প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
খুলনা, ২৩ অক্টোবর, ২০২৬ : খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু মন্তব্য করেছেন যে, সরকার পরিবেশবান্ধব নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণে আন্তরিকভাবে কাজ করছে। তিনি উল্লেখ করেন, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি পেলে আমদানি নির্ভরতা হ্রাস পাবে। এর ফলে বৈদেশিক মুদ্রার সাশ্রয় হবে এবং একইসাথে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি বিদ্যুৎ খাতের আর্থিক চাপ কমানোর সুযোগ সৃষ্টি হবে।
শুক্রবার বিকেলে মোংলার নারিকেলতলা মাঠে দ্রুত নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণের দাবিতে আয়োজিত জনসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে তিনি এ কথা বলেন।
‘নবায়নযোগ্য জ্বালানি, এখনই’ শীর্ষক শ্লোগানের অধীনে ধরিত্রী রায় আমরা (ধরা), ওয়াটারকিপার্স বাংলাদেশ এবং পশুর রিভার ওয়াটারকিপার এই জনসমাবেশের আয়োজন করে।
কেসিসি প্রশাসক আরও জানান, সরকার ২০৩০ সালের মধ্যে ২০ শতাংশ এবং ২০৪০ সালের মধ্যে ৩০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের পরিকল্পনা গ্রহণ করেছে। আগামী ৫ বছরে ১০ হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইতোমধ্যে স্থানীয় সরকার বিভাগের আওতাধীন ভবনসমূহ, স্কুল-কলেজের ভবনসহ সকল সরকারি ভবনে সৌর প্যানেল স্থাপনের জন্য নির্দেশনা জারি করা হয়েছে। এই কার্যক্রমের অংশ হিসেবে রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।
জনসমাবেশের সভাপতিত্ব করেন ধরিত্রী রায় আমরা (ধরা) এর কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব এবং ওয়াটারকিপার্স বাংলাদেশ’র সমন্বয়কারী শরীফ জামিল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খ্যাতিমান গবেষক শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মীর মোহাম্মদ আলী, রিভার বাংলা সম্পাদক ফয়সাল আহমেদ, মোংলা পৌর বিএনপি’র সভাপতি সাবেক পৌর মেয়র মো. জুলফিকার আলী, উপজেলা বিএনপি’র সভাপতি আব্দুল মান্নান হাওলাদার, সাধারণ সম্পাদক আবু হোসেন পনি, শ্রমিক নেতা মাহবুবুর রহমান মানিক, কৃষক নেতা বদরুল আলম, সুন্দরবন ও উপকূল সুরা আন্দোলনের নিখিল চন্দ্র ভদ্র, সচেতন ফাউন্ডেশনের মো. হাবিবুর রহমান, মিশন গ্রীণ বাংলাদেশ’র আহসান রনি, হাওর অঞ্চলবাসীর জাকিয়া শিশির, কসমস সংস্থার মেহনাজ মালা, ব্রাইটার্স’র সাইদুর রহমান সিয়াম, বেঙ্গল পিস ফাউন্ডেশন’র মাসফিকুল হাসান টনি, কাইমেট ফ্রন্টিয়ার’র জুবায়ের ইসলাম এবং ওয়েব ফাউন্ডেশন’র আসাদুজ্জামান তুহিন।
সঞ্চালনার দায়িত্বে ছিলেন সুন্দরবন রায় আমরা’র সমন্বয়কারী পশুর রিভার ওয়াটারকিপার মো. নুর আলম শেখ।
জনসমাবেশে জ্বালানি নিরাপত্তার স্বার্থে সারাদেশে দ্রুত নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণে সকলকে সম্পৃক্ত করার পাশাপাশি সুন্দরবন সংরক্ষণে সরকারের কার্যকর ভূমিকা রাখার দাবি জানানো হয়। এছাড়া রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রসহ আকরাম পয়েন্টে প্রস্তাবিত এলএনজি টার্মিনাল ও পাইপলাইন স্থাপন প্রকল্প বাতিলের দাবি করা হয়। সুন্দরবন সংরক্ষণে বিজ্ঞানভিত্তিক ও অন্তর্ভুক্তিমূলক উদ্যোগ গ্রহণ, বিশ্ব ঐতিহ্য সুন্দরবনসহ প্রাণ—প্রকৃতির ক্ষতি হবে এমন কোনো প্রকল্প গ্রহণ না করা এবং জ্বালানি রূপান্তরকে সবুজ, ন্যায্য, জনকেন্দ্রিক ও অন্তর্ভুক্তিমূলক করার জন্য সরকারের নিকট দাবি জানানো হয়।
জনসমাবেশ শেষে বাঘ মহড়া, পুতুল খেলা, বাউল গান ও গাজীর গানের মাধ্যমে পরিবেশ সুরক্ষা এবং নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণের গুরুত্ব তুলে ধরা হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন