ঢাকা রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ইং ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

গোপালগঞ্জে হত্যাযজ্ঞের চেষ্টা পলাতক ফ্যাসিস্টদের পরিকল্পনা: রাশেদ খান


গোপালগঞ্জে হত্যাযজ্ঞের চেষ্টা পলাতক ফ্যাসিস্টদের পরিকল্পনা: রাশেদ খান

গোপালগঞ্জে ঘটে চলা সবকিছুই একটি পরিকল্পনার অংশ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তিনি উল্লেখ করেন যে, পলাতক ফ্যাসিস্টরা দেশে ফিরে আসার জন্য সেখানে একটি হত্যাযজ্ঞ চালানোর চেষ্টা করছে।

এই মন্তব্যটি তিনি রোববার (২২ নভেম্বর) বিকেলে জাতীয় প্রেসক্লাবে জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদের বিক্ষোভ সমাবেশে করেন।

রাশেদ খাঁন আরও বলেন, বিএনপি যে সনদে স্বাক্ষর করেছে, তা অক্ষরে অক্ষরে পালন করার প্রতিশ্রুতি তাদের রয়েছে। তবে বর্তমানে যারা বিএনপিকে গণভোট এবং জুলাই সনদ নিয়ে দোষারোপ করছেন, তাদের উদ্দেশ্য ভিন্ন।

আরও পড়ুন: চুনারুঘাটে পুলিশের অভিযানে নিষিদ্ধ শ্রমিক লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেফতার

সমাবেশে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুও উপস্থিত ছিলেন। তিনি ভঙ্গুর অর্থনীতিকে পুনঃপ্রতিষ্ঠার জন্য সরকারের পাশে দাঁড়ানোর জন্য সকলের প্রতি আহ্বান জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিলেটের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুনের বাসার সামনে আগুন দেওয়ার ঘটনায় ২ আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:১৩ পি.এম


সিলেটের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুনের বাসার সামনে আগুন দেওয়ার ঘটনায় ২ আটক

সিলেটের দাড়িয়াপাড়া এলাকায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসভবনের প্রধান ফটকে আগুন দেওয়ার ঘটনায় পুলিশ দুই ব্যক্তিকে আটক করেছে। শনিবার (২১ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও স্থানীয়দের সহযোগিতার মাধ্যমে তাদের আটক করা হয়।

আটককৃতদের মধ্যে একজন হলেন বাড়ই বরিশালের আগৈলঝড়া উপজেলার আসকর কালীবাড়ি এলাকার মকুল বাড়ইয়ের ছেলে অপূর্ব বাড়ই (২১) এবং অন্যজন সুনামগঞ্জের দিরাই উপজেলার বলনপুর গ্রামের বিনয় সরকারের ছেলে দুর্জয় সরকার (২১)। তারা বর্তমানে নগরের দাড়িয়াপাড়ায় বসবাস করছেন।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গত শুক্রবার রাত পৌনে ৩টার দিকে প্রতিমন্ত্রীর বাসভবনের প্রধান ফটকে পেট্রল বা কেরোসিন দিয়ে আগুন দেওয়া হয়। পরবর্তীতে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও স্থানীয় লোকজনের মাধ্যমে অভিযুক্তদের শনাক্ত করা হয়। শনিবার অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (গণমাধ্যম) মো. আফজাল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাথমিক তদন্তে অগ্নিসংযোগের ঘটনায় তাদের সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে। তাদের ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোর্পদ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কোম্পানীগঞ্জে টিসিবি পণ্য বিতরণে ওজনে কারচুপির অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:১৪ পি.এম


কোম্পানীগঞ্জে টিসিবি পণ্য বিতরণে ওজনে কারচুপির অভিযোগ

টিসিবির পণ্য হাতে নিয়ে বাড়ি ফেরার পথে হঠাৎ অন্যদের ওজন মাপতে দেখে নিজের প্যাকেটও ওজন করেন মো. মাসুদ। আর তাতেই বেরিয়ে আসে আসল চিত্র—সরকারি নির্ধারিত পরিমাণের চেয়ে কম রয়েছে ডাল ও চিনি। এই ঘটনা জানাজানি হতেই নোয়াখালীর কোম্পানীগঞ্জে টিসিবির পণ্য বিতরণ ঘিরে উত্তেজনা ও ক্ষোভ ছড়িয়ে পড়ে।

শনিবার (২২ নভেম্বর) উপজেলার চরপার্বতী ইউনিয়নের কদমতলা বাজারে এই ঘটনা ঘটে। নিয়ম অনুযায়ী একটি প্যাকেজে ২ কেজি ডাল, ১ কেজি চিনি, ২ লিটার তেল ও ২টি সাবান পাওয়ার কথা। কিন্তু ক্রেতাদের অভিযোগ, প্রতিটি প্যাকেটে ডালে ২০০ গ্রাম এবং চিনিতে ১০০ গ্রাম করে কম দেওয়া হচ্ছিল। বাজারের বাইরে গিয়ে পণ্য মেপে কম পাওয়ায় সেখানে হট্টগোলের সৃষ্টি হয়।

​

ক্ষুব্ধ কার্ডধারী হানিফ বলেন, ‘আগে কখনো এমন হয়নি। আমার ডাল ও চিনিতেও কম পেয়েছি। বিষয়টি জানতে চাইলে জানানো হয়, এভাবেই মেপে বিক্রি করতে বলা হয়েছে।’ এই অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

শুধু ওজনে কম দেওয়াই নয়, বিতরণ ব্যবস্থায় আরও বেশ কিছু অসংগতির কথা তুলে ধরেছেন উপকারভোগীরা। তাদের অভিযোগ, দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসারের অনুপস্থিতিতেই বিক্রি কার্যক্রম চালানো হয়; ছিল না নির্দিষ্ট সময় মেনে চলা কিংবা আগে থেকে পর্যাপ্ত প্রচারণা।

এদিকে, বসুরহাট পৌরসভার কার্ডধারীরা পড়েছেন ভিন্ন এক ভোগান্তিতে। দীর্ঘ দুই মাস পণ্য না পাওয়ার পর সম্প্রতি বিক্রি পুনরায় শুরু হলেও পৌরসভার ৭২৭ জন উপকারভোগীকে পণ্য আনতে হচ্ছে সিরাজপুর ইউনিয়নে। এতে নিম্ন আয়ের মানুষদের বাড়তি যাতায়াত ভাড়া গুনে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

ওজনে কম দেওয়ার অভিযোগ প্রসঙ্গে চরপার্বতী ইউনিয়নের আবদুল্লাহ ট্রেডার্সের সাবডিলার কামরুল ইসলাম বলেন, ‘আমরা মাপার সময় কোনোটাতে কম, কোনোটাতে বেশি হয়ে গেছে।’

অন্যদিকে, উপজেলার মুছাপুর ইউনিয়নে টিসিবির ডিলার জসীম উদ্দিনের বিরুদ্ধে নির্ধারিত দামের চেয়ে বেশি টাকা নেওয়া এবং অনেক কার্ডধারীকে তেল নেই বলে না দেওয়ার অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, সেই তেল অনিয়মের মাধ্যমে খোলা বাজারে বিক্রি করে দেওয়া হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্রের হিসাব অনুযায়ী, নির্ধারিত প্যাকেজে ২ কেজি ডাল ১২০ টাকা, ২ লিটার সয়াবিন তেল ২০০ টাকা, ১ কেজি চিনি ৭০ টাকা, ১টি লাক্স সাবান ৪৮ টাকা ও ১টি কাপড়ের বল সাবান ২০ টাকাসহ মোট ৪৫৮ টাকা (প্রায় ৪৬০ টাকা) হওয়ার কথা। অথচ নেওয়া হচ্ছে ৫৫০ টাকা। অভিযোগ রয়েছে, টিসিবির এই তেল খুচরা বাজারে বিক্রি করলে ৪০০ টাকা পর্যন্ত বিক্রি করা সম্ভব।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টেকনাফে নিহত সেনাসদস্য তিতাসের পরিবারের পাশে সেনাবাহিনী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:১৪ পি.এম


টেকনাফে নিহত সেনাসদস্য তিতাসের পরিবারের পাশে সেনাবাহিনী

টেকনাফে কর্তব্যরত অবস্থায় নিহত সৈনিক মো. তিতাস শেখের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

রবিবার (২২ নভেম্বর) এই সহায়তা প্রদান করা হয় বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। সেনাবাহিনীর পক্ষ থেকে তিতাসের পরিবারের আবাসন সুবিধার উন্নয়নে বিদ্যমান বসতবাড়ি সংস্কারের দায়িত্ব নেওয়া হয়েছে।

এছাড়া, নিহত সেনাসদস্যের স্ত্রীর আর্থিক স্বাবলম্বিতা ও পরিবারের দীর্ঘমেয়াদি আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে তার উপযুক্ত কর্মসংস্থানের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

উল্লেখ্য, গত ৫ নভেম্বর কক্সবাজারের টেকনাফ উপজেলার রঙ্গীখালী এলাকায় সশস্ত্র মানবপাচারকারী চক্রের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনাকালে গুলিতে সৈনিক মো. তিতাস শেখ প্রাণ হারান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অ্যান্টিবায়োটিক বিক্রির বিষয়ে ফার্মেসি মালিকদের কড়া নির্দেশনা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:১৫ পি.এম


অ্যান্টিবায়োটিক বিক্রির বিষয়ে ফার্মেসি মালিকদের কড়া নির্দেশনা

ঔষধ প্রশাসন অধিদপ্তর (ডিজিডিএ) অ্যান্টিবায়োটিক বিক্রি ও ব্যবহারের জন্য নতুন নির্দেশনা প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি জানায়, রেজিস্টার্ড চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি করলে আইনি ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

সম্প্রতি ডিজিডিএর মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মোহা. আলমগীর হোসেনের স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এই নির্দেশনা উপস্থাপন করা হয়।

গণবিজ্ঞপ্তিতে ফার্মেসি মালিক ও ফার্মাসিস্টদের উদ্দেশ্যে উল্লেখ করা হয়েছে, ঔষধ ও কসমেটিকস্ আইন, ২০২৩-এর ৪০(ঘ) ধারা অনুযায়ী রেজিস্টার্ড চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া ওভার দ্য কাউন্টার বা ব্যবস্থাপত্রের প্রয়োজন নেই এমন ওষুধ ছাড়া অ্যান্টিবায়োটিক বা অন্য কোন ওষুধ বিক্রয় বা বিতরণ করা যাবে না। অ্যান্টিবায়োটিক জাতীয় ওষুধের ক্রয়-বিক্রয়ের তথ্য রেজিস্টারে সঠিকভাবে লিপিবদ্ধ করতে হবে এবং স্পষ্ট স্বাক্ষর ও তারিখসহ অ্যান্টিবায়োটিক বিক্রয়ের ক্যাশমেমো প্রদান করতে হবে।

এছাড়া, রোগীদের রেজিস্টার্ড চিকিৎসকের ব্যবস্থাপত্র অনুযায়ী অ্যান্টিবায়োটিক জাতীয় ওষুধের ফুল কোর্স গ্রহণের পরামর্শ দিতে হবে। অ্যান্টিবায়োটিকসহ সকল ওষুধ নির্ধারিত তাপমাত্রায় সংরক্ষণ করতে হবে এবং রেড লেবেল সম্বলিত মোড়কে উপস্থাপন ব্যতিরেকে অ্যান্টিবায়োটিক জাতীয় ওষুধের ক্রয়-বিক্রয় থেকে বিরত থাকতে হবে।

গণবিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, রেজিস্টার্ড চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া অ্যান্টিবায়োটিক জাতীয় ওষুধ বিক্রি বা বিতরণ করলে এবং অ্যান্টিবায়োটিক ক্রয়-বিক্রয়ের তথ্য সংবলিত রেজিস্টার সংরক্ষণ না করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

অ্যান্টিবায়োটিক ব্যবহারকারী জনসাধারণের জন্য পরামর্শ দেওয়া হয়েছে যে, রেজিস্টার্ড চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া অ্যান্টিবায়োটিক ক্রয়, সেবন বা ব্যবহার থেকে বিরত থাকুন। মোড়কে উল্লেখিত মেয়াদ দেখে ওষুধ ক্রয় করুন এবং বিক্রেতার স্পষ্ট স্বাক্ষর ও তারিখসহ অ্যান্টিবায়োটিক ক্রয়ের ক্যাশমেমো সংগ্রহ করুন।

এতে আরও বলা হয়েছে, রেজিস্টার্ড চিকিৎসকের ব্যবস্থাপত্র অনুযায়ী পূর্ণ কোর্স অ্যান্টিবায়োটিক ব্যবহার না করলে জীবানু অ্যান্টিবায়োটিক-প্রতিরোধী হয়ে যায়, যা স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। তাই সুস্থতা অনুভব করলেও চিকিৎসকের ব্যবস্থাপত্র মোতাবেক অ্যান্টিবায়োটিকের ফুল কোর্স সম্পন্ন করুন। মেয়াদ উত্তীর্ণ বা নষ্ট হওয়া অ্যান্টিবায়োটিক মাটি, পানি বা ময়লা-আবর্জনার সাথে না ফেলে আপনার নিকটস্থ ফার্মেসিতে ফেরত দিন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৯
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৮ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%