০৫:৪০ পি.এম
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের তরুণ প্রজন্ম এবং সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে মাদকের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি করে শক্তিশালী সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য আহ্বান জানিয়েছেন।
বুধবার (৭ অক্টোবর) বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে ঠাকুরগাঁও জেলার তরুণ মেধাবী শিক্ষার্থী ও পেশাজীবীদের সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘আহবান’-এর ৩৮ সদস্যের একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এই আহ্বান জানান। প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সংগঠনটির আহ্বায়ক লুকমান শারীফ এবং সদস্য সচিব ডা. তাহমিদ আহমেদ। রাষ্ট্রপতির প্রেস উইংয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
রাষ্ট্রপতি সাক্ষাৎকালে বলেন, "মাদকের ভয়াবহতা থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করা না গেলে জাতির কাঙ্ক্ষিত অগ্রগতি বাধাগ্রস্ত হয়।" তিনি উল্লেখ করেন, মাদকের কারণে বহু তরুণের সম্ভাবনাময় জীবন নষ্ট হচ্ছে এবং পরিবার ও সমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে। মাদক নির্মূলে একটি কার্যকর সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সর্বস্তরের মানুষের অংশগ্রহণ অত্যন্ত জরুরি।
আরও পড়ুন: রাশেদ খান: স্ত্রী পবিত্র আমানত, মাদক ও বাল্যবিবাহের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি
তিনি আরো বলেন, "একটি জনপদকে সমৃদ্ধ করতে সে অঞ্চলের মানুষকে জাগিয়ে তুলতে হবে এবং শিক্ষা, সংস্কৃতি, জ্ঞান-বিজ্ঞান ও মানবিক মূল্যবোধের বিকাশ ঘটাতে হবে।" রাষ্ট্রপতি বলেন, দেশের সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলো সমাজের ইতিবাচক পরিবর্তন ও মানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
এ সময় রাষ্ট্রপতি ‘আহবান’-এর উদ্যোগে আয়োজিত বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডের প্রশংসা করেন, যার মধ্যে রয়েছে ঠাকুরগাঁও স্কুলভিত্তিক সায়েন্স ফেস্ট, প্রতিবন্ধীদের অংশগ্রহণে ফুটবল টুর্নামেন্ট, মেডিকেল ক্যাম্প, শীতবস্ত্র বিতরণ, জেন-জি কার্নিভাল।
ঠাকুরগাঁও জেলার সার্বিক উন্নয়নে তরুণদের আরো সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি বলেন, "জেলার অর্থনীতি ও কৃষির উন্নয়ন, দরিদ্র ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কল্যাণ, মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের সহায়তা, মাদকসহ বিভিন্ন সামাজিক সমস্যা নিরসন এবং জনগণের সরকারি সেবাপ্রাপ্তি সহজতর করতে তরুণ ও পেশাজীবীরা গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারেন।"
তিনি তরুণ প্রজন্মকে নিজেদের ব্যক্তিগত, সামাজিক ও সাংগঠনিক জীবনে গণতান্ত্রিক মূল্যবোধ ও সুস্থ সাংস্কৃতিক চর্চা অব্যাহত রাখার আহ্বান জানান।
আরও পড়ুন: চিকিৎসকের অপেক্ষায় দেড় ঘণ্টা, জরুরি বিভাগেই প্রাণ গেল শিশুর
‘আহবান’-এর সদস্যরা রাষ্ট্রপতিকে তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হিসেবে উল্লেখ করেন। তারা ঠাকুরগাঁও জেলার উন্নয়ন ও জনকল্যাণে রাষ্ট্রপতির ভূমিকার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
এ সময় প্রতিনিধিদলের সদস্যরা একটি সুন্দর, মানবিক, আলোকিত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে নিজেদের অবস্থান থেকে কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। সংগঠনের কার্যক্রমে রাষ্ট্রপতির দিকনির্দেশনা ও সহযোগিতা কামনা করেন তারা। রাষ্ট্রপতি সার্বিক সহযোগিতার আশ্বাস দেন এবং সকল সদস্যের সার্বিক মঙ্গল কামনা করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন