০৪:৫১ পি.এম
কক্সবাজারের টেকনাফে জাল কাগজপত্রের মাধ্যমে ভোটার হওয়ার জন্য আবেদন করার অপরাধে নুরুল আজিজ (২২) নামের এক যুবককে ১৫ দিনের কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৫ অক্টোবর) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আতিকুর রহমান এই দণ্ড দেন। দণ্ডপ্রাপ্ত যুবক হোয়াইক্যং ইউনিয়নের দৈংগ্যাকাটা এলাকার মো. হাফেজের পুত্র।
উপজেলা নির্বাচন অফিসের সূত্রে জানা যায়, নুরুল আজিজ ভোটার হওয়ার জন্য আবেদনে নিজেকে দৈংগ্যাকাটা গ্রামের বাসিন্দা হিসেবে উল্লেখ করেন এবং বাবার নাম হিসেবে মো. রশিদ উল্লেখ করেন। তিনি নাগরিকত্ব ও চারিত্রিক সনদ এবং জন্মনিবন্ধনের কাগজপত্র জমা দেন। নির্বাচন কর্মকর্তাদের কাছে কাগজপত্রে অসংগতি ধরা পড়লে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। যাচাই-বাছাইয়ের পর তার প্রকৃত বাবার নাম মো. হাফেজ নিশ্চিত হওয়া যায়। ফলে জাল কাগজপত্রের মাধ্যমে ভুয়া পরিচয়ে ভোটার হওয়ার চেষ্টা ধরা পড়ে।
টেকনাফ উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. সালাউদ্দীন আল আজাদ বলেন, ‘তিনি অন্য একজনকে বাবা পরিচয় দিয়ে নাগরিকত্ব সনদ ও জন্মনিবন্ধন তৈরি করে ভোটার হওয়ার জন্য আবেদন করেন। যাচাই করে জালিয়াতির বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।’
আরও পড়ুন: উখিয়ায় ১৫ ঘণ্টা পরও জ্বলছে গ্যাসের আগুন, ১৫ কিলোমিটার এলাকায় বিদ্যুৎ বন্ধ
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আতিকুর রহমান বলেন, ‘সনদ ও জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে তাকে কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া, তিনি রোহিঙ্গা নাগরিক কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন