মোঃ রাসেল সরকার, স্টাফ রিপোর্টার
১২:৫৫ পি.এম
“শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের শাহজাদপুরে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়, শাহজাদপুর, সিরাজগঞ্জের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা সারমিনের সভাপতিত্বে এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুবিনা বেগমের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন রিসোর্স ইন্সট্রাক্টর আয়শা আক্তার, শাহজাদপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ আব্দুল হাই, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কর্মকর্তা মাহবুবা আলম, প্রেম ক্লাবের সাধারণ সম্পাদক আল-আমীন হোসেন এবং যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মনিরুজ্জামানসহ অন্যান্য অতিথিরা।
বক্তারা কন্যাশিশুর অধিকার সুরক্ষা, বাল্যবিবাহ প্রতিরোধ, নারীশিক্ষার প্রসার এবং কন্যাশিশুর নিরাপদ ও মর্যাদাপূর্ণ ভবিষ্যৎ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, কন্যাশিশুর শিক্ষা, স্বাস্থ্য ও বিকাশের উপযুক্ত পরিবেশ নিশ্চিত করা গেলে তারা ভবিষ্যতে দেশ ও জাতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।
বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি উল্লেখ করে বক্তারা এ সমস্যা প্রতিরোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, প্রশাসন ও সমাজের সর্বস্তরের মানুষকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
জাতীয় কন্যাশিশু দিবসের এ আয়োজনের মধ্য দিয়ে কন্যাশিশুর অধিকার প্রতিষ্ঠা, সচেতনতা বৃদ্ধি এবং বাল্যবিবাহমুক্ত সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বরিশাল নগরীর রূপাতলী এলাকায় নতুন খাবারের প্রতিষ্ঠান ‘হাওলাদার হোটেল এন্ড ফুড জোন’-এর শুভ উদ্বোধন হতে যাচ্ছে আগামী ১৬ অক্টোবর, শুক্রবার। এ উপলক্ষে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর ২০২৬) বাদ আসর পটুয়াখালী সড়কের পল্লী বিদ্যুতের বিপরীতে, রেইনট্রিতলা, ২৪ নম্বর ওয়ার্ড, রূপাতলী, বরিশালে প্রতিষ্ঠানটির উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
‘হাওলাদার হোটেল এন্ড ফুড জোন’ ঘরোয়া পরিবেশে খাঁটি ও সুস্বাদু খাবার পরিবেশনের প্রত্যয় নিয়ে যাত্রা শুরু করতে যাচ্ছে। প্রতিষ্ঠানটির স্লোগান— ‘আপনার তৃপ্তিই আমাদের শেষ কথা।’ খাঁটি স্বাদ ও আন্তরিক আতিথেয়তার মাধ্যমে গ্রাহকদের সন্তুষ্টি অর্জনই প্রতিষ্ঠানটির মূল লক্ষ্য বলে জানানো হয়েছে।
এ উপলক্ষে প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মো. হুমায়ুন কবিব সম্মানিত অতিথি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসীকে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আন্তরিক আমন্ত্রণ জানিয়েছেন। একই সঙ্গে সবার দোয়া, সহযোগিতা ও শুভকামনা কামনা করেছেন তিনি।
প্রতিষ্ঠানের ঠিকানা: পটুয়াখালী সড়ক, পল্লী বিদ্যুতের বিপরীতে, রেইনট্রিতলা, ২৪ নম্বর ওয়ার্ড, রূপাতলী, বরিশাল।
যোগাযোগ:01815-005350, 01770-520625
স্বত্বাধিকারী:মো. হুমায়ুন কবিব
প্রতিষ্ঠান:হাওলাদার হোটেল এন্ড ফুড জোন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নারীর শরীর নিয়ে সামাজিক সমালোচনা যেন থামার নামই নিচ্ছে না। যখন ওজন বেশি থাকে, তখন কটাক্ষ শুনতে হয়, আবার অতিরিক্ত রোগা হলে নেতিবাচক মন্তব্যের শিকার হতে হয়। সম্প্রতি বলিউড অভিনেত্রী রাধিকা মদন শরীরের গড়ন নিয়ে এমনই একটি তিক্ত অভিজ্ঞতার কথা জানিয়েছেন। তিনি পর্দার চরিত্রের প্রয়োজনে ওজন বাড়ানো ও কমানোর সময় বডি শেমিংয়ের শিকার হয়েছেন, সেই অভিজ্ঞতা তুলে ধরেছেন।
অভিনয়ের প্রয়োজনে রাধিকা মদন নিজের শারীরিক গঠনে পরিবর্তন এনেছেন। ‘পাটাখা’ সিনেমার জন্য তিনি প্রায় ১৫ কেজি ওজন বাড়িয়েছিলেন। পরে ‘শিদ্দাত’ ও ‘আংরেজি মিডিয়াম’-এর কাজের সময় তিনি ওজন কমানোর চেষ্টা করেন। আর তখন থেকেই শুরু হয় কটাক্ষ। মোটা হয়ে যাওয়ার কারণে, তাঁর চেহারায় কীভাবে নায়িকা হবেন, এমন মন্তব্য শুনতে হয়েছিল তাঁকে।
সমালোচনা থেকে মুক্তি পেতে রাধিকা ওজন কমানোর দিকে আরও মনোযোগী হন। একপর্যায়ে অতিরিক্ত ওজন কমাতে গিয়ে শারীরিকভাবে প্রভাবিত হন তিনি। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে কাজ থেকে বিরতি নিতে বাধ্য হন। কিন্তু ওজন কমিয়েও সমালোচকদের মুখ বন্ধ করতে পারেননি। যাঁরা একসময় তাঁকে মোটা বলে কটাক্ষ করেছিলেন, তাঁরাই পরে অতিরিক্ত রোগা হয়ে যাওয়ার কারণে প্রশ্ন তুলতে শুরু করেন।
একসময় রাধিকা উপলব্ধি করেন, অন্যদের প্রত্যাশা পূরণ করতে গিয়ে নিজের শরীরের ওপর চাপ নেওয়ার কোনো অর্থ নেই। কারণ, সমালোচনা করার অভ্যাস যাদের, তাঁদের সন্তুষ্ট করা কঠিন। এরপর থেকেই শারীরিক গড়নের চেয়ে সুস্থ থাকার ওপর গুরুত্ব দিতে শুরু করেন তিনি। নিজের শরীর নিয়ে অন্যদের মন্তব্যকে জীবনের নিয়ামক হতে না দেওয়ার সিদ্ধান্ত নেন।
এদিকে, সম্প্রতি মা হওয়ার পর বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফের শারীরিক পরিবর্তন নিয়েও সামাজিক মাধ্যমে আলোচনা-সমালোচনা দেখা গেছে। মাতৃত্ব থেকে অভিনয়, বিভিন্ন ক্ষেত্রে নারীর শরীর যেন অন্যদের বিচার করার বিষয় হয়ে দাঁড়িয়েছে। তবে সৌন্দর্য কোনো নির্দিষ্ট ওজন কিংবা শারীরিক গড়নের মাপকাঠিতে সীমাবদ্ধ নয়। রাধিকা মদনের অভিজ্ঞতা যেন সেই বাস্তবতাকেই আবার সামনে নিয়ে এসেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
কুমিল্লা জেলার পুলিশ ও গোয়েন্দা পুলিশ (ডিবি) এক রাতের অভিযানে কিশোর গ্যাংবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে ৩৫৩ জনকে আটক করেছে। রবিবার (১১ অক্টোবর) সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত জেলার ১৮টি থানায় এই অভিযান পরিচালনা করা হয়। এর ফলে সাত দফার অভিযানে আটক হওয়া মোট ব্যক্তির সংখ্যা ২ হাজার ৯৫১ জনে পৌঁছেছে।
সোমবার (১২ অক্টোবর) সকালে কুমিল্লা জেলা অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য প্রকাশ করেন। তিনি উল্লেখ করেন, জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের নির্দেশনায় এই অভিযান পরিচালিত হয়েছে। কুমিল্লা মহানগরীসহ বিভিন্ন থানার এলাকায় কিশোর বয়সী বখাটেদের উৎপাত রয়েছে এমন স্থানগুলোকে লক্ষ্য করে অভিযান চালানো হয়। অভিযানে জেলা পুলিশের সব ইউনিট ও ডিবি পুলিশের সদস্যদের পাশাপাশি ঊর্ধ্বতন কর্মকর্তারাও সক্রিয়ভাবে অংশ নেন।
পুলিশ জানায়, সর্বশেষ অভিযানে আটক হওয়া ব্যক্তিদের অপরাধের সঙ্গে সংশ্লিষ্টতা যাচাই করা হচ্ছে। যাচাই প্রক্রিয়া শেষে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, উঠতি বয়সী কিশোরদের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়া প্রতিরোধে নিয়মিত কিশোর গ্যাংবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। একই সঙ্গে নিরপরাধ ব্যক্তিদের হয়রানি থেকে রক্ষা করার জন্যও কঠোর নজরদারি রাখা হচ্ছে।
কিশোর অপরাধ প্রতিরোধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জেলা পুলিশ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ডেঙ্গু প্রতিরোধ ও চিকিৎসাসেবা কার্যক্রম আরও জোরদার করার লক্ষ্যে জেলা প্রশাসন, নারায়ণগঞ্জের উদ্যোগে ৩,৭০০-এর অধিক ডেঙ্গু টেস্ট কিট ৩০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়েছে।
এ উদ্যোগের মাধ্যমে ডেঙ্গু শনাক্তকরণ কার্যক্রম সহজতর করা এবং রোগীদের দ্রুত পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করতে সহায়ক ভূমিকা রাখবে।
ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি, দ্রুত রোগ শনাক্তকরণ এবং জনস্বাস্থ্য সুরক্ষায় জেলা প্রশাসনের এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ