ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং
ইরানের নেতৃত্বে ‘ফাটল’

কট্টরপন্থি এমপি হামিদ রেজাইকে কারাগারে পাঠাল ইরান


কট্টরপন্থি এমপি হামিদ রেজাইকে কারাগারে পাঠাল ইরান

ইরানের কট্টরপন্থি আইনপ্রণেতা হামিদ রেজাইকে তার দায়িত্ব পালনকালে কারাগারে পাঠানো হয়েছে। তিনিই প্রথম সংসদ সদস্য (এমপি) যিনি কারারুদ্ধ হয়েছেন। গালফ নিউজ এই তথ্য নিশ্চিত করেছে।

হামিদের কারাবাসের ঘটনা ইরানের রক্ষণশীল রাজনৈতিক শিবিরে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। হামিদ রেজাইকে ১০ মাসের কারাদণ্ড দেওয়ার পর পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ-বাঘের গালিবাফ এবং প্রধান বিচারপতি গোলাম-হোসেইন মোহসেনি-এজেইর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করছেন কট্টর রক্ষণশীলরা।

গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালে প্রকাশিত একটি সংবাদপত্রের নিবন্ধের কারণে রেজাইকে এই সাজা দেওয়া হয়। ওই নিবন্ধে গালিবাফের বিরুদ্ধে ‘সংসদীয় নথি কারসাজি’ করার অভিযোগ তোলা হয়েছিল।

আরও পড়ুন: স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা ৫০

যুক্তরাজ্যভিত্তিক ইরান ইন্টারন্যাশনালের রিপোর্ট অনুযায়ী, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য আলোচনা নিয়ে ইরানে যখন নতুন বিতর্ক চলছে, তখন এই ঘটনা ক্ষমতাসীন রক্ষণশীলদের অভ্যন্তরীণ বিভাজনকে আরও সামনে নিয়ে এসেছে।

২০২৩ সালে তেহরান থেকে এমপি নির্বাচিত হন রেজাই। সংসদে আসার আগে তিনি কট্টরপন্থি সাপ্তাহিক ৯ দে পত্রিকার ব্যবস্থাপনা পরিচালক ছিলেন।

২০২৪ সালের জানুয়ারিতে প্রকাশিত ‘গালিবাফের সংসদীয় নথি কারসাজি’ শিরোনামের নিবন্ধের কারণে তাকে ‘অন্যের ক্ষতি করার উদ্দেশ্যে মিথ্যা তথ্য প্রকাশের’ অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়। রেজাই সংসদ সদস্য হিসেবে দায়িত্ব নেওয়ার আগেই গালিবাফ তার বিরুদ্ধে অভিযোগটি করেছিলেন। তিনি একজন ধর্মীয় নেতা হওয়ায় মামলাটি বিশেষ ধর্মীয় আদালতে বিচার হয়।

ইরান স্টাডিজবিষয়ক আইআরএএম সেন্টারের গবেষক রহিম ফারজামের মতে, ইরানের রক্ষণশীল রাজনৈতিক ব্যবস্থার অভ্যন্তরীণ বিভাজনকে পশ্চিমা দেশগুলো ক্রমেই ‘সম্পর্ক স্থাপনে আগ্রহী বাস্তববাদী’ এবং ‘আলোচনাবিরোধী কট্টরপন্থিদের’ দ্বন্দ্ব হিসেবে দেখছে।

আরও পড়ুন: ভারত-চীন সম্পর্কের বরফ গলছে, তবে উদ্বেগ রয়ে গেছে

ফারজাম বলেন, ইসলামি প্রজাতন্ত্রের ভবিষ্যৎ কৌশলগত দিক নির্ধারণকে কেন্দ্র করেই এই দুই পক্ষের মধ্যে প্রতিযোগিতা চলছে।

ফারজাম আরও জানান, এই বিভাজনের বিষয়টি এখন শুধু গণমাধ্যমের আলোচনায় সীমাবদ্ধ নেই; ওয়াশিংটনের নীতিনির্ধারণী মহলেও এটি আলোচনার বিষয় হয়ে উঠেছে। সেখানে ইরান-যুক্তরাষ্ট্র কূটনৈতিক অচলাবস্থার পেছনে তেহরানের অভ্যন্তরীণ বিভাজনকে অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে।

ঐক্যের বার্তা দিচ্ছে তেহরান

তবে ফারজাম মনে করেন, ইরানের শীর্ষ কর্মকর্তারা সাম্প্রতিক সময়ে ঐক্য, প্রাতিষ্ঠানিক সংহতি ও জাতীয় দৃঢ়তার ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছেন।

আরও পড়ুন: স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে ৫০ জন নিহত

ইরানের নির্বাহী, আইনসভা ও বিচার বিভাগ—তিনটি শাখাই নিজেদের মধ্যে সমন্বয় ও ধারাবাহিকতার চিত্র তুলে ধরার চেষ্টা করছে। সামরিক ও নিরাপত্তা কর্মকর্তারাও একই ধরনের বার্তা দিচ্ছেন।

ফারজামের বিশ্লেষণ অনুযায়ী, এসব বক্তব্যের মাধ্যমে ইরানের অভ্যন্তরীণ বিভাজন নিয়ে বাইরের যে ধারণা তৈরি হয়েছে, তা মোকাবিলা করার চেষ্টা চলছে। একই সঙ্গে তেহরান বোঝাতে চাইছে, দেশটির কৌশলগত সিদ্ধান্ত কোনো নিয়ন্ত্রণহীন অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে পরিচালিত হচ্ছে না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হামলার বিরুদ্ধে কঠোর জবাবের হুঁশিয়ারি দিলেন যুবরাজ সালমান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ১ই অক্টোবর, ২০২৬ ইং

১১:৪৬ এম


হামলার বিরুদ্ধে কঠোর জবাবের হুঁশিয়ারি দিলেন যুবরাজ সালমান

সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান দেশটির বিরুদ্ধে যেকোনো হামলার ক্ষেত্রে কঠোর প্রতিক্রিয়ার হুঁশিয়ারি দিয়েছেন। তিনি উল্লেখ করেছেন যে, সৌদি আরব আঞ্চলিক উত্তেজনা কমানোর পাশাপাশি কূটনৈতিক সমাধানের পথ খোঁজার প্রচেষ্টা অব্যাহত রাখবে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সৌদি আরবের শুরা কাউন্সিলের নবম অধিবেশনের তৃতীয় বর্ষের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব মন্তব্য করেন। খবরটি প্রকাশ করেছে আরব নিউজ।

মোহাম্মদ বিন সালমান বলেন, উপসাগরীয় দেশগুলোর বিরুদ্ধে সাম্প্রতিক হামলাগুলো এই অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য একটি গুরুতর সংকেত।

তিনি উল্লেখ করেন, ‘নিরাপত্তা রক্ষায় বিন্দুমাত্র আপস না করেই আমরা উত্তেজনা প্রশমন এবং কূটনৈতিক সমাধানের প্রচেষ্টায় সর্বাত্মক ভূমিকা পালন করছি। নিরাপত্তা ক্ষুণ্ন করার লক্ষ্যে কোনো হুমকি বা হামলা হলে কঠোর পদক্ষেপ নিতে আমরা দ্বিধা করব না।’

সৌদি যুবরাজ আরও জানান, আঞ্চলিক নিরাপত্তা রক্ষা, কৌশলগত ও অর্থনৈতিক সহযোগিতা এবং সমন্বিত কার্যক্রম জোরদারের লক্ষ্যে সৌদি আরব উপসাগরীয় অংশীদারদের সঙ্গে কাজ করে যাচ্ছে।

তিনি ‘মক্কা প্রতিরক্ষা চুক্তি’র বিষয়টি তুলে ধরে বলেন, এই চুক্তিটি আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখার ক্ষেত্রে দেশগুলোর যৌথ প্রচেষ্টার প্রতিফলন।

মোহাম্মদ বিন সালমান আন্তর্জাতিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, বিশ্ব বর্তমানে একটি গুরুতর জ্বালানি সংকটের মুখোমুখি, যার সুদূরপ্রসারী প্রভাব পড়তে পারে। তিনি জানান, ক্রমবর্ধমান উত্তেজনা সত্ত্বেও আন্তর্জাতিক বাজারে তেলের সরবরাহ অব্যাহত রাখার মাধ্যমে সৌদি আরব বৈশ্বিক জ্বালানি নিরাপত্তা রক্ষায় ভূমিকা রেখে চলেছে।

তিনি আরও জানান, সামুদ্রিক নিরাপত্তা জোরদার, আন্তর্জাতিক পানিপথে পারস্পরিক স্বার্থ রক্ষা এবং জলপথকে রাজনৈতিক বা অর্থনৈতিক চাপের হাতিয়ার হিসেবে ব্যবহারের প্রচেষ্টাকে প্রতিহত করার লক্ষ্যে সৌদি আরব ‘বহুজাতিক সামুদ্রিক প্রতিরক্ষা জোট’ গঠনের উদ্যোগ নিয়েছে।

মোহাম্মদ বিন সালমান বলেন, নিরাপত্তা রক্ষা এবং উত্তেজনা প্রশমনের লক্ষ্যে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারে সৌদি আরব তার অংশীদারদের সঙ্গে কাজ করছে; পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই নিত্যপ্রয়োজনীয় পণ্য ও মানবিক সহায়তার নিরাপদ প্রবাহ নিশ্চিত করতে হবে।

এ সময় গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের ওপর চলমান হামলার তীব্র নিন্দা জানান সৌদি যুবরাজ। তিনি বলেন, ‘আমরা আন্তর্জাতিক সম্প্রদায় এবং বিশেষ করে নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানাই, যেন তারা একটি দীর্ঘস্থায়ী রাজনৈতিক সমাধানে পৌঁছাতে প্রত্যাশিত ভূমিকা পালন করে।’

তিনি আন্তর্জাতিক আইন অনুযায়ী স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনসহ ফিলিস্তিনি জনগণের অধিকারের প্রতি সৌদি আরবের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

ইয়েমেন প্রসঙ্গে তিনি বলেন, পুরো ইয়েমেনে সরকারের কর্তৃত্ব প্রতিষ্ঠা, স্থিতিশীলতা ফিরিয়ে আনা এবং ইরান-সমর্থিত হুথি মিলিশিয়াদের মোকাবিলায় ‘কোয়ালিশন টু রিস্টোর লেজিটিমেসি’ জোটের মাধ্যমে ইয়েমেনি সরকারকে সহায়তা করে যাচ্ছে সৌদি আরব।

এ ছাড়া সুদানের ঐক্য ও স্থিতিশীলতা রক্ষা এবং দেশটির বৈধ প্রতিষ্ঠানগুলোর সুরক্ষার প্রতিও সৌদি আরব সমর্থন অব্যাহত রেখেছে।

তিনি জানান, ২০১৬ সালের তুলনায় তেলবহির্ভূত রপ্তানি ১৫৫ শতাংশ বেড়েছে এবং অর্থনীতিতে বেসরকারি খাতের অবদান বেড়ে ৫১ শতাংশে উন্নীত হয়েছে।

২০২৬ সালকে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) বছর উল্লেখ করে সৌদি যুবরাজ বলেন, সৌদি আরবের লক্ষ্য হলো এআই-ভিত্তিক অ্যাপ্লিকেশন ও সমাধান উদ্ভাবন এবং উৎপাদনশীলতা, সেবার মান ও মেধাবীদের প্রশিক্ষণের ক্ষেত্রে এগুলো ব্যবহার করে বিশ্ব নেতৃত্বের আসনে পৌঁছানো।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজবাড়ীতে ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ১ই অক্টোবর, ২০২৬ ইং

১১:৪৭ এম


রাজবাড়ীতে ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

রাজবাড়ী, ১ অক্টোবর, ২০২৬ : ‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ রাজবাড়ীতে ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস নানা আয়োজনের মাধ্যমে পালিত হয়েছে।

দিবসটি উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার সকালে রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়।

রাজবাড়ী জেলা প্রশাসন প্রবীণ হিতৈষী সংঘ ও জেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তারিফ-উল হাসান। সভায় প্রবীণদের মর্যাদা, অধিকার, সামাজিক নিরাপত্তা এবং তাদের সুস্থ ও সম্মানজনক জীবন যাপনের সুযোগ নিশ্চিত করার বিষয়ে আলোচনা করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল ইসলাম, সমাজ সেবা বিভাগের উপ পরিচালক আবু সালেহ মোহাম্মদ আলী আহসান, জেলা প্রবীণ হিতৈষী সংঘের সভাপতি এবং কুষ্টিয়া আমলা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ কুদরত-ই-গুল, সাধারণ সম্পাদক মো. আব্দুল জলিল।

অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সাবেক আহ্বায়ক অধ্যক্ষ মঞ্জুরুল আলম দুলাল, আবু দাইয়ান মোহাম্মদ জাহাঙ্গীর, সাবেক যুগ্ম আহ্বায়ক গাজী আহসান হাবিবসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। আলোচনা সভায় বক্তারা প্রবীণদের পরিবার, সমাজ ও দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখার বিষয়টি তুলে ধরেন। তারা প্রবীণদের অভিজ্ঞতা ও জ্ঞানকে কাজে লাগানোর পাশাপাশি বার্ধক্যকালীন নিরাপত্তা, চিকিৎসা সেবা ও সামাজিক মর্যাদা নিশ্চিত করার জন্য জাতীয়ভাবে উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সমাজসেবা অফিসের কর্মকর্তা অজয় কুমার হালদার।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকাসহ ৬ জেলায় নিয়োগ দেবে সিটি ব্যাংক, লাগবে যে যোগ্যতা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১ই অক্টোবর, ২০২৬ ইং

১১:৪৭ এম


ঢাকাসহ ৬ জেলায় নিয়োগ দেবে সিটি ব্যাংক, লাগবে যে যোগ্যতা

সিটি ব্যাংক পিএলসি জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা আগামী ৭ অক্টোবর পর্যন্ত আবেদন করার সুযোগ পাবেন।

পদের নাম: ব্রাঞ্চ অপারেশন্স ম্যানেজার

পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি

অন্যান্য যোগ্যতা: ব্যাংকের নীতিমালা, নিয়ন্ত্রণমূলক আইন ও নির্দেশিকা অনুযায়ী সমস্ত কার্যক্রম পরিচালনায় দক্ষতার প্রয়োজন রয়েছে।

অভিজ্ঞতা: কমপক্ষে ৩ বছর

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

বয়সসীমা: কমপক্ষে ২৫ বছর

কর্মস্থল: চট্টগ্রাম, ঢাকা, ময়মনসিংহ, নোয়াখালী, রাজশাহী, সিলেট

বেতন: আলোচনা সাপেক্ষে

অন্যান্য সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এখানে ক্লিক করুন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নারায়ণগঞ্জে হাসপাতালের বারান্দা ও মেঝেতে ডেঙ্গু রোগীদের ভিড়

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১ই অক্টোবর, ২০২৬ ইং

১১:৪৮ এম


নারায়ণগঞ্জে হাসপাতালের বারান্দা ও মেঝেতে ডেঙ্গু রোগীদের ভিড়

নারায়ণগঞ্জে ডেঙ্গুর প্রকোপ আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। হাসপাতালের বেডে রোগী স্থান সংকুলান না হওয়ায় সাধারণ মানুষ বাধ্য হয়ে বারান্দা ও মেঝেতে চিকিৎসা নিচ্ছেন।

বন্দর কুড়িপাড়া এলাকার বাসিন্দা আজহারুল ইসলাম (৩১) স্ত্রীর প্রসবের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে গিয়েছিলেন। তিনি আশা করেছিলেন, স্ত্রী ও নবজাতকের পাশে থাকতে পারবেন। কিন্তু হাসপাতালে অবস্থানকালে তিনি ডেঙ্গুতে আক্রান্ত হন। গত তিন দিন ধরে তিনি হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডের বারান্দায় চিকিৎসা নিচ্ছেন।

আজহারুলের পাশেই মেঝেতে চিকিৎসা নিচ্ছেন দেওভোগ মাদ্রাসা এলাকার বাসিন্দা মশিউর রহমান। তিনিও তিন দিন ধরে সেখানে চিকিৎসাধীন রয়েছেন। মশিউর রহমান বলেন, "ওয়ার্ডে সিট নাই, তাই বারান্দায় মেঝেতে আছি। অসুবিধা হয়, অনেক গরম লাগে। কিন্তু কিছু করার নাই, চিকিৎসা তো করতে হইবো।"

সরেজমিনে দেখা গেছে, আজহারুল ও মশিউরের মতো অন্তত ১০ জন রোগী নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডের বারান্দা ও মেঝেতে চিকিৎসা নিচ্ছেন।

ওয়ার্ডে দায়িত্ব পালনকারী একাধিক নার্স জানিয়েছেন, প্রতিদিন নতুন ডেঙ্গু রোগী ভর্তি হচ্ছেন। কিছু রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরছেন, আবার নতুন রোগী আসছেন। বর্তমানে ২৩ জনের বেশি ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে। শয্যার অভাবের কারণে অনেক রোগীকে বারান্দা ও মেঝেতে চিকিৎসা দিতে হচ্ছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, চলতি সেপ্টেম্বর মাসে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৯৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। আগস্টে এ সংখ্যা ছিল ১১৯ এবং জুলাইয়ে ৩৫ জন। চলতি বছর এখন পর্যন্ত হাসপাতালটিতে ডেঙ্গু আক্রান্ত ৩৭৬ জন চিকিৎসা নিয়েছেন।

হাসপাতালের আবাসিক চিকিৎসক নাজমুল হাসান বিপুল বলেন, "বর্তমানে ডেঙ্গু রোগীর সংখ্যা অনেক বেশি। যে পরিমাণ রোগী আসছে, সে পরিমাণ শয্যা আমাদের নেই। তারপরও বারান্দা ও মেঝেতে জায়গা করে গুরুতর রোগীদের ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। এখন পর্যন্ত ৩৭৬ জন ডেঙ্গু রোগীকে আমরা চিকিৎসা দিয়েছি।"

ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ার কারণ সম্পর্কে তিনি বলেন, বিগত কয়েক বছর ধরে নির্দিষ্ট মৌসুমের বাইরেও মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে। এর একটি বড় কারণ হচ্ছে যথাযথভাবে মশারি ব্যবহার না করা। রোগীদের মশারি দেওয়া হলেও অনেকেই ব্যবহার করেন না। এতে আক্রান্ত রোগীকে কামড়ানো মশার মাধ্যমে অন্যদের মধ্যে ডেঙ্গু ছড়ানোর ঝুঁকি থাকে। সাধারণ মানুষের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার ঘাটতি রয়েছে।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নারায়ণগঞ্জে নতুন করে ৩৩ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। চলতি বছরের জানুয়ারি থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত জেলায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ৩৮৭ জন। অথচ ২০২৫ সালের পুরো বছরে আক্রান্তের সংখ্যা ছিল ২ হাজার ৩৯৮ জন। অর্থাৎ গত বছরের মোট আক্রান্তের সংখ্যার কাছাকাছি পৌঁছে গেছে চলতি বছরের প্রথম নয় মাসেই।

সরকারি হিসাবে চলতি বছর নারায়ণগঞ্জে এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা শূন্য। তবে জেলার কয়েকজন বাসিন্দা রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। নারায়ণগঞ্জের বাইরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হওয়ায় এসব ঘটনা জেলা স্বাস্থ্য বিভাগের ডেঙ্গুজনিত মৃত্যুর হিসাবে যুক্ত হয়নি বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

তথ্য অনুযায়ী, গত ২৮ আগস্ট রূপগঞ্জ উপজেলা ভূমি অফিসের চেইনম্যান আবু ছিদ্দিক (৫৮) ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি পরিবার নিয়ে নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় বসবাস করতেন।

এ ছাড়া নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের সোনাকান্দা চৌধুরীপাড়া এলাকায় দুই গৃহবধূর মৃত্যুর খবর পাওয়া গেছে। তাদের একজন আশা বেগম। পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, ডেঙ্গু আক্রান্ত হওয়ার পর তাকে প্রথমে নারায়ণগঞ্জের খানপুর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকায় ডেঙ্গু পরিস্থিতির মধ্যেই নাসিকের মেডিকেল অফিসার ডা. শেখ মোস্তফা আলী নিজেও ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি বাসায় চিকিৎসাধীন রয়েছেন।

নাসিকের আরেক মেডিকেল অফিসার ডা. নাফিয়া ইসলাম জানান, সিটি এলাকায় ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত মশক নিধন, ওষুধ প্রয়োগ ও সচেতনতামূলক প্রচারণা চলছে। পাশাপাশি অভিযান পরিচালনা করে জরিমানাও করা হচ্ছে।

জেলা সিভিল সার্জন ডা. সাখাওয়াত হোসেন বলেন, সারাদেশেই মশাবাহিত রোগ ডেঙ্গুর প্রকোপ বেড়েছে। ফলে হাসপাতালগুলোতে রোগীর চাপও বেশি। ভিক্টোরিয়া হাসপাতাল ১০০ শয্যার হওয়ায় অতিরিক্ত রোগীদের শয্যা দেওয়া সম্ভব হচ্ছে না। কিন্তু এ কারণে চিকিৎসা থেমে থাকতে পারে না। তাই যেভাবে সম্ভব, রোগীদের চিকিৎসা দেওয়ার চেষ্টা করছি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%