বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ ইং
০৯:৩০ পি.এম
জার্মানির ব্র্যান্ডেনবার্গে পুলিশ রাশিয়ার পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগে একজন ইউক্রেনীয় নাগরিককে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) ফেডারেল পাবলিক প্রসিকিউটরদের পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়। গ্রেপ্তারকৃত সন্দেহভাজন ব্যক্তি নিয়মিতভাবে রাশিয়ার একটি গোয়েন্দা সংস্থার সঙ্গে যোগাযোগ রক্ষা করছিলেন।
জার্মানি মস্কোর ক্রমবর্ধমান গুপ্ত হামলা প্রতিরোধে তার নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করেছে, যা চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জের মতে, তার দেশের জন্য সবচেয়ে বড় হুমকি।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, জার্মান গোপনীয়তা আইন অনুযায়ী অভিযুক্ত ব্যক্তির নাম আংশিকভাবে ‘ভাদিম ওয়াই’ হিসেবে প্রকাশ করা হয়েছে। প্রসিকিউটররা জানিয়েছেন, ভাদিম ২০২৫ সালের জুলাই মাস থেকে একজন মধ্যস্থতাকারীর মাধ্যমে রুশ গোয়েন্দা সংস্থার সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করছিলেন।
তিনি ইউরোপীয় প্রতিরক্ষা সংস্থাগুলোর সঙ্গে নিজের যোগাযোগ ব্যবহার করে জার্মানি থেকে ইউক্রেন যুদ্ধের সাথে সম্পর্কিত গুরুত্বপূর্ণ সামরিক তথ্য সংগ্রহ করছিলেন। তার পাচার করা তথ্যের মধ্যে সাঁজোয়া যান, গোলাবারুদ এবং বিস্ফোরক তৈরির বিস্তারিত বিবরণ অন্তর্ভুক্ত ছিল।
এছাড়াও, ন্যাটোর পূর্ব সীমান্ত সুরক্ষিত রাখতে নিয়োজিত সামরিক কর্মী এবং বিভিন্ন ঘাঁটির অবস্থান সংক্রান্ত সংবেদনশীল তথ্যও তার সংগ্রহে ছিল।
প্রসিকিউটররা আরো জানিয়েছেন, গুপ্তচর যে তথ্যগুলো সংগ্রহ করেছিলেন, তার কিছু অংশ সাধারণ মানুষের জন্য উন্মুক্ত বা ইন্টারনেটে পাওয়া যেত। তবে বাকি সংবেদনশীল তথ্যগুলো তিনি ইউরোপের বিভিন্ন প্রতিরক্ষা ও সামরিক সরঞ্জাম তৈরির কারখানায় কর্মরত ব্যক্তিদের কাছ থেকে গোপনে সংগ্রহ করেছিলেন।
বার্লিনে অবস্থিত রুশ দূতাবাস মন্তব্যের অনুরোধে যোগাযোগ করা হলে তাৎক্ষণিকভাবে কোনো জবাব পাওয়া যায়নি।
জার্মানির অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা (বিএফভি) এর তথ্যের ভিত্তিতে ব্র্যান্ডেনবার্গ রাজ্যের ওডার-স্প্রি জেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
রুশ গুপ্তচর গ্রেফতারের পর জার্মান চ্যান্সেলর মের্জ বলেছেন, তিনি এই গ্রেফতারে মোটেও অবাক নন এবং ভবিষ্যতে এমন আরো ঘটনার মুখোমুখি হতে পারে জার্মানি।
সাম্প্রতিক মাসগুলোতে রাশিয়ার পক্ষ থেকে ইউরোপজুড়ে নাশকতামূলক ও সাইবার হামলা বৃদ্ধির আশঙ্কায় জার্মানি উচ্চ সতর্কাবস্থায় রয়েছে। অভিযুক্ত ভাদিমকে আগামীকাল শুক্রবার ফেডারেল কোর্টের বিচারকের সামনে হাজির করা হবে, যেখানে তার জামিন নামঞ্জুর করে প্রাক-বিচার আটকাদেশের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
‘জুলাই জাতীয় সনদ স্বাক্ষরের বর্ষপূর্তি’ উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি আলোচনা সভার আয়োজন করবে। আগামী রোববার সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেস ক্লাবের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে এই সভাটি অনুষ্ঠিত হবে।
সভায় সভাপতিত্ব করবেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
অনুষ্ঠানে বক্তব্য প্রদান করবেন এলডিপির প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমেদ বীর বিক্রম, পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ ও পেশাজীবী সংগঠনের নেতারা।
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের বৃহস্পতিবার এসব তথ্য প্রকাশ করেছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বাংলাদেশে দুর্গাপূজার আয়োজন দেখে মুগ্ধতা প্রকাশ করেছেন ভারতের সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ। চলতি বছরের দুর্গাপূজার অভিজ্ঞতা তাকে চমকে দিয়েছে উল্লেখ করে তিনি বাংলাদেশের পূজামণ্ডপগুলো ঘুরে দেখার আগ্রহ প্রকাশ করেছেন।
বিশেষ করে চট্টগ্রামের মণ্ডপগুলোর প্রশংসা করে কলকাতার পুরস্কার আয়োজকদের সেগুলোর জন্য আলাদা সম্মাননা রাখার আহ্বান জানিয়েছেন এই সাংবাদিক।
বাংলাদেশের দুর্গাপূজার আয়োজনের প্রশংসা করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে ময়ূখ লিখেছেন, ‘শাবাশ বাংলাদেশ!’ সেখানে তিনি বিভিন্ন জেলার পূজার অভিজ্ঞতা তুলে ধরেছেন এবং তার পছন্দের মণ্ডপগুলোর কথাও উল্লেখ করেছেন।
ময়ূখ রঞ্জন ঘোষ জানিয়েছেন, এ বছরের পূজায় তাকে সবচেয়ে বেশি চমকে দিয়েছে চট্টগ্রাম। কলকাতার সব পুরস্কার আয়োজকদের উদ্দেশ্যে তিনি বলেন, চট্টগ্রামের পূজামণ্ডপগুলোর জন্য আলাদা পুরস্কার রাখা উচিত। সম্ভব হলে কুরিয়ারের মাধ্যমে সেগুলোকে সম্মাননা দেওয়া যেতে পারে। এতে আয়োজকেরা আনন্দিত হবেন বলে তার বিশ্বাস।
চট্টগ্রামের পছন্দের মণ্ডপগুলোর তালিকায় কোতোয়ালীর ‘ষোড়শীকুঞ্জ সর্বজনীন পূজা উদযাপন পরিষদ’ এবং ‘উত্তর কাট্টলী, তালুকদারবাড়ী (বাণী মন্দির) প্রাঙ্গণ’কে সমানভাবে প্রথম স্থানে রেখেছেন ময়ূখ। পরবর্তী অবস্থানে রয়েছে ‘খলিফাপট্টি’ ও ‘ব্রজধাম স্মৃতি সংসদ’সহ অন্যান্য মণ্ডপ। যেসব পূজামণ্ডপ এবারে তার দেখা হয়নি, সেগুলোর নাম জানাতে অনুরোধ করেছেন তিনি। তার ভাষ্য, সেগুলোর কথা জানতে পারলে আগামী বছর থেকেই সেগুলোর প্রচার করবেন।
এ বছর ডিজিটাল মাধ্যমে বাংলাদেশের অনেক প্রতিমা দেখেছেন জানিয়ে ময়ূখ ভবিষ্যতে সরাসরি বাংলাদেশে এসে পূজামণ্ডপ ঘুরে দেখার ইচ্ছা প্রকাশ করেছেন।
মজার ছলে তিনি লেখেন, ‘কোনও এক বছর পায়ে হেঁটে প্যান্ডেল ঘুরবো। ওখানে ফুচকা পাওয়া যায়? তাহলে ফুচকা খাবো। ক্লান্ত হলে মসলা কোলা। আর কী কী খাওয়া যায়?’
বাংলাদেশের অন্যান্য জেলার পূজার আয়োজনও নজর কেড়েছে এই সাংবাদিকের। ময়মনসিংহের দুর্গাবাড়ি রোডে সিঁদুরখেলার মিছিলের কথা উল্লেখ করে তিনি জানান, দৃশ্যটি দেখে তার নিজেরও সেখানে চলে যেতে ইচ্ছা করছিল। চিত্রনায়ক দেবের ‘ভজগৌরাঙ্গের নাম রে’ গানের তালে সনাতন ধর্মাবলম্বীদের নাচের দৃশ্যটিও তার কাছে দারুণ লেগেছে।
আগামী বছরের আয়োজনে সুপারস্টার দেবের পাশাপাশি ঢালিউড অভিনেতা শাকিব খানকেও রাখার পরামর্শ দিয়েছেন ময়ূখ। তার মতে, এমন আয়োজন হলে উৎসব আরও জমে উঠবে।
কুমিল্লার রথের উৎসবকে অভূতপূর্ব বলেও উল্লেখ করেছেন তিনি। তবে কুমিল্লা ও সিলেটে থিমভিত্তিক পূজা তার চোখে পড়েনি বলে জানান। এ ধরনের আয়োজন তার নজর এড়িয়ে গেলে সংশ্লিষ্টদের তাকে ট্যাগ করার অনুরোধ করেছেন তিনি।
এদিকে, কুমিল্লার বরুড়া উপজেলায় দীর্ঘদিন পর নতুন করে দুর্গাপূজা শুরু হওয়াকে আনন্দের খবর হিসেবে দেখছেন ময়ূখ। তার মতে, ওই এলাকায় একসময় বেশ জমজমাট পূজার আয়োজন হতো।
পোস্টের শেষাংশে নিজের শিকড় ও অস্তিত্ব ধরে রাখার আহ্বান জানিয়েছেন ভারতের এই সাংবাদিক। তিনি লেখেন, ‘জমি ছেড়ো না। নিজের শিকড় বদলাতে দিয়ো না! ব্যাস এটুকুই!’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাজধানীর উত্তরায় আলোচিত ‘দে লাড়া’ কিশোর গ্যাংয়ের মূলহোতা সাকিব হাসান সানি, যিনি পিচ্চি সানি নামেও পরিচিত, তাকে (২৩) গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে মাদক কারবার, নারী ও শিশু নির্যাতনসহ বিভিন্ন অপরাধের অভিযোগে রাজধানীর একাধিক থানায় অন্তত সাতটি মামলা রয়েছে।
বুধবার (২১ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে উত্তরা পশ্চিম থানাধীন ৭ নম্বর সেক্টরের বিএনএস সেন্টার এলাকা থেকে সানিকে গ্রেপ্তার করা হয়।
এদিকে, পিচ্চি সানির সর্বশেষ গ্রেপ্তারের বিষয়ে জানতে চাইলে উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) খালিদ মনসুর জানান, কিশোর গ্যাং নেতা পিচ্চি সানিকে বুধবার রাতে উত্তরার বিএনএস সেন্টার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। সানি একই সাথে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নেতাও ছিলেন।
পুলিশ জানায়, গ্রেপ্তার পিচ্চি সানি ঢাকা মহানগর উত্তরের উত্তরা পূর্ব থানা ছাত্রলীগের সাবেক সংস্কৃতি বিষয়ক সম্পাদক। এর আগে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে জুলাই গণঅভ্যুত্থানে আন্দোলনকারীদের ওপর হামলার অভিযোগে অস্ত্রসহ তাকে গ্রেপ্তার করেছিল র্যাব-১।
পিচ্চি সানি স্থানীয়ভাবে আলোচিত ‘দে লাড়া’ গ্রুপের বিরুদ্ধে মাদক কারবার, চাঁদাবাজি, ছিনতাই ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে দীর্ঘদিন ধরে জড়িত। উত্তরার বিভিন্ন সেক্টর ছাড়াও উত্তরখান, দক্ষিণখান ও টঙ্গীর বিভিন্ন এলাকায় গ্রুপটির তৎপরতা রয়েছে। বিশেষ করে উত্তরা ৮ নম্বর সেক্টর থেকে টঙ্গী রেলস্টেশন পর্যন্ত রেলপথ সংলগ্ন এলাকায় মাদক কেনাবেচার সঙ্গে গ্রুপটির সম্পৃক্ততার প্রমাণ একাধিক গণমাধ্যমের রিপোর্টে উঠে আসে।
পুলিশ সূত্র আরও জানায়, চলতি বছরের ৩০ আগস্ট চার সহযোগীসহ উত্তরা পশ্চিম থানা পুলিশের হাতে গ্রেপ্তার হয় সানি। ওই সময় সানির কাছ থেকে নগদ ১০ লাখ টাকা ও একটি হোন্ডা সিভিক গাড়ি উদ্ধার করা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর নথি অনুযায়ী, পিচ্চি সানির বিরুদ্ধে দক্ষিণখান থানায় চারটি, উত্তরা পূর্ব থানায় একটি এবং উত্তরা পশ্চিম থানায় দুটি মামলার তথ্য রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ