প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা, ১৬ সেপ্টেম্বর, ২০২৬ : আন্তর্জাতিক ঋণমান নির্ধারণকারী সংস্থা ‘মুডিস’-এর সাম্প্রতিক মূল্যায়নে বাংলাদেশের অর্থনৈতিক দৃষ্টিভঙ্গির (আউটলুক) উন্নতি বিদেশি বিনিয়োগ আকর্ষণ ও কর্মসংস্থান বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন।
আজ বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবী হলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। বর্তমান সরকারের গত সাত মাসের মেয়াদ এবং বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়ে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড, অর্থনৈতিক অগ্রগতি ও জনকল্যাণমুখী উদ্যোগ তুলে ধরতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
মাহ্দী আমিন উল্লেখ করেন, তরুণদের ক্ষমতায়ন, শিক্ষা, উদ্ভাবন, সামাজিক সুরক্ষা, জ্বালানি, স্বাস্থ্যসেবা, অবকাঠামো ও প্রাতিষ্ঠানিক সুশাসন- এই সাতটি খাতকে গুরুত্ব দিয়ে সমন্বিত কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার। বৈশ্বিক ও অভ্যন্তরীণ চ্যালেঞ্জ মোকাবিলা করার পাশাপাশি একটি সমৃদ্ধ ও জ্ঞানভিত্তিক বাংলাদেশের ভিত্তি গড়ে তোলাই এসব উদ্যোগের মূল উদ্দেশ্য।
তরুণ উদ্যোক্তা তৈরির জন্য গৃহীত পদক্ষেপের কথা উল্লেখ করে তিনি জানান, বাংলাদেশ ব্যাংকের অধীনে তরুণদের জন্য ৫০ কোটি টাকার একটি বিশেষ ঋণ তহবিল গঠন করা হয়েছে।
এই তহবিলের মাধ্যমে দেশজুড়ে উপজেলা পর্যায় থেকে প্রতিবছর প্রায় ৫ হাজার সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তাকে জামানতবিহীন প্রারম্ভিক মূলধন সহায়তা প্রদান করা হবে। পাশাপাশি প্রান্তিক ও ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য ডিজিটাল চ্যানেলে সুদমুক্ত ‘ই-লোন’ সুবিধা চালু করা হচ্ছে এবং অনলাইন স্টার্টআপ তহবিলের সুযোগ উন্মুক্ত করা হচ্ছে।
তিনি ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’ আয়োজনের কথা উল্লেখ করেন, যেখানে তরুণ উদ্ভাবকদের সরাসরি আন্তর্জাতিক বিনিয়োগকারীদের সঙ্গে যুক্ত করা হবে। এ মেলায় অংশগ্রহণকারী তরুণ উদ্যোক্তাদের উৎসাহ ও দিকনির্দেশনা প্রদান করেছেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
সাইবার নিরাপত্তা নিয়ে মুখপাত্র জানান, জাতীয় আইসিটি ও সাইবার সিকিউরিটি রেটিং সিস্টেম এবং সাইবার ইনভেস্টমেন্ট রিপোর্টিং সিস্টেম চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
দেশে আধুনিক স্মার্টফোন উৎপাদনে গতি আনতে নীতিগত প্রণোদনা দেওয়ার কাজও চলছে। এসব উদ্যোগ প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়ে তোলা এবং প্রবৃদ্ধির সুফল সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দেওয়ার বৃহত্তর প্রচেষ্টার অংশ।
অর্থনৈতিক পরিস্থিতি ও মূল্যস্ফীতি প্রসঙ্গে মুখপাত্র বলেন, গত বছরের একই সময়ের তুলনায় বর্তমানে মূল্যস্ফীতির হার নিম্নমুখী এবং বাজারে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের সরবরাহ সন্তোষজনক পর্যায়ে রয়েছে।
জনগণের ওপর আর্থিক চাপ কমাতে এবং গ্যাসের প্রবাহ বাড়াতে সরকার তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণ করেছে।
গতকাল থেকে গ্যাসের সরবরাহে দৃশ্যমান অগ্রগতি শুরু হয়েছে, যা সামনের দিনগুলোতে আরও স্বাভাবিক হবে। পাশাপাশি প্রতিবেশী দেশগুলোর তুলনায় দেশে ডিজেলের মূল্য সহনীয় রাখতে সরকার সর্বোচ্চ ভর্তুকি অব্যাহত রেখেছে।
মুডিসের মূল্যায়নের বিষয়ে তিনি বলেন, গত মঙ্গলবার মুডিস বাংলাদেশের ঋণমানের দৃষ্টিভঙ্গি ‘নেতিবাচক’ থেকে ‘স্থিতিশীল’ বলে ঘোষণা করেছে। যদিও দেশটির দীর্ঘমেয়াদি ইস্যুয়ার এবং সিনিয়র আনসিকিউরড রেটিং ‘বি২’-তেই বহাল রাখা হয়েছে, তবে এই দৃষ্টিভঙ্গির পরিবর্তন বিশ্বমঞ্চে বাংলাদেশের অবস্থানকে সুদৃঢ় করবে। এটি রাজনৈতিক স্থিতিশীলতা, নির্বাচিত সরকারের পলিসির ধারাবাহিকতা, সুশাসন এবং উন্নত অর্থনৈতিক পরিবেশেরই প্রতিফলন। এর ফলে দেশে বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধি পাবে এবং আন্তর্জাতিক অঙ্গনে মর্যাদা বৃদ্ধি পাবে, পাশাপাশি নারী ও তরুণদের বিপুল কর্মসংস্থান সৃষ্টি হবে।
সরকারের সংস্কার ও জনকল্যাণমূলক কাজের প্রধান সাতটি ক্ষেত্র উল্লেখ করে তিনি জানান, এগুলো হলো- তরুণদের ক্ষমতায়ন, শিক্ষা, তথ্যপ্রযুক্তি ও উদ্ভাবন; মানুষের শারীরিক কল্যাণ ও জীবনমানের উন্নয়ন; নারীর অগ্রযাত্রা, সর্বজনীন কল্যাণ ও সামাজিক সুরক্ষা; পরিবেশবান্ধব জ্বালানি ও জলবায়ু-সহনশীল শিল্পায়ন; আধুনিক স্বাস্থ্যসেবা, অবকাঠামো ও জনস্বাস্থ্য; যোগাযোগ ও ট্রাফিক ব্যবস্থাপনা এবং প্রাতিষ্ঠানিক সুশাসন, জনকূটনীতি ও বৈদেশিক সম্পর্ক।
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী এবং অতিরিক্ত প্রেস সচিব আতীকুর রহমান রুমনও বক্তব্য দেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন