০৭:২৮ পি.এম
চট্টগ্রামের পটিয়ায় সংসদ সদস্য (এমপি) এনামুল হক এনামের উদ্যোগে স্থাপিত অভিযোগ বাক্সগুলোতে এক মাসের ব্যবধানে কোনো অভিযোগ জমা পড়েনি। রোববার (২২ নভেম্বর) সকালে পৌর এলাকার ৩২টি অভিযোগ বাক্স খোলা হলে দেখা যায়, সবগুলো খালি রয়েছে।
এ বিষয়ে দুপুরে পটিয়া উপজেলায় নিজের পরিদর্শন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন এমপি এনামুল হক এনাম। তিনি বলেন, “পটিয়াবাসী অভিযোগ দিচ্ছেন না, নাকি শান্তিতে আছেন—তা আমি জানি না।”
জানা গেছে, সরকারি দপ্তরের সেবার মান নিশ্চিত করা এবং যেকোনো অনিয়ম, দখলবাজি বা চাঁদাবাজির তথ্য জানার জন্য গত অক্টোবরে পটিয়ার প্রতিটি সরকারি কার্যালয়, বড় বাজার ও ইউনিয়ন পরিষদে দুটি করে মোট ৬০টি অভিযোগ বাক্স স্থাপন করেন এমপি এনামুল হক এনাম। ওই সময় তিনি জানিয়েছিলেন, ভুক্তভোগীরা যেকোনো দপ্তরের অনিয়ম কিংবা দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ লিখে বাক্সে জমা দিতে পারবেন। একটি কমিটির মাধ্যমে প্রতি সপ্তাহে এসব অভিযোগ সংগ্রহ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার ঘোষণাও দিয়েছিলেন তিনি। স্থানীয়রা তখন এ উদ্যোগকে স্বাগত জানিয়েছিলেন।
আরও পড়ুন: মেঘনা-গোমতী সেতুর চট্টগ্রামমুখী দুই লেন বন্ধ, নতুন সেতু দিয়ে চলবে যানবাহন
রোববারের সংবাদ সম্মেলনে এমপি এনামুল হক এনাম বলেন, “সমস্যা থাকলেও নানা কারণে সবাই আমার সঙ্গে দেখা করতে পারেন না। তাই সাধারণ মানুষের সমস্যার কথা জানতেই এসব বাক্স স্থাপন করেছিলাম। কিন্তু গত এক মাসে একটি অভিযোগও জমা হয়নি। কারও কোনো সমস্যা থাকলে তা জানানোর জন্য প্রয়োজনে আরও প্রচার চালানো হবে। এ দায়িত্ব শুধু বিএনপির নয়, সংবাদকর্মী ও সচেতন মহলেরও।”
সংবাদ সম্মেলনে পটিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব খোরশেদ আলম, পৌরসভা বিএনপির সাবেক সদস্যসচিব গাজী আবু তাহেরসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন