সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ ইং
০৯:৫৩ পি.এম
সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়াকে লক্ষ্য করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে ২৬ বছর বয়সী যুবক নাজমুল হাসানকে আটক করেছে পুলিশ।
কুমিল্লার দাউদকান্দি টোল প্লাজা এলাকা থেকে সোমবার দুপুর ১২টার দিকে তাঁকে গ্রেফতার করা হয়। কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. লুৎফর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশের সূত্র অনুযায়ী, আটক নাজমুল হাসান কুমিল্লার বুড়িচং উপজেলার হরিপুর গ্রামের দক্ষিণ পাড়ার বাসিন্দা। তাঁর পিতার নাম হারিজ মিয়া। অভিযোগ রয়েছে যে, ‘নাজমুল ইবনে হারিজ’ নামক একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে মরহুমা বেগম খালেদা জিয়াকে উদ্দেশ্য করে আপত্তিকর মন্তব্য করা হয়েছে।
বুড়িচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ লুৎফুর রহমান জানান, সোমবার দুপুর ১২টার দিকে দাউদকান্দি টোল প্লাজা এলাকা থেকে বুড়িচং থানার ইন্সপেক্টর মঞ্জুরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল নাজমুল হাসানকে আটক করে। এ সময় এসআই রাকিব এবং এসআই জিয়া অভিযানে ছিলেন।
ওসি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাজমুল হাসান ফেসবুকে ওই মন্তব্য করার বিষয়টি স্বীকার করেছেন। এই ঘটনায় তাঁর বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলমান রয়েছে।
এমএইচ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নেত্রকোনার দুর্গাপুরে বসতবাড়িতে অভিযান চালিয়ে ১১০ বোতল কোডিন ফসফেটযুক্ত মাদকদ্রব্য ইস্কাপসহ (Eskuf) মোছা. আমেনা খাতুন (৩৫) নামে এক নারীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তাঁর স্বামী আবুল কালাম পালিয়ে যান।
রোববার (২৬ অক্টোবর) বিকেল ৩টা ২০ মিনিটে উপজেলার ২ নম্বর লক্ষ্মীপুর ইউনিয়নের বারমারী লক্ষ্মীপুর গ্রামে এ অভিযান চালানো হয়। রাতে জেলা পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) হাফিজুল ইসলাম।
পুলিশ সূত্রে জানা গেছে, নেত্রকোনার পুলিশ সুপারের দিকনির্দেশনায় মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় জেলা গোয়েন্দা শাখা (পশ্চিম)। এসআই ইমন পাল ও এসআই মো. আরিফুল ইসলামের নেতৃত্বে ডিবির একটি দল আমেনা খাতুনের বসতবাড়িতে তল্লাশি চালায়। এ সময় ঘর থেকে ১১০ বোতল কোডিন ফসফেটযুক্ত মাদকদ্রব্য ইস্কাপ উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে আমেনা খাতুনকে আটক করা হলেও তাঁর স্বামী আবুল কালাম পালিয়ে যান।
জেলা গোয়েন্দা পুলিশ জানিয়েছে, আটক নারী ও পলাতক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুর্গাপুর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ফরিদপুরের আলফাডাঙ্গায় নিউ আল মদিনা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন উপলক্ষে ব্লাড গ্রুপিং ও ডায়াবেটিস পরীক্ষা বিনা মূল্যে এবং অন্যান্য পরীক্ষা-নিরীক্ষায় ৩০ শতাংশ ছাড়ের ঘোষণা দিয়েছেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মো. জাহিদুল ইসলাম (সোহান)।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দক্ষিণ পাশে অবস্থিত প্রতিষ্ঠানটিতে কম্পিউটারাইজড প্যাথলজি, ডিজিটাল এক্স-রে, আল্ট্রাসনোগ্রাফি, ইসিজি, ইকোকার্ডিওগ্রাফি ও কালার ডপলারের সুবিধা রয়েছে। পাশাপাশি বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ নেওয়ার সুযোগও রয়েছে।
প্রতিষ্ঠানটির মেডিকেল ল্যাব টেকনোলজিস্ট মোহাম্মদ আবির হোসেন জানান, আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে সিবিসি, রক্তের গ্লুকোজ ও কিডনিসহ বিভিন্ন পরীক্ষা মান নিয়ন্ত্রণের প্রক্রিয়া অনুসরণ করে করা হয়।
ব্যবস্থাপনা পরিচালক সোহান বলেন, সাশ্রয়ী মূল্যে মানসম্মত পরীক্ষা-নিরীক্ষার সেবা দেওয়া এবং স্থানীয় মানুষের জন্য স্বাস্থ্যসেবা সহজলভ্য করাই তাঁদের মূল লক্ষ্য। উদ্বোধন উপলক্ষে ঘোষিত বিশেষ ছাড় শুধু উদ্বোধনী সময়ের জন্য প্রযোজ্য।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ইসরায়েলের চলমান সামরিক আগ্রাসন এবং মধ্যপ্রাচ্যে মার্কিন সমর্থিত বিভাজনমূলক পদক্ষেপের বিরুদ্ধে মুসলিম দেশগুলোর ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।
তিনি তেহরানে এক গুরুত্বপূর্ণ উচ্চপর্যায়ের বৈঠকে এই আহ্বান জানান। বৈঠকে সৌদি প্রতিরক্ষামন্ত্রী খালিদ বিন সালমান, পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির এবং তুরস্কের গোয়েন্দা প্রধান ইব্রাহিম কালিন উপস্থিত ছিলেন। প্রেসিডেন্ট পেজেশকিয়ান বৈঠকে উল্লেখ করেন যে, মুসলিম রাষ্ট্রগুলোর মধ্যে পারস্পরিক আঞ্চলিক সহযোগিতা, নিরাপত্তা জোরদার এবং সার্বিক উন্নয়নে ইরান যেকোনো সাহায্য ও সহায়তায় প্রস্তুত রয়েছে।
গাজা, লেবানন এবং ইরানসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে ইসরায়েলি বাহিনীর প্রাণঘাতী হামলার তীব্র নিন্দা জানানোর পাশাপাশি, ইরানের প্রেসিডেন্ট স্পষ্ট করেন যে, ইরান কোনো পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে না। তবে তিনি উল্লেখ করেন যে, পরমাণু অপ্রসার চুক্তি (এনপিটি)-র আওতায় নিজেদের শান্তিপূর্ণ পারমাণবিক কার্যক্রম পরিচালনার অধিকার থেকে ইরান পিছপা হবে না।
যুক্তরাষ্ট্রের কূটনৈতিক আচরণের সমালোচনা করে পেজেশকিয়ান বলেন, "একদিকে ওয়াশিংটন আলোচনার কথা বলছে, অন্যদিকে ইরানের পারমাণবিক স্থাপনা ও ভূখণ্ডে হামলায় মদদ দিচ্ছে"—যা অত্যন্ত দ্বিমুখী ও বৈরী নীতি।
আন্তর্জাতিক বিশ্লেষকেরা এই বৈঠককে মুসলিম উম্মাহর মধ্যে দৃঢ় ঐক্য গড়তে এবং আঞ্চলিক সংঘাত নিরসনে শীর্ষ নেতৃত্বের মধ্যবর্তী অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
প্রধানমন্ত্রী তারেক রহমান নিপ্পন ফাউন্ডেশন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের অনারারি চেয়ারম্যান ইয়োহেই সাসাকাওয়ার আমন্ত্রণে নৈশভোজে অংশগ্রহণ করেছেন। প্রধানমন্ত্রী এ সময় সাসাকাওয়ার বাংলাদেশে মানবিক সহায়তা, শিক্ষা ও জনস্বাস্থ্য খাতে দীর্ঘদিনের অবদানের জন্য তাকে ধন্যবাদ জানান। এছাড়াও, দেশে সংক্রামক রোগ নিয়ন্ত্রণে টিকা উৎপাদনের কারখানা স্থাপনের সম্ভাব্য সহযোগিতা নিয়ে আলোচনা হয়।
এই নৈশভোজটি সোমবার জাপানের টোকিওতে মেইজি কিনেনকানের হানাগাসুমি রেস্তোরাঁয় অনুষ্ঠিত হয়।
নৈশভোজে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত উপস্থিত ছিলেন।
এছাড়া, প্রধানমন্ত্রীর এশিয়া-প্যাসিফিক অঞ্চলে বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক বিশেষ সহকারী ড. মো. শাকিরুল ইসলাম খান এবং প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-২ কামরুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা নৈশভোজে অংশ নেন।
জাপানের পক্ষ থেকে নিপ্পন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক তাকাশি আরিকাওয়া এবং সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান গত সেপ্টেম্বরে ঢাকায় ইয়োহেই সাসাকাওয়ার সঙ্গে অনুষ্ঠিত বৈঠকের স্মৃতিচারণা করেন। তিনি সাসাকাওয়ার বাংলাদেশে মানবিক সহায়তা, শিক্ষা ও জনস্বাস্থ্য খাতে দীর্ঘদিনের অবদানের কথা উল্লেখ করে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ সময় বাংলাদেশে সংক্রামক রোগ নিয়ন্ত্রণে টিকা উৎপাদনের কারখানা স্থাপনের সম্ভাবনা এবং এ ক্ষেত্রে সহযোগিতার বিষয়েও আলোচনা হয়।
উল্লেখ্য, গত সেপ্টেম্বরে বাংলাদেশ সফরকালে ইয়োহেই সাসাকাওয়া প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
এআরবি
তালাশ বিডি/মিডিয়া লিঃ