঁটা দেখা গেছে। সেখানে ধস্তাধস্তি হয়েছে বলেও মনে হচ্ছে। পারিবারিক কলহের কারণে তাদের মধ্যে প্রায়ই ঝগড়াঝাঁটি হতো।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, স্ত্রীকে হত্যার পর ৯৯৯-এ ফোন করে পুলিশকে খবর দেন স্বামী। ঘটনাস্থল থেকে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করা হয়েছে।

নিহতের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে উল্লেখ করে ওসি আরও জানান, তার গলা ও মাথায়ও আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বরিশালের ঘনবসতিপূর্ণ এলাকায় মশার উপদ্রবে দিনেও মশারি টাঙিয়ে থাকতে হচ্ছে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১২ই অক্টোবর, ২০২৬ ইং

১২:১৫ পি.এম


বরিশালের ঘনবসতিপূর্ণ এলাকায় মশার উপদ্রবে দিনেও মশারি টাঙিয়ে থাকতে হচ্ছে

ভ্যাপসা গরমের মধ্যে দরজা-জানালা বন্ধ করে মশারি টাঙিয়ে দিন কাটাতে বাধ্য হচ্ছেন স্থানীয়রা। সন্ধ্যার অপেক্ষা করা তো দূরের কথা, দুপুরের তীব্র রোদেও কয়েল জ্বালিয়ে মশার কামড় থেকে মুক্তি পাওয়া যাচ্ছে না। বরিশাল মহানগরীর ১১টি ঘনবসতিপূর্ণ এলাকায় এক লাখের বেশি মানুষ মশার লাগামহীন উপদ্রবে অতিষ্ঠ হয়ে পড়েছে। এর মধ্যে সাধুর বটতলা এলাকার লাকুটিয়া খালপাড় কলোনির জনজীবন প্রায় স্থবির হয়ে পড়েছে খালে জমে থাকা দূষিত পানির কারণে।

শতাধিক পরিবারের এই কলোনিতে সরেজমিনে দেখা যায়, দীর্ঘদিন ধরে পয়ঃনিষ্কাশন ব্যবস্থার বেহাল দশার কারণে খালটি মশার প্রজননস্থলে পরিণত হয়েছে। দিনের বেলায় স্বাভাবিক কাজকর্ম করাও বাসিন্দাদের জন্য কঠিন হয়ে পড়েছে। কয়েল জ্বালিয়েও মশার উপদ্রব থেকে মুক্তি মিলছে না।

স্থানীয়দের অভিযোগ, সিটি করপোরেশনের পক্ষ থেকে মাঝে মাঝে খাল পরিষ্কার করা ও মশার ওষুধ ছিটানো হলেও মশার বিস্তার দিন দিন আরও ভয়াবহ হয়ে উঠছে। কলোনির বাসিন্দা গৃহিণী ফাতেমা বেগম বলেন, ‘দিনের বেলাতেও ঘরে টিকতে পারি না। ছোট বাচ্চাদের মশারি টাঙিয়ে পড়ার টেবিলে বসাতে হয়। কয়েল জ্বালালেও মশারা যেন আরও কামড়াতে আসে। মশার কামড়ে বাচ্চাদের গায়ে ফুসকুড়ি ও ঘা হয়েছে। আর প্রায়ই জ্বরে আক্রান্ত হচ্ছে বাচ্চারা।’

কলোনির আরেক বাসিন্দা মো. রফিকুল ইসলাম বলেন, ‘সিটি করপোরেশন থেকে মাঝেমধ্যে ওষুধ ছিটানো হলেও খালের কালো পানির দুর্গন্ধে এখানে থাকা দায়। মশার কারণে এই ময়লা পানি আরও বেশি কালো দেখায়। মাঝে মাঝে সিটি করপোরেশন থেকে ওষুধ দিয়ে যায়। কিন্তু তাতে মনে হয় মশা আরও বাড়ে।’

মশার উপদ্রব ও ডেঙ্গু আতঙ্কের কথা জানিয়ে তরুণ সায়েম বলেন, ‘সন্ধ্যার পর তো দূরের কথা, দিনের বেলাতেও ঘরে বসে থাকা যায় না। ডেঙ্গুর আতঙ্কে সবসময় তটস্থ থাকতে হয়। বাড়ির চারপাশের ঝোপঝাড় আর খালের দূষিত পানির কারণে পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে।’

মশার এমন উপদ্রবের প্রভাব পড়েছে বরিশালের স্বাস্থ্যখাতেও। বিভাগের সরকারি হাসপাতালগুলোতে ক্রমেই বাড়ছে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা। বরিশাল জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মলয় কৃষ্ণ বড়াল বলেন, ‘বর্তমানে ঘনবসতিপূর্ণ এলাকাগুলো থেকে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে আসা রোগীর সংখ্যা কয়েক গুণ বেড়েছে। হাসপাতালে আসা প্রতিটি ডেঙ্গু রোগীকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চিকিৎসাসেবা দিচ্ছি। তবে মশার বিস্তার রোধ করা না গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়বে।’

বরিশাল সিটি করপোরেশনের প্রশাসনিক কর্মকর্তা স্বপন কুমার দাসের দাবি, মহানগরীর পলাশপুর, রসুলপুর, মোহাম্মদপুর, কেডিসি কলোনি, ভাটারখাল ও লাকুটিয়া খালপাড় কলোনিসহ চিহ্নিত ১১টি ঘনবসতিপূর্ণ এলাকায় মশক নিধন কার্যক্রম চলছে। এসব এলাকায় ফগার মেশিনের মাধ্যমে নিয়মিত ওষুধ ছিটানো হচ্ছে। নগরবাসীর স্বাস্থ্য সুরক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে। কোনো এলাকা মশক নিধন কার্যক্রমের বাইরে থাকছে কি না, তা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%