০৭:০৭ পি.এম
মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (এমআইইউ) তিন মাসব্যাপী ‘ফ্যাক্ট-চেকিং অ্যান্ড ভেরিফিকেশন’ সার্টিফিকেট কোর্সের সমাপ্তি সনদ প্রদান অনুষ্ঠানের মাধ্যমে সম্পন্ন হয়েছে।
শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের অডিটোরিয়ামে কোর্স সম্পন্নকারী শিক্ষার্থীদের মধ্যে সনদ বিতরণ করার আয়োজন করা হয়।
বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে কোর্স সফলভাবে সম্পন্ন করা শিক্ষার্থীদের হাতে সনদ তুলে দেন বিভাগের প্রধান রফিকুজ্জামান এবং দ্য ডিসেন্ট-এর সম্পাদক কদরুদ্দীন শিশির।
আরও পড়ুন: সিকৃবি ও স্প্যানিশ ন্যাশনাল রিসার্চ কাউন্সিলের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভাগের সহকারী অধ্যাপক মো. মামুন উদ্দিন ও রেহানা সুলতানা, প্রভাষক তানভীর আহমেদ এবং কোর্সের অন্যতম প্রশিক্ষক মুক্তা খানম।
ফ্যাক্ট-চেকিংয়ের গুরুত্ব সম্পর্কে আলোচনা করতে গিয়ে বিভাগের প্রধান রফিকুজ্জামান বলেন, ‘আমরা বর্তমানে তথ্যের সাগরে বাস করছি। কিন্তু বিপুল তথ্যের ভিড়ে কোনটি প্রকৃত তথ্য আর কোনটি অপতথ্য, তা চিহ্নিত করা জরুরি।’ তিনি জানান, এ বিষয়টি বিবেচনায় নিয়ে বিভাগের পক্ষ থেকে এ কোর্সের আয়োজন করা হয়েছে।
দ্য ডিসেন্ট-এর সম্পাদক ও কোর্সের প্রধান প্রশিক্ষক কদরুদ্দীন শিশির দেশের সাংবাদিকতার বর্তমান অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, বর্তমানে সাংবাদিকতা করতে আগ্রহীদের মধ্যে প্রয়োজনীয় জ্ঞান ও জানাশোনার ঘাটতি রয়েছে। এই পরিস্থিতির জন্য ডিসইনফরমেশন ও মিসইনফরমেশন অনেকাংশে দায়ী।
দেশে সংবাদপত্র, অনলাইন পোর্টাল ও টেলিভিশন চ্যানেলের সংখ্যা বাড়লেও সাংবাদিকতার গুণগত মান আশানুরূপ নয় উল্লেখ করে তিনি বলেন, প্রতিবেশী দেশগুলোর তুলনায় বাংলাদেশে অপতথ্য ও বিভ্রান্তিকর তথ্যের বিস্তার বেশি।
আরও পড়ুন: এইচএসসির পুনর্নিরীক্ষার ফল প্রকাশ সোমবার, অপেক্ষায় ২ লাখ ৯১ হাজার শিক্ষার্থী
তিনি আরও বলেন, সাংবাদিকতা পেশায় নিজেদের দক্ষ করে তুলতে শিক্ষার্থীদের প্রচলিত ধারার বাইরে গিয়ে আধুনিক ও যুগোপযোগী পদ্ধতি সম্পর্কে জ্ঞান ও দক্ষতা অর্জন করতে হবে।
এ ধরনের কোর্স শিক্ষার্থীদের পেশাগত জীবনে কাজে লাগবে বলে আশাবাদ ব্যক্ত করেন কদরুদ্দীন শিশির। তিনি বলেন, শুধু সাংবাদিকতার শিক্ষার্থী নয়, সংবাদপত্রের সাধারণ পাঠকদেরও এ ধরনের মৌলিক কোর্সের সঙ্গে পরিচিত হওয়া প্রয়োজন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন