বুধবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
১০:০০ পি.এম
আগামী শ্রীশ্রী দুর্গা পূজা ও শারদোৎসব উদযাপন উপলক্ষ্যে বরিশাল বিভাগের সর্বাধিক পূজা মন্ডবের সভাপতি ও সম্পাদকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এই সভাটি আগৈলঝাড়া উপজেলার সকল পূজামন্ডপের প্রতিনিধিদের নিয়ে অনুষ্ঠিত হয়।
বুধবার সকাল দশটায় উপজেলা পরিষদের হলরুমে উপজেলা পূজা উদযাপন কমিটির উদ্যোগে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এম জহির উদ্দিন স্বপন এমপি।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি যতীন্দ্রনাথ মিস্ত্রি। সভায় অন্যান্য নেতৃবৃন্দও বক্তব্য রাখেন।
একই দিনে, দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে আগৈলঝাড়া উপজেলা প্রশাসনের সাথে শারদীয় দুর্গা পূজা উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। এই সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জহির উদ্দিন স্বপন এমপি।
সভাটি সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নিরুপম মজুমদার।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ১৬ সেপ্টেম্বর, ২০২৬ : বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আজ জানিয়েছে যে, আগামী বছরের মার্চ মাসে নেপাল সফরের মাধ্যমে দ্বিপাক্ষিক সিরিজ খেলবে বাংলাদেশ ক্রিকেট দল।
এই সফরে টাইগাররা নেপালের বিরুদ্ধে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার পরিকল্পনা করেছে।
সম্প্রতি নেপালে ঘটে যাওয়া ভয়াবহ বন্যায় যারা প্রাণ হারিয়েছেন, তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে এই সিরিজটি উৎসর্গ করা হবে।
ম্যাচগুলো ২০২৭ সালের ২৬, ২৮ ও ৩০ মার্চ কাঠমান্ডুতে অনুষ্ঠিত হবে।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক এবং বাংলাদেশে নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারির মধ্যে এক বৈঠকে এই সফরের বিষয়ে আলোচনা শুরু হয়েছিল।
আজ রাষ্ট্রদূত ভান্ডারি বাংলাদেশ ক্রিকেট বোর্ড পরিদর্শন করেন এবং বিসিবি সভাপতি তামিম ইকবালের সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাতের সময় প্রস্তাবিত সফর এবং দুই দেশের মধ্যে ক্রিকেটের বৃহত্তর সহযোগিতার বিষয়ে আলোচনা হয়।
এক বিবৃতিতে বিসিবি জানিয়েছে, ‘ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের প্রতি বিসিবি গভীর সহানুভূতি প্রকাশ করছে এবং তাদের স্মৃতির উদ্দেশ্যে সিরিজটি উৎসর্গ করার গুরুত্ব স্বীকার করছে।’
তারা আরও উল্লেখ করেছে, ‘এই তিনটি ম্যাচ বাংলাদেশ ও নেপালের ক্রিকেটের মাধ্যমে একত্রিত হওয়ার এবং গভীর শোকের এই সময়ে বন্ধুত্ব ও সংহতির বার্তা পৌঁছে দেওয়ার সুযোগ করে দেবে।’
এছাড়া, নেপালে ক্রিকেটের সামগ্রিক উন্নয়নে সহযোগিতা ও সমর্থনের বিষয়ে নেপাল ক্রিকেট অ্যাসোসিয়েশনকে আশ্বস্ত করেছে বিসিবি। সহযোগিতার ক্ষেত্রগুলোর মধ্যে থাকবে পুরুষ ও নারী দলের সফর বিনিময়, হাই-পারফরমেন্স কর্মসূচি, প্রশিক্ষণ ও কারিগরি সহায়তা এবং অন্যান্য উন্নয়নমূলক উদ্যোগ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ১৬ সেপ্টেম্বর, ২০২৬ : দেশের জ্বালানি নিরাপত্তা জোরদার এবং নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে ২০২৬ সালের সেপ্টেম্বর থেকে ডিসেম্বর মাসের জন্য ৬ লাখ ৯৫ হাজার টন জ্বালানি তেল আমদানির জন্য নীতিগত অনুমোদন প্রদান করেছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি (সিসিইএ)।
আজ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের অধীনে অনুষ্ঠিত সিসিইএ’র ২৯তম সভায় এই অনুমোদন দেওয়া হয়। সভাটির সভাপতিত্ব করেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
প্রস্তাবের মধ্যে উল্লেখ করা হয়েছে যে, সরকার-টু-সরকার (জি-টু-জি) ব্যবস্থার মাধ্যমে ৬ লাখ ৯৫ হাজার টন গ্যাস ওয়েল ও জেট ফুয়েল আমদানি করা হবে।
এছাড়া, প্রস্তাবে বলা হয়েছে যে, এই অতিরিক্ত জ্বালানি আমদানির পরিমাণ ২০২৬ সালের মূল বরাদ্দের তুলনায় ১০ শতাংশ বেশি হবে।
পরিবহন, শিল্প এবং বিমান চলাচল খাতে জ্বালানির বাড়তি চাহিদা পূরণ এবং বছরের শেষ চার মাসে পর্যাপ্ত মজুত নিশ্চিত করার উদ্দেশ্যে এই অতিরিক্ত জ্বালানি আমদানির উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ১৬ সেপ্টেম্বর, ২০২৬ : আন্তর্জাতিক ঋণমান নির্ধারণকারী সংস্থা ‘মুডিস’-এর সাম্প্রতিক মূল্যায়নে বাংলাদেশের অর্থনৈতিক দৃষ্টিভঙ্গির (আউটলুক) উন্নতি বিদেশি বিনিয়োগ আকর্ষণ ও কর্মসংস্থান বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন।
আজ বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবী হলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। বর্তমান সরকারের গত সাত মাসের মেয়াদ এবং বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়ে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড, অর্থনৈতিক অগ্রগতি ও জনকল্যাণমুখী উদ্যোগ তুলে ধরতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
মাহ্দী আমিন উল্লেখ করেন, তরুণদের ক্ষমতায়ন, শিক্ষা, উদ্ভাবন, সামাজিক সুরক্ষা, জ্বালানি, স্বাস্থ্যসেবা, অবকাঠামো ও প্রাতিষ্ঠানিক সুশাসন- এই সাতটি খাতকে গুরুত্ব দিয়ে সমন্বিত কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার। বৈশ্বিক ও অভ্যন্তরীণ চ্যালেঞ্জ মোকাবিলা করার পাশাপাশি একটি সমৃদ্ধ ও জ্ঞানভিত্তিক বাংলাদেশের ভিত্তি গড়ে তোলাই এসব উদ্যোগের মূল উদ্দেশ্য।
তরুণ উদ্যোক্তা তৈরির জন্য গৃহীত পদক্ষেপের কথা উল্লেখ করে তিনি জানান, বাংলাদেশ ব্যাংকের অধীনে তরুণদের জন্য ৫০ কোটি টাকার একটি বিশেষ ঋণ তহবিল গঠন করা হয়েছে।
এই তহবিলের মাধ্যমে দেশজুড়ে উপজেলা পর্যায় থেকে প্রতিবছর প্রায় ৫ হাজার সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তাকে জামানতবিহীন প্রারম্ভিক মূলধন সহায়তা প্রদান করা হবে। পাশাপাশি প্রান্তিক ও ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য ডিজিটাল চ্যানেলে সুদমুক্ত ‘ই-লোন’ সুবিধা চালু করা হচ্ছে এবং অনলাইন স্টার্টআপ তহবিলের সুযোগ উন্মুক্ত করা হচ্ছে।
তিনি ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’ আয়োজনের কথা উল্লেখ করেন, যেখানে তরুণ উদ্ভাবকদের সরাসরি আন্তর্জাতিক বিনিয়োগকারীদের সঙ্গে যুক্ত করা হবে। এ মেলায় অংশগ্রহণকারী তরুণ উদ্যোক্তাদের উৎসাহ ও দিকনির্দেশনা প্রদান করেছেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
সাইবার নিরাপত্তা নিয়ে মুখপাত্র জানান, জাতীয় আইসিটি ও সাইবার সিকিউরিটি রেটিং সিস্টেম এবং সাইবার ইনভেস্টমেন্ট রিপোর্টিং সিস্টেম চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
দেশে আধুনিক স্মার্টফোন উৎপাদনে গতি আনতে নীতিগত প্রণোদনা দেওয়ার কাজও চলছে। এসব উদ্যোগ প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়ে তোলা এবং প্রবৃদ্ধির সুফল সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দেওয়ার বৃহত্তর প্রচেষ্টার অংশ।
অর্থনৈতিক পরিস্থিতি ও মূল্যস্ফীতি প্রসঙ্গে মুখপাত্র বলেন, গত বছরের একই সময়ের তুলনায় বর্তমানে মূল্যস্ফীতির হার নিম্নমুখী এবং বাজারে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের সরবরাহ সন্তোষজনক পর্যায়ে রয়েছে।
জনগণের ওপর আর্থিক চাপ কমাতে এবং গ্যাসের প্রবাহ বাড়াতে সরকার তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণ করেছে।
গতকাল থেকে গ্যাসের সরবরাহে দৃশ্যমান অগ্রগতি শুরু হয়েছে, যা সামনের দিনগুলোতে আরও স্বাভাবিক হবে। পাশাপাশি প্রতিবেশী দেশগুলোর তুলনায় দেশে ডিজেলের মূল্য সহনীয় রাখতে সরকার সর্বোচ্চ ভর্তুকি অব্যাহত রেখেছে।
মুডিসের মূল্যায়নের বিষয়ে তিনি বলেন, গত মঙ্গলবার মুডিস বাংলাদেশের ঋণমানের দৃষ্টিভঙ্গি ‘নেতিবাচক’ থেকে ‘স্থিতিশীল’ বলে ঘোষণা করেছে। যদিও দেশটির দীর্ঘমেয়াদি ইস্যুয়ার এবং সিনিয়র আনসিকিউরড রেটিং ‘বি২’-তেই বহাল রাখা হয়েছে, তবে এই দৃষ্টিভঙ্গির পরিবর্তন বিশ্বমঞ্চে বাংলাদেশের অবস্থানকে সুদৃঢ় করবে। এটি রাজনৈতিক স্থিতিশীলতা, নির্বাচিত সরকারের পলিসির ধারাবাহিকতা, সুশাসন এবং উন্নত অর্থনৈতিক পরিবেশেরই প্রতিফলন। এর ফলে দেশে বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধি পাবে এবং আন্তর্জাতিক অঙ্গনে মর্যাদা বৃদ্ধি পাবে, পাশাপাশি নারী ও তরুণদের বিপুল কর্মসংস্থান সৃষ্টি হবে।
সরকারের সংস্কার ও জনকল্যাণমূলক কাজের প্রধান সাতটি ক্ষেত্র উল্লেখ করে তিনি জানান, এগুলো হলো- তরুণদের ক্ষমতায়ন, শিক্ষা, তথ্যপ্রযুক্তি ও উদ্ভাবন; মানুষের শারীরিক কল্যাণ ও জীবনমানের উন্নয়ন; নারীর অগ্রযাত্রা, সর্বজনীন কল্যাণ ও সামাজিক সুরক্ষা; পরিবেশবান্ধব জ্বালানি ও জলবায়ু-সহনশীল শিল্পায়ন; আধুনিক স্বাস্থ্যসেবা, অবকাঠামো ও জনস্বাস্থ্য; যোগাযোগ ও ট্রাফিক ব্যবস্থাপনা এবং প্রাতিষ্ঠানিক সুশাসন, জনকূটনীতি ও বৈদেশিক সম্পর্ক।
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী এবং অতিরিক্ত প্রেস সচিব আতীকুর রহমান রুমনও বক্তব্য দেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে যে, একটি সারফেস ড্রোন (সমুদ্রপৃষ্ঠে চলাচলকারী চালকবিহীন নৌযান) দখলের জন্য ইরানের প্রচেষ্টা ব্যর্থ হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) আল আরাবিয়াকে দেওয়া এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এই তথ্য নিশ্চিত করে।
সেন্টকমের ক্যাপ্টেন টিম হকিন্স উল্লেখ করেন যে, সম্প্রতি ইরানের বেশ কয়েকটি ছোট নৌযান একটি মার্কিন চালকবিহীন সারফেস ভেসেল দখল করার চেষ্টা করেছিল। কিন্তু মার্কিন বাহিনীর কার্যকর পদক্ষেপের কারণে তারা সফল হতে পারেনি।
তিনি আরও জানান, সারফেস ড্রোনটি বর্তমানে যুক্তরাষ্ট্রের অপারেশনাল নিয়ন্ত্রণে রয়েছে।
এর আগে সোমবার, ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম দাবি করে যে, মার্কিন বাহিনী দুটি মাছ ধরার নৌকায় হামলা চালিয়েছে।
এদিকে, এর আগে ইরান একটি মার্কিন আন্ডারওয়াটার ড্রোন আটক করেছিল। ড্রোনটির নির্মাতা প্রতিষ্ঠান অ্যান্ডুরিল এবং পেন্টাগনও বিষয়টি নিশ্চিত করেছে।
অ্যান্ডুরিলের প্রতিষ্ঠাতা জানান, আটক করা ‘ডাইভ-এলডি’ ড্রোনটি কয়েক মাস ধরে মধ্যপ্রাচ্যের পানিসীমায় পরিচালিত হচ্ছিল।
তবে টিম হকিন্সের দাবি, এটি একটি পুরোনো এবং ত্রুটিপূর্ণ মডেল ছিল, এবং এতে কোনো সংবেদনশীল তথ্য সংগ্রহের সক্ষমতা বা গোপনীয়তা শোনার ও রাডার সরঞ্জাম ছিল না।
তালাশ বিডি/মিডিয়া লিঃ