সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ ইং
০৯:৫১ পি.এম
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) বাস্তবায়নাধীন ‘হায়ার এডুকেশন অ্যাক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট)’ প্রকল্পের পরিচালক অধ্যাপক ড. আসাদুজ্জামানকে অব্যাহতি দেওয়া হয়েছে। নতুন পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস (এমআইএস) বিভাগের অধ্যাপক ড. মো. রাকিবুল হক।
সোমবার আগারগাঁওয়ে কপিরাইট অফিস ভবনে হিট প্রকল্পের কার্যালয়ে বিদায়ী প্রকল্প পরিচালক অধ্যাপক ড. আসাদুজ্জামানের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন তিনি।
গত ১৯ অক্টোবর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক অফিস আদেশে পূর্ণকালীন প্রকল্প পরিচালক নিয়োগ না দেওয়া পর্যন্ত অধ্যাপক ড. মো. রাকিবুল হককে প্রেষণে এই দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়। একই আদেশে অধ্যাপক ড. আসাদুজ্জামানকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।
দায়িত্ব গ্রহণের সময় ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ, সদস্য অধ্যাপক ড. মাছুমা হাবিব, সচিব ড. মো. ফখরুল ইসলাম, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক মোহাম্মদ মাকছুদুর রহমান ভূঁইয়া, হিট প্রকল্পের চিফ ইমপ্লিমেন্টেশন অফিসার এ কে এম মুখলেছুর রহমান, হিট প্রকল্পের ডেপুটি প্রজেক্ট ডিরেক্টর অধ্যাপক ড. নাজমিন আফরোজ, চিফ প্রোগ্রাম কো-অর্ডিনেটর অধ্যাপক সেলিনা জামান, সিনিয়র কোয়ালিটি অ্যাস্যুরেন্স স্পেশালিস্ট অধ্যাপক ড. এ এস এম আবদুল হাছিব, প্রকল্পের ইউনিভার্সিটি টিচার্স ট্রেনিং একাডেমির ডিন অধ্যাপক ড. লায়লা নূর ইসলামসহ ইউজিসি ও হিট প্রকল্পের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নতুন প্রকল্প পরিচালককে স্বাগত জানিয়ে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ বলেন, "হিট প্রকল্প দেশের উচ্চশিক্ষা খাতের অন্যতম একটি বড় উদ্যোগ। এটি যথাযথভাবে বাস্তবায়ন করা গেলে দেশের উচ্চশিক্ষায় একটি ইতিবাচক রূপান্তর আনা সম্ভব হবে।"
তিনি আরও বলেন, নানা কারণে প্রকল্পের কাজ কিছুটা দেরিতে শুরু হলেও নির্ধারিত সময়ের মধ্যেই তা অর্থবহভাবে শেষ করার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রকল্পের মেয়াদ না বাড়িয়েও এর নির্ধারিত পাঁচটি উপাদানের মূল লক্ষ্য অর্জন সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অধ্যাপক ড. মো. রাকিবুল হক এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমআইএস বিভাগের চেয়ারম্যান এবং শহীদ জিয়াউর রহমান হলের প্রভোস্ট হিসেবে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তিনি বিশ্বের শীর্ষ ২ শতাংশ গবেষকের তালিকায় বাংলাদেশের পক্ষ থেকে স্থান পেয়ে অনন্য কীর্তি গড়েন। তাঁর এই সমৃদ্ধ একাডেমিক ও প্রশাসনিক অভিজ্ঞতা হিট প্রকল্পের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে অত্যন্ত সহায়ক হবে বলে মনে করছে ইউজিসি।
দেশের উচ্চশিক্ষা খাতের সামগ্রিক রূপান্তরের লক্ষ্যে পাঁচ বছর মেয়াদি এই হিট প্রকল্পটি গ্রহণ করা হয়েছে। প্রকল্পটির মোট প্রাক্কলিত ব্যয় ৪ হাজার ১৬ কোটি ৫৭ লাখ টাকা। এর ৫০ দশমিক ৯৬ শতাংশ অর্থায়ন করছে বাংলাদেশ সরকার এবং বাকি ৪৯ দশমিক শূন্য ৪ শতাংশ অর্থায়ন করছে বিশ্বব্যাংক।
সোমবার ইউজিসির এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ইয়েমেনের হুতি মিলিশিয়া বাহিনী একের পর এক মিসাইল এবং ড্রোন হামলার মাধ্যমে সৌদি আরবকে দুর্বল করে ফেলেছে। এবার তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে সৌদি আরবের বিরুদ্ধে একটি প্রচার যুদ্ধ শুরু করেছে। ইসলামের পবিত্র দুই শহর মক্কা এবং মদিনার অভিভাবক হিসেবে সৌদি আরব নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছে। হুতিরা তাদের হামলাকে ইসলামের ওপর আঘাত হিসেবে চিহ্নিত করে আসছে। এবার ধর্মের খেলায় সৌদি আরবকে পরাস্ত করতে হুতিরা মাঠে নেমেছে। এই প্রচারণায় তারা কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইনকে অন্তর্ভুক্ত করেছে।
হুতিরা এমন কিছু রিপোর্টের প্রতি দৃষ্টি আকর্ষণ করছে যা প্রমাণ করে যে, সৌদি রাজপরিবারের সহযোগীরা ইসলামের সবচেয়ে পবিত্র স্থান মক্কার কাবা শরিফের গিলাফ জেফরি এপস্টেইনের ব্যক্তিগত অভিশপ্ত দ্বীপে পাঠিয়েছিল। এর মাধ্যমে তারা সৌদি আরবের নেতাদের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করছে। তারা প্রমাণ করতে চায় যে, সৌদি নেতারা দুর্নীতিগ্রস্ত এবং ইসলামের বিশ্বাসের রক্ষক হিসেবে অযোগ্য। আন্তর্জাতিকভাবে নিজেদের সমর্থন বাড়ানোর লক্ষ্যে হুতিরা এই প্রচারযুদ্ধ শুরু করেছে। সৌদি আরবের দাবির বিপরীতে তারা নিজেদের ইসলামের রক্ষক হিসেবে উপস্থাপন করছে।
চলতি সপ্তাহের শুরুতে সৌদি আরব হুতিদের বিরুদ্ধে মক্কা ও মদিনা অঞ্চলে ড্রোন হামলার অভিযোগ এনেছিল। সৌদি আরব এটিকে একটি জঘন্য হামলা হিসেবে অভিহিত করেছে এবং মুসলিমদের উস্কানি দেওয়ার চেষ্টা বলে মন্তব্য করেছে। তবে হুতিরা এই অভিযোগ দৃঢ়ভাবে অস্বীকার করেছে। জবাবে তারা সৌদি রাজতন্ত্রের দিকেই ধর্মীয় বিশ্বাসঘাতকতার অভিযোগ তুলেছে।
হুতি প্রেসিডেন্ট মাহদি আল মাশাত বলেছেন, "যারা কাবার গিলাফ এপস্টেইনকে দিয়েছিল, তারাই আসলে মক্কাকে লক্ষ্যবস্তু করছে।"
এই বার্তাটি হুতিদের নেটওয়ার্ক জুড়ে প্রতিধ্বনিত হয়েছে। এর মধ্যে এক্স প্ল্যাটফর্মে ২ লাখ ৭০ হাজারেরও বেশি ফলোয়ার থাকা একজন ইয়েমেনি কৌতুক অভিনেতার মন্তব্য এবং একজন ঐতিহ্যবাহী সঙ্গীতশিল্পীর গানও অন্তর্ভুক্ত ছিল। ইয়েমেন বিশেষজ্ঞ এবং ঝুঁকি উপদেষ্টা প্রতিষ্ঠান বাশা রিপোর্টের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আল-বাশা, যিনি ২০ বছরেরও বেশি সময় ধরে এই দলটিকে পর্যবেক্ষণ করছেন, তিনি দ্য নিউইয়র্ক টাইমসে বলেছেন যে, দলটির যোগাযোগ ব্যবস্থা একসময়ের 'দুজন মানুষের দল' থেকে এখন একটি সুসংগঠিত মিডিয়া সিস্টেমে পরিণত হয়েছে।
আল-বাশা বলেন, "তারা খুব ভালোভাবে যুক্ত।" তিনি আরও যোগ করেন যে, হুতি নেটওয়ার্ক এখন টেলিভিশন চ্যানেল, ওয়েবসাইট, রেডিও, সংবাদপত্র, ইমেইল ক্যাম্পেইন এবং অফিসিয়াল ও আনঅফিসিয়াল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট জুড়ে বিস্তৃত। এর পাশাপাশি সাংস্কৃতিক ইনফ্লুয়েন্সারদের একটি ব্রিগেড বা দল রয়েছে। এই সমর্থক নেটওয়ার্কটি আদর্শগতভাবে এই দল এবং অন্যান্য ইরানি মিত্রদের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তবে তারা সবসময় পারিশ্রমিক পায় না। তারা হুতিদের আদর্শের সঙ্গে মিল রেখে বিভিন্ন কনটেন্ট ছড়িয়ে দিতে সাহায্য করে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
চাঁদপুরের হাইমচর উপজেলার চরভৈরবী ইউনিয়নের চরভৈরবী বাজারে ইলিশ মজুত ও বিক্রির অভিযোগে হোটেল মালিককে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। একইসাথে, অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যপণ্য বিক্রয় করার জন্য ওই এলাকার আরেকটি প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলাম।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, চরভৈরবী মাছ ঘাট সংলগ্ন এলাকায় সরকার কর্তৃক ঘোষিত নিষেধাজ্ঞা অমান্য করে ইসলামিয়া হোটেল নামক খাবারের দোকানটি ইলিশ মজুত ও বিক্রয়ের অপরাধে ৫০ হাজার টাকা অর্থদণ্ড এবং আনুমানিক ১৮ কেজি ইলিশ জব্দ করা হয়।
এছাড়া, একই ইউনিয়নের ক্যাফে জমজম রেস্টুরেন্ট অ্যান্ড ফাস্ট ফুড নামক প্রতিষ্ঠানকে অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যপণ্য বিক্রয়ের কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলাম জানিয়েছেন, জব্দকৃত ইলিশ স্থানীয় দুটি এতিমখানায় বিতরণ করা হয়েছে। নিষেধাজ্ঞা বাস্তবায়নে অভিযান অব্যাহত থাকবে। ভ্রাম্যমাণ আদালতে হাইমচর থানা পুলিশের একটি দল সহযোগিতা করেছে বলেও জানান ওসি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়াকে লক্ষ্য করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে ২৬ বছর বয়সী যুবক নাজমুল হাসানকে আটক করেছে পুলিশ।
কুমিল্লার দাউদকান্দি টোল প্লাজা এলাকা থেকে সোমবার দুপুর ১২টার দিকে তাঁকে গ্রেফতার করা হয়। কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. লুৎফর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশের সূত্র অনুযায়ী, আটক নাজমুল হাসান কুমিল্লার বুড়িচং উপজেলার হরিপুর গ্রামের দক্ষিণ পাড়ার বাসিন্দা। তাঁর পিতার নাম হারিজ মিয়া। অভিযোগ রয়েছে যে, ‘নাজমুল ইবনে হারিজ’ নামক একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে মরহুমা বেগম খালেদা জিয়াকে উদ্দেশ্য করে আপত্তিকর মন্তব্য করা হয়েছে।
বুড়িচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ লুৎফুর রহমান জানান, সোমবার দুপুর ১২টার দিকে দাউদকান্দি টোল প্লাজা এলাকা থেকে বুড়িচং থানার ইন্সপেক্টর মঞ্জুরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল নাজমুল হাসানকে আটক করে। এ সময় এসআই রাকিব এবং এসআই জিয়া অভিযানে ছিলেন।
ওসি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাজমুল হাসান ফেসবুকে ওই মন্তব্য করার বিষয়টি স্বীকার করেছেন। এই ঘটনায় তাঁর বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলমান রয়েছে।
এমএইচ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নেত্রকোনার দুর্গাপুরে বসতবাড়িতে অভিযান চালিয়ে ১১০ বোতল কোডিন ফসফেটযুক্ত মাদকদ্রব্য ইস্কাপসহ (Eskuf) মোছা. আমেনা খাতুন (৩৫) নামে এক নারীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তাঁর স্বামী আবুল কালাম পালিয়ে যান।
রোববার (২৬ অক্টোবর) বিকেল ৩টা ২০ মিনিটে উপজেলার ২ নম্বর লক্ষ্মীপুর ইউনিয়নের বারমারী লক্ষ্মীপুর গ্রামে এ অভিযান চালানো হয়। রাতে জেলা পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) হাফিজুল ইসলাম।
পুলিশ সূত্রে জানা গেছে, নেত্রকোনার পুলিশ সুপারের দিকনির্দেশনায় মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় জেলা গোয়েন্দা শাখা (পশ্চিম)। এসআই ইমন পাল ও এসআই মো. আরিফুল ইসলামের নেতৃত্বে ডিবির একটি দল আমেনা খাতুনের বসতবাড়িতে তল্লাশি চালায়। এ সময় ঘর থেকে ১১০ বোতল কোডিন ফসফেটযুক্ত মাদকদ্রব্য ইস্কাপ উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে আমেনা খাতুনকে আটক করা হলেও তাঁর স্বামী আবুল কালাম পালিয়ে যান।
জেলা গোয়েন্দা পুলিশ জানিয়েছে, আটক নারী ও পলাতক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুর্গাপুর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ