ঢাকা সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ইং ০৩ই কার্তিক, ১৪৩৩বাং

ইরানের সংসদ নতুন প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে মেহেরদাদ আখলাকি কেতাবচিকে অনুমোদন দিল


ইরানের সংসদ নতুন প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে মেহেরদাদ আখলাকি কেতাবচিকে অনুমোদন দিল

ইরানের পার্লামেন্ট নতুন প্রতিরক্ষামন্ত্রী হিসেবে মেহেরদাদ আখলাকি কেতাবচিকে অনুমোদন প্রদান করেছে।

রোববার (১৮ অক্টোবর) ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমের উদ্ধৃতি দিয়ে সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য জানায়। নতুন দায়িত্ব গ্রহণের পর আখলাকি সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যদি আবারও ইরানে হামলা চালায়, তবে তার প্রতিক্রিয়া হবে অপ্রত্যাশিত ও ব্যাপক।

পার্লামেন্টে অনুষ্ঠিত ভোটে আখলাকির পক্ষে ২৩৭টি ভোট পড়ে এবং বিপক্ষে ১৫টি ভোট আসে। মোট ২৭৭টি ভোটের মধ্যে কোনো ভোট বাতিল বা বিরত হিসেবে গণ্য হয়নি। ভিডিও সম্মেলনের মাধ্যমে অনুষ্ঠিত অধিবেশনে আইনপ্রণেতারা আখলাকির পক্ষে ও বিপক্ষে বক্তব্য শোনার পর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পরিকল্পনাও পর্যালোচনা করেন।

আরও পড়ুন: গাজায় প্রায় প্রতিদিনই ইসরাইলি হামলা, যুদ্ধবিরতির পর নিহত ১৫২২

এটি কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়েছে। এর আগে প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদেহ গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রাথমিক হামলায় নিহত হন। এরপর মাজিদ এবন আল-রেজা ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেন।

ভোটের আগে আইনপ্রণেতাদের উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে আখলাকি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যদি আবারও ইরানে হামলা চালায়, তবে ইরানের জনগণ ও ইসলামি যোদ্ধাদের প্রতিক্রিয়া হবে অপ্রত্যাশিত ও ব্যাপক। তিনি সতর্ক করে বলেন, এর ফলে আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে যে পরিণতি তৈরি হবে, তার দায় ওয়াশিংটন ও তার মিত্রদের নিতে হবে।

আখলাকি আরও দাবি করেন, তিনি গত ৩৫ বছর ধরে শত্রুদের হত্যার তালিকায় রয়েছেন। তিনি ইরানকে প্রতিরোধ ফ্রন্ট হিসেবে আরও শক্তিশালী করার প্রতিশ্রুতি দেন।

নতুন প্রতিরক্ষামন্ত্রী জানান, ইরানের প্রতিরক্ষা উৎপাদন বৃদ্ধি, সামরিক গবেষণা জোরদার এবং বর্তমান নিরাপত্তা হুমকি মোকাবিলায় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাঠামোকে আরও কার্যকর করার লক্ষ্যে কাজ করবেন।

আরও পড়ুন: ইয়েমেনের সেনা ঘাঁটিতে হুথিদের হামলায় নিহত ২০

দীর্ঘদিন ধরে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন আখলাকি। এর আগে তিনি দেশটির মহাকাশ ও ক্ষেপণাস্ত্র প্রযুক্তি শিল্পের সঙ্গে যুক্ত সংস্থা অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ অর্গানাইজেশনের প্রধান ছিলেন। যুক্তরাষ্ট্র তার বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র-সংশ্লিষ্ট কর্মকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগে নিষেধাজ্ঞা আরোপ করেছে।

সূত্র: রয়টার্স , আনাদোলু এ্যাজেন্সী

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজশাহীতে আমির হামজার মাহফিলের অনুমতি দেয়নি প্রশাসন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:৩৪ পি.এম


রাজশাহীতে আমির হামজার মাহফিলের অনুমতি দেয়নি প্রশাসন

রাজশাহীর গোদাগাড়ীতে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মুফতি আমির হামজার তাফসির মাহফিলের অনুমতি প্রশাসন প্রদান করেনি। সোমবার (১৯ অক্টোবর) বিকাল থেকে গোদাগাড়ী মহিলা কলেজ মাঠে এই মাহফিল শুরু হওয়ার কথা ছিল।

রোববার (১৮ অক্টোবর) আয়োজক সংগঠন মানব কল্যাণ পরিষদের সভাপতি ইসমাইল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রশাসন থেকে মাহফিল বন্ধের মৌখিক নির্দেশনা প্রদান করা হয়েছে। এর ফলে অতিথিদের ফোন করে না আসার জন্য অনুরোধ করা হয়েছে।

এদিকে, আয়োজকরা গত কয়েকদিন ধরে আশপাশের এলাকা এবং পার্শ্ববর্তী জেলাগুলোতে ব্যাপক প্রচার প্রচারণা চালিয়ে আসছিলেন। বড় প্যান্ডেল তৈরির কাজ চলছিল। তবে শেষ পর্যন্ত আমির হামজার এই মাহফিল অনুষ্ঠিত হচ্ছে না বলে জানিয়েছেন আয়োজক কমিটি।

মানব কল্যাণ পরিষদ নামের সংগঠনের উদ্যোগে গোদাগাড়ী মহিলা কলেজ মাঠে তাফসিরুল কুরআন মাহফিলের আয়োজন করা হয়। রেলবাজার দারুস সুন্নাহ ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসার অধ্যক্ষ আবু মুহাম্মদ বজলুর রহমান মাদানী সভাপতিত্বে এই মাহফিলে প্রধান অতিথি হিসেবে রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামির কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মজিবুর রহমানের নাম ঘোষণা করা হয়েছিল।

স্থানীয় জামায়াত নেতা ওবাইদুল্লাহকেও মাহফিলে অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছিল। মাহফিলে প্রধান আলোচক হিসেবে ব্যানার পোস্টারে মুফতি আমির হামজা এমপির নাম উল্লেখ করা হয়েছিল। তিনি গোদাগাড়ীর মাহফিলে উপস্থিত থাকতে সম্মতিও দিয়েছিলেন।

আয়োজকরা জানান, প্রশাসনের অনুমতির জন্য গত ১৩ অক্টোবর তারা গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানার ওসি বরাবর আবেদন করেন। সেই আলোকে শনিবার সকালে আয়োজকরা ইউএনওর কাছে অনুমতি নিতে যান। কিন্তু পুলিশের প্রতিবেদন না আসায় ইউএনও অনুমতি দিতে অপারগতা প্রকাশ করেন। তিনি আয়োজকদের জানান, পুলিশি প্রতিবেদন ছাড়া অনুমতি প্রদান সম্ভব নয়।

আয়োজক সংগঠন মানব কল্যাণ পরিষদের সভাপতি ইসমাইল হক রোববার দুপুরে বলেন, শনিবার সকালে ইউএনওর সঙ্গে সাক্ষাৎকালে তিনি আমাদের জানান, মাহফিলের নিরাপত্তা সংক্রান্ত প্রতিবেদনের জন্য পুলিশকে অনুরোধ করা হয়েছে। পুলিশ প্রতিবেদন না এলে তিনি অনুমতি দিতে পারবেন না। এই পরিস্থিতিতে আমরা ধরে নিয়েছি প্রশাসন আমাদের মাহফিলের অনুমতি প্রদান করবে না। শেষ পর্যন্ত অতিথিদের ফোন করে ক্ষমা চেয়েছি এবং প্যান্ডেল গুটিয়ে ফেলেছি।

এই বিষয়ে ইউএনও ইসরাত জাহান জানান, পুলিশ ক্লিয়ারেন্স ছাড়া এই ধরনের সমাবেশের অনুমতি দেওয়ার নিয়ম নেই, যেখানে অনেক মানুষের সমাগম হয়। আমরা পুলিশের প্রতিবেদন জন্য লিখেছি। প্রতিবেদন না আসা পর্যন্ত কিছু বলা সম্ভব নয়।

অন্যদিকে, মুফতি আমির হামজা এমপির তাফসির মাহফিলের বিষয়ে পুলিশের অবস্থান সম্পর্কে জানতে চাইলে রাজশাহীর পুলিশ সুপার (এসপি) মো. মামুন অর রশিদ রোববার দুপুরে জানান, বিষয়টি তার জানা নেই। যদি উপজেলা বা জেলা প্রশাসন থেকে পুলিশের কাছে কোনো প্রতিবেদন চাওয়া হয়ে থাকে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হা-ম-লা-র শ-ঙ্কা-য় সৌদি কিং-ডম সেন্টারের অফিস বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:৩৪ পি.এম


হা-ম-লা-র শ-ঙ্কা-য় সৌদি কিং-ডম সেন্টারের অফিস বন্ধ

সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত কিংডম সেন্টার ভবনের অফিসগুলোতে কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে যে, পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত তারা বাসা থেকে কাজ করবেন। এই সিদ্ধান্তটি হুথিদের হামলার পর নিরাপত্তা পরিস্থিতির প্রেক্ষাপটে নেওয়া হয়েছে।

রোববার (১৮ অক্টোবর) আকাশচুম্বী ভবনটির ব্যবস্থাপনা কর্তৃপক্ষ অফিসের ভাড়াটিয়া প্রতিষ্ঠানগুলোকে ই-মেইলের মাধ্যমে এই নির্দেশনা প্রদান করে। এএফপির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ই-মেইলে বলা হয়েছে, ‘এই সময়ে অনুগ্রহ করে অফিসে আসা থেকে বিরত থাকুন।’ তবে মেইলে নির্দিষ্ট করে কারণ উল্লেখ করা হয়নি। ভবনটির নিচতলায় অবস্থিত শপিং মলটি স্বাভাবিকভাবে খোলা রয়েছে বলে জানানো হয়েছে।

কিংডম সেন্টার, যা রিয়াদের অন্যতম পরিচিত স্থাপনা, একটি ৯৯ তলাবিশিষ্ট আকাশচুম্বী ভবন। এটি শহরের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও ব্যবসায়িক কেন্দ্রগুলোর মধ্যে একটি।

সৌদি আরবে হুথিদের ধারাবাহিক হামলার প্রেক্ষাপটে এ ধরনের সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে গুরুত্বপূর্ণ বাণিজ্যিক স্থাপনায়। এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজবাড়ী‌তে বিনা টিকিটে রেল ভ্রমণ করায় ৫ জন গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:৩৬ পি.এম


রাজবাড়ী‌তে বিনা টিকিটে রেল ভ্রমণ করায় ৫ জন গ্রেপ্তার

রাজবাড়ী জিআরপি থানা পুলিশ বিনা টিকিটে ট্রেন ভ্রমণের অভিযোগে ৫ জনকে গ্রেপ্তার করেছে। তারা ঢাকা থেকে ছেড়ে আসা ও ঢাকাগামী মধুমতি ও সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে ভ্রমণ করছিলেন।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার বামনকান্দা গ্রামের কামাল মোল্লার ছেলে বাদশা মোল্লা (১৯), মধ্যপাড়া হাসেমদিয়া গ্রামের মোঃ কালু মাতুব্বরের ছেলে নাঈম মাতুব্বর (২৩), গাজিপুর সিটি কর্পোরেশনের ২৮নং ওয়ার্ড রথখোলা এলাকার মোমরাজ উদ্দিন আহমেদের ছেলে নাদিম আহম্মেদ (৩৪), ঢাকা জেলার কেরানীগঞ্জ থানার চর সোনাকান্দা এলাকার মোঃ রব মিয়ার ছেলে মোঃ সাইদুল ইসলাম (৪০), এবং ফরিদপুর কোতয়ালী থানার মহারাজপুর দরানীপাড়া গ্রামের নুরুল ইসলাম খানের ছেলে সুমন খান (২৫)।

রবিবার (১৮ অক্টোবর) সকালে রাজবাড়ী জিআরপি থানা পুলিশ রেল স্টেশনে অভিযান পরিচালনা করে। বিনা টিকিটে ভ্রমণ করার অভিযোগে গ্রেপ্তারকৃতদের দুপুরে রাজবাড়ী জিআরপি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মিজানুর রহমান জানান, "বিনা টিকিটে রেল ভ্রমণ করায় ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।" তাদেরকে রাজবাড়ী রেলওয়ে থানার নন প্রসিকিউশন মামলা নং ৩৫, ধারা ১৮৯০ সনের রেলওয়ে আইনের ১১৩ ধারা অনুযায়ী রাজবাড়ী আদালতে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, "আমাদের এ ধরণের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পচানালার দূষণে মশার অভয়ারণ্য, শিক্ষার্থীরা ডেঙ্গু আতঙ্কে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:৩৬ পি.এম


পচানালার দূষণে মশার অভয়ারণ্য, শিক্ষার্থীরা ডেঙ্গু আতঙ্কে

নীলফামারী জেলার সৈয়দপুরের পচানালা খালটি কল-কারখানার বর্জ্যে মারাত্মকভাবে দূষিত হয়ে গেছে। পানির প্রবাহ বন্ধ হয়ে যাওয়ার ফলে একদিকে মশার বংশবিস্তার হচ্ছে, অন্যদিকে রোগজীবাণু ছড়িয়ে পড়ার ঝুঁকি সৃষ্টি হয়েছে। কৃষকদের মতে, তারা প্রায় ৫০০ হেক্টর কৃষিজমিতে সেচ দেওয়ার ব্যাপারে অনিশ্চয়তার মধ্যে রয়েছেন।

তথ্য অনুযায়ী, সৈয়দপুর শহরের উত্তর অংশের বোতলাগাড়ি ইউনিয়নের কয়া বিল থেকে পচানালাটির উৎপত্তি শুরু হয়। এরপর এটি সৈয়দপুর পৌর এলাকার মধ্য দিয়ে দক্ষিণে ২২ কিলোমিটার ঘুরে রংপুরের বদরগঞ্জের বারাতি নদীতে গিয়ে মিশেছে। এই খালটির গভীরতা ১০ ফুট এবং চওড়া ৩০ ফুট হওয়ার কথা। ১৮২২ সালে তৎকালীন জমিদার পচা সরকার জলাবদ্ধতা নিরসনের জন্য এই খালটি খনন করেছিলেন।

সৈয়দপুর পৌর এলাকার কিছু কৃষিজমি, বোতলাগাড়ি, কামারপুকুর ও বাঙালিপুর ইউনিয়নের প্রায় ৫০০ হেক্টর জমি পচানালার মাধ্যমে সেচ সুবিধা পেয়ে থাকে। কিন্তু বর্তমানে খালটির পানি এতটাই দূষিত হয়ে গেছে যে, এটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে।

পাউবো কর্তৃপক্ষ জানায়, পৌরসভার নালা নর্দমা এবং বিসিক শিল্প নগরীর বর্জ্য পচানালায় ফেলা হচ্ছে। এর ফলে পচানালার পানি দূষিত হয়ে যাচ্ছে। এই কারণে প্রতিদিন লাখ লাখ মশার জন্ম হচ্ছে।

সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের পাশে পচানালা সেতুর এলাকায় গিয়ে দেখা যায়, পচা নালার ময়লা আবর্জনা জমে পানির প্রবাহ বন্ধ হয়ে গেছে। সেখানকার পানি কালো হয়ে দুর্গন্ধ ছড়াচ্ছে। এতে ওই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও আশপাশের লোকজন দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে পড়েছেন এবং ডেঙ্গুর আতঙ্কে রয়েছেন। সৈয়দপুর শহরের রংপুর দিনাজপুর সড়কের বিসিক শিল্পনগরী এলাকায় সেতুর নিচে দুই ধারে প্রধান নালা রয়েছে। এর সংযোগ গিয়ে ঠেকেছে পচানালায়। মিল ইন্ডাস্ট্রির বর্জ্য সেখানে গিয়ে পড়ছে। উপজেলা সড়কের পচানালা সেতুর নিচে শহরের বড় নর্দমা থেকে অব্যাহত নোংরা খালের পানিতে মিশছে।

সাংবাদিক তোফাজ্জল হোসেন লুতু জানিয়েছেন, চাষীরা পচানালার পানি তাদের জমিতে সেচ কাজে ব্যবহার করতেন। কিন্তু বর্তমানে পচা নালার পানি দূষিত হয়ে যাওয়ায় পুরো পানি কালো হয়ে গেছে। এই কারণে ওই পানি আর জমিতে ব্যবহার করা সম্ভব হচ্ছে না।

ক্যান্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা জানান, "পচা নালার পাশেই আমাদের শিক্ষাপ্রতিষ্ঠান। পানির দুর্গন্ধে স্কুল সংলগ্ন মাঠে আমরা খেলতে পারছি না। মশার কামড়ে ক্লাস করতে অসুবিধা হচ্ছে। এই মশাগুলো ডেঙ্গু মশা কি না এ নিয়ে আমরা আতঙ্কে রয়েছি।"

উপজেলা কৃষি কর্মকর্তা ধীমান ভূষণ বলেন, "ডেঙ্গু নিধনে সরকার বদ্ধপরিকর। কিন্তু পচানালায় মশার বংশ বিস্তার রোধে কারো উদ্যোগ নেই। পচা নালার পানি সেচ কাজে ব্যবহার করা ও মশার উৎপত্তি রোধ করা জরুরি।"

রোববার (১৮ অক্টোবর) সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালের শিশুরোগ বিশেষজ্ঞ ডা. ওয়াসিম বারী জয় বলেন, "বদ্ধ পানিতে সাধারণত মশার বংশ বিস্তার ও রোগজীবাণু বৃদ্ধি পেয়ে থাকে। আর এসব মশার কামড় ও রোগজীবাণুর কারণে শিশু ও বড়রা বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা শতভাগ।"

এ বিষয়ে জানতে চাইলে সৈয়দপুর পাউবোর নির্বাহী প্রকৌশলী মো. আখিনুজ্জামান জানান, "পচানালার পানি নোংরা হওয়ায় তা ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে।"

পৌর এলাকা ও বিসিক শিল্প নগরীর নোংরা পানি ও বর্জ্যের কারণে প্রতিদিন লাখ লাখ মশার উৎপত্তি হচ্ছে। সৈয়দপুর পৌরসভার নোংরা পানি পচানালায় না ফেলার জন্য পৌর কর্তৃপক্ষকে একাধিক বার চিঠি দেওয়া হয়েছে। কিন্তু পৌর কর্তৃপক্ষ কর্ণপাত করছেন না।

সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সৈয়দপুর পৌর প্রশাসক ফারাহ্ ফাতিহা তাকলিমা এ ব্যাপারে জানান, "এ বিষয়ে তাদের কিছু জানা নেই। খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%