০৮:৪৬ পি.এম
মস্কো ড. খলিলুর রহমানের তিন দিনের সরকারি সফর থেকে অর্জিত একাধিক ফলাফলের কথা তুলে ধরেছে। সফরকালে দেশে ব্যবসা-বাণিজ্য, প্রযুক্তি, পারমাণবিক জ্বালানি এবং বহুপক্ষীয় ফোরামে সহযোগিতা বৃদ্ধির বিষয়গুলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে উল্লেখ করা হয়েছে।
ঢাকায় রুশ দূতাবাস প্রকাশিত এক সারসংক্ষেপে জানানো হয়, সফরের সময় উভয় পক্ষ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন এবং দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণের সম্ভাব্য ক্ষেত্রগুলো পর্যালোচনা করেছেন।
রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের আমন্ত্রণে, ড. খলিলুর রহমান ৭ থেকে ৯ জুন রাশিয়া সফর করেন। সফরের সময় প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরও তার সঙ্গে ছিলেন।
আরও পড়ুন: অরেগনের স্কুলে গুলিতে নিহত ৪, আহত ২; শোকে স্তব্ধ শহর
সফরের অংশ হিসেবে ৮ জুন ড. খলিলুর রহমান সের্গেই লাভরভের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করেছেন। বৈঠকে দ্বিপলকীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে বিস্তারিত মতবিনিময় ঘটেছে।
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী রাশিয়ার ফেডারেশন কাউন্সিলের ডেপুটি-স্পিকার কনস্তানতিন কোসাচেভের সঙ্গেও সাক্ষাৎ করেছেন।
রুশ দূতাবাস জানিয়েছে, ‘উভয় পক্ষই স্বীকার করেছে যে বর্তমান দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ সম্ভাবনার তুলনায় কম এবং বাণিজ্যিক সহযোগিতা উল্লেখযোগ্যভাবে সম্প্রসারণ করা সম্ভব।’
দূতাবাসের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, দুই দেশের মধ্যে বাণিজ্যকে সহজতর করতে এবং অর্থনৈতিক সম্পর্ককে জোরদার করার লক্ষ্যে নতুন অর্থপ্রদান চ্যানেল ও আর্থিক ব্যবস্থার উন্নয়ন নিয়ে আলোচনা হয়েছে।
আরও পড়ুন: লালমনিরহাটে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, বিজিবির বাধা
ড. খলিলুর রহমান আলোচনায় বাংলাদেশ ও ইউরেশীয় অর্থনৈতিক কমিশনের মধ্যে একটি মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) সম্পাদনে রাশিয়ার সমর্থন কামনা করেন, যাতে বাণিজ্য ও বিনিয়োগ আরও বৃদ্ধি পায়।
ব্রিকস এবং সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) আনুষ্ঠানিক সদস্য হওয়ার বিষয়ে বাংলাদেশের আগ্রহও আলোচনা করা হয়।
লাভরভ জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায়, ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানান এবং তার মেয়াদকালে রাশিয়ার সমর্থনের আশ্বাস দেন।
উন্নত প্রযুক্তি খাতে সহযোগিতা করা আলোচনার একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল। দুই পক্ষ স্বাস্থ্যসেবা ও কৃষিক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) প্রয়োগ নিয়ে একসঙ্গে কাজ করার বিষয়ে সম্মত হয়। এ খাতে সম্ভাব্য সহযোগিতা অনুসন্ধানের জন্য রুশ প্রতিনিধিদলের বাংলাদেশ সফরের প্রস্তাব দেন ড. খলিলুর রহমান।
আরও পড়ুন: নেত্রকোণায় সাংবাদিক আলিফ হত্যায় অপূর্ব নামে যুবক আটক
দূতাবাস জানায়, রাশিয়া এ প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছে।
সফরের আরেকটি গুরুত্বপূর্ণ বৈঠকে, পররাষ্ট্রমন্ত্রী রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক জ্বালানি করপোরেশন রোসাটমের মহাপরিচালক আলেক্সেই লিখাচেভের সঙ্গে সাক্ষাৎ করেন।
বৈঠকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করা হয় এবং পারমাণবিক জ্বালানি খাতে বাংলাদেশ-রাশিয়া সহযোগিতা আরও সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।
পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর এটি ছিল ড. খলিলুর রহমানের প্রথম রাশিয়া সফর। একই সঙ্গে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ার পর এটি ছিল তার প্রথম গুরুত্বপূর্ণ বিদেশ সফর।
আরও পড়ুন: মক্কায় ওমরাহ পালন করতে গিয়ে বাংলাদেশি নারীর মৃত্যু
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন