ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

ভারতের স্বার্বভৌম স্বার্থে জরুরি তারেক রহমানের নয়াদিল্লি সফর


ভারতের স্বার্বভৌম স্বার্থে জরুরি তারেক রহমানের নয়াদিল্লি সফর

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান কি দিল্লি আসার পরিকল্পনা করছেন? দিল্লিতে আসার তারিখ নির্ধারিত হওয়ার পরেও শেষ মুহূর্তে বাংলাদেশের প্রধানমন্ত্রী তার ভারত সফর বাতিল করার সিদ্ধান্ত নিয়েছেন। বাংলাদেশের প্রধানমন্ত্রীর এই সফর আদৌ হবে কি না, তা নিয়ে দেশ-বিদেশে আলোচনা শুরু হয়েছে।

দিল্লির সাউথ ব্লকে এক অফিসারের সঙ্গে কথা হচ্ছিল ভারত-বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে। ওই অভিজ্ঞ অফিসারটি মন্তব্য করেন, বাংলাদেশের প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক সফরে দিল্লি আসা শুধুমাত্র বাংলাদেশের জন্য নয়, বরং ভারতের সার্বভৌম স্বার্থের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে চিন সফরে গিয়েছিলেন। যদিও তিনি সরাসরি চিনে না গিয়ে মালয়েশিয়া হয়ে গিয়েছিলেন, তবুও তখন ভারতে কেউ কেউ প্রশ্ন তুলেছিলেন, কেন বাংলাদেশের প্রধানমন্ত্রী প্রথমে ভারতে না এসে চিনে গেলেন? এই পরিস্থিতিতে কূটনৈতিক অগ্রাধিকার নিয়ে বাংলাদেশ কি বার্তা দিল? সাউথ ব্লকের অফিসারদের মধ্যে একাংশের ধারণা, শেখ হাসিনার পর বাংলাদেশ এখন অনেক বেশি চীন-পাকিস্তান অক্ষের দিকে ঝুঁকছে।

আরও পড়ুন: কক্সবাজারে নলকূপ খননের স্থান থেকে গ্যাসের আগুন, বাপেক্সের বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে

এ কারণে তারেক ভারতে আসতে আগ্রহী নন। তবে আমি মনে করি, এটি সঠিক নয়! তারেকের জন্য ভারত সফর অত্যন্ত জরুরি, কিন্তু তিনি ভারতে এসে শূন্য হাতে ফিরতে চান না। এতে ঢাকা ফিরে তার সমস্যার পরিমাণ বাড়বে।

ওই অফিসারটি বলছিলেন, কূটনীতিতে অনেক স্তর থাকে। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা চিন সফরে গিয়েছিলেন। পদ্মা সেতুর নির্মাণের সময় চিনের ইঞ্জিনিয়াররা সেখানে যথেষ্ট সক্রিয় ছিলেন।

চিনের সঙ্গে ভারতও সীমান্ত আলোচনা বেশ কয়েক দফায় চালাচ্ছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী চিনে যাচ্ছেন বলেই, বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারত সফর নয়াদিল্লি চাইবে না, এটি কখনোই হতে পারে না।

আমি দীর্ঘ ৪০ বছরের অধিক সময় ধরে দিল্লিতে কর্মরত ছিলাম। আমি একজন বাঙালি সাংবাদিক এবং আনন্দবাজার পত্রিকার দিল্লি সম্পাদক ছিলাম।

আরও পড়ুন: কুমিল্লায় রাজস্ব কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যা মামলায় পাঁচজনের বিরুদ্ধে চার্জশিট

শ্রীলঙ্কা, মায়ানমার বা নেপালে কী ঘটছে তা নিয়ে আগ্রহ থাকলেও বাংলাদেশের বিষয়ে আমার আগ্রহ ১৬ আনার ওপর ১৮ আনা। মাতৃভাষা বাংলা, দিল্লিতে থাকলেও আমি একজন অনাবাসী বাঙালি সাংবাদিক। তাই ভারত-বাংলাদেশের সম্পর্ক অটুট থাকুক, মধুর হোক- সেটাই আমার কাছে সবসময় কাম্য! আমি একজন ভারতীয় সাংবাদিক। বাংলাদেশের বিএনপি, জামায়াত-আওয়ামী লীগ এই অভ্যন্তরীণ রাজনৈতিক দলীয় ব্যবস্থায় আমি কোনো দলের সমর্থক বা কোনো দলের বিশেষ সমালোচক নই।

ভারত সরকারের কাছে বাংলাদেশ সরকার অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারেকের ভারত সফরটি শুধু তারেক সাহেবের জন্য নয়, বরং নরেন্দ্র মোদির জন্যও বিশেষ প্রয়োজন। বাংলাদেশ রাষ্ট্রটি আয়তনে ছোট হতে পারে, কিন্তু এর জিও-স্ট্র্যাটেজিক পজিশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশ নামক ভূখণ্ডের এই জিও-স্ট্র্যাটেজিক গুরুত্ব মার্কিন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনও বুঝেছিলেন। তিনি অবসর গ্রহণের আগে বাংলাদেশে ছুটে এসেছিলেন, সঙ্গে কলকাতা সফরও করেছিলেন। বাংলাদেশের এই ভূখণ্ড নিয়ে চিন এবং আমেরিকার কিছু নিজস্ব কায়েমি স্বার্থ থাকতে পারে। এই কায়েমি স্বার্থের মধ্যে সংঘাত রয়েছে, বাংলাদেশ সরকারকে মুনশিয়ানার সঙ্গে এই দুটি দেশের টানাপড়েনের মধ্যে নিজেদের টিকিয়ে রাখা একটি বড় চ্যালেঞ্জ।

শেখ হাসিনার বাংলাদেশের রাজনৈতিক চালচিত্র থেকে বিদায় নেওয়ার পর ভারতের কাছে তারেকের সঙ্গে সুসম্পর্ক স্থাপন করা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তারেক ইউনূস নন! তিনি নির্বাচনে জিতে প্রধানমন্ত্রী হয়েছেন! বাংলাদেশে দিনেশ ত্রিবেদীর মতো রাজনৈতিক ব্যক্তিত্বকে হাই কমিশনার করে যে পাঠানো হয়েছে, তাকে ক্যাবিনেট র‍্যাঙ্ক দেওয়া হয়েছে। তিনি প্রধানমন্ত্রী থেকে শুরু করে বাংলাদেশের প্রেসিডেন্ট, বিদেশমন্ত্রী এবং বিভিন্ন স্তরের মন্ত্রীদের সঙ্গে কথা বলছেন। নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে ভারত-বাংলাদেশের সংস্কৃতিকে ঐক্যবদ্ধ করছেন। বাংলা ভাষা কেন্দ্রিক অনুষ্ঠান হচ্ছে। ঢাকায় দুদেশের মধ্যে টি২০ ক্রিকেট হবে! ভিসা নিয়েও নীতি শিথিল করেছে, টুরিস্ট ভিসা থেকে মেডিক্যাল ভিসা যথেষ্ট উদার হওয়ার চেষ্টা করেছে ভারত। কাজেই ভারতের দিক থেকে বাংলাদেশের সঙ্গে পায়ে পা লাগিয়ে ঝগড়া করা কখনোই অগ্রাধিকার নয়।

শেখ হাসিনা যখন ক্ষমতাচ্যুত হলেন, সেই ঘটনার আগে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল বারবার ঢাকায় গিয়ে শেখ হাসিনাকে সতর্ক করেছিলেন। তিনি বলেছিলেন, বাংলাদেশের মানুষের মধ্যে আওয়ামী লীগের বিরুদ্ধে অসন্তোষ বাড়ছে। শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করাটা শুধুমাত্র একটি সামরিক এবং বিএনপি-জামায়াতের ক্যু অথবা মার্কিন স্টেট ডিপার্টমেন্টের ষড়যন্ত্র-এভাবে বিশ্লেষণ করাটাকেও আমি অতি সরলীকরণ বলে মনে করি। নানান কায়েমি স্বার্থ সবসময়ই একটি রাজনৈতিক ব্যবস্থাকে নড়বড়ে করতে চায়, বদল করতে চায়, কিন্তু সেটার মোকাবিলা করার জন্য যে রাজনৈতিক ইমিউনিটি, সেটি শাসকদলের থাকা প্রয়োজন। চিনে যখন তিয়েনআনমেন স্কোয়ারে ছাত্রদের বিদ্রোহ হয়েছিল, তখন অনেকে বলেছিলেন, আসলে চিন উদার হতে গিয়ে জানলা খুলতে গিয়ে মশা ঢুকে পড়েছে, আর তাই ম্যালেরিয়া হয়ে গেছে, জানলা বন্ধ রাখা প্রয়োজন ছিল। এখানে প্রশ্নটা জানলা খোলা-বন্ধ করার নয়, মশার কামড়ে ম্যালেরিয়া যাতে না হয় তার ইমিউনিটির ব্যবস্থা তৈরি করা জরুরি ছিল।

আরও পড়ুন: সেনাপ্রধানের সঙ্গে মার্কিন প্রতিনিধি দলের সাক্ষাৎ, এলএফটি-২০২৬ সফলভাবে সম্পন্ন

শেখ হাসিনার রাজত্বের শেষের দিকে তাঁর আওয়ামী লীগ এবং সরকারের যে ভয়াবহ দুর্নীতি দেখা যায়, যেভাবে মানুষ কর্মহীনতা, মূল্যবৃদ্ধি ও নানা আর্থিক সমস্যায় বিরূপ হয়েছে এবং আওয়ামী লীগ বিরোধী অসন্তোষ ভারত বিরোধী অসন্তোষে পরিণত হয়েছে- সেই নির্মম সত্যগুলোকেও স্বীকার করতে হবে।

১৯৭১ সালের যে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, তার যে স্মরণীয় ইতিহাস, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে ঐতিহাসিক অবদান, বাংলাদেশ গড়ার ব্যাপারে তাঁর যে ভূমিকা- এ সবই শ্রদ্ধার সঙ্গে ভারত মনে করে। তবে এর মানে এই নয় যে, কংগ্রেস এবং আওয়ামী লীগের রাজনৈতিক সম্পর্কের প্রিজমে আজও ভারত-বাংলাদেশ সম্পর্কটাকে দেখতে হবে। সময়ের হাত ধরে কূটনীতিকে দিল্লি আপডেট করতে চায়! অতীতের পুনরাবৃত্তি নয়, প্রয়োজনে ভবিষ্যৎকে ‘রি ইনভেন্ট’ করতে হয়!

ইতিহাসের বোঝা বইতে গিয়ে ভারত এবং বাংলাদেশের সম্পর্ককে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার নতুন পথ ভাবতে হবে। বিএনপিকে বলা হয় ‘ট্রেড ফ্রেন্ডলি পার্টি’। যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখনও বিএনপি বারবার ভারতীয় শাসক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে চাইত। যোগাযোগ বার্তা দিত যে আমরা বাণিজ্য চাই, ভারত সরকারের সঙ্গে বাংলাদেশ বাণিজ্যিক সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে চায়! সেদিন ভারত একটা ঝুড়িতেই সব ডিম রাখার ভ্রান্ত নীতি নিয়ে চলছিল! সুতরাং পাকিস্তানের হাতে তারেক তামাক খাচ্ছেন বলে তারেকের ভারত সফরের সম্ভাবনাকে নষ্ট করা, তাতে ভারতের লাভ কোথায়? ভারতের স্বার্থেই তারেককে ভারতের কূটনৈতিক দৌত্যে শামিল করা প্রয়োজন।

বাংলাদেশে যারা সরকার চালাচ্ছেন- প্রধানমন্ত্রী, বিদেশ স্বরাষ্ট্রমন্ত্রীসহ আরো অনেক শীর্ষ নেতা - তারা কেউ ছেলেমানুষ নন। ভারত এবং পাকিস্তানের মধ্যে কাকে বাংলাদেশের বেশি প্রয়োজন, এই সহজ-সরল সত্যটা বাংলাদেশের সরকারও জানে। বাংলাদেশের ভারতের ওপর নির্ভরতা অনস্বীকার্য। সেটা ডিজেল থেকে গঙ্গা পানি-চুক্তি অথবা পেঁয়াজ সহ নানান পণ্যের আমদানি-রপ্তানি, সড়ক সংযোগ, ভারতের উত্তর-পূর্বাঞ্চলে বাংলাদেশের বাণিজ্য- সব বিষয়েই দুটো দেশের সম্পর্ক গভীরভাবে যুক্ত। ভারতেরও প্রয়োজন একইভাবে! কাজেই মুষ্টিযুদ্ধ কূটনীতির ব্যাকরণ নয়।

আরও পড়ুন: বোম্বে হাইকোর্ট ইমরান খানের ভারত ছাড়ার নোটিশ স্থগিত করেছে

শেখ হাসিনাকে বাংলাদেশের আবার প্রধানমন্ত্রী করা—এটাও কখনো ভারতের কূটনৈতিক লক্ষ্য হতে পারে না। শেখ হাসিনা ভারতে রাজনৈতিক আশ্রয় নিয়েছেন। তিনি বাংলাদেশে যেতে চাইলে এবং বাংলাদেশের সরকারও তাকে ফেরত চাইলে, তারেক সাহেবের সঙ্গে নরেন্দ্র মোদির দেখা হলে এসব নিয়ে খোলামেলা আলোচনা হতে পারে। ব্রিকসের বৈঠকে বাংলাদেশের না আসা তেমন কোনো গুরুত্বপূর্ণ ঘটনা নয়। কারণ ব্রিকসের সম্মেলনটা হচ্ছে ‘বহু-পাক্ষিক’। সেখানে রাশিয়া, চিন, ভারত- তারা আলোচনাকে এগিয়ে নিয়ে যাবে। কিন্তু বাংলাদেশের সঙ্গে প্রথম থেকেই ব্রিকস নয়, দ্বিপাক্ষিক সফরের কথাই আলাপ-আলোচনার স্তরে ছিল।

আন্তর্জাতিক কূটনীতিতে বলা হয়, দুটি সার্বভৌম রাষ্ট্র নিজেদের মধ্যে যখন আলোচনা করে, তখন কিছু বিষয় থাকে যেগুলি হচ্ছে দুটি দেশের অ্যাসপিরেশন বা ডিজায়ার। সেই ডিজায়ার শতকরা ১০০ ভাগ পূরণ নাও হতে পারে, কিন্তু আলাপ-আলোচনার মধ্যে দুটি দেশের মধ্যে কিছু ডিজায়ারের প্রাপ্তি হয়। আর সেটাকেই বলা হয় অ্যাফেক্টিভ ডিজায়ার (কার্যকর আকাঙ্ক্ষা)। গঙ্গা চুক্তি ডিসেম্বরে শেষ হচ্ছে, তার আগেই বাংলাদেশের প্রধানমন্ত্রী এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে গঙ্গা চুক্তি চূড়ান্ত করার ব্যাপারে কথাবার্তা বলতে পারেন। শেখ হাসিনার বিষয়, এমনকি হাদীর হত্যাকাণ্ড, ভারত তার আততায়ীকে বাংলাদেশের হাতে তুলে দেবে? এসব বিষয় নিয়ে খোলামেলা আলোচনা হতেই পারে।

সুতরাং আমরা যদি প্রথমেই ধরে নিই তারেক পাকিস্তান এবং চিনের স্বার্থরক্ষা করছেন-তিনি ভারত বিরোধী। তাহলে নরেন্দ্র মোদি ক্ষমতায় আসার পর যে 'প্রতিবেশী প্রথম-বিদেশনীতির বাস্তবায়ন অসুবিধাজনক হয়ে যায়। নরেন্দ্র মোদি সেটা জানেন। কেননা এর সঙ্গে তার ‘অ্যাক্ট-ইস্ট পলিসি’ বিশেষভাবে যুক্ত হয়ে আছে।‌ সেটা অনেক বেশি দ্রুত এগোতে পারে।

জামায়াত এখন বিরোধী দল। বিজেপি তথা সংঘ পরিবারের জামাতের রাজনীতির সঙ্গে বিরোধ থাকতে পারে। কিন্তু জামাতের শীর্ষ নেতারাও এবারে বাংলাদেশের নতুন রাজনৈতিক সমীকরণে ভারতবিরোধী বক্তব্য কার্যত রাখছেন না। তারাও দেখতে চাইছেন, ভারত কীভাবে আগামীদিনে এগোয়। বিদেশমন্ত্রী জয়শঙ্করও খালেদা জিয়ার শেষকৃত্য অনুষ্ঠানে যখন গিয়েছিলেন, তখনও সেখানে গিয়েও প্রধান জামাত নেতার সঙ্গে সৌজন্যমূলক বৈঠক করেছিলেন। সেটা কোনো গোপন বৈঠক নয়। প্রকাশ্যে সেই বৈঠক হতে আমরা দেখেছি। বিরোধী দল জামায়াত। তারেক সাহেবও বিরোধী দলকে দুরমুশ করে দেব, এই মনোভাব নিয়ে যে যাচ্ছেন না, সেটি বাংলাদেশের রাজনৈতিক ইকোসিস্টেমকে শক্তিশালীই করছে। ভারতও মনে করে, আলাপ আলোচনা একমাত্র পথ। আফগানিস্তানে যদি তালিবানের সঙ্গে ভারত আলাপ আলোচনা করতে পারে, তালিবানের বিদেশমন্ত্রী যদি ভারতে আসতে পারেন, সেখানে বাংলাদেশকে অচ্ছুত করে রাখাটা সম্পূর্ণ ভুল বলে মনে করি।

আরও পড়ুন: ২৯ অক্টোবর মধ্য রাতে উঠে যাচ্ছে ইলিশ রক্ষার নিষেধাজ্ঞা

সাউথ ব্লক থেকে বেরোনোর সময়ও অন্তত এই আশাটুকু নিয়ে বেরোলাম যে, এখনো তারেক সাহেবকে ভারতে নিয়ে আসার চেষ্টা সাউথ ব্লকের পক্ষ থেকে বন্ধ হয়নি। আশা করা হচ্ছে, এখন যিনি বাংলাদেশের বিদেশ সচিব তিনি ভারতের হাইকমিশনার হয়ে অক্টোবর মাসের মধ্যে দিল্লি পৌঁছে যাবেন। আর নভেম্বর মাসের শেষে বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারত সফরে আসতে পারবেন। ভারত এবং বাংলাদেশের সম্পর্কটি চিরস্থায়ী বিষয়। রাজনীতির চরিত্র আসবে-যাবে। দুদেশের সম্পর্ক অটুট রাখাই দুদেশের স্বার্থ। তাই তারেক সাহেবের ভারতে আসা শুধুমাত্র বাংলাদেশের সার্বভৌম স্বার্থ নয়, ভারতেরও স্বার্থ। আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারত সফরের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।

লেখক :

জয়ন্ত ঘোষাল

ভারতের প্রবীণ সাংবাদিক, আনন্দবাজার পত্রিকার সাবেক দিল্লি সম্পাদক

আরও পড়ুন: আদাবরে যুবদল নেতাকে কুপিয়ে মারাত্মকভাবে জখম

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফিলিপাইনে ফেরিতে ভয়াবহ আগুনে নিহত ৫, নিখোঁজ ৮৬

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১০:২৯ এম


ফিলিপাইনে ফেরিতে ভয়াবহ আগুনে নিহত ৫, নিখোঁজ ৮৬

ফিলিপাইনের পালাওয়ান প্রদেশের জনপ্রিয় পর্যটনকেন্দ্র কোরনের কাছে সমুদ্রে একটি যাত্রীবাহী ফেরিতে ভয়াবহ আগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় ৮৬ জনের কোনো সন্ধান পাওয়া যায়নি বলে জানিয়েছে দেশটির কোস্টগার্ড।

স্থানীয় সময় বুধবার (৯ সেপ্টেম্বর) কোরনের কাছাকাছি জলসীমায় এমভি জুন অ্যাস্টার ফেরিটিতে আগুনের সূত্রপাত হয়। আগুন লাগার পরপরই ফেরিটিতে থাকা যাত্রী ও ক্রুদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুন থেকে বাঁচতে অনেকে পানিতে ঝাঁপ দেন বলে জানা গেছে।

ফিলিপাইন কোস্টগার্ড জানিয়েছে, ফেরিটিতে মোট ১৩৪ জন যাত্রী ও ক্রু ছিলেন। তাদের মধ্যে রিপোর্ট লেখা পর্যন্ত ৪৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে আরও ৮৬ জন নিখোঁজ থাকায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

কোস্টগার্ডের ক্যাপ্টেন নোয়েমি কায়াবিয়াব ফেরিটিতে থাকা মানুষের সংখ্যা নিশ্চিত করেছেন। তিনি বলেন, আগুন লাগার পর উদ্ধার অভিযান শুরু হয়েছে এবং নিখোঁজদের সন্ধানে ব্যাপক তৎপরতা চলছে।

 

কোরন ফিলিপাইনের পালাওয়ান প্রদেশের অন্যতম জনপ্রিয় পর্যটনকেন্দ্র। সেখানকার স্বচ্ছ নীল পানি, দ্বীপপুঞ্জ ও প্রবালপ্রাচীরের কারণে দেশ-বিদেশের পর্যটকদের কাছে এলাকাটি ব্যাপক জনপ্রিয়। ফলে ফেরিটিতে পর্যটকও থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে এবং ফেরিটিতে অগ্নিনিরাপত্তা ব্যবস্থা যথাযথ ছিল কি না, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। দুর্ঘটনার কারণ খুঁজে বের করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।

নিখোঁজদের সন্ধানে সমুদ্র এলাকায় উদ্ধারকারী দল ও কোস্টগার্ডের সদস্যরা কাজ করছেন। দুর্ঘটনার পর ফেরিটিতে থাকা ব্যক্তিদের উদ্ধারে নৌযান ও অন্যান্য উদ্ধার সরঞ্জাম ব্যবহার করা হচ্ছে। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। 

সূত্র: বিবিসি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জর্ডানের মার্কিন ঘাঁটিতে হামলা, একাধিক যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত ইরানের আক্রমণে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১০:৪২ এম


জর্ডানের মার্কিন ঘাঁটিতে হামলা, একাধিক যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত ইরানের আক্রমণে

জর্ডানে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান। মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজের তথ্য অনুযায়ী, এই হামলায় যুক্তরাষ্ট্রের একাধিক যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হয়েছে।

সিবিএসের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বুধবার (৯ সেপ্টেম্বর) ভোরে জর্ডানের মুওয়াফাক সালতি বিমানঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার ফলে প্রায় ৮টি এফ-১৫ যুদ্ধবিমান সামান্যভাবে ক্ষতিগ্রস্ত হয়। তবে, পরবর্তীতে এসব বিমান মেরামত করে পুনরায় কাজে ফিরিয়ে আনা হয়েছে।

এদিকে, হামলায় একটি এ-১০ থান্ডারবোল্ট (ওয়ারথগ) যুদ্ধবিমান গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যেখানে বিমানটির একটি ডানা ভেঙে যায়।

মঙ্গলবার যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জানানো হয়েছিল, ইরান একটি মার্কিন নৌযানে হামলার চেষ্টা করার পর তারা ইরানের পাঁচটি তেলবাহী ট্যাংকারে হামলা চালায়। এই ঘটনার পর ইরান পালটা হামলা শুরু করে।

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, তারা ৮টি তেলবাহী ট্যাংকার, ২টি যুদ্ধজাহাজ এবং জর্ডানের ওই মার্কিন বিমানঘাঁটিতে হামলা চালিয়েছে।

সিবিএসের প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র ও অন্যান্য প্রজেক্টাইল ঠেকাতে জর্ডানে অবস্থানরত মার্কিন বাহিনী ৩০টিরও বেশি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সারা দেশে বৃষ্টির আভাস

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১০:৪৯ এম


সারা দেশে বৃষ্টির আভাস

আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। সেই সঙ্গে সারা দেশে কম-বেশি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এছাড়া, দক্ষিণ বা দক্ষিণপূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।  

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও আশপাশের অঞ্চলের জন্য দেয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, আজ ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবার্তা নেই। এ সময় কোনো সংকেতও দেখাতে হবে না বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র।

অপরদিকে বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার (৫ দিন) আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, ভাদ্রের শেষদিকে দেশজুড়ে বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। সবশেষ ২৪ ঘণ্টায়ও দেশে সর্বোচ্চ ৩২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এই অবস্থার মধ্যেই আগামী ২৪ ঘণ্টায় বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর প্রভাবে আগামী ৫ দিনও দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পাশাপাশি কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে। 

 

পূর্বাভাসে আবহাওয়াবিদ ওমর ফারুক জানিয়েছেন, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ ভারতের রাজস্থান, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত। পাশাপাশি এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এ ছাড়া মৌসুমি বায়ু বাংলাদেশের উপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। ফলে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।

এই অবস্থায় বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে এই সময়ে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণ হতে পারে। তবে এদিন সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৪১ বছর বয়সেও রোনালদোর দাপট, ১০০০ গোলের মাইলফলক কত দূরে?

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বৃহস্পতিবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১১:০৯ এম


৪১ বছর বয়সেও রোনালদোর দাপট, ১০০০ গোলের মাইলফলক কত দূরে?

ক্রিস্টিয়ানো রোনালদোর বয়স ৪১ বছর, কিন্তু তাঁর গোলের প্রতি আগ্রহ যেন কমেনি একটুও। বরং ক্যারিয়ারের শেষের দিকে এসেও তিনি একের পর এক মাইলফলক স্পর্শ করে চলেছেন পর্তুগিজ এই মহাতারকা। সৌদি প্রো লিগে আবহার বিপক্ষে আল-নাসরের জার্সিতে আবারও তিনি আলো ছড়িয়েছেন এবং গোল করেছেন।

এই গোলের ফলে রোনালদোর পেশাদার ফুটবলে অফিশিয়াল গোলসংখ্যা এখন ৯৭৯-এ পৌঁছেছে।

ম্যাচের ২২তম মিনিটে রোনালদো আল-নাসরকে এগিয়ে দেন। অ্যাঞ্জেলো গ্যাব্রিয়েলের দুর্দান্ত কর্নার থেকে ছয় গজ বক্সের কাছ থেকে তিনি একটি অসাধারণ হেড করেন।

বিরতির পর ৫৮তম মিনিটে আল-হামদানের কোনাকুনি শটে আল-নাসরের ব্যবধান দ্বিগুণ হয়। ৭৫তম মিনিটে নাবিল ফেকির একটি গোল করে আবহাকে ম্যাচে ফেরার সম্ভাবনা দেখান। তবে শেষ পর্যন্ত আল-নাসর লিড ধরে রেখে পূর্ণ তিন পয়েন্ট নিশ্চিত করে।

চলতি ২০২৬-২৭ মৌসুমে সৌদি প্রো লিগে এটি রোনালদোর তৃতীয় গোল। আর আল-নাসরের হয়ে সব প্রতিযোগিতায় এটি তাঁর ১৩২তম গোল। এই জয়ের ফলে লিগ টেবিলের শীর্ষে থাকা আল-হিলাল ও আল-কাদসিয়ার সঙ্গে পয়েন্টে সমতা অর্জন করেছে আল-নাসর। ছয় ম্যাচে পাঁচ জয় নিয়ে দারুণ ছন্দে রয়েছে দলটি।

তবে রোনালদোর জন্য রাতটি বিশেষ হয়ে উঠেছে ব্যক্তিগত মাইলফলকের কারণে।

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%