বৃহস্পতিবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
১০:২৯ এম
ফিলিপাইনের পালাওয়ান প্রদেশের জনপ্রিয় পর্যটনকেন্দ্র কোরনের কাছে সমুদ্রে একটি যাত্রীবাহী ফেরিতে ভয়াবহ আগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় ৮৬ জনের কোনো সন্ধান পাওয়া যায়নি বলে জানিয়েছে দেশটির কোস্টগার্ড।
স্থানীয় সময় বুধবার (৯ সেপ্টেম্বর) কোরনের কাছাকাছি জলসীমায় এমভি জুন অ্যাস্টার ফেরিটিতে আগুনের সূত্রপাত হয়। আগুন লাগার পরপরই ফেরিটিতে থাকা যাত্রী ও ক্রুদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুন থেকে বাঁচতে অনেকে পানিতে ঝাঁপ দেন বলে জানা গেছে।
ফিলিপাইন কোস্টগার্ড জানিয়েছে, ফেরিটিতে মোট ১৩৪ জন যাত্রী ও ক্রু ছিলেন। তাদের মধ্যে রিপোর্ট লেখা পর্যন্ত ৪৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে আরও ৮৬ জন নিখোঁজ থাকায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
কোস্টগার্ডের ক্যাপ্টেন নোয়েমি কায়াবিয়াব ফেরিটিতে থাকা মানুষের সংখ্যা নিশ্চিত করেছেন। তিনি বলেন, আগুন লাগার পর উদ্ধার অভিযান শুরু হয়েছে এবং নিখোঁজদের সন্ধানে ব্যাপক তৎপরতা চলছে।
কোরন ফিলিপাইনের পালাওয়ান প্রদেশের অন্যতম জনপ্রিয় পর্যটনকেন্দ্র। সেখানকার স্বচ্ছ নীল পানি, দ্বীপপুঞ্জ ও প্রবালপ্রাচীরের কারণে দেশ-বিদেশের পর্যটকদের কাছে এলাকাটি ব্যাপক জনপ্রিয়। ফলে ফেরিটিতে পর্যটকও থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে এবং ফেরিটিতে অগ্নিনিরাপত্তা ব্যবস্থা যথাযথ ছিল কি না, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। দুর্ঘটনার কারণ খুঁজে বের করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।
নিখোঁজদের সন্ধানে সমুদ্র এলাকায় উদ্ধারকারী দল ও কোস্টগার্ডের সদস্যরা কাজ করছেন। দুর্ঘটনার পর ফেরিটিতে থাকা ব্যক্তিদের উদ্ধারে নৌযান ও অন্যান্য উদ্ধার সরঞ্জাম ব্যবহার করা হচ্ছে। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
সূত্র: বিবিসি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জর্ডানে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান। মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজের তথ্য অনুযায়ী, এই হামলায় যুক্তরাষ্ট্রের একাধিক যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হয়েছে।
সিবিএসের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বুধবার (৯ সেপ্টেম্বর) ভোরে জর্ডানের মুওয়াফাক সালতি বিমানঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার ফলে প্রায় ৮টি এফ-১৫ যুদ্ধবিমান সামান্যভাবে ক্ষতিগ্রস্ত হয়। তবে, পরবর্তীতে এসব বিমান মেরামত করে পুনরায় কাজে ফিরিয়ে আনা হয়েছে।
এদিকে, হামলায় একটি এ-১০ থান্ডারবোল্ট (ওয়ারথগ) যুদ্ধবিমান গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যেখানে বিমানটির একটি ডানা ভেঙে যায়।
মঙ্গলবার যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জানানো হয়েছিল, ইরান একটি মার্কিন নৌযানে হামলার চেষ্টা করার পর তারা ইরানের পাঁচটি তেলবাহী ট্যাংকারে হামলা চালায়। এই ঘটনার পর ইরান পালটা হামলা শুরু করে।
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, তারা ৮টি তেলবাহী ট্যাংকার, ২টি যুদ্ধজাহাজ এবং জর্ডানের ওই মার্কিন বিমানঘাঁটিতে হামলা চালিয়েছে।
সিবিএসের প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র ও অন্যান্য প্রজেক্টাইল ঠেকাতে জর্ডানে অবস্থানরত মার্কিন বাহিনী ৩০টিরও বেশি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। সেই সঙ্গে সারা দেশে কম-বেশি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এছাড়া, দক্ষিণ বা দক্ষিণপূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও আশপাশের অঞ্চলের জন্য দেয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, আজ ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবার্তা নেই। এ সময় কোনো সংকেতও দেখাতে হবে না বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র।
অপরদিকে বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার (৫ দিন) আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, ভাদ্রের শেষদিকে দেশজুড়ে বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। সবশেষ ২৪ ঘণ্টায়ও দেশে সর্বোচ্চ ৩২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এই অবস্থার মধ্যেই আগামী ২৪ ঘণ্টায় বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর প্রভাবে আগামী ৫ দিনও দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পাশাপাশি কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে।
পূর্বাভাসে আবহাওয়াবিদ ওমর ফারুক জানিয়েছেন, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ ভারতের রাজস্থান, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত। পাশাপাশি এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এ ছাড়া মৌসুমি বায়ু বাংলাদেশের উপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। ফলে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।
এই অবস্থায় বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে এই সময়ে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণ হতে পারে। তবে এদিন সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ক্রিস্টিয়ানো রোনালদোর বয়স ৪১ বছর, কিন্তু তাঁর গোলের প্রতি আগ্রহ যেন কমেনি একটুও। বরং ক্যারিয়ারের শেষের দিকে এসেও তিনি একের পর এক মাইলফলক স্পর্শ করে চলেছেন পর্তুগিজ এই মহাতারকা। সৌদি প্রো লিগে আবহার বিপক্ষে আল-নাসরের জার্সিতে আবারও তিনি আলো ছড়িয়েছেন এবং গোল করেছেন।
এই গোলের ফলে রোনালদোর পেশাদার ফুটবলে অফিশিয়াল গোলসংখ্যা এখন ৯৭৯-এ পৌঁছেছে।
ম্যাচের ২২তম মিনিটে রোনালদো আল-নাসরকে এগিয়ে দেন। অ্যাঞ্জেলো গ্যাব্রিয়েলের দুর্দান্ত কর্নার থেকে ছয় গজ বক্সের কাছ থেকে তিনি একটি অসাধারণ হেড করেন।
বিরতির পর ৫৮তম মিনিটে আল-হামদানের কোনাকুনি শটে আল-নাসরের ব্যবধান দ্বিগুণ হয়। ৭৫তম মিনিটে নাবিল ফেকির একটি গোল করে আবহাকে ম্যাচে ফেরার সম্ভাবনা দেখান। তবে শেষ পর্যন্ত আল-নাসর লিড ধরে রেখে পূর্ণ তিন পয়েন্ট নিশ্চিত করে।
চলতি ২০২৬-২৭ মৌসুমে সৌদি প্রো লিগে এটি রোনালদোর তৃতীয় গোল। আর আল-নাসরের হয়ে সব প্রতিযোগিতায় এটি তাঁর ১৩২তম গোল। এই জয়ের ফলে লিগ টেবিলের শীর্ষে থাকা আল-হিলাল ও আল-কাদসিয়ার সঙ্গে পয়েন্টে সমতা অর্জন করেছে আল-নাসর। ছয় ম্যাচে পাঁচ জয় নিয়ে দারুণ ছন্দে রয়েছে দলটি।
তবে রোনালদোর জন্য রাতটি বিশেষ হয়ে উঠেছে ব্যক্তিগত মাইলফলকের কারণে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
আর্সেনাল চ্যাম্পিয়ন্স লিগে শুভ সূচনা করেছে। মিকেল আর্তেতার দলটি মার্টিন ওডেগার্ডের অসাধারণ নৈপুণ্যে নাপোলিকে পরাজিত করেছে।
বুধবার, ইংলিশ চ্যাম্পিয়নরা প্রতিপক্ষের মাঠে ১-০ গোলে জয়লাভ করে।
আর্সেনাল বল দখলে রাখার পাশাপাশি আক্রমণে আধিপত্য করেছে বেশিরভাগ সময়। গোলের উদ্দেশ্যে তারা মোট ২৬টি শট নেয়, যার মধ্যে আটটি লক্ষ্যে ছিল, কিন্তু বল জালে প্রবেশ করে একবারই। অন্যদিকে, নাপোলির পাঁচটি শটের মধ্যে তিনটি লক্ষ্যে ছিল।
২২তম মিনিটে আর্সেনাল এগিয়ে যাওয়ার সুযোগ পায়। বিশ্বকাপ জয়ী স্প্যানিশ মিডফিল্ডার মিকেল মেরিনো কাছ থেকে জোরাল হেড করেন, তবে তা গোলরক্ষকের নাগালের বাইরে নিতে পারেননি। মেরেত বলটি ক্রসবারের ওপর দিয়ে বাইরে পাঠান।
প্রথমার্ধের সেরা সুযোগটি আসে ৪৫তম মিনিটে, যখন অধিনায়ক ওডেগার্ড নিখুঁত পাস দেন সাকাকে। ইংলিশ ফরোয়ার্ড ডি-বক্সে এক প্রতিপক্ষকে বাধা দেওয়ার সুযোগ না দিয়ে ১০ গজ দূর থেকে শট নেন, কিন্তু বল ক্রসবারের ওপর দিয়ে উড়ে যায়।
প্রতিপক্ষকে চাপে রাখার পরও আক্রমণের শেষ মুহূর্তে খেই হারাচ্ছিল আর্সেনাল। তবে ৭৫তম মিনিটে অবশেষে ওডেগার্ডের নৈপুণ্যে তারা এগিয়ে যায়। ক্রিস্তস জলিসের কাটব্যাক পেয়ে, ডি-বক্সের বাইরে থেকে জোরাল শট নেন নরওয়ের এই তারকা, বলটি ঝাঁপিয়ে পড়া গোলরক্ষকের হাত ছুঁয়ে পোস্টে লেগে জালে প্রবেশ করে।
এরপর নাপোলি চেষ্টা করেও গোল পরিশোধ করতে পারেনি। সব প্রতিযোগিতা মিলিয়ে, এই পরাজয়ের ফলে দলটি টানা তিন ম্যাচে হারল।
তালাশ বিডি/মিডিয়া লিঃ