০৫:২৮ পি.এম
খুলনা, ১৬ আগস্ট, ২০২৬ : সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, মৎস্য উৎপাদন দেশে আরও বৃদ্ধি পাওয়ার মাধ্যমে দেশের চাহিদা মেটানোর পাশাপাশি বিদেশে মাছ রপ্তানি করা সম্ভব। এ লক্ষ্যে নিজেদের উৎপাদন বাড়াতে হবে এবং বিদেশ থেকে পণ্য আমদানি কমাতে হবে।
তিনি বলেন, বাংলাদেশ প্রাকৃতিক সম্পদ ও সৌন্দর্যে ভরপুর। দেশের অর্থনৈতিক সম্ভাবনাকে আরও কাজে লাগাতে পানি সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা এবং খাল-বিলের উন্নয়ন প্রয়োজন।
আজ খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’-এর উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।
আরও পড়ুন: বাদীর লাশ ফেলার হুমকির পর এবার হামলা এজেআর কুরিয়ারের গাড়িতে
‘রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে এই বছরের জাতীয় মৎস্য পক্ষ উদ্যাপিত হচ্ছে। মন্ত্রী বলেন, দেশে খরা, বন্যা ও অতিবৃষ্টির মতো নানা প্রাকৃতিক প্রতিকূলতা থাকা সত্ত্বেও তা মোকাবিলা করে বিপুল পরিমাণ ফল ও ফসল উৎপাদিত হচ্ছে। এমন পরিস্থিতিতে কৃষক, কামার, কুমার, তাঁতি, জেলেসহ দেশের আপামর জনগণ একসাথে কাজ করলে সব ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করা সম্ভব।
তিনি জানান, স্বপ্ন, আশা ও আকাঙ্ক্ষা সঙ্গে নিয়ে সকলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে। সম্মিলিত প্রচেষ্টায় সমৃদ্ধ, স্বনির্ভর ও উন্নত বাংলাদেশ গড়ে তুলতে হবে।
এর আগে, মন্ত্রীর নেতৃত্বে সার্কিট হাউজ প্রাঙ্গণ থেকে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। এরপর মন্ত্রী বিভাগীয় কমিশনারের কার্যালয়ের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন।
অনুষ্ঠানে জেলা প্রশাসক হুরে জান্নাতের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব মু. বিল্লাল হোসেন খান, মৎস্য অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের পরিচালক মো. জাহাঙ্গীর আলম এবং রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার মো. সাজ্জাদুর রহমান রাসেল। স্বাগত বক্তব্য দেন জেলা মৎস্য কর্মকর্তা মো. বদরুজ্জামান।
আরও পড়ুন: জলবায়ু পরিবর্তনে ক্ষতি মোকাবিলায় অর্থ সহায়তার প্রতিশ্রুতি থাকলেও মিলছে না: শামা ওবায়েদ
অনুষ্ঠানে সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, মৎস্যচাষি, মৎস্যজীবী, মাছ রপ্তানিকারক প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং মৎস্যখাদ্য উৎপাদক ও ব্যবসায়ী সমিতির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথি দুইজন সফল মৎস্যচাষিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন