০২:০০ এম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হল থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সমাজসেবা সম্পাদক অর্ক সাহাকে আটক করা হয়েছে। ছাত্রদলের নেতাকর্মী ও শিক্ষার্থীরা তাকে শাহবাগ থানা-পুলিশের কাছে সোপর্দ করেছেন।
রোববার বিকেলে হলের একটি ক্যান্টিনে খাবার খাওয়ার সময় তাকে আটক করা হয়। পরে হল প্রশাসন ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের উপস্থিতিতে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
প্রত্যক্ষদর্শীদের মতে, অর্ক সাহা মাঝে মাঝে জগন্নাথ হলে যাতায়াত করতেন। এদিন বিকেলে হলের ক্যান্টিনে খাবার খাওয়ার সময় ছাত্রদলের নেতাকর্মী ও শিক্ষার্থীরা তাকে দেখতে পান। পরে তাকে পাকড়াও করা হয়। একপর্যায়ে হল প্রশাসন ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন এবং তাদের উপস্থিতিতে অর্ক সাহাকে শাহবাগ থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
আরও পড়ুন: স্ত্রীর ছবি ফেসবুকে দেয়ায় বন্ধুকে হত্যা, কুয়েতে বাংলাদেশির মৃত্যুদণ্ড
অর্ক সাহা ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সমাজসেবা সম্পাদক ছিলেন। তিনি বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। আওয়ামী লীগ সরকারের পতনের পর ছাত্রলীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়।
জগন্নাথ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক দেবাশীষ পাল আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ছাত্রলীগের পদধারী কারও নামেই বর্তমানে হলে সিট বরাদ্দ নেই। তাদের সবার সিট আগেই বাতিল করা হয়েছে। সে (অর্ক সাহা) মাঝেমধ্যে হলে যাতায়াত করত বলে জানা গেছে। আজ তাকে দেখতে পেয়েই শিক্ষার্থীরা আটক করেন।’
তিনি আরও বলেন, ‘হলে এ ধরনের আরও কেউ অবৈধভাবে অবস্থান করছেন কি না, সে বিষয়টি প্রশাসন গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখবে। তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থার বিষয়টি এখন সংশ্লিষ্ট প্রশাসন ও পুলিশ দেখবে।’
ঘটনার বিষয়ে জগন্নাথ হল ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ধ্রুব রায় বলেন, দীর্ঘদিন ধরে অর্ক সাহা রাতে হলে লুকিয়ে অবস্থান করছিলেন বলে আমাদের কাছে তথ্য ছিল। আজ বিকেলে তাকে ক্যান্টিনে দেখতে পেয়ে আটক করেন শিক্ষার্থীরা। সম্প্রতি জগন্নাথ হলের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় অর্ক সাহা জড়িত থাকতে পারেন বলেও অভিযোগ করেন তিনি।
আরও পড়ুন: দুর্গাপুরে ডেপুটি স্পিকারের উদ্যোগে পুলিশ তদন্তকেন্দ্র স্থাপিত হচ্ছে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন