০৬:৫৮ পি.এম
ময়মনসিংহে ২৪ নভেম্বর থেকে ৯ দিনব্যাপী বিভাগীয় বইমেলা-২০২৬ শুরু হতে যাচ্ছে। এ বইমেলা চলবে নগরীর টাউন হল প্রাঙ্গণে ২ ডিসেম্বর পর্যন্ত। আয়োজকরা আশা করছেন, বইপ্রেমী, পাঠক, লেখক, কবি ও সাহিত্যিকদের পদচারণায় মেলাপ্রাঙ্গণ মুখর হয়ে উঠবে।
রবিবার (২২ নভেম্বর) প্রকাশিত এক তথ্যবিবরণীতে এ তথ্য জানানো হয়েছে।
তথ্যবিবরণীতে উল্লেখ করা হয়েছে, প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত বইমেলা চলবে। তবে ছুটির দিনে সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা খোলা থাকবে। দর্শনার্থীদের জন্য প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন: শেরপুর সীমান্তের ১২৮ গ্রামে স্বাস্থ্যসম্মত শৌচাগার নেই, বিপাকে ৩২ হাজার পরিবার
মেলার উদ্বোধন হবে ২৪ নভেম্বর, মঙ্গলবার। মেলাকে ঘিরে প্রতিদিনই নানা আয়োজন থাকবে। ২৫ নভেম্বর কবিতা আবৃত্তি প্রতিযোগিতা, ২৬ নভেম্বর চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ২৭ নভেম্বর কচিকাঁচার উৎসব এবং ২৮ নভেম্বর রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
এছাড়া ২৯ নভেম্বর কুইজ ও বিতর্ক প্রতিযোগিতা, ১ ডিসেম্বর স্থানীয় কবিদের স্বরচিত কবিতা পাঠ এবং ২ ডিসেম্বর সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণীর আয়োজন করা হয়েছে।
জাতীয় গ্রন্থকেন্দ্রের আয়োজনে এবং ময়মনসিংহ বিভাগীয় কমিশনার কার্যালয়ের ব্যবস্থাপনায় প্রতিবছর এ বইমেলা অনুষ্ঠিত হয়।
আয়োজকদের প্রত্যাশা, এবারের বইমেলা ময়মনসিংহ বিভাগের পাঠক, লেখক, কবি ও সাহিত্যিকদের মিলনমেলায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। একই সঙ্গে এ আয়োজন নতুন প্রজন্মের মধ্যে বই পড়ার অভ্যাস, জ্ঞানচর্চা ও সাহিত্য-সংস্কৃতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আরও পড়ুন: শেরপুরে শ্রীবরদীতে রাতের আঁধারে ৭০০ থেকে ৮০০ ফলবান কলাগাছ কেটে সাবাড়, ১০ লাখ টাকার ক্ষতির দাবি বাগানমালিকের
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন