ঢাকা সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ইং ০৩ই কার্তিক, ১৪৩৩বাং

তথ্যমন্ত্রীর সঙ্গে প্রধান তথ্য কমিশনার ও দুই কমিশনারের সাক্ষাৎ


তথ্যমন্ত্রীর সঙ্গে প্রধান তথ্য কমিশনার ও দুই কমিশনারের সাক্ষাৎ

নবনিযুক্ত প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান এবং তথ্য কমিশনের নবনিযুক্ত দুই সদস্য সাংবাদিক এস. এ. এম মাহফুজুর রহমান ও সাংবাদিক খান মোহাম্মদ আবুল হোসেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান পার্থের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

এই সাক্ষাৎটি রোববার (১৮ অক্টোবর) দুপুর ১২টার দিকে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রীর দপ্তরে অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা এবং মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. শাহ আলম।

আরও পড়ুন: ফের অশান্ত ভারতের মণিপুর, মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে নিহতদের লাশ রেখে বিক্ষোভ

সাক্ষাৎকালে নবনিযুক্ত তথ্য কমিশনের সদস্যবৃন্দ জনগণের অবাধ তথ্য অধিকার নিশ্চিতকরণের পাশাপাশি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

এর আগে, শনিবার (১৭ অক্টোবর) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের পৃথক দুটি প্রজ্ঞাপনে সরকার তথ্য কমিশনের নতুন প্রধান তথ্য কমিশনার হিসেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. নাহরিন ইসলাম খানকে নিয়োগ দেয়। একইসঙ্গে সাংবাদিক এস. এ. এম মাহফুজুর রহমান এবং সাংবাদিক খান মোহাম্মদ আবুল হোসেনকে তথ্য কমিশনের তথ্য কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়।

রাষ্ট্রপতি ‘তথ্য অধিকার আইন, ২০০৯’ এর ১৫(১) ধারা অনুযায়ী তাদের এই পদে নিয়োগ প্রদান করেন।

আরও পড়ুন: ফ্রান্সের পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণের বাইরে, মেয়রদের হাতে কারফিউ জারির ক্ষমতা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জিয়ানগরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের নগদ অর্থ এবং শিক্ষা প্রতিষ্ঠানে ফ্যান বিতরণ

আন্তর্জাতিক ডেস্ক

জিয়ানগর (পিরোজপুর) প্রতিনিধি

রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:৫৩ পি.এম


জিয়ানগরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের নগদ অর্থ এবং  শিক্ষা প্রতিষ্ঠানে ফ্যান বিতরণ
 
 
পিরোজপুরের জিয়ানগরে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে অসহায় পরিবারের মাঝে নগদ অর্থ  এবং উপজেলা পরিষদের উন্নয়ন তহবিলের আওতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ফ্যান বিতরণ করা হয়েছে।
 
রোববার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ভারপ্রাপ্ত) মোঃ ওয়ালিউর রহমান রুবেলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব সহায়তা বিতরণ করেন পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী।
 
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে ১২০টি অসহায় পরিবারের প্রত্যেককে ২ হাজার টাকা করে এবং আরও দুটি পরিবারকে ৫ হাজার টাকা করে নগদ অর্থ সহায়তা দেওয়া হয়।
 
এ ছাড়া সংসদ সদস্য মাসুদ সাঈদীর ব্যক্তিগত তহবিল থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ফ্যান বিতরণ করা হয়।
 
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মহিউদ্দিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা হাফিজুর রহমান, উপজেলা জামায়াতের সাবেক আমির ও জেলা কর্মপরিষদ সদস্য মো. হাবিবুর রহমান, উপজেলা জামায়াতের বর্তমান আমির মাওলানা আলী হোসেন, উপজেলা জামায়াতের সেক্রেটারি তৌহিদুর রহমান রাতুল সহ উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত শিক্ষক এবং রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
 
প্রধান অতিথি সংসদ সদস্য মাসুদ সাঈদী তার বক্তব্যে সরকারি দলকে উদ্দেশ্য করে বলেন, “আসুন, আমার কোনো ভুল হলে আমাকে বলুন, আমি নিজেকে শুধরে নেব। ভালো কাজে সহযোগিতা করুন। রাজনীতি হোক দেশ ও মানুষের কল্যাণে।”
 
তিনি দেশ ও মানুষের কল্যাণে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান। (মোঃ হাফিজুর রহমান, ০১৯৭৯৩২৯১৮৭)
 
 
 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

২৩ মামলার আসামি বগা আদালতে আত্মসমর্পণ, জামিন নামঞ্জুর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:১২ পি.এম


২৩ মামলার আসামি বগা আদালতে আত্মসমর্পণ, জামিন নামঞ্জুর

পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী হিসেবে চিহ্নিত কিশোর গ্যাং নেতা ওয়াকিল হোসেন, যিনি বগা নামেই পরিচিত, আদালতে আত্মসমর্পণ করেছেন। তিনি ২৩ মামলার আসামি।

রোববার (১৮ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম অতিরিক্ত চিফ চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মহিদুল ইসলামের আদালতে আত্মসমর্পণের পর জামিনের আবেদন করেন তিনি।

আদালত তার জামিনের আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

পুলিশের উপকমিশনার (প্রসিকিউশন) হাসান ইকবাল চৌধুরী জানান, চাঁদাবাজির একটি মামলায় আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন আসামি ওয়াকিল। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে।

ওয়াকিলের বিরুদ্ধে হত্যা, অস্ত্র, মাদক, চাঁদাবাজি, দখলসহ বিভিন্ন অভিযোগে মোট ২৩টি মামলা রয়েছে।

গত ৪ সেপ্টেম্বর সকালে ওয়াকিলকে গ্রেপ্তার করতে গেলে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে। এই হামলায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিমসহ ছয় পুলিশ সদস্য আহত হন এবং পুলিশের একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়।

এ ঘটনায় ওয়াকিলকে প্রধান আসামি করে ১৪ জনের নাম উল্লেখ করা হয় এবং অজ্ঞাতনামা আরও ১৫০ থেকে ২০০ জনকে আসামি করে মামলা দায়ের করে পুলিশ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৬০ হাজার কোটি টাকার ১৫ স্কিমে বিতরণ ১১ হাজার ৯৬০ কোটি, বরাদ্দের বড় অংশ অব্যবহৃত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:১২ পি.এম


৬০ হাজার কোটি টাকার ১৫ স্কিমে বিতরণ ১১ হাজার ৯৬০ কোটি, বরাদ্দের বড় অংশ অব্যবহৃত

কর্মসংস্থান সৃষ্টি, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের সহায়তা, কৃষি উৎপাদন বৃদ্ধি, রপ্তানি এবং গ্রামীণ অর্থনীতি সচল রাখার উদ্দেশ্যে গঠিত ৬০ হাজার কোটি টাকার ১৫টি অর্থায়ন স্কিমের বিপরীতে বিতরণ হয়েছে ১১ হাজার ৯৫৯ কোটি ৮২ লাখ টাকা। এছাড়া, ২ হাজার ৫৫৯ কোটি ৯৭ লাখ টাকা বিতরণের প্রক্রিয়াধীন রয়েছে। সব মিলিয়ে বিতরণ ও প্রক্রিয়াধীন অর্থের পরিমাণ ১৪ হাজার ৫১৯ কোটি ৭৯ লাখ টাকা। এই হিসাব অনুযায়ী, মোট বরাদ্দের প্রায় ২৪ দশমিক ২০ শতাংশ বিতরণ হয়েছে অথবা বিতরণের প্রক্রিয়ায় রয়েছে। বাকি প্রায় ৭৫ দশমিক ৮০ শতাংশ অর্থ এখনও বিতরণ করা সম্ভব হয়নি। গত ১৫ অক্টোবর ১৫টি স্কিমের অগ্রগতির হিসাব থেকে এসব তথ্য পাওয়া গেছে।

দুই ধরনের স্কিম রয়েছে: পুনঃঅর্থায়ন এবং প্রাক্‌-অর্থায়ন। কিছু স্কিমে উল্লেখযোগ্য পরিমাণ অর্থ বিতরণ হলেও একাধিক স্কিমে বিতরণের অগ্রগতি সীমিত। তিনটি স্কিমের বিপরীতে এখনও কোনো অর্থ বিতরণের তথ্য নেই। তবে প্রি-শিপমেন্ট ক্রেডিট পুনঃঅর্থায়ন স্কিমে ৫ হাজার কোটি টাকার বরাদ্দের বিপরীতে বিতরণ করা হয়েছে ৬ হাজার ৯১৭ কোটি টাকা।

সর্বোচ্চ বিতরণ তিনটি স্কিমে:

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, প্রি-শিপমেন্ট ক্রেডিট পুনঃঅর্থায়ন স্কিমে বরাদ্দ রয়েছে ৫ হাজার কোটি টাকা। এর বিপরীতে বিতরণ দেখানো হয়েছে ৬ হাজার ৯১৭ কোটি টাকা, যা বরাদ্দের তুলনায় বেশি।

কটেজ ও মাইক্রো খাতে উদ্যোক্তা সৃষ্টির জন্য বিশেষ স্কিমে ৫ হাজার কোটি টাকার বরাদ্দের বিপরীতে বিতরণ হয়েছে ২ হাজার ৫০০ কোটি টাকা। সিএমএসএমই খাতে চলতি মূলধন পুনঃঅর্থায়ন তহবিলে ৫ হাজার কোটি টাকার বরাদ্দের বিপরীতে বিতরণ হয়েছে ৯০৭ কোটি ৭৩ লাখ টাকা।

বৃহৎ শিল্প ও সেবা খাতের সহায়ক প্রাক্‌-অর্থায়ন স্কিমে বরাদ্দ ২০ হাজার কোটি টাকা। এর বিপরীতে ৫৬০ কোটি ৯৩ লাখ টাকা বিতরণ করা হয়েছে এবং ৯২৯ কোটি ৫০ লাখ টাকা প্রক্রিয়াধীন রয়েছে। ১৫টি স্কিমের মধ্যে এটিই সর্বোচ্চ বরাদ্দের স্কিম, তবে বরাদ্দের তুলনায় বিতরণের পরিমাণ এখনও অনেক কম।

কৃষি ও কর্মসংস্থানভিত্তিক স্কিমের অগ্রগতি ধীরগতির:

দেশের কৃষি উৎপাদন বৃদ্ধি ও পল্লী অঞ্চলে অর্থনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে খাদ্যনিরাপত্তা নিশ্চিতকরণ এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে গঠিত পুনঃঅর্থায়ন স্কিমে বরাদ্দ রয়েছে ১০ হাজার কোটি টাকা। এ স্কিমের বিপরীতে বিতরণ হয়েছে ২৯২ কোটি ৯০ লাখ টাকা। বিপুল বরাদ্দের তুলনায় বিতরণের পরিমাণ কম হওয়ায় এ স্কিমের বাস্তবায়ন অগ্রগতি নিয়ে প্রশ্ন উঠেছে।

বৈদেশিক কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে অর্থায়ন স্কিমে ১ হাজার কোটি টাকার বরাদ্দের বিপরীতে বিতরণ হয়েছে ২০০ কোটি টাকা। দেশের উত্তরাঞ্চলে কৃষিভিত্তিক বিশেষ অর্থনৈতিক কেন্দ্র সৃষ্টির লক্ষ্যে গঠিত বিশেষ পুনঃঅর্থায়ন স্কিমে ৩ হাজার কোটি টাকার বরাদ্দ থাকলেও বিতরণ হয়েছে মাত্র ৪৮ কোটি ৬৭ লাখ টাকা।

স্টার্টআপ খাতে অর্থায়নের জন্য গঠিত স্কিমে ৫০০ কোটি টাকার বরাদ্দের বিপরীতে বিতরণ হয়েছে ৩২ কোটি ৫৯ লাখ টাকা। সারণিতে এ স্কিমে আরও ৫ কোটি টাকা প্রক্রিয়াধীন দেখানো হয়েছে।

তিন স্কিমে বিতরণ শূন্য:

১৫টি স্কিমের মধ্যে তিনটির বিপরীতে ১৫ অক্টোবর পর্যন্ত কোনো অর্থ বিতরণের তথ্য নেই। এগুলো হলো—রপ্তানি বহুমুখীকরণ খাতে পুনঃঅর্থায়ন স্কিম, গ্রামীণ অর্থনৈতিক কর্মকাণ্ডে গতিশীলতা আনয়নের জন্য অর্থায়ন স্কিম এবং হিমায়িত চিংড়ি ও অন্যান্য মাছ রপ্তানিমুখী খাতে অর্থায়নের নিমিত্ত স্কিম।

রপ্তানি বহুমুখীকরণ খাতে পুনঃঅর্থায়ন স্কিমে বরাদ্দ রয়েছে ৩ হাজার কোটি টাকা। গ্রামীণ অর্থনৈতিক কর্মকাণ্ডে গতিশীলতা আনয়নের স্কিমে বরাদ্দ ১ হাজার কোটি টাকা। হিমায়িত চিংড়ি ও অন্যান্য মাছ রপ্তানিমুখী খাতের স্কিমে বরাদ্দ রয়েছে ২ হাজার কোটি টাকা।

এই তিন স্কিমে মোট বরাদ্দ ৬ হাজার কোটি টাকা। নির্ধারিত তারিখ পর্যন্ত এসব স্কিমে অর্থ বিতরণ হয়নি।

অন্যান্য স্কিমের চিত্র:

সৃজনশীল অর্থনীতির (ক্রিয়েটিভ ইকোনমি) জন্য গঠিত প্রাক্‌-অর্থায়ন স্কিমে ৫০০ কোটি টাকার বরাদ্দের বিপরীতে ৫০০ কোটি টাকা বিতরণ করা হয়েছে।

রপ্তানি ও কর্মসংস্থানসহ বিভিন্ন খাতে সহায়তার পাশাপাশি গ্রিন ফ্যাক্টরি বিল্ডিং এবং গ্রিন ইন্ডাস্ট্রিজ খাতে পুনঃঅর্থায়ন স্কিমে ১ হাজার কোটি টাকার বরাদ্দের বিপরীতে ৫২৭ কোটি ৪৭ লাখ টাকা প্রক্রিয়াধীন রয়েছে। তবে এ স্কিমের বিপরীতে কোনো অর্থ বিতরণ করা হয়নি।

চামড়াজাত পণ্য এবং পাদুকা রপ্তানিমুখী খাতে অর্থায়নের নিমিত্ত গঠিত স্কিমে ২ হাজার কোটি টাকার বরাদ্দের বিপরীতে ৯৮ কোটি টাকা প্রক্রিয়াধীন রয়েছে। অন্যদিকে, বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে অর্থায়ন স্কিমে ১ হাজার কোটি টাকার বরাদ্দের বিপরীতে ১ হাজার কোটি টাকা প্রক্রিয়াধীন দেখানো হয়েছে। অর্থাৎ এ স্কিমের পুরো বরাদ্দই বিতরণের প্রক্রিয়ায় রয়েছে।

বরাদ্দের পূর্ণ ব্যবহার নিশ্চিত করার প্রশ্ন:

১৫টি স্কিমে মোট ৬০ হাজার কোটি টাকার বরাদ্দের বিপরীতে বিতরণ ও প্রক্রিয়াধীন অর্থের সম্মিলিত পরিমাণ ১৪ হাজার ৫১৯ কোটি ৭৯ লাখ টাকা। অর্থাৎ বরাদ্দের তুলনায় অগ্রগতি এখনও এক-চতুর্থাংশেরও কম।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আজ ২৩ কোটি টাকায় নির্মিত ঝিনাইদহ পিটিআই ভবন উদ্বোধন করবেন আইনমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:১৩ পি.এম


আজ ২৩ কোটি টাকায় নির্মিত ঝিনাইদহ পিটিআই ভবন উদ্বোধন করবেন আইনমন্ত্রী

ঝিনাইদহে দৃষ্টিনন্দন প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটের (পিটিআই) নতুন একাডেমিক-কাম-প্রশাসনিক ভবন নির্মাণ করা হয়েছে প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়ন ও শিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রমকে আধুনিক ও বিশ্বমানের করার লক্ষ্যে। এই বহুতল ভবনটি চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির (পিইডিপি-৪) আওতায় তৈরি করা হয়েছে এবং এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হবে সোমবার (১৯ অক্টোবর) তারিখে।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোঃ আসাদুজ্জামান এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই নান্দনিক ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) তত্ত্বাবধানে নির্মিত এই মেগা প্রকল্পের মোট ব্যয় দাঁড়িয়েছে ২৩ কোটি ৬৯ লাখ ৭৮৫ টাকা। খুলনা বিভাগের নির্দিষ্ট কয়েকটি পিটিআই-এর অবকাঠামো উন্নয়নের অংশ হিসেবে ঝিনাইদহে এই আধুনিক সুযোগ-সুবিধা সংযোজন করা হয়েছে।

নতুন ভবনটি নান্দনিক নির্মাণশৈলীতে গড়ে তোলা হয়েছে, যেখানে প্রশিক্ষণার্থী শিক্ষক ও কর্মকর্তাদের জন্য আন্তর্জাতিক মানের অবকাঠামোগত সুবিধা নিশ্চিত করা হয়েছে। ভবনে আধুনিক প্রযুক্তি সমৃদ্ধ আইসিটি ল্যাব, মাল্টিমিডিয়া ক্লাসরুম, সুবিশাল কনফারেন্স রুম, সুসজ্জিত লাইব্রেরি এবং প্রশাসনিক দাপ্তরিক কক্ষ রয়েছে। এছাড়া, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য জেনারেটর রুম, নান্দনিক সীমানা প্রাচীর, অভ্যন্তরীণ বিনোদন কেন্দ্র এবং বিশাল প্রশিক্ষণ চত্বরও নির্মিত হয়েছে।

ঝিনাইদহ পিটিআই-এর অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত সুপারিনটেনডেন্ট কাউসার আলী নতুন ভবনের উদ্বোধন প্রসঙ্গে জানান, "বহুল প্রতীক্ষিত নতুন ভবন উদ্বোধনের জন্য আমরা পুরোপুরি প্রস্তুত। উদ্বোধনী অনুষ্ঠানের যাবতীয় আয়োজন চূড়ান্ত করা হয়েছে। এই আধুনিক ভবনটি চালুর মাধ্যমে ঝিনাইদহসহ পার্শ্ববর্তী জেলার শিক্ষকদের প্রশিক্ষণের মান বহুগুণ বৃদ্ধি পাবে, যা মানসম্মত প্রাথমিক শিক্ষা প্রসারে এক নতুন যুগান্তকারী মাত্রা যোগ করবে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%