ঢাকা সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ইং ১০ই কার্তিক, ১৪৩৩বাং

প্রবাসীকল্যাণমন্ত্রী: পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি ভালো বলতে পারবে


প্রবাসীকল্যাণমন্ত্রী: পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি ভালো বলতে পারবে

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী সৌদি আরবে শরিয়াহ আইনের অধীনে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করার বিষয়ে কূটনৈতিক ত্রুটি ছিল কি না, সে সম্পর্কে সরাসরি মন্তব্য করেননি। তিনি উল্লেখ করেন, ‘বিষয়টি আমি ক্লিয়ার (পরিষ্কার) নই। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় ভালো বলতে পারবে।’

শুক্রবার বিকেলে সিলেট নগরের শহীদ সোলেমান হলে কোম্পানীগঞ্জ সমিতির অভিষেক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।

মন্ত্রী জানান, বিদেশের বিভিন্ন কারাগারে আটক বাংলাদেশিদের সহায়তায় সরকার কাজ করছে। তিনি প্রবাসীদের সংশ্লিষ্ট দেশের আইন মেনে চলার জন্য আহ্বান জানান।

আরও পড়ুন: কর্মস্থলে অনুপস্থিত থাকার কারণে এসপি তানিয়া বরখাস্ত

মন্ত্রী আরও বলেন, বিশ্বের বিভিন্ন দেশে অনেক বাংলাদেশি নানা কারণে কারাগারে রয়েছেন। তবে এই সংখ্যার বিষয়ে তিনি নিশ্চিত নন। অপরাধের মাত্রা বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণের জন্য একটি টিম গঠনের উদ্যোগ নেওয়া হচ্ছে।

এর আগে, সিলেটস্থ কোম্পানীগঞ্জ সমিতির নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক অধ্যাপক মো. তোতিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন মন্ত্রী। তিনি বিদেশে জনশক্তি রপ্তানির সুযোগ কাজে লাগানোর জন্য সবার প্রতি আহ্বান জানান।

তিনি বলেন, বিদেশে যাওয়ার আগে আমাদের কর্মীদের ন্যূনতম কারিগরি জ্ঞান অর্জন করা উচিত। একই সঙ্গে গন্তব্য দেশের ভাষার প্রাথমিক ধারণা নেওয়া প্রয়োজন। এতে প্রবাসে কাজ ও চলাফেরায় সুবিধা হবে এবং দ্রুত স্থানীয় ভাষা আয়ত্ত করা সম্ভব হবে।

অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্য দেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ শামছুল ইসলাম, সিলেট প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সাংবাদিক মোহাম্মদ সিরাজুল ইসলাম সঞ্চালনা করেন। অন্যান্য বক্তাদের মধ্যে ছিলেন সমিতির সভাপতি এম এ রফিকুল হক, উপদেষ্টা মো. আলী আকবর, সহসভাপতি মাস্টার মো. আবুল খায়ের, যুগ্ম সাধারণ সম্পাদক মো. নিজাম উদ্দিন এবং প্রচার সম্পাদক আবিদুর রহমান।

আরও পড়ুন: হংকংয়ে পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম দিলেন সবুজ অর্থায়নের বার্তা

অনুষ্ঠানে আইনি পেশায় বিশেষ অবদান রাখায় কয়েকজনকে সংবর্ধনা স্মারক প্রদান করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফিফা সভাপতি পদে পুনর্নির্বাচনে ইনফান্তিনোর জন্য এএফসির সমর্থন

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ ইং

০১:৪৬ এম


ফিফা সভাপতি পদে পুনর্নির্বাচনে ইনফান্তিনোর জন্য এএফসির সমর্থন

বিতর্কের মেঘ দূর করে পুনরায় ফিফা সভাপতি পদে নির্বাচনের জন্য শক্ত ভিত্তি গড়ছেন জিয়ান্নি ইনফান্তিনো। শীর্ষ প্রতিযোগিতা এবং বিশ্বকাপের আয়োজনের স্বত্ব বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির পরিকল্পনা বাতিল করার পর এবং ক্ষমাপ্রার্থনার মাধ্যমে, এবার তিনি এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) নিঃশর্ত সমর্থন লাভ করেছেন।

আজ জাপানের টোকিওতে অনুষ্ঠিত এএফসির বিশেষ কংগ্রেস বৈঠকে ৫৬ বছর বয়সী ইনফান্তিনো উপস্থিত ছিলেন। সেখানে এএফসি সভাপতি শেখ সালমান বিন ইব্রাহিম আল-খলিফা আনুষ্ঠানিকভাবে ফিফা সভাপতি হিসেবে ইনফান্তিনোর নেতৃত্ব ও তার আসন্ন প্রার্থিতার প্রতি এশীয় অঞ্চলের পূর্ণ প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

গত আগস্টে ফিফার বিশ্বমানের প্রতিযোগিতাগুলোর স্বত্ব বেসরকারি খাতে উন্মুক্ত করার উচ্চাকাঙ্ক্ষী পরিকল্পনার কারণে ইনফান্তিনো উয়েফা এবং কনকাকাফের সঙ্গে এএফসি-র তীব্র সমালোচনার সম্মুখীন হন। একাধিক জাতীয় অ্যাসোসিয়েশন সমর্থন প্রত্যাহার করে নিলে তার পদত্যাগের দাবিও ওঠে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গত সপ্তাহে ২০১৬ সাল থেকে দায়িত্ব পালন করে আসা এই ফিফা প্রধান তার সিদ্ধান্তের জন্য ক্ষমা চান।

অতীতের বিতর্ককে পেছনে ফেলে সামনে এগিয়ে যাওয়ার বার্তা দিয়ে শেখ সালমান বলেন, "জিয়ান্নি, অতীতে আমাদের কিছু বিষয়ে মতবিরোধ ও আলোচনা হয়েছিল—সেটি সত্য। তবে দুটি বিষয়কে এক করে মেলানো ঠিক হবে না। অতীত আমাদের ইতিহাসের অংশ, যা থেকে আমরা সবাই শিক্ষা নিয়েছি। আমাদের এখন সামনে এগিয়ে যেতে হবে... কারণ ফুটবল তখনই সবচেয়ে শক্তিশালী হয়, যখন আমরা একসঙ্গে কাজ করি।"

শেখ সালমান এশিয়ার সদস্য দেশগুলোর মনোভাব তুলে ধরে আরও জানান, ইনফান্তিনো এশিয়ার অনেক দেশ সফর করায় তার প্রতিশ্রুতির বিষয়টি স্পষ্ট এবং এশীয় সদস্য দেশগুলোও তার প্রতি অত্যন্ত স্পষ্ট সমর্থন বজায় রাখছে।

আগামী বছরের মার্চে ফিফা সভাপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রার্থিতা জমা দেওয়ার শেষ সময়সীমা আগামী ১৮ নভেম্বর নির্ধারণ করা হয়েছে। চতুর্থ ও শেষ মেয়াদের লড়াইয়ে ইনফান্তিনো নামলেও উয়েফাসহ ইউরোপীয় ফুটবল অ্যাসোসিয়েশনগুলোর কিছু অংশ এখনও তার সমালোচনায় মুখর রয়েছে এবং কিছু শীর্ষ অ্যাসোসিয়েশন সমর্থন ফিরিয়ে নিয়েছে। তবে এখন পর্যন্ত তার বিরুদ্ধে শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে বড় মাপের কোনো প্রার্থী নির্বাচনের ঘোষণা না দেওয়ায় এবং এশিয়ার পূর্ণ সমর্থন মেলায় ইনফান্তিনোর আবারও ফিফা প্রধান হওয়ার সম্ভাবনা অনেকটাই প্রবল হলো।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ছুটির দিনে সড়কে ঝরল ১২ জনের প্রাণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ ইং

০১:৪৭ এম


ছুটির দিনে সড়কে ঝরল ১২ জনের প্রাণ

ছুটির দিনে দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ১২ জন প্রাণ হারিয়েছেন। ফরিদপুরে মা-ছেলেসহ পাঁচজন, গাজীপুরের কালীগঞ্জ, কক্সবাজারের চকরিয়া এবং চট্টগ্রামের সাতকানিয়ায় দুজন করে এবং মাদারীপুরে একজন নিহত হন। এসব দুর্ঘটনা ঘটেছে গতকাল শুক্রবার।

গাজীপুরের কালীগঞ্জে কাভার্ডভ্যানের ধাক্কায় পুলিশের এসআই মিজানুর রহমান এবং বিএনপি নেতা রফিকুল ইসলাম নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশের আরো দুই সদস্য আহত হন। গতকাল রাতে টঙ্গী-ঘোড়াশাল মহাসড়কের কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, রাতে পৌর এলাকায় টহল এবং ওয়ারেন্ট তামিল করার সময় পুলিশ কয়েকজন সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদ করছিল। এ সময় বেপরোয়া গতির একটি কাভার্ডভ্যান পুলিশ সদস্যদের এবং রফিকুলকে ধাক্কা দেয়। এতে এসআই মিজান গাড়িটির সঙ্গে আটকে যায়। এ অবস্থায় গাড়িটির চালক তাকে প্রায় আধা কিলোমিটার টেনে নিয়ে যায়।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক রফিকুলকে মৃত ঘোষণা করেন। চিকিৎসাধীন অবস্থায় এসআই মিজানও মারা যান।

গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন জানান, ঘটনার কারণ উদঘাটন ও দায়ীদের গ্রেপ্তারে অভিযান চলছে।

এদিকে কক্সবাজারের চকরিয়ায় বাস ও সবজিবোঝাই পিকআপের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার খুটাখালী নয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—টেকনাফের মোহাম্মদ আব্দুল্লাহ (২৭) ও চকরিয়ার মোহাম্মদ ইয়াছিন (২৬)।

মালুমঘাট হাইওয়ে থানার ইনচার্জ এসআই সেলিম মিয়া জানান, কক্সবাজারমুখী শ্যামলী পরিবহনের বাসের সঙ্গে বিপরীতমুখী পিকআপের সংঘর্ষ হলে পিকআপের কেবিন দুমড়ে-মুচড়ে যায় এবং ভেতরে থাকা দুই যুবক ঘটনাস্থলেই মারা যান। পুলিশ লাশ উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছে এবং দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করেছে।

ফরিদপুরে মা-ছেলেসহ নিহত ৫

ফরিদপুর সদর ও মধুখালীতে সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। এর মধ্যে সদরের কানাইপুরে মা-ছেলে এবং মধুখালীতে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে তিনজন প্রাণ হারান।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বেলা তিনটার দিকে ঢাকাগামী কিংফিশার পরিবহনের বাসের সঙ্গে মাগুরাগামী অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অ্যাম্বুলেন্সটি দুমড়ে-মুচড়ে যায় এবং ভেতরে থাকা তিনজন ঘটনাস্থলেই প্রাণ হারান। তবে বাসের যাত্রীদের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

করিমপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি আব্দুস সালাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত বাস ও অ্যাম্বুলেন্স উদ্ধার করে। নিহত তিনজনের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

এদিকে বিকেলে কানাইপুরের তেঁতুলতলায় বালুবোঝাই ট্রাক প্রাইভেটকার ও অটোরিকশার উপর উল্টে পড়লে মা ও ছেলে নিহত হন। নিহত ব্যক্তিরা হলেন—মাগুরার মহম্মদপুরের আলোকদিয়া গ্রামের সুমি বেগম (৩২) ও তার ছেলে শাওন (৭)। দুর্ঘটনায় সুমির স্বামী পলাশ গুরুতর আহত হন। তিনি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

জানা গেছে, ফরিদপুর শহর থেকে একটি বালুবাহী ট্রাক কানাইপুরের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা বাসের সঙ্গে ট্রাকটির সংঘর্ষ হয়। সংঘর্ষের পর ট্রাকের চাকা বিস্ফোরিত হয়ে সেটি মহাসড়কের ওপর উল্টে যায়। এ সময় সামনে থেকে আসা একটি প্রাইভেট কার ও ব্যাটারিচালিত ইজিবাইক ট্রাকের নিচে চাপা পড়ে। প্রাইভেট কারটির একাংশ ট্রাকের নিচে চাপা পড়ে দুমড়ে-মুচড়ে যায়। ইজিবাইকটি বালু ও ট্রাকের নিচে পুরোপুরি চাপা পড়ে।

ফায়ার সার্ভিস এসে উদ্ধার করে চারজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর দুজনকে মৃত ঘোষণা করেন। বাসের কোনো যাত্রী হতাহত হননি।

চট্টগ্রামে অটোরিকশার দুই যাত্রী নিহত

চট্টগ্রামে বাসচাপায় প্রাণ গেছে অটোরিকশার দুই যাত্রীর। গতকাল রাত আটটার দিকে সাতকানিয়ার নয়াখাল এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ ঘটনার পর বিক্ষুব্ধরা সড়ক আটকে বাসটিতে আগুন দেয়। এতে ওই সড়কে প্রায় দেড় ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে।

দোহাজারী হাইওয়ের থানার ওসি নুরুল আবসার বলেন, পুলিশ গিয়ে বিক্ষোভকারীদের সরিয়ে দিলে সাড়ে ৯টার দিকে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

স্থানীয়রা জানান, সাতকানিয়ার কেরাণীহাট থেকে চট্টগ্রাম শহরগামী মিনিবাস নিয়ন্ত্রণ হারিয়ে নয়াখাল এলাকায় দাঁড়িয়ে থাকা মোটরসাইকেল ও অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশায় থাকা যাত্রীরা হতাহত হন।

মাদারীপুরে হোটেল ব্যবসায়ী নিহত

মাদারীপুরের তাঁতীবাড়ি এলাকায় পুলিশের রেকারের সঙ্গে প্রাইভেটকারের ধাক্কায় সেলিম হাওলাদার নামে এক আবাসিক হোটেল ব্যবসায়ী নিহত হয়েছেন। গতকাল ভোরে ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত সেলিম সদর উপজেলার বাগেরপাড় এলাকার মৃত নাজিম উদ্দীন হাওলাদারের ছেলে এবং হোটেল মেট্রোর মালিক।

পুলিশ জানায়, সেলিম নিজেই প্রাইভেটকার চালিয়ে ভূরঘাটা থেকে মাদারীপুর শহরে ফিরছিলেন। পথে তাঁতীবাড়ি এলাকায় মহাসড়কে দুর্ঘটনাকবলিত গাড়ি উদ্ধারে থাকা পুলিশের রেকারকে ধাক্কা দেন তিনি। গুরুতর আহত অবস্থায় ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্ব ক্ষুধা সূচকে ভারতের চেয়ে ভালো অবস্থানে বাংলাদেশ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ ইং

০১:৪৭ এম


বিশ্ব ক্ষুধা সূচকে ভারতের চেয়ে ভালো অবস্থানে বাংলাদেশ

২০২৬ সালের বিশ্ব ক্ষুধা সূচকে ১২২টি দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম স্থানে অবস্থান করছে। এ বছর বাংলাদেশের স্কোর ১৯ দশমিক ২। এই স্কোরের ভিত্তিতে, বাংলাদেশ মাঝারি মাত্রার ক্ষুধা পরিস্থিতির মধ্যে রয়েছে।

গ্লোবাল হাঙ্গার ইনডেক্স-২৬ (জিএইচআই) প্রতিবেদনে এই তথ্য প্রকাশিত হয়েছে। সংস্থাটির অফিসিয়াল ওয়েবসাইটে এই র‌্যাংকিংটি প্রকাশ করা হয়।

১২২টি দেশের মধ্যে ভারতের অবস্থান ১০০ তম, যেখানে ভারতের স্কোর ২৪ দশমিক ১। অন্যদিকে, পাকিস্তান ১০৬ তম স্থানে রয়েছে, যার স্কোর ২৫ দশমিক ৫।

দক্ষিণ এশিয়ার গড় স্কোরের তুলনায় বাংলাদেশ তুলনামূলকভাবে ভালো অবস্থানে রয়েছে। দক্ষিণ এশিয়ার দেশগুলোর গড় স্কোর ২৩ দশমিক ৫, কিন্তু বাংলাদেশের স্কোর ১৯ দশমিক ২। দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ থেকে ভালো অবস্থানে রয়েছে শ্রীলংকা ও নেপাল। তবে বৈশ্বিক গড় স্কোর (১৮ দশমিক ১) এর তুলনায় বাংলাদেশ কিছুটা পিছিয়ে রয়েছে।

বৈশ্বিক ক্ষুধা সূচকে স্কোর শূন্য থেকে ১০০-এর মধ্যে নির্ধারণ করা হয়। স্কোর ১০-এর কম হলে ক্ষুধার মাত্রা কম, ১০ থেকে ১৯ দশমিক ৯ হলে মাঝারি, ২০ থেকে ৩৪ দশমিক ৯ হলে গুরুতর, ৩৫ থেকে ৪৯ দশমিক ৯ হলে আশঙ্কাজনক এবং ৫০ বা তার বেশি হলে অত্যন্ত আশঙ্কাজনক হিসেবে গণ্য করা হয়। এই পরিপ্রেক্ষিতে, বাংলাদেশের ১৯ দশমিক ২ স্কোর মাঝারি মাত্রার ক্ষুধা পরিস্থিতি নির্দেশ করে।

জিএইচআই স্কোর মূলত চারটি সূচকের ওপর ভিত্তি করে নির্ধারণ করা হয়। এগুলো হলো— জনসংখ্যার মধ্যে অপুষ্টির হার, শিশুমৃত্যুর হার, বয়সের তুলনায় শিশুদের উচ্চতা কম হওয়া এবং উচ্চতার তুলনায় শিশুদের ওজন কম হওয়া।

প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের সূচকে বাংলাদেশে মোট জনসংখ্যার ৮ দশমিক ২ শতাংশ মানুষ অপুষ্টির শিকার। পাঁচ বছরের কম বয়সী শিশুদের মধ্যে বয়স অনুযায়ী উচ্চতা না বাড়া বা খর্বকায়তার হার ২৪ দশমিক ০ শতাংশ। তবে এটি একটি বড় অগ্রগতি, কারণ ২০০০ সালে এই হার ছিল ৫৪ দশমিক ৯ শতাংশ। অর্থাৎ গত ২৬ বছরে এই হার ৩০ দশমিক ৯ শতাংশ পয়েন্ট কমেছে।

পাঁচ বছরের কম বয়সী শিশুদের মধ্যে উচ্চতা অনুযায়ী ওজন না বাড়া বা কৃশতার হার ১২ দশমিক ৯ শতাংশ। পাঁচ বছর বয়স পূর্ণ হওয়ার আগেই দেশে ৩ দশমিক ০ শতাংশ শিশু মারা যাচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যমুনা ফিউচার পার্কে ব্যারিয়ার ভেঙে জেমসের গান উপভোগ করলেন হাজারো মানুষ

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ ইং

০১:৪৮ এম


যমুনা ফিউচার পার্কে ব্যারিয়ার ভেঙে জেমসের গান উপভোগ করলেন হাজারো মানুষ

রাজধানীর যমুনা ফিউচার পার্কে অনুষ্ঠিত ‘রক এন রিদম ৫: নো লিমিটস ইন দ্য জোন’ কনসার্টে দর্শকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। কিছু দর্শক ব্যারিয়ার ভেঙে ভেতরে প্রবেশের ঘটনাও ঘটেছে।

শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় জনপ্রিয় ব্যান্ড তারকা মাহফুজ আনাম জেমস এবং তার দল নগরবাউলের পরিবেশনা শুরু হওয়ার সময় হাজারো ভক্ত-অনুরাগী কনসার্ট প্রাঙ্গণে ঢুকে পড়েন।

দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ শপিং কমপ্লেক্স যমুনা ফিউচার পার্কের কার্নিভ্যাল অ্যারেনায় এই কনসার্টের আয়োজন করা হয়। প্রিয় শিল্পীর গান সরাসরি উপভোগের জন্য দুপুর থেকেই ভক্তরা অ্যারেনার সামনে ভিড় করতে শুরু করেন। সন্ধ্যা গড়ানোর সাথে সাথে অনুরাগী ও সঙ্গীতপ্রেমীদের উপস্থিতিতে পুরো চত্বর কানায় কানায় পূর্ণ হয়ে যায়।

একপর্যায়ে, প্রিয় তারকা মঞ্চে ওঠার পূর্ব মুহূর্তে নিরাপত্তা ব্যারিয়ার ভেঙে যায় এবং হাজার হাজার দর্শক ভেতরে প্রবেশ করেন।

দর্শকদের উপস্থিতি বাড়তে থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এক পর্যায়ে কর্তৃপক্ষ প্রধান গেটগুলো খুলে দিতে বাধ্য হন।

কনসার্টটির অন্যতম প্রধান আকর্ষণ ছিল, দীর্ঘ ১২ বছর পর গিটারিস্ট ও সংগীতশিল্পী অনি হাসান ওয়ারফেজের সঙ্গে স্টেজে পারফর্ম করেন। এছাড়াও পারফর্ম করেন নগর বাউল জেমস, এআরকে (হাসান), ওয়ারফেজ, অর্থহীন, শূন্য এবং এ কে রাহুল।

এর আগে সংবাদ সম্মেলনে আয়োজন সম্পর্কে অ্যাডভেনটর কমিউনিকেশন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল হক জনি জানান, রক এন রিদম’র পঞ্চম সিজনে তারা এমন কিছু নতুনত্ব নিয়ে আসছেন, যা বাংলাদেশের কনসার্টের অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করবে। তাদের লক্ষ্য কেবল একটি কনসার্ট আয়োজন করা নয়, বরং দর্শকদের জন্য সম্পূর্ণ নতুন একটি অ্যাম্বিয়েন্স ও অভিজ্ঞতা তৈরি করা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৭
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%