০১:৩০ পি.এম
নেত্রকোণা, ১ নভেম্বর ২০২৬ : সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে ১ কোটি ১৩ লাখ ৬৩ হাজার ২১৬ টাকার ভারতীয় মদ, গরু, কয়লা ও অন্যান্য চোরাচালানি মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) অক্টোবর মাসে। এই অভিযানের সময় এক মানব পাচারকারীসহ তিনজনকে আটক করা হয়েছে, যারা অবৈধভাবে সীমান্ত পারাপারের চেষ্টা করছিল।
আজ সকালে এ তথ্য নিশ্চিত করেছেন নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল তৌহিদ বারী, পিএসসি।
বিজিবি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ১ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত নেত্রকোণা ব্যাটালিয়নের অধীনে বিওপি কর্তৃক মোট ১৪২টি অভিযান পরিচালিত হয়েছে সীমান্ত এলাকায়। এসব অভিযানে জব্দ করা হয়েছে ৪৫৭ বোতল ভারতীয় মদ, ২৬টি ভারতীয় গরু, ৫৩৩টি কম্বল, ১৮১৮৮৮.৫ কেজি ভারতীয় কয়লা, ১১,৯০০টি বাঁশ, ৯,১০২টি কসমেটিকস, ১,২১৯ কেজি চিনি, ২,০৯৬ কেজি বাংলাদেশি রসুন, ২৬৭ কেজি বাংলাদেশি মাছ, ৬০ কেজি লেবু, ১৬ পিস কোদাল, ১১৩ কেজি ফুচকা, ৬৯ প্যাকেট শনপাপড়ি, ১৭৮ প্যাকেট চকলেট, ৭০০ কেজি টমেটো, ৩৪ প্যাকেট বিস্কুট, ২৯ কেজি জিরা, ৩৮০ পাতা বিভিন্ন প্রকার ওষুধ, একটি প্লাটিনা মোটরসাইকেল এবং একটি ঠেলাগাড়ি।
আরও পড়ুন: বাকেরগঞ্জে জাতীয় যুব দিবসে র্যালি, আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণ
জব্দকৃত মালামালের মোট সিজার মূল্য ১ কোটি ১৩ লাখ ৬৩ হাজার ২১৬ টাকা। আটককৃত মদ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে এবং অন্যান্য চোরাচালানি মালামাল জেলা কাস্টমস অফিসে জমা দেওয়া হয়েছে।
অবৈধভাবে সীমান্ত পারাপারের অপরাধে একজন মানব পাচারকারী ও দুজন বাংলাদেশি নাগরিককে আটক করে দুর্গাপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় গত ১০ অক্টোবর দুর্গাপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
চোরাচালান প্রতিরোধে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল তৌহিদ বারী জানিয়েছেন, বিজিবির এ ধরনের নিয়মিত অপারেশন কার্যক্রম অব্যাহত থাকবে।
আরও পড়ুন: স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণের দায়ে যুবককে যাবজ্জীবন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন