০১:২৯ পি.এম
অবৈধ সম্পদ অর্জন এবং অর্থপাচারের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তার স্ত্রী এবং দুই সন্তানের বিরুদ্ধে চার্জ গঠন সংক্রান্ত শুনানি পিছিয়ে আগামী ২৩ নভেম্বর নির্ধারণ করেছেন আদালত। রবিবার (১ নভেম্বর) দুপুরে শুনানি শেষে ঢাকার বিশেষ জজ আদালত-৫-এর বিচারক আব্দুল্লাহ আল মামুন এ দিন ধার্য করেন।
মামলার অন্যান্য আসামির মধ্যে রয়েছেন আসাদুজ্জামানের স্ত্রী লুৎফুল তাহমিনা খান, তার ছেলে শাফি মোদ্দাছির খান জ্যোতি এবং মেয়ে শাফিয়া তাসনিম খান।
দুদকের আইনজীবী তরিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন এবং জানান, আজ মামলাটির অভিযোগ গঠন শুনানির দিন নির্ধারিত ছিল। কিন্তু আসামিপক্ষের আইনজীবী ডেঙ্গু ও কিডনি রোগে আক্রান্ত হওয়ায় আদালতে উপস্থিত হতে পারেননি। এই কারণে আসামিপক্ষ সময়ের আবেদন করে। আদালত আবেদন মঞ্জুর করে চার্জ গঠন বিষয়ে শুনানির জন্য নতুন তারিখ নির্ধারণ করেন।
আরও পড়ুন: শরিফুল রাজকে আইনি নোটিশ পাঠালো রিয়েল এনার্জি প্রোডাকশন
নথি সূত্রে জানা গেছে, মামলাটি ঢাকার বিশেষ জজ আদালত-১০ এ বিচারাধীন ছিল। পরবর্তীতে ঢাকার মহানগর দায়রা জজ আদালত মামলাটি বিশেষ জজ আদালত-৫ এ স্থানান্তর করেন। শুনানির সময় কারাগারে থাকা শাফি মোদ্দাছির খান জ্যোতিকে আদালতে হাজির করা হয়।
২০২৪ সালের ৯ অক্টোবর অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে মামলা করে দুদক। গত বছরের ১৮ ডিসেম্বর তদন্ত শেষে আসাদুজ্জামান খান কামালসহ ৪ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে দুদক।
মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে, আসাদুজ্জামান খান একজন পাবলিক সার্ভেন্ট হিসেবে অসাধু উপায়ে অপরাধমূলক অসদাচরণ ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ২২ কোটি ৫৮ লাখ ৪০ হাজার ১৬২ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেন, যা তার জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ।
এছাড়া, এ আসামির বিরুদ্ধে ৯টি ব্যাংকের মাধ্যমে ৮৭ কোটি ৪৬ লাখ ২৬ হাজার ৯৩৩ টাকা লেনদেনের মাধ্যমে মানি লন্ডারিংয়ের সম্পৃক্ত অপরাধ ‘দুর্নীতি ও ঘুষ’ সংঘটনের মাধ্যমে প্রাপ্ত অর্থ বা সম্পত্তির অবৈধ উৎস গোপন করার উদ্দেশ্যে এসবের রূপান্তর বা স্থানান্তর করার অভিযোগ আনা হয়েছে।
আরও পড়ুন: গাজীপুরে শ্রমিক আন্দোলনে উসকানির অভিযোগে ছাত্রলীগ-শ্রমিক লীগের ৩০ নেতাকর্মী গ্রেফতার
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন