বৃহস্পতিবার, ১ই অক্টোবর, ২০২৬ ইং
১১:৩১ এম
পাকিস্তান দাবি করেছে যে, আফগানিস্তানে সন্ত্রাসীদের আস্তানায় বিমান হামলা চালিয়ে অন্তত ২২ জন জঙ্গিকে হত্যা করা হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) দেশটির তথ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এই তথ্য প্রকাশ করে।
বিবৃতিতে জানানো হয়, অপারেশন গজব লিল-হক-এর আওতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আফগানিস্তানের দুটি স্থানে সন্ত্রাসী ক্যাম্প ও আস্তানায় হামলা চালানো হয়েছে। হামলার লক্ষ্য ছিল ফিতনা আল-খাওয়ারিজ, ফিতনা আল-হিন্দুস্তান এবং তাদের সহযোগীরা।
পাকিস্তানের পক্ষ থেকে বলা হয়েছে, হামলায় সুনির্দিষ্টভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে এবং প্রাথমিক হিসাবে ২২ জন সন্ত্রাসী নিহত হয়েছেন। এছাড়া, আস্তানাগুলোতে মজুত বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদও ধ্বংস করা হয়েছে।
পাকিস্তানের তথ্য মন্ত্রণালয় আরো জানায়, আফগানিস্তান থেকে পাকিস্তানের নিরাপত্তার জন্য হুমকি তৈরি হচ্ছে। ইসলামাবাদ দাবি করেছে, হামলায় বেসামরিক হতাহতের ঘটনা এড়াতে সর্বোচ্চ সতর্কতা নেওয়া হয়েছিল।
২০২১ সালে আফগান তালেবান ক্ষমতায় ফেরার পর পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া ও বেলুচিস্তানে আন্তসীমান্ত সন্ত্রাসী হামলার সংখ্যা বেড়ে গেছে বলে অভিযোগ করেছে ইসলামাবাদ। তারা বারবার কাবুলকে তাদের ভূখণ্ড ব্যবহার করে হামলা চালানো বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে। তবে আফগান কর্তৃপক্ষ পাকিস্তানের এসব অভিযোগ অস্বীকার করে আসছে।
২০২৬ সালের ফেব্রুয়ারিতে পাকিস্তান অপারেশন গজব লিল-হক শুরু করে। দুই দেশের মধ্যে সীমান্ত উত্তেজনার পর ২০২৫ সালের অক্টোবরে যুদ্ধবিরতি হলেও জঙ্গি গোষ্ঠীগুলোর তৎপরতা নিয়ে এখনো দুই দেশের মধ্যে বিরোধ বিদ্যমান। সূত্র: জিও নিউজ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ইরানের কট্টরপন্থি আইনপ্রণেতা হামিদ রেজাইকে তার দায়িত্ব পালনকালে কারাগারে পাঠানো হয়েছে। তিনিই প্রথম সংসদ সদস্য (এমপি) যিনি কারারুদ্ধ হয়েছেন। গালফ নিউজ এই তথ্য নিশ্চিত করেছে।
হামিদের কারাবাসের ঘটনা ইরানের রক্ষণশীল রাজনৈতিক শিবিরে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। হামিদ রেজাইকে ১০ মাসের কারাদণ্ড দেওয়ার পর পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ-বাঘের গালিবাফ এবং প্রধান বিচারপতি গোলাম-হোসেইন মোহসেনি-এজেইর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করছেন কট্টর রক্ষণশীলরা।
গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালে প্রকাশিত একটি সংবাদপত্রের নিবন্ধের কারণে রেজাইকে এই সাজা দেওয়া হয়। ওই নিবন্ধে গালিবাফের বিরুদ্ধে ‘সংসদীয় নথি কারসাজি’ করার অভিযোগ তোলা হয়েছিল।
যুক্তরাজ্যভিত্তিক ইরান ইন্টারন্যাশনালের রিপোর্ট অনুযায়ী, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য আলোচনা নিয়ে ইরানে যখন নতুন বিতর্ক চলছে, তখন এই ঘটনা ক্ষমতাসীন রক্ষণশীলদের অভ্যন্তরীণ বিভাজনকে আরও সামনে নিয়ে এসেছে।
২০২৩ সালে তেহরান থেকে এমপি নির্বাচিত হন রেজাই। সংসদে আসার আগে তিনি কট্টরপন্থি সাপ্তাহিক ৯ দে পত্রিকার ব্যবস্থাপনা পরিচালক ছিলেন।
২০২৪ সালের জানুয়ারিতে প্রকাশিত ‘গালিবাফের সংসদীয় নথি কারসাজি’ শিরোনামের নিবন্ধের কারণে তাকে ‘অন্যের ক্ষতি করার উদ্দেশ্যে মিথ্যা তথ্য প্রকাশের’ অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়। রেজাই সংসদ সদস্য হিসেবে দায়িত্ব নেওয়ার আগেই গালিবাফ তার বিরুদ্ধে অভিযোগটি করেছিলেন। তিনি একজন ধর্মীয় নেতা হওয়ায় মামলাটি বিশেষ ধর্মীয় আদালতে বিচার হয়।
ইরান স্টাডিজবিষয়ক আইআরএএম সেন্টারের গবেষক রহিম ফারজামের মতে, ইরানের রক্ষণশীল রাজনৈতিক ব্যবস্থার অভ্যন্তরীণ বিভাজনকে পশ্চিমা দেশগুলো ক্রমেই ‘সম্পর্ক স্থাপনে আগ্রহী বাস্তববাদী’ এবং ‘আলোচনাবিরোধী কট্টরপন্থিদের’ দ্বন্দ্ব হিসেবে দেখছে।
ফারজাম বলেন, ইসলামি প্রজাতন্ত্রের ভবিষ্যৎ কৌশলগত দিক নির্ধারণকে কেন্দ্র করেই এই দুই পক্ষের মধ্যে প্রতিযোগিতা চলছে।
ফারজাম আরও জানান, এই বিভাজনের বিষয়টি এখন শুধু গণমাধ্যমের আলোচনায় সীমাবদ্ধ নেই; ওয়াশিংটনের নীতিনির্ধারণী মহলেও এটি আলোচনার বিষয় হয়ে উঠেছে। সেখানে ইরান-যুক্তরাষ্ট্র কূটনৈতিক অচলাবস্থার পেছনে তেহরানের অভ্যন্তরীণ বিভাজনকে অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে।
ঐক্যের বার্তা দিচ্ছে তেহরান
তবে ফারজাম মনে করেন, ইরানের শীর্ষ কর্মকর্তারা সাম্প্রতিক সময়ে ঐক্য, প্রাতিষ্ঠানিক সংহতি ও জাতীয় দৃঢ়তার ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছেন।
ইরানের নির্বাহী, আইনসভা ও বিচার বিভাগ—তিনটি শাখাই নিজেদের মধ্যে সমন্বয় ও ধারাবাহিকতার চিত্র তুলে ধরার চেষ্টা করছে। সামরিক ও নিরাপত্তা কর্মকর্তারাও একই ধরনের বার্তা দিচ্ছেন।
ফারজামের বিশ্লেষণ অনুযায়ী, এসব বক্তব্যের মাধ্যমে ইরানের অভ্যন্তরীণ বিভাজন নিয়ে বাইরের যে ধারণা তৈরি হয়েছে, তা মোকাবিলা করার চেষ্টা চলছে। একই সঙ্গে তেহরান বোঝাতে চাইছে, দেশটির কৌশলগত সিদ্ধান্ত কোনো নিয়ন্ত্রণহীন অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে পরিচালিত হচ্ছে না।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান দেশটির বিরুদ্ধে যেকোনো হামলার ক্ষেত্রে কঠোর প্রতিক্রিয়ার হুঁশিয়ারি দিয়েছেন। তিনি উল্লেখ করেছেন যে, সৌদি আরব আঞ্চলিক উত্তেজনা কমানোর পাশাপাশি কূটনৈতিক সমাধানের পথ খোঁজার প্রচেষ্টা অব্যাহত রাখবে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সৌদি আরবের শুরা কাউন্সিলের নবম অধিবেশনের তৃতীয় বর্ষের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব মন্তব্য করেন। খবরটি প্রকাশ করেছে আরব নিউজ।
মোহাম্মদ বিন সালমান বলেন, উপসাগরীয় দেশগুলোর বিরুদ্ধে সাম্প্রতিক হামলাগুলো এই অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য একটি গুরুতর সংকেত।
তিনি উল্লেখ করেন, ‘নিরাপত্তা রক্ষায় বিন্দুমাত্র আপস না করেই আমরা উত্তেজনা প্রশমন এবং কূটনৈতিক সমাধানের প্রচেষ্টায় সর্বাত্মক ভূমিকা পালন করছি। নিরাপত্তা ক্ষুণ্ন করার লক্ষ্যে কোনো হুমকি বা হামলা হলে কঠোর পদক্ষেপ নিতে আমরা দ্বিধা করব না।’
সৌদি যুবরাজ আরও জানান, আঞ্চলিক নিরাপত্তা রক্ষা, কৌশলগত ও অর্থনৈতিক সহযোগিতা এবং সমন্বিত কার্যক্রম জোরদারের লক্ষ্যে সৌদি আরব উপসাগরীয় অংশীদারদের সঙ্গে কাজ করে যাচ্ছে।
তিনি ‘মক্কা প্রতিরক্ষা চুক্তি’র বিষয়টি তুলে ধরে বলেন, এই চুক্তিটি আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখার ক্ষেত্রে দেশগুলোর যৌথ প্রচেষ্টার প্রতিফলন।
মোহাম্মদ বিন সালমান আন্তর্জাতিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, বিশ্ব বর্তমানে একটি গুরুতর জ্বালানি সংকটের মুখোমুখি, যার সুদূরপ্রসারী প্রভাব পড়তে পারে। তিনি জানান, ক্রমবর্ধমান উত্তেজনা সত্ত্বেও আন্তর্জাতিক বাজারে তেলের সরবরাহ অব্যাহত রাখার মাধ্যমে সৌদি আরব বৈশ্বিক জ্বালানি নিরাপত্তা রক্ষায় ভূমিকা রেখে চলেছে।
তিনি আরও জানান, সামুদ্রিক নিরাপত্তা জোরদার, আন্তর্জাতিক পানিপথে পারস্পরিক স্বার্থ রক্ষা এবং জলপথকে রাজনৈতিক বা অর্থনৈতিক চাপের হাতিয়ার হিসেবে ব্যবহারের প্রচেষ্টাকে প্রতিহত করার লক্ষ্যে সৌদি আরব ‘বহুজাতিক সামুদ্রিক প্রতিরক্ষা জোট’ গঠনের উদ্যোগ নিয়েছে।
মোহাম্মদ বিন সালমান বলেন, নিরাপত্তা রক্ষা এবং উত্তেজনা প্রশমনের লক্ষ্যে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারে সৌদি আরব তার অংশীদারদের সঙ্গে কাজ করছে; পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই নিত্যপ্রয়োজনীয় পণ্য ও মানবিক সহায়তার নিরাপদ প্রবাহ নিশ্চিত করতে হবে।
এ সময় গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের ওপর চলমান হামলার তীব্র নিন্দা জানান সৌদি যুবরাজ। তিনি বলেন, ‘আমরা আন্তর্জাতিক সম্প্রদায় এবং বিশেষ করে নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানাই, যেন তারা একটি দীর্ঘস্থায়ী রাজনৈতিক সমাধানে পৌঁছাতে প্রত্যাশিত ভূমিকা পালন করে।’
তিনি আন্তর্জাতিক আইন অনুযায়ী স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনসহ ফিলিস্তিনি জনগণের অধিকারের প্রতি সৌদি আরবের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
ইয়েমেন প্রসঙ্গে তিনি বলেন, পুরো ইয়েমেনে সরকারের কর্তৃত্ব প্রতিষ্ঠা, স্থিতিশীলতা ফিরিয়ে আনা এবং ইরান-সমর্থিত হুথি মিলিশিয়াদের মোকাবিলায় ‘কোয়ালিশন টু রিস্টোর লেজিটিমেসি’ জোটের মাধ্যমে ইয়েমেনি সরকারকে সহায়তা করে যাচ্ছে সৌদি আরব।
এ ছাড়া সুদানের ঐক্য ও স্থিতিশীলতা রক্ষা এবং দেশটির বৈধ প্রতিষ্ঠানগুলোর সুরক্ষার প্রতিও সৌদি আরব সমর্থন অব্যাহত রেখেছে।
তিনি জানান, ২০১৬ সালের তুলনায় তেলবহির্ভূত রপ্তানি ১৫৫ শতাংশ বেড়েছে এবং অর্থনীতিতে বেসরকারি খাতের অবদান বেড়ে ৫১ শতাংশে উন্নীত হয়েছে।
২০২৬ সালকে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) বছর উল্লেখ করে সৌদি যুবরাজ বলেন, সৌদি আরবের লক্ষ্য হলো এআই-ভিত্তিক অ্যাপ্লিকেশন ও সমাধান উদ্ভাবন এবং উৎপাদনশীলতা, সেবার মান ও মেধাবীদের প্রশিক্ষণের ক্ষেত্রে এগুলো ব্যবহার করে বিশ্ব নেতৃত্বের আসনে পৌঁছানো।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাজবাড়ী, ১ অক্টোবর, ২০২৬ : ‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ রাজবাড়ীতে ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস নানা আয়োজনের মাধ্যমে পালিত হয়েছে।
দিবসটি উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার সকালে রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়।
রাজবাড়ী জেলা প্রশাসন প্রবীণ হিতৈষী সংঘ ও জেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তারিফ-উল হাসান। সভায় প্রবীণদের মর্যাদা, অধিকার, সামাজিক নিরাপত্তা এবং তাদের সুস্থ ও সম্মানজনক জীবন যাপনের সুযোগ নিশ্চিত করার বিষয়ে আলোচনা করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল ইসলাম, সমাজ সেবা বিভাগের উপ পরিচালক আবু সালেহ মোহাম্মদ আলী আহসান, জেলা প্রবীণ হিতৈষী সংঘের সভাপতি এবং কুষ্টিয়া আমলা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ কুদরত-ই-গুল, সাধারণ সম্পাদক মো. আব্দুল জলিল।
অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সাবেক আহ্বায়ক অধ্যক্ষ মঞ্জুরুল আলম দুলাল, আবু দাইয়ান মোহাম্মদ জাহাঙ্গীর, সাবেক যুগ্ম আহ্বায়ক গাজী আহসান হাবিবসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। আলোচনা সভায় বক্তারা প্রবীণদের পরিবার, সমাজ ও দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখার বিষয়টি তুলে ধরেন। তারা প্রবীণদের অভিজ্ঞতা ও জ্ঞানকে কাজে লাগানোর পাশাপাশি বার্ধক্যকালীন নিরাপত্তা, চিকিৎসা সেবা ও সামাজিক মর্যাদা নিশ্চিত করার জন্য জাতীয়ভাবে উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সমাজসেবা অফিসের কর্মকর্তা অজয় কুমার হালদার।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সিটি ব্যাংক পিএলসি জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা আগামী ৭ অক্টোবর পর্যন্ত আবেদন করার সুযোগ পাবেন।
পদের নাম: ব্রাঞ্চ অপারেশন্স ম্যানেজার
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: ব্যাংকের নীতিমালা, নিয়ন্ত্রণমূলক আইন ও নির্দেশিকা অনুযায়ী সমস্ত কার্যক্রম পরিচালনায় দক্ষতার প্রয়োজন রয়েছে।
অভিজ্ঞতা: কমপক্ষে ৩ বছর
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: কমপক্ষে ২৫ বছর
কর্মস্থল: চট্টগ্রাম, ঢাকা, ময়মনসিংহ, নোয়াখালী, রাজশাহী, সিলেট
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এখানে ক্লিক করুন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ