শনিবার, ১৯ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
১১:১৬ পি.এম
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক ড. নাহিদা বেগমের ছেলে, নিহত কিশোর ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের জানাজার নামাজ আগামীকাল রোববার (২০ সেপ্টেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের মাঠে অনুষ্ঠিত হবে, জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম।
উপাচার্য আরও জানান, সকাল ১০টায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। এরপর সকাল ১১টায় কুমিল্লার গন্ধমতি ঈদগাহ ময়দানে দ্বিতীয় জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।
অপ্রতিমের জানাজায় অংশগ্রহণের জন্য সবাইকে অনুরোধ করেছেন উপাচার্য, যাতে তার রুহের মাগফিরাত কামনা করা যায়।
গত শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে মায়ের মোবাইল ফোন নিয়ে ছবি তুলতে বের হয়ে নিখোঁজ হয়ে যায় কিশোর অপ্রতিম। নিখোঁজ হওয়ার পর পরিবারের সদস্য, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও পুলিশ প্রশাসন বিভিন্ন স্থানে তার সন্ধানে খোঁজাখুঁজি শুরু করেন। প্রায় ২১ ঘণ্টা পর শনিবার দুপুরে তার মরদেহ উদ্ধার করা হয়।
মরদেহটি উদ্ধার করে কুমিল্লা সদর হাসপাতে নিয়ে যাওয়া হয়। সেখানে ময়নাতদন্তের পর রাত সাড়ে আটটার দিকে তার মরদেহ নিজ বাসায় নিয়ে আসা হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
এলডিপির প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমেদ বীর বিক্রম মন্তব্য করেছেন যে, "বিএনপির প্রতিটি কর্মীর ঘরে ঘরে আজ কান্নার রোল শুরু হয়ে গেছে।"
তিনি উল্লেখ করেছেন, "দেশে চাঁদাবাজি ও সন্ত্রাস বন্ধ হয়ে যাবে, সেজন্য বিএনপি কর্মীদের ঘরে ঘরে হাহাকার শুরু হয়ে গেছে। আমরা দেশকে সঠিক পথে আনার জন্যই লংমার্চ করছি। কোনো মুনাফেকের কথায় আপনারা বিপথগামী হবেন না।"
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে ১১ দলীয় ঐক্যের ‘ঢাকা টু রংপুর’ লংমার্চের উদ্বোধনী সমাবেশে তিনি এসব কথা বলেন।
অলি আহমেদ আরও বলেন, "বিএনপির প্রতিটি কর্মীর ঘরে ঘরে আজ কান্নার রোল শুরু হয়ে গেছে। কারণ হলো—একসময় রাশিয়ার প্রেসিডেন্ট ছিলেন অত্যন্ত শক্তিশালী নেতা ক্রুশ্চেভ। হঠাৎ যখন তার বিরুদ্ধে রাস্তায় সংগ্রাম শুরু হলো, তখন তার মা ঘরে জোরে জোরে কান্নাকাটি শুরু করলেন। কান্না কিছুতেই থামছে না দেখে সবাই এসে জানতে চাইল—পৃথিবীর এত বড় নেতার মা হয়ে আপনি কেন কাঁদছেন? তখন মা জবাব দিলেন, ওর ক্ষমতা চলে গেলে আমাদের কী অবস্থা হবে? এই মার্বেলের বাড়ি, বড় বড় গাড়ি আর ভালো খাবার—এসব আমরা আর কোথায় পাবো?"
তিনি বলেন, "ক্ষমতার থেকে চলে গেলে আজকে বিএনপির একই অবস্থা হবে। চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে, সন্ত্রাসী বন্ধ হয়ে যাবে, মাস্তানি বন্ধ হয়ে যাবে। তারেকের যে সরকার এটা বিএনপির সরকার না, এটা হলো হাসিনার সরকার। তারেককেও সাবধান হতে হবে, দেশবাসীকেও সাবধান হতে হবে।"
১১ দলীয় ঐক্যের এই নেতা আরও বলেন, "আমরা এই রোড মার্চ করছি শুধু দেশকে সঠিক পথে আনার জন্য, কোনো ক্ষমতার লোভে নয়, ব্যক্তিগত কোনো লোভে নয়, ঐক্যবদ্ধভাবে থাকেন, বিপদগামী হবেন না। ফেসবুকে কে কি লিখলো, কোন মোনাফেক কি লিখলো, কোন বেইমান কি লিখলো, ভারতের দালালেরা কি লিখলো, সেটার দিকে গণ্ডপাত করবেন না। নিজের অভীষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য যা যা করা প্রয়োজন, তা ঈমানী শক্তিতে বলীয়ান হয়ে করবেন।"
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু উল্লেখ করেছেন, শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দেশের উন্নয়নকে এগিয়ে নেওয়া হচ্ছে। বর্তমান সরকার শিক্ষাব্যবস্থার সামগ্রিক উন্নয়নের জন্য শিক্ষাখাতে সর্বাধিক অর্থ বরাদ্দ করছে।
তিনি জানিয়েছেন, রাজশাহী কোর্ট কলেজসহ অন্যান্য সম্ভাবনাময় শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে দ্রুত জাতীয়করণে প্রয়োজনীয় সরকারি উদ্যোগ নেওয়া হবে, যাতে শিক্ষানগরী হিসেবে রাজশাহীর সুখ্যাতি বজায় থাকে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) রাজশাহী কোর্ট কলেজের কনফারেন্স রুমে আইসিটি ডিজিটাল ল্যাবের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
ভূমিমন্ত্রী রাজশাহীর সামগ্রিক উন্নয়নের ওপর আলোকপাত করে বলেছেন, এলাকার ও শিক্ষাব্যবস্থার উন্নয়নের জন্য দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
রাজশাহী শহরকে একটি সবুজ, সুন্দর, পরিচ্ছন্ন, বাসযোগ্য এবং উন্নত আইনশৃঙ্খলার নগর হিসেবে গড়ে তোলার দায়িত্ব সবার।
শিক্ষা প্রতিষ্ঠানকে নিজের মায়ের সঙ্গে তুলনা করে তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ভবিষ্যতে জাতির মুখ উজ্জ্বল করতে এবং মানবতার সেবায় নিজেদের উৎসর্গ করতে প্রত্যেককে যথাযথ শিক্ষা ও যোগ্যতা অর্জন করতে হবে।
শিক্ষার্থীদের আবাসন সুবিধা বাড়ানোর লক্ষ্যে একটি ছাত্রীনিবাস নির্মাণের প্রতিশ্রুতি দেন মিজানুর রহমান মিনু।
তিনি কলেজ কর্তৃপক্ষ ও অধ্যক্ষকে হোস্টেল নির্মাণের জন্য কলেজের পার্শ্ববর্তী এলাকার খাস জমি বরাদ্দের জন্য ভূমি মন্ত্রণালয়ে আবেদন করার পরামর্শ দেন এবং দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
রাজশাহী কোর্ট কলেজের গভর্নিং বডির সভাপতি অ্যাডভোকেট মুস্তারুজ্জামান লাভলুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ সাইদা খানম।
এছাড়া অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, কলেজের গভর্নিং বডির সদস্যবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থীরা, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে ভূমিমন্ত্রী রাজশাহী কোর্ট কলেজের আইসিটি ডিজিটাল ল্যাবের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং কলেজ চত্বরে গাছ রোপণ করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মিরপুর এবং বাড্ডার পর, এবার দক্ষিণ কেরানীগঞ্জ থানার সামনে একটি পিকআপে আগুন লাগার ঘটনা ঘটেছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে থানার সামনে সড়কের উপর জব্দ করা একটি পিকআপে অজ্ঞাতনামা ব্যক্তিরা আগুন দেয়।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আজগর আলী এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, রাত সাড়ে ৯টার সময় কে বা কারা জব্দকৃত পিকআপে আগুন দেয়। আমরা এই ঘটনার তদন্ত করছি। পরে এই বিষয়ে বিস্তারিত তথ্য প্রদান করা হবে।
এদিকে, এর আগে একইদিন সন্ধ্যায় মিরপুরে দুটি বাসে এবং মধ্যবাড্ডায় একটি বাসে আগুনের ঘটনা ঘটেছিল।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মানিকগঞ্জের ঢাকা-আরিচা মহাসড়কের বাসস্ট্যান্ড এলাকায় ওভারব্রিজের নিচে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। যদিও এতে কেউ হতাহত হয়নি, তবে বাসস্ট্যান্ড এলাকার মানুষের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত ৯টা ২০ মিনিটের দিকে বিস্ফোরণের ঘটনা ঘটে। অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আব্দুল্লাহ আল মাসুম বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়দের মতে, আনুমানিক রাত ৯টা ২০ মিনিটের দিকে দুর্বৃত্তরা বাসস্ট্যান্ডের ওভারব্রিজের নিচে ককটেল বিস্ফোরণ ঘটায়। বিকট শব্দের ফলে আশপাশের লোকজন আতঙ্কিত হয়ে পড়ে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শী মো. হাবিব জানান, তারা সেখানে দাঁড়িয়ে ছিলেন। বিকট শব্দ শোনার পর তারা প্রথমে মনে করেছিলেন, গাড়ির চাকা ব্রাস্ট হয়েছে। পরে তারা দেখেন, চারপাশে ধোঁয়া ছড়িয়ে গেছে। তখনই তারা বুঝতে পারেন, ককটেল বিস্ফোরণ ঘটেছে। কিন্তু বিস্ফোরণকারী কে বা কারা, তা তারা দেখতে পাননি।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আব্দুল্লাহ আল মাসুম বলেন, যে স্থানে বিস্ফোরণ ঘটেছে, সেখানে সব সময় টহল পুলিশ থাকে। তবে ওই সময় টহল পুলিশ সেখানে উপস্থিত ছিল না। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, মোটরসাইকেলে করে এসে বিস্ফোরণ ঘটানো হয়েছে। এর আগে নির্বাচনের সময়েও এ ধরনের দুই-তিনটি ঘটনা ঘটেছিল। যারা এই কাজ করেছে, তাদের শনাক্ত করতে আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে।
ঘটনাস্থলে পুলিশের একটি দল এবং এসআরবি (র্যাব-৪, সিপিসি-৩, মানিকগঞ্জ; সদ্য পরিবর্তিত নাম) বিস্ফোরণের স্থান পরিদর্শন করেছে।
এর আগে, গত বছরের নভেম্বর ও ডিসেম্বর মাসে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকা এবং শহরের জেলা ও দায়রা জজের বাসভবনের প্রধান ফটকের সামনে কয়েক দফায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছিল।
তালাশ বিডি/মিডিয়া লিঃ