০৬:৩৫ পি.এম
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল শিক্ষাপ্রতিষ্ঠানে দলীয়করণ এবং রাজনৈতিক প্রভাব বিস্তার করে শিক্ষার্থীদের ভবিষ্যৎ নষ্ট না করার জন্য আহ্বান জানিয়েছেন।
তিনি উল্লেখ করেছেন, শিক্ষকদের ব্যক্তিগত রাজনৈতিক মতাদর্শ থাকতে পারে, কিন্তু শিক্ষাপ্রতিষ্ঠানে তাদের দায়িত্ব পালনের সময় শুধুমাত্র শিক্ষক হিসেবেই কাজ করতে হবে। তিনি বলেন, "রাজনৈতিক মতাদর্শ প্রকাশের জন্য নির্বাচনের দিন ব্যালটের পথ খোলা রয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ধরনের রাজনৈতিক বিভাজন কাম্য নয়।"
রোববার (২২ নভেম্বর) বিকাল ৪টার দিকে নেত্রকোনার কলমাকান্দা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে ব্যারিস্টার কায়সার কামাল এসব কথা বলেন।
আরও পড়ুন: টেকনাফে নিহত সৈনিক তিতাসের পরিবারকে সেনাপ্রধানের সহায়তা
উপজেলা প্রশাসনের আয়োজনে নজরুলবর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, এইচএসসি পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদের ক্রেস্ট ও সনদ প্রদান এবং অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত চারজনের মধ্যে চেক ও সেলাইমেশিন বিতরণের উদ্দেশ্যে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
কায়সার কামাল বলেন, অতীতে বিভিন্ন নিয়োগে দলীয় দৃষ্টিভঙ্গির প্রভাব ছিল। তবে বর্তমানে যারা রাষ্ট্রের দায়িত্বে রয়েছেন, তাদের বিবেক দিয়ে কাজ করতে হবে। তিনি উল্লেখ করেন, "রাষ্ট্রের অর্থে যারা বেতন-ভাতা পান, তাদের দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে জনগণের সেবা নিশ্চিত করতে হবে। রাজনৈতিক বিভাজনের কারণে শিক্ষার্থীদের ভবিষ্যৎ নষ্ট করা যাবে না।"
ডেপুটি স্পিকার শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, শুধু উচ্চশিক্ষিত হলেই প্রকৃত মানুষ হওয়া যায় না। মানুষের মধ্যে দেশপ্রেম, ইমান, মানবিকতা ও অন্যের প্রতি মমত্ববোধ থাকতে হবে। তিনি বলেন, "মা-বাবা নিজেদের অনেক চাওয়া-পাওয়া বিসর্জন দিয়ে সন্তানদের সুন্দর ভবিষ্যতের জন্য চেষ্টা করেন। তাদের এই ত্যাগ তখনই সার্থক হবে, যখন সন্তানরা প্রকৃত মানুষ হিসেবে গড়ে উঠবে।"
তিনি আরও বলেন, কারও বড় অট্টালিকা ও দামি গাড়ি থাকতে পারে, কিন্তু পাশের বাড়ির কেউ না খেয়ে আছে। রাস্তার পাশে কোনো শিশু অর্ধাহারে-অনাহারে দিন কাটাচ্ছে। সামর্থ্য থাকা সত্ত্বেও তাদের সহযোগিতায় এগিয়ে না আসা মানবিকতার পরিচয় নয়। সমাজে এ মানসিকতার পরিবর্তন প্রয়োজন।
আরও পড়ুন: মালিবাগ সরকারি অফিসার্স কোয়ার্টারে জোড়া ককটেল বিস্ফোরণ, তদন্ত চলছে
অভিভাবক ও শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়ে ব্যারিস্টার কায়সার কামাল বলেন, নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন শিশুদের দেখাতে হবে। তাদের মধ্যে দেশপ্রেম, ভালোবাসা ও মমত্ববোধ জাগিয়ে তুলতে হবে।
জুলাই-আগস্টের আন্দোলনে শিশুদের হতাহতের ঘটনা উল্লেখ করে তিনি বলেন, অনেক শিশু ঘরে ঘুমিয়ে থাকা অবস্থায় গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারিয়েছে। মানুষের মধ্যে দেশপ্রেম ও মানবিকতা না থাকলে নাগরিক হিসেবে সুযোগ-সুবিধা ভোগ করলেও দেশের জন্য কিছু করা সম্ভব হবে না।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এনএম আবদুল্লাহ আল মামুন।
এ সময় উপস্থিত ছিলেন- কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাসুল তালুকদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ নূরে আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী মাহমুদুল হাসান প্রমুখ।
আরও পড়ুন: নিষিদ্ধ সংগঠন যুবলীগ নেত্রী পাপিয়া গ্রেফতার, কারাগারে পাঠানো হলো
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন