ঢাকা মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ইং ১১ই কার্তিক, ১৪৩৩বাং

জুলাই সনদের বর্ষপূর্তিতে জামায়াতের আলোচনা সভা রোববার


জুলাই সনদের বর্ষপূর্তিতে জামায়াতের আলোচনা সভা রোববার

‘জুলাই জাতীয় সনদ স্বাক্ষরের বর্ষপূর্তি’ উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি আলোচনা সভার আয়োজন করবে। আগামী রোববার সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেস ক্লাবের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে এই সভাটি অনুষ্ঠিত হবে।

সভায় সভাপতিত্ব করবেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

অনুষ্ঠানে বক্তব্য প্রদান করবেন এলডিপির প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমেদ বীর বিক্রম, পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ ও পেশাজীবী সংগঠনের নেতারা।

আরও পড়ুন: সরকার দেশকে বিশ্বদরবারে হাস্যকর করেছে: শফিকুল ইসলাম মাসুদ

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের বৃহস্পতিবার এসব তথ্য প্রকাশ করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশের পূজায় চমকে গেলেন ময়ূখ, চট্টগ্রামের জন্য আলাদা পুরস্কার চাইলেন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ ইং

০৯:৩২ পি.এম


বাংলাদেশের পূজায় চমকে গেলেন ময়ূখ, চট্টগ্রামের জন্য আলাদা পুরস্কার চাইলেন

বাংলাদেশে দুর্গাপূজার আয়োজন দেখে মুগ্ধতা প্রকাশ করেছেন ভারতের সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ। চলতি বছরের দুর্গাপূজার অভিজ্ঞতা তাকে চমকে দিয়েছে উল্লেখ করে তিনি বাংলাদেশের পূজামণ্ডপগুলো ঘুরে দেখার আগ্রহ প্রকাশ করেছেন।

বিশেষ করে চট্টগ্রামের মণ্ডপগুলোর প্রশংসা করে কলকাতার পুরস্কার আয়োজকদের সেগুলোর জন্য আলাদা সম্মাননা রাখার আহ্বান জানিয়েছেন এই সাংবাদিক।

বাংলাদেশের দুর্গাপূজার আয়োজনের প্রশংসা করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে ময়ূখ লিখেছেন, ‘শাবাশ বাংলাদেশ!’ সেখানে তিনি বিভিন্ন জেলার পূজার অভিজ্ঞতা তুলে ধরেছেন এবং তার পছন্দের মণ্ডপগুলোর কথাও উল্লেখ করেছেন।

ময়ূখ রঞ্জন ঘোষ জানিয়েছেন, এ বছরের পূজায় তাকে সবচেয়ে বেশি চমকে দিয়েছে চট্টগ্রাম। কলকাতার সব পুরস্কার আয়োজকদের উদ্দেশ্যে তিনি বলেন, চট্টগ্রামের পূজামণ্ডপগুলোর জন্য আলাদা পুরস্কার রাখা উচিত। সম্ভব হলে কুরিয়ারের মাধ্যমে সেগুলোকে সম্মাননা দেওয়া যেতে পারে। এতে আয়োজকেরা আনন্দিত হবেন বলে তার বিশ্বাস।

চট্টগ্রামের পছন্দের মণ্ডপগুলোর তালিকায় কোতোয়ালীর ‘ষোড়শীকুঞ্জ সর্বজনীন পূজা উদযাপন পরিষদ’ এবং ‘উত্তর কাট্টলী, তালুকদারবাড়ী (বাণী মন্দির) প্রাঙ্গণ’কে সমানভাবে প্রথম স্থানে রেখেছেন ময়ূখ। পরবর্তী অবস্থানে রয়েছে ‘খলিফাপট্টি’ ও ‘ব্রজধাম স্মৃতি সংসদ’সহ অন্যান্য মণ্ডপ। যেসব পূজামণ্ডপ এবারে তার দেখা হয়নি, সেগুলোর নাম জানাতে অনুরোধ করেছেন তিনি। তার ভাষ্য, সেগুলোর কথা জানতে পারলে আগামী বছর থেকেই সেগুলোর প্রচার করবেন।

এ বছর ডিজিটাল মাধ্যমে বাংলাদেশের অনেক প্রতিমা দেখেছেন জানিয়ে ময়ূখ ভবিষ্যতে সরাসরি বাংলাদেশে এসে পূজামণ্ডপ ঘুরে দেখার ইচ্ছা প্রকাশ করেছেন।

মজার ছলে তিনি লেখেন, ‘কোনও এক বছর পায়ে হেঁটে প্যান্ডেল ঘুরবো। ওখানে ফুচকা পাওয়া যায়? তাহলে ফুচকা খাবো। ক্লান্ত হলে মসলা কোলা। আর কী কী খাওয়া যায়?’

বাংলাদেশের অন্যান্য জেলার পূজার আয়োজনও নজর কেড়েছে এই সাংবাদিকের। ময়মনসিংহের দুর্গাবাড়ি রোডে সিঁদুরখেলার মিছিলের কথা উল্লেখ করে তিনি জানান, দৃশ্যটি দেখে তার নিজেরও সেখানে চলে যেতে ইচ্ছা করছিল। চিত্রনায়ক দেবের ‘ভজগৌরাঙ্গের নাম রে’ গানের তালে সনাতন ধর্মাবলম্বীদের নাচের দৃশ্যটিও তার কাছে দারুণ লেগেছে।

আগামী বছরের আয়োজনে সুপারস্টার দেবের পাশাপাশি ঢালিউড অভিনেতা শাকিব খানকেও রাখার পরামর্শ দিয়েছেন ময়ূখ। তার মতে, এমন আয়োজন হলে উৎসব আরও জমে উঠবে।

কুমিল্লার রথের উৎসবকে অভূতপূর্ব বলেও উল্লেখ করেছেন তিনি। তবে কুমিল্লা ও সিলেটে থিমভিত্তিক পূজা তার চোখে পড়েনি বলে জানান। এ ধরনের আয়োজন তার নজর এড়িয়ে গেলে সংশ্লিষ্টদের তাকে ট্যাগ করার অনুরোধ করেছেন তিনি।

এদিকে, কুমিল্লার বরুড়া উপজেলায় দীর্ঘদিন পর নতুন করে দুর্গাপূজা শুরু হওয়াকে আনন্দের খবর হিসেবে দেখছেন ময়ূখ। তার মতে, ওই এলাকায় একসময় বেশ জমজমাট পূজার আয়োজন হতো।

পোস্টের শেষাংশে নিজের শিকড় ও অস্তিত্ব ধরে রাখার আহ্বান জানিয়েছেন ভারতের এই সাংবাদিক। তিনি লেখেন, ‘জমি ছেড়ো না। নিজের শিকড় বদলাতে দিয়ো না! ব্যাস এটুকুই!’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

উত্তরায় কিশোর গ্যাংয়ের মূলহোতা পিচ্চি সানি গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ ইং

০৯:৩২ পি.এম


উত্তরায় কিশোর গ্যাংয়ের মূলহোতা পিচ্চি সানি গ্রেপ্তার

রাজধানীর উত্তরায় আলোচিত ‘দে লাড়া’ কিশোর গ্যাংয়ের মূলহোতা সাকিব হাসান সানি, যিনি পিচ্চি সানি নামেও পরিচিত, তাকে (২৩) গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে মাদক কারবার, নারী ও শিশু নির্যাতনসহ বিভিন্ন অপরাধের অভিযোগে রাজধানীর একাধিক থানায় অন্তত সাতটি মামলা রয়েছে।

বুধবার (২১ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে উত্তরা পশ্চিম থানাধীন ৭ নম্বর সেক্টরের বিএনএস সেন্টার এলাকা থেকে সানিকে গ্রেপ্তার করা হয়।

এদিকে, পিচ্চি সানির সর্বশেষ গ্রেপ্তারের বিষয়ে জানতে চাইলে উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) খালিদ মনসুর জানান, কিশোর গ্যাং নেতা পিচ্চি সানিকে বুধবার রাতে উত্তরার বিএনএস সেন্টার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। সানি একই সাথে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নেতাও ছিলেন।

পুলিশ জানায়, গ্রেপ্তার পিচ্চি সানি ঢাকা মহানগর উত্তরের উত্তরা পূর্ব থানা ছাত্রলীগের সাবেক সংস্কৃতি বিষয়ক সম্পাদক। এর আগে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে জুলাই গণঅভ্যুত্থানে আন্দোলনকারীদের ওপর হামলার অভিযোগে অস্ত্রসহ তাকে গ্রেপ্তার করেছিল র‌্যাব-১।

পিচ্চি সানি স্থানীয়ভাবে আলোচিত ‘দে লাড়া’ গ্রুপের বিরুদ্ধে মাদক কারবার, চাঁদাবাজি, ছিনতাই ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে দীর্ঘদিন ধরে জড়িত। উত্তরার বিভিন্ন সেক্টর ছাড়াও উত্তরখান, দক্ষিণখান ও টঙ্গীর বিভিন্ন এলাকায় গ্রুপটির তৎপরতা রয়েছে। বিশেষ করে উত্তরা ৮ নম্বর সেক্টর থেকে টঙ্গী রেলস্টেশন পর্যন্ত রেলপথ সংলগ্ন এলাকায় মাদক কেনাবেচার সঙ্গে গ্রুপটির সম্পৃক্ততার প্রমাণ একাধিক গণমাধ্যমের রিপোর্টে উঠে আসে।

পুলিশ সূত্র আরও জানায়, চলতি বছরের ৩০ আগস্ট চার সহযোগীসহ উত্তরা পশ্চিম থানা পুলিশের হাতে গ্রেপ্তার হয় সানি। ওই সময় সানির কাছ থেকে নগদ ১০ লাখ টাকা ও একটি হোন্ডা সিভিক গাড়ি উদ্ধার করা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর নথি অনুযায়ী, পিচ্চি সানির বিরুদ্ধে দক্ষিণখান থানায় চারটি, উত্তরা পূর্ব থানায় একটি এবং উত্তরা পশ্চিম থানায় দুটি মামলার তথ্য রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্ত্রী পবিত্র আমানত, মাদক ও বাল্যবিবাহের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি : রাশেদ খান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ ইং

০৯:৩৩ পি.এম


স্ত্রী পবিত্র আমানত, মাদক ও বাল্যবিবাহের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি : রাশেদ খান

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান স্ত্রীকে আল্লাহ তাআলার পক্ষ থেকে আসা একটি বিশেষ ও পবিত্র আমানত হিসেবে উল্লেখ করে বলেছেন, "আল্লাহ পাকের পক্ষ থেকে তিনি সহধর্মিনী হিসেবে এসেছেন। তাই স্ত্রীকে যথাযথ মর্যাদা দিতে হবে, তাকে কোনোভাবেই পেটানো বা নির্যাতন করা যাবে না।"

তিনি এসব কথা বলেন ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার জামাল ইউনিয়ন পরিষদ চত্বরে বৃহস্পতিবার বিকালে আয়োজিত মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক এক সচেতনতামূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে।

রাশেদ খান সামাজিক মূল্যবোধ ও পারিবারিক শান্তির ওপর গুরুত্বারোপ করে বলেন, পারিবারিক সহিংসতা প্রতিরোধে মানসিকতার পরিবর্তন জরুরি। স্ত্রীকে হীন চোখে না দেখে ভালোবাসা ও শ্রদ্ধার মাধ্যমে একটি আদর্শ পরিবার ও সমাজ গঠন করতে হবে।

তিনি মাদক ও বাল্যবিবাহের ভয়াবহতা তুলে ধরে আরও বলেন, "মাদক মানুষকে ধ্বংস করে দেয়। এর ভয়াবহতা রোধ করতে না পারলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। সমাজকে মাদকমুক্ত রাখতে আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে।"

এ সময় জামাল ইউনিয়নে সব ধরনের মাদকের কেনাবেচা ও সেবন সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করে তিনি তীব্র হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, "আজ থেকে এই ইউনিয়নে মাদক ব্যবসা ও সেবন পুরোপুরি বন্ধ। এরপরও যদি কেউ মাদকের সাথে কোনোভাবে সংশ্লিষ্ট থাকে, তবে তার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে এবং কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।"

কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রেজওয়ানা নাহিদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জুলফিকার আলী, স্থানীয় বিএনপি নেতা আব্দুল হামিদসহ অন্যান্য সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ। বক্তারা সবাই নিজ নিজ অবস্থান থেকে বাল্যবিবাহ ও মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শায়খ আহমাদুল্লাহর প্রশ্ন, ‘তুই এত ধর্ম মানিস, বল তো আমি কি জাহান্নামে যাব?’

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ ইং

০৯:৩৫ পি.এম


শায়খ আহমাদুল্লাহর প্রশ্ন, ‘তুই এত ধর্ম মানিস, বল তো আমি কি জাহান্নামে যাব?’

দৈনন্দিন জীবনে অনেক অভিজ্ঞতা আমাদের গভীর চিন্তায় ফেলে। বিশেষ করে ক্যাম্পাস বা কর্মক্ষেত্রে কিছু বন্ধু থাকে, যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন না বা দ্বীনের বিধান মেনে চলেন না, কিন্তু তাদের আচরণ ও নৈতিকতা অসাধারণ। তারা সৎ, সত্যবাদী এবং পরোপকারী। যখন এমন বন্ধু সরাসরি প্রশ্ন করে— ‘তুই এত ধর্ম মানিস, বল তো আমি কি জাহান্নামে যাব?’ তখন একটি কঠিন ধর্মসংকট তৈরি হয়। একদিকে সত্যের শিক্ষা, অন্যদিকে স্নেহের সম্পর্ক। সত্য বলতে হবে, আবার বন্ধুত্ব বজায় রেখে ভালোবাসার মাধ্যমে তাকে ইসলামের সুন্দর আদর্শের দিকে আহ্বান করতে হবে। সম্প্রতি এক ইসলামি আলোচনা অনুষ্ঠানে জনপ্রিয় ইসলামি ব্যক্তিত্ব শায়খ আহমাদুল্লাহ এই জটিল ও স্পর্শকাতর প্রশ্নের এক অপূর্ব প্রজ্ঞাপূর্ণ ও যুগোপযোগী সমাধান দিয়েছেন। আলোচনাটি শায়খ আহমাদুল্লাহর অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে তুলে ধরা হলো—

১. ভালো গুণের অকপট স্বীকৃতি: ইসলামের উদার শিক্ষা

কোনো ব্যক্তি দ্বীন পালনে পিছিয়ে থাকলেও বা বেনামাজি হলেও তার মধ্যে সত্যবাদিতা, আমানতদারি ও পরোপকারের মতো মানবিক গুণগুলোর প্রশংসা করার উদারতা আমাদের থাকা উচিত। ইসলাম আমাদের এই ইনসাফ ও সৎসাহস শেখায়। ভালোকে ভালো বলা এবং সত্যের স্বীকৃতি দেওয়া একজন মুমিনের ইমানি দায়িত্ব। ইসলাম পুরোপুরি অনুশীলন না করলেই তার সব ভালো গুণকে অস্বীকার করা বা তার সঙ্গে অশোভন আচরণ করা দ্বীনের শিক্ষা হতে পারে না।

২. প্রশংসার মধ্য দিয়ে দাওয়াতের পথ উন্মোচন

কাউকে শুধুমাত্র ধমক বা জাহান্নামের ভয় দেখিয়ে দ্বীনের পথে আনা যায় না; বরং তার ভেতরে থাকা ভালো কাজগুলোর স্বীকৃতি দিলে দাওয়াতের পথ সুগম হয়। এমন বন্ধুকে প্রজ্ঞার সঙ্গে বলা যায়— আজকের যুগে শুধু শারীরিক ইবাদত করার চেয়ে ভালো আচরণের অধিকারী হওয়া, লেনদেনে সততা বজায় রাখা এবং খাঁটি মানুষ হওয়া অনেক বেশি কঠিন। সে ক্ষেত্রে তোমার মধ্যে এই বিরল গুণগুলো ইতোমধ্যে বিদ্যমান! জান্নাতে যাওয়ার পথ তো তোমার অনেকটাই এগিয়ে আছে, তবে সামান্য এক নামাজ ও খোদাভীতির অভাবে কেন তুমি পিছিয়ে থাকবে? এভাবে ভালোবাসার সঙ্গে ইতিবাচক উৎসাহ দিলে তার অন্তরে অনুশোচনা ও নামাজের আগ্রহ জাগতে পারে।

৩. জান্নাত-জাহান্নামের চূড়ান্ত ফয়সালা পরম করুণাময়ের হাতে

নিয়মিত নামাজ-রোজা পালনকারীরা কি নিশ্চিত যে তারা জান্নাতে যাবেন? শেষ বিচারে কে জান্নাতে যাবে আর কে জাহান্নামে যাবে, তা দুনিয়াতে বসে নিশ্চিত করে বলা কারও পক্ষেই সম্ভব নয়। নামাজ পড়ার পাশাপাশি কেউ যদি প্রতারণা, মিথ্যাচার, মানুষের হক নষ্ট করা কিংবা অবৈধ উপার্জনে লিপ্ত থাকে, তবে শুধু নামমাত্র নামাজ তাকে জান্নাতের নিশ্চয়তা দেয় না। আবার কোনো মানুষ জীবনের একপর্যায়ে বেনামাজি থাকলেও শেষ মুহূর্তে আন্তরিক তওবা করে আল্লাহর চরম প্রিয় বান্দা হয়ে জান্নাতের অধিকারী হতে পারে। তাই কাউকে সরাসরি জাহান্নামি হিসেবে দাগিয়ে দেওয়া কোনো মুমিনের কাজ নয়।

৪. সামাজিক আচরণের সৌন্দর্য ও আদর্শের স্বচ্ছতা

আল্লাহর জন্য ভালোবাসা এবং আল্লাহর জন্যই অপ্রিয় ভাবার ইমানি মূলনীতি তার জায়গায় পুরোপুরি অটুট থাকবে। কিন্তু এর মানে এই নয় যে, আমরা অমুসলিম বা পাপী মানুষের সঙ্গে সামাজিক সৌহার্দ্য ও সৌজন্য বজায় রাখব না। সামাজিক আচরণের সৌন্দর্য একজন মুমিনের অন্যতম বড় হাতিয়ার। আমাদের আদর্শ ও বিশ্বাসের জায়গা পরিষ্কার রেখে যখন আমরা আচরণের মাধ্যমে ইসলামের সৌন্দর্য ফুটিয়ে তুলব, তখনই মানুষ ইসলামের সুশীতল ছায়াতলে আসার অনুপ্রেরণা পাবে।

৫. কুরআন ও হাদিসের আলোকে ইনসাফ ও শুভ পরিণাম

ইসলাম মানুষের সৎ গুণের মূল্যায়ন এবং পরিণামের অনিশ্চয়তার বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা দিয়েছে। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা অমুসলিমদের আমানতদারির মতো ভালো গুণেরও ইনসাফপূর্ণ স্বীকৃতি দিয়েছেন, যা থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত—

وَمِنْ أَهْلِ الْكِتَابِ مَنْ إِن تَأْمَنْهُ بِقِنطَارٍ يُؤَدِّهِ إِلَيْكَ

‘আহলে কিতাবদের (ইহুদি ও খ্রিস্টান) মধ্যে এমন লোকও রয়েছে, যার কাছে তুমি বিপুল ধন-সম্পদ আমানত রাখলেও সে তা তোমার কাছে অবিকল ফেরত দেবে।’ (সুরা আল-ইমরান: আয়াত ৭৫)

রাসুলুল্লাহ (সা.)-এর পবিত্র হাদিস

মানুষের জীবনের শেষ পরিণাম যে একমাত্র আল্লাহর হাতে এবং বাহ্যিক আমল দেখে কাউকে চূড়ান্ত বিচার করা যে অনুচিত, সে বিষয়ে হজরত আবু হুরায়রা (রা.)-এর বর্ণনায় রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন—

إِنَّ الرَّجُلَ لَيَعْمَلُ الزَّمَنَ الطَّوِيلَ بِعَمَلِ أَهْلِ الْجَنَّةِ، ثُمَّ يُخْتَمُ لَهُ عَمَلُهُ بِعَمَلِ أَهْلِ النَّارِ، وَإِنَّ الرَّجُلَ لَيَعْمَلُ الزَّمَنَ الطَّوِيلَ بِعَمَلِ أَهْلِ النَّارِ، ثُمَّ يُخْتَمُ لَهُ عَمَلُهُ بِعَمَلِ أَهْلِ الْجَنَّةِ

‘কোনো ব্যক্তি দীর্ঘকাল জান্নাতিদের মতো আমল করতে থাকে, অতঃপর তার জীবনের সমাপ্তি ঘটে জাহান্নামিদের আমল দিয়ে। আবার কোনো ব্যক্তি দীর্ঘকাল জাহান্নামিদের মতো কাজ করে, অতঃপর তার জীবনের সমাপ্তি ঘটে জান্নাতিদের আমল দিয়ে (এবং সে জান্নাতে প্রবেশ করে)।’ (মুসলিম ২৬৫১)

দ্বীন ইসলাম কোনো কঠোরতা বা অহংকারের নাম নয়, বরং তা পরম প্রজ্ঞা, বিনয় ও ইনসাফের এক অমলিন প্রকাশ। আমাদের বেনামাজি বা দ্বীনহীন বন্ধুদের প্রতি ঘৃণা না ছড়িয়ে তাদের ভালো দিকগুলোর মূল্য দেওয়া উচিত। একই সঙ্গে নিজেদের ইবাদত নিয়ে অহংকার না করে বিনয়ী হওয়া দরকার। আমাদের সুন্দর আচরণ, দরদি মন ও হেকমতপূর্ণ আলোচনার মাধ্যমে আমরা যেন বন্ধুত্বের সম্পর্কের ফাঁক গলে তাদের অন্তরে ইমান ও নামাজের আলো জ্বালিয়ে দিতে পারি। কারণ প্রজ্ঞাপূর্ণ আচরণ ও আন্তরিক ভালোবাসাই মানুষকে মহান আল্লাহর দরবারে ফিরিয়ে আনার সবচেয়ে শক্তিশালী মাধ্যম।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২৩
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%