মোঃ ওসমান গনি শেরপুর জেলা প্রতিনিধি
০৬:২৯ পি.এম
শেরপুরের শ্রীবরদী উপজেলায় রাতের আঁধারে একটি কলাবাগানে ব্যাপক তাণ্ডব চালানোর অভিযোগ উঠেছে। দুর্বৃত্তদের বিরুদ্ধে বাগানের প্রায় ৭০০ থেকে ৮০০টি কলাগাছ কেটে ফেলার অভিযোগ করেছেন বাগানমালিক। এতে অন্তত ১০ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন তিনি। এমন ঘটনায় দিশেহারা হয়ে পড়েছেন ক্ষতিগ্রস্ত বাগানমালিক।
ঘটনাটি ঘটেছে শ্রীবরদী উপজেলার ৮ নম্বর খড়িয়া কাজিরচর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ খড়িয়া গ্রামে।
সরজমিনে গিয়ে দেখা যায়, দক্ষিণ খড়িয়া গ্রামে প্রায় ১৫৫ শতাংশ জমির ওপর কলাবাগান গড়ে তোলেন মো. নুর হোসেন। বাগানটিতে আনুমানিক দুই হাজার কলাগাছ ছিল। দীর্ঘদিনের পরিচর্যা ও শ্রমে গাছগুলোতে কলার ফলনও এসেছিল। কিন্তু রাতের কোনো একসময় দুর্বৃত্তরা বাগানে প্রবেশ করে বিপুলসংখ্যক কলাগাছ কেটে ফেলে। সকালে বাগানে গিয়ে গাছ কাটার দৃশ্য দেখতে পান মালিক। এতে মুহূর্তেই তার দীর্ঘদিনের পরিশ্রম ও বিনিয়োগ বড় ধরনের ক্ষতির মুখে পড়ে।
বাগানমালিক মো. নুর হোসেন ও মো. হাফেজ আলমগীরের পিতা মৃত আ. হালিম মুন্সি। তাঁদের দাবি, বাগানের ফলন আসা কলাগাছসহ প্রায় ৭০০ থেকে ৮০০টি গাছ কেটে ফেলা হয়েছে। অনেক গাছে কলার ছড়াও ছিল। ফলে শুধু গাছের ক্ষতিই নয়, সম্ভাব্য উৎপাদিত কলা বিক্রি করেও যে আয় হতো, তা থেকেও বঞ্চিত হয়েছেন তারা।
ক্ষতিগ্রস্ত বাগানমালিক মো. নুর হোসেন বলেন, প্রায় ১৫৫ শতাংশ জমিতে আমার কলাবাগান রয়েছে। সেখানে প্রায় দুই হাজার কলাগাছ ছিল। রাতের আঁধারে কে বা কারা বাগানে ঢুকে ৭০০ থেকে ৮০০টি কলাগাছ কেটে ফেলেছে। সকালে এসে এমন অবস্থা দেখে আমি হতবাক হয়ে যাই। গাছগুলোতে কলার ফলন হয়েছিল। এতে আমার কমপক্ষে ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। কারা এবং কী কারণে এ ঘটনা ঘটিয়েছে, তা আমি জানি না। বিষয়টি সুষ্ঠুভাবে তদন্ত করে জড়িতদের শনাক্ত এবং ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানাচ্ছি।
এদিকে, একটি কলাবাগানে একসঙ্গে এতগুলো ফলন আসা গাছ কেটে ফেলার ঘটনায় এলাকায় উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়ভাবে কৃষি ও ফল চাষের সঙ্গে যুক্ত ব্যক্তিদের কাছে এমন ঘটনা আর্থিকভাবে বড় ধরনের আঘাত হিসেবে বিবেচিত হচ্ছে। বিশেষ করে দীর্ঘদিনের পরিচর্যার পর যখন গাছে ফলন আসে, তখন এ ধরনের ক্ষতি একজন কৃষক বা বাগানমালিকের জন্য সহজে কাটিয়ে ওঠা কঠিন।
তবে এ ঘটনায় কারা জড়িত, কী কারণে কলাগাছগুলো কেটে ফেলা হয়েছে কিংবা পূর্বশত্রুতার কোনো বিষয় রয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত বাগানমালিক।
এই বিষয় জানতে চাইলে শেরপুর জেলা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ): জনাব মোঃ মিজানুর রহমান ভূঁঞা বলেন আমরা অভিযোগ পেলে আইন অনুয়ায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে
বাগানমালিকের প্রত্যাশা, সুষ্ঠু তদন্তের মাধ্যমে ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে তাদের আইনের আওতায় আনা হবে এবং তিনি ন্যায়বিচার পাবেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঝরনা আক্তার (৩৫) নামের এক নারীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে, তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে টিকটকে আপত্তিকর মন্তব্য করে একটি ভিডিও প্রকাশ করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ভিডিওটি প্রকাশিত হওয়ার পর এলাকায় সমালোচনার ঝড় ওঠে। এ কারণে তাকে তার বাড়ির একটি কক্ষে আটকে রেখে পুলিশে খবর দেওয়া হয়। তবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই তিনি ঘরের পেছনের জানালা ভেঙে পালিয়ে যান।
এই ঘটনা ঘটেছে গত শনিবার (২১ নভেম্বর) চুয়াডাঙ্গা সদর উপজেলার হাসানহাটি গ্রামে। অভিযুক্ত ঝরনা আক্তার কাদির হোসেনের স্ত্রী এবং তার বাবার বাড়ি বরিশাল জেলায়।
স্থানীয়দের মতে, ঝরনা আক্তার নিয়মিত টিকটক ভিডিও তৈরি করেন। সম্প্রতি তার অ্যাকাউন্ট থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্যসহ একটি ভিডিও প্রকাশিত হয়। ভিডিওটি এলাকায় ছড়িয়ে পড়লে ক্ষোভ ও সমালোচনা সৃষ্টি হয়। এক পর্যায়ে স্থানীয়রা তার বাড়ি ঘেরাও করে এবং তাকে একটি কক্ষে আটকে রাখে। পরে পুলিশ আসার খবর পেয়ে তিনি পালিয়ে যান।
ঝরনা আক্তারের স্বামী কাদির হোসেন বলেন, "প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে এ ধরনের ভিডিও তৈরি করে খারাপ মন্তব্য করা আমার স্ত্রীর মোটেও উচিত হয়নি।"
চুয়াডাঙ্গা সদর উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম জানান, শনিবার সকালে নেতাকর্মীরা টিকটকের ভিডিওটি লক্ষ্য করেন। পরে স্থানীয় নেতাকর্মীরা ঝরনা আক্তারকে একটি ঘরে আটকে রেখে পুলিশে খবর দেন; কিন্তু পুলিশ আসার আগেই তিনি পালিয়ে যান।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, "প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে ওই নারীর কটূক্তি করে টিকটক ভিডিও প্রকাশের অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই তিনি পালিয়ে যান। তবে তাকে আটকের চেষ্টা চলছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
শিক্ষার মানোন্নয়ন ও মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করল মাদারীপুরের কালকিনি উপজেলার কালাই সরদারের চর শরিয়াতিয়া দাখিল মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন অ্যালামনাই অ্যাসোসিয়েশন। টেস্ট পরীক্ষায় ৮০০-এর বেশি নম্বর অর্জন করায় ২০২৭ সালের দাখিল পরীক্ষার ফরম পূরণের সম্পূর্ণ খরচ পেলেন মাদ্রাসার দুই মেধাবী ছাত্রী মুসলিমা ও জুবাইদা।টেস্ট পরীক্ষায় মুসলিমা ৯৩০ নম্বর এবং জুবাইদা ৮৬৬ নম্বর অর্জন করেন। সংগঠনের পূর্বঘোষণা অনুযায়ী, ৮০০ নম্বর অর্জনকারী শিক্ষার্থীদের দাখিল পরীক্ষার ফরম পূরণের দায়িত্ব নেওয়ার প্রতিশ্রুতির অংশ হিসেবে দুই ছাত্রীর হাতে ফরম পূরণের অর্থ তুলে দেওয়া হয়।
এ সময় অর্থ তুলে দেন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা ও অত্র মাদ্রাসার সিনিয়র শিক্ষক তোতা মিয়া, উপদেষ্টা সাংবাদিক শাহ্ জালাল সরদার ও সংগঠনের কোষাধ্যক্ষ হাফেজ মোহাম্মদ এনায়েত হোসেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার ও অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উপদেষ্টা মোছলেহ উদ্দিন চুন্নু, মাদ্রাসার ম্যানেজিং কমিটির বিদ্যোৎসাহী সদস্য ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব বাদল তালুকদারসহ প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।
বিশেষ কাজে ব্যস্ত থাকায় অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি সংগঠনের সভাপতি আহসান হাবীব ও সাধারণ সম্পাদক আল ইমাম মৃধা।
উল্লেখ্য, কালাই সরদারের চর শরিয়াতিয়া দাখিল মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে গঠিত অ্যালামনাই অ্যাসোসিয়েশন দীর্ঘদিন ধরে শিক্ষা ও মানবিক কর্মকাণ্ডে ভূমিকা রেখে আসছে। বিশেষ করে সুবিধাবঞ্চিত, দরিদ্র ও অসহায় শিক্ষার্থীদের সহযোগিতার পাশাপাশি খেটে খাওয়া মানুষ এবং সমাজের অবহেলিত মানুষের পাশে দাঁড়িয়ে বিভিন্ন সামাজিক ও সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে সংগঠনটি।শিক্ষার্থীদের মেধা বিকাশ, পড়াশোনায় আগ্রহ সৃষ্টি এবং আর্থিক সংকটের কারণে যেন কোনো শিক্ষার্থীর শিক্ষাজীবন ব্যাহত না হয়, সে লক্ষ্যেই ফরম পূরণের খরচ বহনের এই ব্যতিক্রমী ঘোষণা দিয়েছিল সংগঠনটি। প্রতিশ্রুতি অনুযায়ী দুই ছাত্রীর পাশে দাঁড়ানোয় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে প্রশংসা কুড়িয়েছে উদ্যোগটি।মাদ্রাসার শিক্ষকবৃন্দ ও পরিচালনা কমিটির সভাপতি ইলিয়াস তালুকদার সংগঠনটির এমন মহতী উদ্যোগের প্রশংসা করেন। প্রতিষ্ঠানের পক্ষ থেকে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সকল সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি
সংশ্লিষ্টরা মনে করছেন, প্রাক্তন শিক্ষার্থীদের এমন উদ্যোগ শুধু দুই শিক্ষার্থীর আর্থিক সহযোগিতার মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং এটি অন্য শিক্ষার্থীদের ভালো ফলাফল অর্জনে অনুপ্রাণিত করবে এবং শিক্ষার মানোন্নয়নে সমাজের বিত্তবান ও প্রাক্তন শিক্ষার্থীদের এগিয়ে আসার পথ তৈরি করবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
22 নভেম্বর রোজ রোববার, রবিবার বিকাল ৩ ঘটিকার সময়,
নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের, সাখাওয়াত হোসেন রানা ও মমিনুর রহমান, নারায়ণগঞ্জ মিশন পাড়া হইতে, আওয়ামী লীগের সন্ত্রাস কার্যকলাপের প্রতিবাদে, বিভিন্ন ওয়ার্ড থানা পর্যায়ে নেতৃবৃন্দের অংশগ্রহণে, একটি প্রতিবাদ মিছিল নিয়ে চাষাড়া গোল চক্কর হয়ে মিশন পড়ায় এসে বিভিন্ন নেতৃবৃন্দ বক্তব্যর মাধ্যমে প্রতিবাদ জানিয়ে সভার কার্যক্রম স্থগিত করেছেন,
এ সময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগরের স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শাখাওয়াত ইসলাম রানা, মমিনুর রহমান বাবু, জহিরুল ইসলাম হারুন, মাহফুজুর রহমান, ১৪ নম্বর ওয়ার্ডের মোঃ রনি, সহ বিভিন্ন থানা পর্যায়ে নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল শিক্ষাপ্রতিষ্ঠানে দলীয়করণ এবং রাজনৈতিক প্রভাব বিস্তার করে শিক্ষার্থীদের ভবিষ্যৎ নষ্ট না করার জন্য আহ্বান জানিয়েছেন।
তিনি উল্লেখ করেছেন, শিক্ষকদের ব্যক্তিগত রাজনৈতিক মতাদর্শ থাকতে পারে, কিন্তু শিক্ষাপ্রতিষ্ঠানে তাদের দায়িত্ব পালনের সময় শুধুমাত্র শিক্ষক হিসেবেই কাজ করতে হবে। তিনি বলেন, "রাজনৈতিক মতাদর্শ প্রকাশের জন্য নির্বাচনের দিন ব্যালটের পথ খোলা রয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ধরনের রাজনৈতিক বিভাজন কাম্য নয়।"
রোববার (২২ নভেম্বর) বিকাল ৪টার দিকে নেত্রকোনার কলমাকান্দা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে ব্যারিস্টার কায়সার কামাল এসব কথা বলেন।
উপজেলা প্রশাসনের আয়োজনে নজরুলবর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, এইচএসসি পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদের ক্রেস্ট ও সনদ প্রদান এবং অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত চারজনের মধ্যে চেক ও সেলাইমেশিন বিতরণের উদ্দেশ্যে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
কায়সার কামাল বলেন, অতীতে বিভিন্ন নিয়োগে দলীয় দৃষ্টিভঙ্গির প্রভাব ছিল। তবে বর্তমানে যারা রাষ্ট্রের দায়িত্বে রয়েছেন, তাদের বিবেক দিয়ে কাজ করতে হবে। তিনি উল্লেখ করেন, "রাষ্ট্রের অর্থে যারা বেতন-ভাতা পান, তাদের দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে জনগণের সেবা নিশ্চিত করতে হবে। রাজনৈতিক বিভাজনের কারণে শিক্ষার্থীদের ভবিষ্যৎ নষ্ট করা যাবে না।"
ডেপুটি স্পিকার শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, শুধু উচ্চশিক্ষিত হলেই প্রকৃত মানুষ হওয়া যায় না। মানুষের মধ্যে দেশপ্রেম, ইমান, মানবিকতা ও অন্যের প্রতি মমত্ববোধ থাকতে হবে। তিনি বলেন, "মা-বাবা নিজেদের অনেক চাওয়া-পাওয়া বিসর্জন দিয়ে সন্তানদের সুন্দর ভবিষ্যতের জন্য চেষ্টা করেন। তাদের এই ত্যাগ তখনই সার্থক হবে, যখন সন্তানরা প্রকৃত মানুষ হিসেবে গড়ে উঠবে।"
তিনি আরও বলেন, কারও বড় অট্টালিকা ও দামি গাড়ি থাকতে পারে, কিন্তু পাশের বাড়ির কেউ না খেয়ে আছে। রাস্তার পাশে কোনো শিশু অর্ধাহারে-অনাহারে দিন কাটাচ্ছে। সামর্থ্য থাকা সত্ত্বেও তাদের সহযোগিতায় এগিয়ে না আসা মানবিকতার পরিচয় নয়। সমাজে এ মানসিকতার পরিবর্তন প্রয়োজন।
অভিভাবক ও শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়ে ব্যারিস্টার কায়সার কামাল বলেন, নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন শিশুদের দেখাতে হবে। তাদের মধ্যে দেশপ্রেম, ভালোবাসা ও মমত্ববোধ জাগিয়ে তুলতে হবে।
জুলাই-আগস্টের আন্দোলনে শিশুদের হতাহতের ঘটনা উল্লেখ করে তিনি বলেন, অনেক শিশু ঘরে ঘুমিয়ে থাকা অবস্থায় গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারিয়েছে। মানুষের মধ্যে দেশপ্রেম ও মানবিকতা না থাকলে নাগরিক হিসেবে সুযোগ-সুবিধা ভোগ করলেও দেশের জন্য কিছু করা সম্ভব হবে না।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এনএম আবদুল্লাহ আল মামুন।
এ সময় উপস্থিত ছিলেন- কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাসুল তালুকদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ নূরে আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী মাহমুদুল হাসান প্রমুখ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ