ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

রাউজানে পুলিশকে ধাওয়া দিল উত্তেজিত জনতা


রাউজানে পুলিশকে ধাওয়া দিল উত্তেজিত জনতা

চট্টগ্রামের রাউজানে পুলিশ সদস্যদের বিরুদ্ধে হয়রানির অভিযোগ তুলে উত্তেজিত জনতা তাঁদের ধাওয়া করে এবং গাড়ি ঘেরাও করে। এই ঘটনা ঘটে গতকাল সোমবার (২৮ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে রাউজান উপজেলার চিকদাইর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে। জনরোষের মুখে পুলিশ শেষ পর্যন্ত দুই যুবককে ছেড়ে দিতে বাধ্য হয় এবং স্থান ত্যাগ করে।

স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, সোমবার রাতে পুলিশের একটি পিকআপ ভ্যানে কয়েকজন পুলিশ সদস্য চিকদাইর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড এলাকায় পৌঁছান। সেখানে তারা স্থানীয় অটোরিকশাচালক সাঈদ ও নির্মাণশ্রমিক মোহাম্মদ জিসানকে আটক করে গাড়িতে তোলে। আটকের খবর দ্রুত ছড়িয়ে পড়লে এলাকাবাসী চারদিক থেকে এসে পুলিশের গাড়ি আটকে দেয়।

এই পরিস্থিতিতে স্থানীয় বাসিন্দারা বিনা কারণে হয়রানির অভিযোগ তুলে বিক্ষোভ শুরু করেন এবং পুলিশ সদস্যদের ধাওয়া দেন। একপর্যায়ে জনতার তীব্র প্রতিবাদের মুখে আটক দুই যুবককে ছেড়ে দিতে বাধ্য হয় পুলিশ। পরে পরিস্থিতি কিছুটা শান্ত হলে পুলিশ সদস্যরা গাড়ি নিয়ে এলাকা ত্যাগ করেন।

আরও পড়ুন: কেরানীগঞ্জে প্লাস্টিক দূষণ রোধে আলোচনা ও পরিচ্ছন্নতা অভিযান

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান জানান, এলাকায় কিশোর গ্যাং প্রতিরোধ ও দমনে পুলিশের একটি বিশেষ দল অভিযানে গিয়েছিল। তবে স্থানীয় বাসিন্দাদের তীব্র বাধা ও প্রতিরোধের কারণে দলটি কোনো ধরনের কঠোর পদক্ষেপ না নিয়ে থানায় ফিরে আসে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইউক্রেনের বিভিন্ন শহরে রুশ ড্রোন হামলা, নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৯:০০ এম


ইউক্রেনের বিভিন্ন শহরে রুশ ড্রোন হামলা, নিহত ১০

রাশিয়ার ড্রোন হামলার ফলে ইউক্রেনজুড়ে ১০ জনের মৃত্যু হয়েছে এবং ৮০ জনেরও বেশি আহত হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) ইউক্রেনের রাজধানী কিয়েভের কেন্দ্রস্থলসহ বিভিন্ন শহরে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এটি ছিল রাশিয়ার অন্যতম ধারাবাহিক ও তীব্র আক্রমণ।

কিয়েভের কেন্দ্রস্থলে অবস্থিত ঐতিহাসিক ন্যাশনাল একাডেমি অব সায়েন্সেস ভবনে রাশিয়ার ড্রোন আঘাত হানে। এতে দুজন নিহত হয় এবং ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বিস্ফোরণের ফলে ধ্বংসস্তূপের নিচে বেশ কয়েকজন চাপা পড়েছেন, যাদের উদ্ধার করতে জরুরি পরিষেবা কাজ করছে। কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো জানিয়েছেন, কিয়েভের একাধিক হামলায় ২৪ জন আহত হয়েছেন। বিজ্ঞান একাডেমি ছাড়াও কিয়েভের একটি ওষুধ কোম্পানি, পেট্রল স্টেশন ও চিকিৎসা কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, রাশিয়া এবার আগের চেয়ে দ্রুতগামী ও উঁচুতে উড়তে সক্ষম জেট-চালিত ড্রোন ব্যবহার করছে। ইউক্রেনের ওপর ছোড়া ১২০টি ড্রোনের মধ্যে ৯০টি ছিল জেট-চালিত। এসব ড্রোন প্রতিহত করা ইউক্রেনের জন্য একটি কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে এবং ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থার মাধ্যমে এর ৫৭% প্রতিহত করা সম্ভব হয়েছে। ইউক্রেন বর্তমানে এই নতুন ড্রোন মোকাবেলার প্রযুক্তি উন্নত করার কাজ করছে।

কিয়েভের পাশাপাশি দনিপ্রো শহরের একটি বাণিজ্যিক কেন্দ্রে হামলায় তিনজন নিহত এবং ১৯ জন আহত হয়েছেন। সিনেলনিকোভের একটি লজিস্টিকস অফিসে ড্রোনের আঘাতে একজন নিহত হন। জাপোরিঝিয়াতে পরিকাঠামোতে হামলায় অন্তত ৩২ জন আহত হয়েছেন। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা কর্মদিবসে সাধারণ বেসামরিক ও বৈজ্ঞানিক প্রতিষ্ঠানে এই হামলার তীব্র নিন্দা জানিয়ে মিত্রদেশগুলোর কাছে আরো উন্নত বিমান প্রতিরক্ষাব্যবস্থা সরবরাহের দাবি জানিয়েছেন।

অন্য এক ভাষণে প্রেসিডেন্ট জেলেনস্কি দাবি করেন, রাশিয়া তার সামরিক বাহিনীর জন্য নতুন করে সৈন্য নিয়োগ বাড়াচ্ছে। তিনি জানান, বর্তমানে রাশিয়ার কুরস্ক অঞ্চলে ৮,০০০ উত্তর কোরীয় সৈন্য রয়েছে এবং আরো ১০,০০০ সৈন্যকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। তবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নতুন করে সৈন্য সংগ্রহের এসব দাবিকে পুরোপুরি ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছেন। এদিকে, ইউক্রেন জানিয়েছে যে, তারা রাশিয়ার ক্রাসনোদার অঞ্চলের তেল স্থাপনা ও দুটি প্রতিরক্ষা কারখানায় পাল্টা হামলা চালিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ট্রাম্পের শরণার্থী-অভিবাসীদের জন্য ৮১০ মিলিয়ন ডলারের তহবিল বাতিলের উদ্যোগ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৯:০২ এম


ট্রাম্পের শরণার্থী-অভিবাসীদের জন্য ৮১০ মিলিয়ন ডলারের তহবিল বাতিলের উদ্যোগ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কংগ্রেসের অনুমোদিত ৮১০ মিলিয়ন ডলারের সরকারি তহবিল বাতিলের জন্য উদ্যোগ নিয়েছেন। এই তহবিলের একটি বড় অংশ শরণার্থী, আশ্রয়প্রার্থী এবং অন্যান্য অভিবাসীদের জন্য বিভিন্ন সেবা ও সহায়তা কর্মসূচিতে বরাদ্দ ছিল।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ট্রাম্প প্রশাসন প্রতিনিধি পরিষদের স্পিকার মাইক জনসনের কাছে ১১টি বরাদ্দ বাতিলের প্রস্তাব পাঠিয়েছে। হোয়াইট হাউসের নথি অনুযায়ী, এই বরাদ্দগুলোর মোট মূল্য ৮১০ মিলিয়ন ডলার। স্বাস্থ্য ও মানবসেবা, শিক্ষা, স্বরাষ্ট্র নিরাপত্তা, আবাসন ও নগর উন্নয়ন, বিচার এবং অন্যান্য খাতের তহবিল এতে অন্তর্ভুক্ত রয়েছে।

এই বরাদ্দের মধ্যে সবচেয়ে বড় অংশ, ৫৬৭ মিলিয়ন ডলার, স্বাস্থ্য ও মানবসেবা বিভাগের এমন কর্মসূচি থেকে প্রত্যাহারের প্রস্তাব করা হয়েছে, যেগুলোর মাধ্যমে শরণার্থী, আশ্রয়প্রার্থী, একাকী অপ্রাপ্তবয়স্ক এবং অন্যান্য অমার্কিন নাগরিকদের সেবা দেওয়া হতো। এছাড়া অভিবাসী শিক্ষার্থীদের জন্য প্রায় ২৫ মিলিয়ন ডলার এবং অন্যান্য শিক্ষা ও সামাজিক সেবা কর্মসূচির অর্থও বাতিলের আওতায় রয়েছে।

হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়েছে, এসব তহবিলের কিছু অংশ আর প্রয়োজনীয় নয় এবং প্রশাসনের নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। প্রশাসনের দাবি, সীমান্ত দিয়ে অবৈধ প্রবেশ কমে যাওয়ায় অভিবাসন-সংশ্লিষ্ট কিছু কর্মসূচিতে আগের মতো অর্থের প্রয়োজন নেই।

কিন্তু কংগ্রেসের সদস্যরা এই উদ্যোগের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন। সিনেটের বরাদ্দ কমিটির চেয়ারম্যান সুসান কলিন্স বলেছেন, কংগ্রেস অনুমোদিত অর্থ নির্বাহী শাখা একতরফাভাবে বাতিল করতে পারে না। ডেমোক্র্যাট সিনেটর প্যাটি মুরেও এই পদক্ষেপের সমালোচনা করেছেন।

ট্রাম্প প্রশাসন যে পদ্ধতি ব্যবহার করছে, সেটিকে ‘পকেট রেসিশন’ বলা হচ্ছে। সাধারণত কংগ্রেসকে বরাদ্দ বাতিলের প্রস্তাব পর্যালোচনার সুযোগ দেওয়া হয়। তবে এবারের প্রস্তাবটি ৩০ সেপ্টেম্বর মার্কিন অর্থবছর শেষ হওয়ার মাত্র কয়েক দিন আগে পাঠানো হয়েছে। ফলে প্রস্তাবটি নিয়ে কংগ্রেসের পূর্ণাঙ্গ পর্যালোচনার সময় নিয়েও বিতর্ক তৈরি হয়েছে।

মার্কিন সরকারি নজরদারি সংস্থা গভর্নমেন্ট অ্যাকাউন্টেবিলিটি অফিস এই ধরনের পদক্ষেপের বৈধতা নিয়ে আপত্তি জানিয়েছে। সংস্থাটির মতে, পর্যাপ্ত সময় না দিয়ে কংগ্রেস অনুমোদিত অর্থ আটকে রাখার এই পদ্ধতি কংগ্রেসের অর্থ বরাদ্দের সাংবিধানিক ক্ষমতাকে পাশ কাটানোর প্রশ্ন তৈরি করে। তথ্যসূত্র: মিডল ইস্ট আই, রয়টার্স

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুয়াশায় ঢেকেছে পঞ্চগড়ের জনপদ, দুয়ারে কড়া নাড়ছে শীত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৯:০২ এম


কুয়াশায় ঢেকেছে পঞ্চগড়ের জনপদ, দুয়ারে কড়া নাড়ছে শীত

দেশের সর্ব উত্তরের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ে শীতের আমেজ ইতোমধ্যে অনুভূত হতে শুরু করেছে। মধ্য রাতের পর কিছুটা ঠান্ডার অনুভূতি বৃদ্ধি পাচ্ছে এবং ভোরের প্রকৃতি স্পষ্টভাবে জানাচ্ছে যে শীত দরজায় কড়া নাড়ছে। প্রকৃতির আগাম বার্তা যখন শিশির ও কুয়াশায় প্রকাশ পায়, তখন শীতার্ত মানুষের জন্য প্রস্তুতি নেওয়া জরুরি হয়ে পড়ে। কারণ, কারও কাছে শীত মানে প্রকৃতির সৌন্দর্য, আবার কারও কাছে, এক টুকরো উষ্ণতার অপেক্ষা।

আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৬ টায় তেঁতুলিয়া আবহাওয়া অফিসে সর্বনিম্ন তাপমাত্রা ২৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বর্ষার আমেজ পুরোপুরি কাটতে না কাটতেই মধ্যরাত থেকেই ঠান্ডা বাতাসের অনুভূতি বাড়ছে। ভোরে কুয়াশা ও শিশির দেখা যাচ্ছে। ঘাসের ডগায় জমে থাকা স্বচ্ছ শিশিরবিন্দু, চারপাশে কুয়াশার আবরণ এবং উত্তরের হিমেল বাতাস সবকিছুতেই ঋতু বদলের আগাম বার্তা প্রতিফলিত হচ্ছে। হিমালয়ের পাদদেশে অবস্থিত হওয়ায় পঞ্চগড়ে শীতের অনুভূতি অন্যান্য অঞ্চলের তুলনায় আগেভাগেই আসে।

শুড়ি ভিটা এলাকার আবুল কালাম জানিয়েছেন, সকালে রাস্তাঘাট কুয়াশার আবরণে ঢাকা থাকে। উত্তরের দিক থেকে আসা হিমেল বাতাসে শরীরে শীতের পরশ অনুভূত হচ্ছে। পঞ্চগড়ের ভোর যেন আগেভাগেই জানান দিচ্ছে শীত আসছে।

রিয়াজ উদ্দিন জানিয়েছেন, জেলায় শীত এখনই অনুভব হচ্ছে, তবে শীত বাড়লে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন খেটে খাওয়া ও নিম্ন আয়ের মানুষরা। ভোর হলেই পাথর ও চা শ্রমিক, দিনমজুর ও খেটে খাওয়া মানুষরা বেরিয়ে পড়েন। হিমেল হাওয়া ও কুয়াশার মাঝে শ্রমিকরা নদীতে পাথর তুলতে ও শিশির ভেজা চা পাতা কাটার জন্য বের হন।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় জানিয়েছেন, শীত মৌসুমে দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় পঞ্চগড়ে সর্বোচ্চ শীত অনুভূত হয়। মৌসুমের বেশিরভাগ দিনে দেশের সর্বনিম্ন তাপমাত্রা এই জেলায় রেকর্ড করা হয়। তাপমাত্রার পারদ এক অঙ্কের ঘরে পৌঁছে যায়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফেনীতে ১৫৪২ কোটি টাকার প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৯:১০ এম


ফেনীতে ১৫৪২ কোটি টাকার প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

ফেনীর পরশুরাম উপজেলায় মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (প্রথম পর্যায়) প্রকল্পটি উদ্বোধন করতে ১ অক্টোবর প্রধানমন্ত্রী তারেক রহমান ফেনীতে আসবেন।

প্রধানমন্ত্রীর এই সফর পূর্বে ১৭ সেপ্টেম্বর নির্ধারিত ছিল, তবে তা স্থগিত করে বুধবার (১ অক্টোবর) নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে।

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় গত ১৬ জুন ১ হাজার ৫৪২ কোটি ১৬ লাখ টাকার প্রকল্পটি অনুমোদন লাভ করে। প্রকল্পের আওতায় নদী ও জলাধার পুনঃখনন, বন্যা নিয়ন্ত্রণ বাঁধ পুনর্বাসন, নদীতীর সংরক্ষণ এবং সেচ অবকাঠামো সংস্কারের কাজ করা হবে।

প্রধানমন্ত্রীর সফরের প্রস্তুতি পরিদর্শন করতে সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে ফেনী আসেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। এ সময় তিনি পরশুরাম উপজেলার খেয়াঘাট, মুহুরী নদীর তীরবর্তী এলাকা এবং প্রস্তাবিত জনসভাস্থল পরিদর্শন করেন।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী পরশুরামের ঘাটঘর এলাকায় মুহুরী নদীর তীরে প্রকল্পটির উদ্বোধন করবেন। এরপর সেখানে একটি জনসভায় বক্তব্য দেবেন তিনি। পরবর্তীতে প্রধানমন্ত্রী ফুলগাজীতে যাবেন এবং খালেদা জিয়া মহিলা কলেজে বৃক্ষরোপণসহ কয়েকটি কর্মসূচিতে অংশগ্রহণ করবেন।

এছাড়া, পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলার সরকারি দপ্তরগুলোতে স্থাপিত মোট ৯৬২ দশমিক ৫ কিলোওয়াট ক্ষমতার সৌর প্যানেলের উদ্বোধনও করবেন প্রধানমন্ত্রী। পরে তিনি ফুলগাজী জেলা পরিষদ ডাকবাংলোয় বিশ্রাম ও নামাজ আদায় করবেন। বেলা ৩টা থেকে ৩টা ২০ মিনিটের মধ্যে ফুলগাজী সরকারি পাইলট উচ্চবিদ্যালয় মাঠে একটি কর্মসূচিতে অংশ নেওয়ার পরিকল্পনা রয়েছে তার। তিনটি মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত ওই কর্মসূচিতে প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড, ইমাম ও পুরোহিতদের ভাতা, কৃষক কার্ড এবং দরিদ্র শিক্ষার্থী ও অসহায় মানুষের জন্য সহায়তা কার্যক্রমে অংশগ্রহণ করবেন। পাশাপাশি তিনি দলীয় নেতাকর্মীদের এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করার কথাও বলেছেন।

নিরাপত্তার ব্যবস্থা নিশ্চিত করার জন্য অনুষ্ঠানস্থলগুলোকে তিনটি জোন—রেড, ইয়োলো ও হোয়াইটে ভাগ করা হবে। নিরাপত্তা নিশ্চিত করতে পরশুরাম ও ফুলগাজী উপজেলায় দুই হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হবে।

প্রধানমন্ত্রীর ফেনী সফরের পূর্বে রোববার (২৭ সেপ্টেম্বর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক সভায় জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুবউল করিম এসব তথ্য জানান।

ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আল আমিন সরকার বলেন, প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে নিশ্ছিদ্র নিরাপত্তাব্যবস্থা নেওয়া হবে। এসএসএফের পাশাপাশি পুলিশ, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি), বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), কোস্ট গার্ড ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিরাপত্তাব্যবস্থায় নিয়োজিত থাকবেন। তবে মোট কতজন সদস্য মোতায়েন করা হবে, তা জানাতে পারেননি তিনি।

জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুবউল করিম জানান, রেড জোনে প্রবেশের অনুমতি পাওয়া ব্যক্তিদের জন্য বিশেষ নিরাপত্তা কার্ড দেওয়া হবে। ইয়েলো জোনের জন্য আলাদা কার্ড দেওয়া হবে এবং সংশ্লিষ্ট কার্ডধারীরাই কেবল সেখানে প্রবেশ করতে পারবেন। রেড ও ইয়েলো জোনের বাইরের এলাকাকে হোয়াইট জোন হিসেবে নির্ধারণ করা হবে, যেখানে সাধারণ মানুষ প্রবেশ করতে পারবেন। সম্ভাব্য সূচি অনুযায়ী প্রধানমন্ত্রী সড়কপথে পরশুরাম যাবেন। তবে তার ফেরার বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

এদিকে প্রধানমন্ত্রীর সফরের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে রয়েছে। সরেজমিনে দেখা গেছে, পরশুরামের ঘাটঘর এলাকায় মুহুরী নদীর তীরে জনসভাস্থল তৈরির প্রস্তুতি চলছে। এছাড়া পরশুরাম পাইলট উচ্চবিদ্যালয় মাঠে অস্থায়ী হেলিপ্যাড নির্মাণের প্রস্তুতিও চলছে। অনুষ্ঠানস্থলে মঞ্চ, উদ্বোধনী ফলকের স্থান এবং অন্যান্য প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণের কাজ প্রায় শেষ পর্যায়ে।

জনসভায় অংশ নেওয়া মানুষের জন্য বিশুদ্ধ পানির ব্যবস্থা করা হচ্ছে। অনুষ্ঠানস্থলে পানির ট্যাংক ও পোর্টেবল টয়লেট স্থাপন এবং অন্যান্য স্যানিটেশন ব্যবস্থা করছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। অনুষ্ঠানস্থল ও আশপাশের এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং অন্যান্য প্রয়োজনীয় প্রস্তুতিমূলক কাজও চলছে।

সড়ক যোগাযোগ স্বাভাবিক ও নিরাপদ রাখতে ফেনী-পরশুরাম প্রধান সড়কের কয়েকটি গুরুত্বপূর্ণ অংশে মেরামত ও সংস্কারকাজ করছে সড়ক ও জনপথ বিভাগ। এছাড়া পরশুরাম-সুবার বাজার সড়কের জনসভাস্থলের আশপাশেও প্রয়োজনীয় মেরামত ও প্রস্তুতিমূলক কাজ করা হচ্ছে। ফুলগাজী সরকারি পাইলট উচ্চবিদ্যালয় মাঠ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে সৌন্দর্যবর্ধনের কাজও চলছে।

এদিকে স্থানীয় বাসিন্দারা আশা করছেন, সরকার বন্যা ও নদীভাঙনের স্থায়ী সমাধান, ফেনীতে মেডিকেল কলেজ ও পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, লালপুলে আন্ডারপাস নির্মাণ, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং জেলার যোগাযোগ ও অবকাঠামোর উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%