০৮:৫৬ পি.এম
হিমাচল প্রদেশের রাজধানী শিমলায় দীর্ঘ ছুটিতে পর্যটকদের ঢল নেমেছে। গত তিন দিনে রেকর্ডসংখ্যক প্রায় ৭০ হাজার যানবাহন শহরটিতে প্রবেশ করেছে। এই সংখ্যা সাধারণ সময়ের তুলনায় অনেক বেশি, ফলে শিমলাজুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়েছে এবং প্রশাসনকে ট্রাফিক সামলাতে হিমশিম খেতে হচ্ছে।
অতিরিক্ত এসপি (শিমলা সিটি) মেহের পানওয়ার জানিয়েছেন, এই বিপুল যান চলাচল সামাল দিতে পুলিশকে ২০০ জনেরও বেশি কর্মী মোতায়েন করতে হয়েছে। তিনি সোমবার এই তথ্য প্রকাশ করেন।
মেহের পানওয়ার আরও জানান, মোট প্রবেশ করা যানবাহনের মধ্যে ৪০ হাজারের বেশি গাড়ি হিমাচল প্রদেশের বাইরের রাজ্য থেকে এসেছে। বিশেষ করে দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা এবং চণ্ডীগড় থেকে বিপুল সংখ্যক পর্যটক গরম বা দৈনন্দিন ব্যস্ততা থেকে মুক্তি পেতে পাহাড়ি শহরের দিকে ছুটে এসেছেন।
আরও পড়ুন: লিবিয়ায় অভিবাসীবিরোধী বিক্ষোভ, আতঙ্কে প্রবাসীরা
এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে পানওয়ার বলেন, “পর্যটকদের ব্যাপক ভিড়ের মধ্যে যান চলাচল স্বাভাবিক রাখতে পুলিশ ব্যাপক ব্যবস্থা নিয়েছে।”
তিনি আরও উল্লেখ করেন, “শিমলা শহরকে পাঁচটি সেক্টরে ভাগ করা হয়েছে এবং প্রতিটি সেক্টরের দায়িত্বে একজন এনজিও পদমর্যাদার কর্মকর্তাকে রাখা হয়েছে। এছাড়া, ট্রাফিক বিভাগকে সহায়তা করার জন্য থানাগুলোর কর্মীদেরও নিজ নিজ এলাকায় মোতায়েন করা হয়েছে।
হঠাৎ এত গাড়ির চাপে শিমলার প্রধান সড়কসহ বিভিন্ন পর্যটন কেন্দ্রে তীব্র ট্রাফিক জ্যামের সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে হিমাচল প্রদেশ পুলিশ বাড়তি কর্মী মোতায়েন করেছে।
ড্রোনের সাহায্যে ট্রাফিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং পর্যটকদের নির্দিষ্ট পার্কিং জোনে গাড়ি রাখার নির্দেশ দেওয়া হচ্ছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।
আরও পড়ুন: ভিয়েতনামের সঙ্গে ইউরোপের চার দেশের মুক্ত বাণিজ্য চুক্তি সই
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন