শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ ইং
১০:১৩ পি.এম
‘পাঁচ দিন আগে আমার সন্তানের লাশ পাওয়া গেছে। আসামিরা আমার সামনে বুক ফুলিয়ে চলাফেরা করছে। অথচ জড়িতরা এখনো গ্রেপ্তার হচ্ছে না।’ নিহত শিক্ষার্থী তারেক রহমানের মা নাসিমা আক্তার কান্নাজড়িত কণ্ঠে এভাবেই বিচার চেয়ে কথা বলছিলেন।
শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে নরসিংদীর রায়পুরা থানা প্রাঙ্গণে তারেক রহমান হত্যার বিচার ও জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে আয়োজিত অবস্থান কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।
নাসিমা আক্তার আরও বলেন, ‘আমার সন্তানকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমি ছেলে হত্যার বিচার দেখে যেতে চাই। আসামিদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করার দাবি জানাচ্ছি।’
দুপুরে থানা প্রাঙ্গণে শত শত নারী-পুরুষ অবস্থান নিয়ে তারেক হত্যার বিচার দাবি করেন। এসময় তারা ‘আমার ভাই কবরে, খুনি কেন বাইরে’ ও ‘ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, খুনিদের ফাঁসি চাই’ সহ নানা স্লোগান দেন।
অবস্থান কর্মসূচিতে নিহত তারেক রহমানের পরিবারের সদস্য ও স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন। পরে রায়পুরা থানার পরিদর্শক (তদন্ত) টিএম ফরিদুল আলম জড়িত আসামিদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দিলে কর্মসূচি প্রত্যাহার করা হয়।
জানা যায়, নিহত তারেক রহমান রায়পুরা উপজেলার শ্রীনগর ইউনিয়নের ভেলুয়ারচর এলাকার মালয়েশিয়াপ্রবাসী জিয়াউর রহমানের ছেলে। গত ১৫ অক্টোবর বাড়ি থেকে সাইকেল নিয়ে বের হওয়ার পর সে নিখোঁজ হয়। নিখোঁজের চার দিন পর, ১৯ অক্টোবর ভেলুয়ারচরের একটি খালের পাড় থেকে তারেকের গলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় মামলা করা হয়। বর্তমানে মামলায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
কর্মসূচিতে উপস্থিত নুরে আলম সিদ্দিকী বলেন, আসামিদের দ্রুত গ্রেপ্তার করা না হলে মানববন্ধনসহ অবস্থান কর্মসূচি অব্যাহত রাখা হবে।
রায়পুরা থানার পরিদর্শক (তদন্ত) টিএম ফরিদুল আলম জানান, ‘তারেক হত্যার ঘটনায় একজন আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ক্যালিফোর্নিয়ার একটি মহাসড়কে ‘ফুল সেলফ-ড্রাইভিং’ মোডে থাকা একটি টেসলা গাড়ির ধাক্কায় ৭১ বছর বয়সী এক বৃদ্ধ নিহত হয়েছেন। দুর্ঘটনার সময় গাড়িটি ঘণ্টায় ১১২ কিলোমিটার গতিতে চলছিল এবং চালক দাবি করেছেন যে, গাড়িটি স্বয়ংক্রিয় ড্রাইভিং অ্যাসিস্ট্যান্স মোডে ছিল। বৃদ্ধ ব্যক্তি ভালেহো এলাকার ইন্টারস্টেট ৮০ মহাসড়ক পার হওয়ার সময় একটি ইন্টারচেঞ্জের কাছে গাড়িটি তাঁকে সজোরে ধাক্কা দেয়। এনডিটিভি জানায়, বৃহস্পতিবার মধ্যরাতে দুর্ঘটনাটি ঘটে।
ক্যালিফোর্নিয়া হাইওয়ে পেট্রোলের তথ্য অনুযায়ী, ২৬ বছর বয়সী সান ফ্রান্সিসকোর এক বাসিন্দা টেসলা গাড়িটি চালাচ্ছিলেন। পথচারী বৃদ্ধ রাস্তার ডান পাশ থেকে সেন্ট্রাল ডিভাইডারের দিকে হেঁটে যাওয়ার সময় সরাসরি টেসলা গাড়িটির সামনে চলে আসেন। নিউইয়র্ক পোস্টের একটি প্রতিবেদন অনুসারে, এই ভয়াবহ দুর্ঘটনার পর রাস্তায় নিথরভাবে পড়ে থাকা ওই বৃদ্ধকে আরেকটি গাড়িও এসে চাপা দিয়ে চলে যায়।
স্থানীয় সময় রাত আনুমানিক ২টা ৩৪ মিনিটে কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছায়। তবে দুর্ঘটনার পর কেবল টেসলা গাড়ির চালকই সেখানে থেমেছিলেন। মাঝরাতে ওই বৃদ্ধ কেন এত ব্যস্ত একটি মহাসড়ক পার হচ্ছিলেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ক্যালিফোর্নিয়া হাইওয়ে পেট্রোল এক বিবৃতিতে জানিয়েছে, ‘ভিডিওতে দেখা গেছে যে পথচারীকে বাঁচানোর জন্য টেসলা গাড়িটি বাম দিকে মোড় নেওয়ার চেষ্টা করে এবং ব্রেক চেপে ধরে। তবে এই এড়ানোর চেষ্টার পরেও টেসলার সামনের ডান পাশের অংশটি ওই ব্যক্তির গায়ে আঘাত করে।’
ক্যালিফোর্নিয়ার আইন অনুযায়ী, গাড়িতে স্বয়ংক্রিয় ড্রাইভিং অ্যাসিস্ট্যান্স সিস্টেম ব্যবহার করা হলেও, গাড়িটি নিরাপদে পরিচালনা করার মূল দায়িত্ব চালকের ওপরই বর্তায়।
সাম্প্রতিক মাসগুলোতে টেসলা গাড়ি দুর্ঘটনার শিকার হওয়ার ঘটনা এটিই প্রথম নয়। গত জুন মাসে টেক্সাসে স্বয়ংক্রিয় ড্রাইভার-অ্যাসিস্ট্যান্স মোডে থাকা একটি টেসলা গাড়ি ৭৬ বছর বয়সী মার্থা আভিলা নামের এক বৃদ্ধার বাড়িতে সজোরে ধাক্কা মারে। চালক মাইকেল বাটলার একটি ‘টেসলা মডেল ৩’ গাড়ি চালাচ্ছিলেন। টেক্সাসের হ্যারিস কাউন্টিতে হুস্টন থেকে প্রায় ৩০ মাইল পশ্চিমে অবস্থিত কেটি এলাকায় স্থানীয় সময় রাত আনুমানিক ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে, যখন তাঁর গাড়িটি অত্যন্ত দ্রুতগতিতে বাড়িটির ভেতরে ঢুকে পড়ে।
টেসলা গাড়িটি বাড়ির ইটের দেয়াল ভেঙে ভেতরে ঢুকে পড়ে এবং সরাসরি আভিলাকে আঘাত করে। পরবর্তীতে তাঁকে একটি মেডিক্যাল হেলিকপ্টারে করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তাঁকে মৃত ঘোষণা করা হয়। গাড়িটি যখন বাড়িতে ঢুকে পড়ে, তখন আভিলা ঘরের সামনের রুমে দাঁড়িয়ে ছিলেন। অন্যদিকে, চালক বাটলারের মধ্যে মদ্যপ বা নেশাগ্রস্ত থাকার কোনো লক্ষণ দেখা যায়নি এবং তদন্তের সময় তিনি সম্পূর্ণ সহযোগিতা করেছিলেন।
যদিও ‘টেসলা অটোক্যাপ্টেন’ একটি অত্যন্ত জনপ্রিয় ড্রাইভার-অ্যাসিস্ট্যান্স ফিচার, তবে বছরের পর বছর ধরে এটি বারবার বিভিন্ন পারফরম্যান্সজনিত সমস্যার সম্মুখীন হয়েছে। এই ধরনের ঝুঁকি এড়াতে টেসলার নির্দেশিকায় চালকদের স্পষ্ট নির্দেশনা দেওয়া রয়েছে, যেন তাঁরা সবসময় স্টিয়ারিং হুইলে হাত রাখেন এবং যে কোনো জরুরি পরিস্থিতিতে গাড়ির নিয়ন্ত্রণ নিতে প্রস্তুত থাকেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ২৩ অক্টোবর, ২০২৬ : রাজধানীর গেন্ডারিয়া এলাকায় পুলিশ অভিযান পরিচালনা করে ২৮ জনকে গ্রেফতার করেছে।
আজ গেন্ডারিয়া থানা পুলিশ দয়াগঞ্জ ঘুণ্টিঘর রেলগেট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।
ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেসন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এই তথ্য প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন- শামসুল হক (২৬), মো. ইকবাল হোসেন জিহাদ (২৩), আরাফাত হোসেন শামীম (২০), মো. আব্দুল্লাহ রাহুল (১৮), মোহাম্মদ হোসেন (২৬), সাইমুর (২২), ইমন (২১), অভি (২১), মো. রাফিন (২০), জুনায়েদ হোসেন (২০), মো. সাইদ হোসেন (১৯), আনোয়ার হোসেন (২৯), মো. ইমরান আরাফাত (১৯), মো. মারুফ হোসেন (১৯), সাহিদুর (৩০), মো. উজ্জল (৩৬), মো. রবিন (৩৫), মো. মাসুদ (৩৫), মো. দুলু (৩৫), ফরিদ বেপারী (৪৫), মো. জনি (২৬), কবির (৩০), ইউসুফ (২৩), মো. আল রাব্বি (২৩), মো. শুভ (২২), মো. শাওন (৩৫), মো. সেন্টু মিয়া (৫০) এবং আইনগত সংঘাতে জড়িত একজন শিশু।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা আবাহনী টানা চার ম্যাচে অপরাজিত থাকার পর শুক্রবার (২৩ অক্টোবর) বাংলাদেশ ফুটবল লিগে ব্রাদার্স ইউনিয়নের কাছে ২-১ গোলে পরাজিত হয়েছে।
গোপালগঞ্জ জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে তিনজন খেলোয়াড় লাল কার্ড দেখেছেন, যার মধ্যে দুজন ব্রাদার্সের। প্রথমার্ধে ব্রাদার্স লিড নেয়। ২৭ মিনিটে আলী রাজার গোলে তারা এগিয়ে যায়। আবাহনী দ্বিতীয়ার্ধে রবিউলের গোলে সমতা ফেরায়। তবে তারা এই স্কোরলাইন ধরে রাখতে পারেনি।
৭৬ মিনিটে ম্যাচের প্রথম গোলদাতা হাসান ব্রাদার্সকে ২-১ গোলে আবারও এগিয়ে নেন। এবারের মৌসুমে ব্রাদার্সের এটি প্রথম জয়, যা তারা ৫ ম্যাচে অর্জন করেছে। বাকি চার ম্যাচের মধ্যে তারা দুটিতে ড্র এবং দুটিতে পরাজিত হয়েছে। টেবিলের অবস্থান আট নম্বরে রয়েছে তাদের। অন্যদিকে, আবাহনী ৭ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে অবস্থান করছে।
চাঁদপুর স্টেডিয়ামে দিনের অন্য একটি ম্যাচে রহমতগঞ্জ ফকিরেরপুলকে ৩-২ গোলে পরাজিত করেছে। রহমতগঞ্জের পক্ষে গোলদাতা সাজ্জাদ হোসেন, অভিষেক লিম্বু এবং ইব্রাহিমা সেনে, অপরদিকে ফকিরেরপুলের জন্য দুটি গোল করেন সুলিমান দিয়াবাতে। এই জয়ের ফলে রহমতগঞ্জ ৬ পয়েন্ট নিয়ে টেবিলের সাত নম্বরে অবস্থান করছে। ফকিরেরপুল ৩ পয়েন্ট নিয়ে ১১ নম্বরে রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
খুলনা, ২৩ অক্টোবর, ২০২৬ : খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু মন্তব্য করেছেন যে, সরকার পরিবেশবান্ধব নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণে আন্তরিকভাবে কাজ করছে। তিনি উল্লেখ করেন, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি পেলে আমদানি নির্ভরতা হ্রাস পাবে। এর ফলে বৈদেশিক মুদ্রার সাশ্রয় হবে এবং একইসাথে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি বিদ্যুৎ খাতের আর্থিক চাপ কমানোর সুযোগ সৃষ্টি হবে।
শুক্রবার বিকেলে মোংলার নারিকেলতলা মাঠে দ্রুত নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণের দাবিতে আয়োজিত জনসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে তিনি এ কথা বলেন।
‘নবায়নযোগ্য জ্বালানি, এখনই’ শীর্ষক শ্লোগানের অধীনে ধরিত্রী রায় আমরা (ধরা), ওয়াটারকিপার্স বাংলাদেশ এবং পশুর রিভার ওয়াটারকিপার এই জনসমাবেশের আয়োজন করে।
কেসিসি প্রশাসক আরও জানান, সরকার ২০৩০ সালের মধ্যে ২০ শতাংশ এবং ২০৪০ সালের মধ্যে ৩০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের পরিকল্পনা গ্রহণ করেছে। আগামী ৫ বছরে ১০ হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইতোমধ্যে স্থানীয় সরকার বিভাগের আওতাধীন ভবনসমূহ, স্কুল-কলেজের ভবনসহ সকল সরকারি ভবনে সৌর প্যানেল স্থাপনের জন্য নির্দেশনা জারি করা হয়েছে। এই কার্যক্রমের অংশ হিসেবে রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।
জনসমাবেশের সভাপতিত্ব করেন ধরিত্রী রায় আমরা (ধরা) এর কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব এবং ওয়াটারকিপার্স বাংলাদেশ’র সমন্বয়কারী শরীফ জামিল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খ্যাতিমান গবেষক শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মীর মোহাম্মদ আলী, রিভার বাংলা সম্পাদক ফয়সাল আহমেদ, মোংলা পৌর বিএনপি’র সভাপতি সাবেক পৌর মেয়র মো. জুলফিকার আলী, উপজেলা বিএনপি’র সভাপতি আব্দুল মান্নান হাওলাদার, সাধারণ সম্পাদক আবু হোসেন পনি, শ্রমিক নেতা মাহবুবুর রহমান মানিক, কৃষক নেতা বদরুল আলম, সুন্দরবন ও উপকূল সুরা আন্দোলনের নিখিল চন্দ্র ভদ্র, সচেতন ফাউন্ডেশনের মো. হাবিবুর রহমান, মিশন গ্রীণ বাংলাদেশ’র আহসান রনি, হাওর অঞ্চলবাসীর জাকিয়া শিশির, কসমস সংস্থার মেহনাজ মালা, ব্রাইটার্স’র সাইদুর রহমান সিয়াম, বেঙ্গল পিস ফাউন্ডেশন’র মাসফিকুল হাসান টনি, কাইমেট ফ্রন্টিয়ার’র জুবায়ের ইসলাম এবং ওয়েব ফাউন্ডেশন’র আসাদুজ্জামান তুহিন।
সঞ্চালনার দায়িত্বে ছিলেন সুন্দরবন রায় আমরা’র সমন্বয়কারী পশুর রিভার ওয়াটারকিপার মো. নুর আলম শেখ।
জনসমাবেশে জ্বালানি নিরাপত্তার স্বার্থে সারাদেশে দ্রুত নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণে সকলকে সম্পৃক্ত করার পাশাপাশি সুন্দরবন সংরক্ষণে সরকারের কার্যকর ভূমিকা রাখার দাবি জানানো হয়। এছাড়া রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রসহ আকরাম পয়েন্টে প্রস্তাবিত এলএনজি টার্মিনাল ও পাইপলাইন স্থাপন প্রকল্প বাতিলের দাবি করা হয়। সুন্দরবন সংরক্ষণে বিজ্ঞানভিত্তিক ও অন্তর্ভুক্তিমূলক উদ্যোগ গ্রহণ, বিশ্ব ঐতিহ্য সুন্দরবনসহ প্রাণ—প্রকৃতির ক্ষতি হবে এমন কোনো প্রকল্প গ্রহণ না করা এবং জ্বালানি রূপান্তরকে সবুজ, ন্যায্য, জনকেন্দ্রিক ও অন্তর্ভুক্তিমূলক করার জন্য সরকারের নিকট দাবি জানানো হয়।
জনসমাবেশ শেষে বাঘ মহড়া, পুতুল খেলা, বাউল গান ও গাজীর গানের মাধ্যমে পরিবেশ সুরক্ষা এবং নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণের গুরুত্ব তুলে ধরা হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ